কোথাও ডিলারের দোকানে সার মিলছে না, কোথাও আবার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিয়ে কৃষককে কিনতে হচ্ছে সার। আমন মৌসুমে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সার সংকট নিয়ে এমন অহরহ অভিযোগ মিলছে। সরকার অবশ্য বলছে, জাতীয় পর্যায়ে সারের ঘাটতি নেই। তবে মাঠের চিত্রই সামনের বোরো মৌসুম নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে।
কৃষি অর্থনীতিবিদরা বলছেন, আমনের চেয়ে বড় পরীক্ষা সামনে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বোরো ধানের পাশাপাশি শীতকালীন সবজি, আলু, পেঁয়াজ, ভুট্টাসহ বিভিন্ন ফসলের আবাদ হয়। ফলে সারের চাহিদা দ্রুত বেড়ে যায়। দেশের মোট ধান উৎপাদনের ৯০ শতাংশের বেশি আসে আমন ও বোরো মৌসুমে। এ দুই মৌসুমে প্রয়োজন হয় ৪৩ লাখ টনের বেশি রাসায়নিক সার।
এদিকে, দেশে বছরে প্রায় ৬৬ লাখ টন সার প্রয়োজন হলেও এর বড় অংশ আমদানি করতে হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) হিসাবে, ২০২৬-২৭ অর্থবছরে সারের মোট চাহিদা ধরা হয়েছে ৬৭ লাখ ৭০ হাজার টন। এর মধ্যে ইউরিয়া ২৬ লাখ ২০ হাজার, ডিএপি ১৩ লাখ ৫০ হাজার, এমওপি ৯ লাখ ৭০ হাজার এবং টিএসপি ৯ লাখ এক হাজার টন। বাকি ৯ লাখ ২১ হাজার টন অন্যান্য সার।
এই চাহিদার বিপরীতে বর্তমানে দেশে সারের মজুত ১৬ লাখ টনের সামান্য বেশি। ফলে বোরোর ভরা মৌসুমের চাহিদা মেটাতে নিরবচ্ছিন্ন আমদানি নিশ্চিত করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বোরো মৌসুম সামনে রেখে সরকার নন-ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) হিসাবে, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ভরা মৌসুমে ডিএপির চাহিদা হবে ১১ লাখ ২৭ হাজার টন। এর বিপরীতে আমদানি প্রক্রিয়াধীন ও আলোচনাধীন রয়েছে ছয় লাখ ৮০ হাজার টন।
একই সময়ে এমওপির চাহিদা ছয় লাখ ৭২ হাজার টন। এর বিপরীতে আমদানি প্রক্রিয়াধীন ও আলোচনাধীন পরিমাণ ছয় লাখ ৮০ হাজার টন। তবে টিএসপির ক্ষেত্রে চাহিদা পাঁচ লাখ ১৯ হাজার টনের বিপরীতে চূড়ান্ত আমদানি প্রক্রিয়ায় ও আলোচনায় রয়েছে তিন লাখ ৬০ হাজার টন।
দেশের সার ব্যবস্থাপনার আরেকটি বড় দুর্বলতা আমদানিনির্ভরতা। ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৬৬ লাখ টন চাহিদার বিপরীতে দেশের সাতটি সরকারি সার কারখানায় উৎপাদন হয়েছে মাত্র ১১ লাখ ছয় হাজার টন। ফলে চাহিদার ৭০ শতাংশের বেশি আমদানির মাধ্যমে পূরণ করতে হয়েছে।
গ্যাস সংকট, পুরোনো যন্ত্রপাতি ও কাঁচামালের স্বল্পতার কারণে সরকারি সার কারখানাগুলোর উৎপাদনও ব্যাহত হয়। কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খানের মতে, একসময় বাংলাদেশ দেশের প্রয়োজনের বড় অংশের সার নিজেই উৎপাদন করলেও এখন ইউরিয়ার ক্ষেত্রেও আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হচ্ছে।
এই আমদানি নির্ভরতার সঙ্গে এবার যুক্ত হয়েছে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা। বিশ্বব্যাংকের ২০২৬ সালের এপ্রিলের পণ্যবাজার বিশ্লেষণ অনুযায়ী, বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক সার মূল্যসূচক আগের প্রান্তিকের চেয়ে ১২ শতাংশের বেশি বেড়েছিল। মার্চে সারের দর ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে জুলাইয়ে সার মূল্যসূচক ৪ দশমিক ৩ শতাংশ কমেছে। অর্থাৎ বাজারে কিছুটা স্বস্তি এলেও ভূরাজনৈতিক সংঘাত বাড়লে আবার দাম ও সরবরাহে চাপ তৈরি হতে পারে।
মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা এ ঝুঁকি আরও বাড়ায়। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের ডিএপি আমদানির প্রায় এক-তৃতীয়াংশ এসেছিল সৌদি আরব থেকে।
অবশ্য বোরো মৌসুম নিয়ে শঙ্কার কারণ দেখছে না কৃষি মন্ত্রণালয়। তাদের হিসাবে দেশে রাসায়নিক সারের মজুত গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ টন বেড়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ টনে দাঁড়িয়েছে। আসন্ন রবি মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয় মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৬ লাখ ৬ হাজার ৯০০ টন ইউরিয়া, ৪ লাখ ৭ হাজার টন টিএসপি, ৩ লাখ ৩১ হাজার ১০০ টন ডিএপি এবং ২ লাখ ৬২ হাজার ১০০ টন এমওপি সার মজুত রয়েছে। গত অর্থবছরের একই সময়ে মোট মজুত ছিল ১৩ লাখ ৪৫ হাজার টন।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ২ নভেম্বর পর্যন্ত চলতি অর্থবছরে দেশে মোট ১৯ লাখ ৫০ হাজার ৫০০ টন সার বিতরণ করা হয়েছে। এ ছাড়া নভেম্বর মাসে কৃষকদের জন্য ৭ লাখ ১৪ হাজার ২০০ টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।
সারের কৃত্রিম সংকট, মজুতদারি ও অতিরিক্ত দাম আদায় ঠেকাতে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকৃত চাহিদা নিরূপণ, সম্ভাব্য ঘাটতিপ্রবণ এলাকা চিহ্নিত করা, ডিলারদের মজুত ও বিক্রির তথ্য নিয়মিত তদারকি এবং সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে বলা হয়েছে। অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনার নির্দেশনাও রয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান বলেন, রবি মৌসুমে সারের কোনো ঘাটতি হবে না। কৃষকের কাছে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কঠোর নজরদারি চলছে। উত্তরাঞ্চলের ফসল উৎপাদন ও খাদ্য নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের ২৬টি জেলায় ২৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে সার ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে যে পরিমাণ সার আমদানি হচ্ছে, তা মোটামুটি চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে সামনে চাহিদা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। তাই এখন থেকেই সরবরাহ ও মজুত বাড়াতে হবে। একই সঙ্গে দেশীয় কারখানায় উৎপাদন বাড়ানো জরুরি।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সায়লা খন্দকার বলেন, জাতীয় পর্যায়ে পর্যাপ্ত মজুত থাকলেও স্থানীয় পর্যায়ে সার সংকট তৈরি হওয়া সম্ভব। জাতীয় মজুতের পরিমাণ আর কৃষকের কাছে সারের সহজলভ্যতা এক বিষয় নয়।
তিনি বলেন, কোনো উপজেলায় প্রকৃত চাহিদার চেয়ে বরাদ্দ কম হলে জাতীয় মজুতের হিসাব কৃষকের জন্য অর্থহীন হয়ে পড়ে। এর সঙ্গে মজুতদারি, কৃত্রিম মূল্যবৃদ্ধি বা দুর্বল বণ্টন ব্যবস্থা যুক্ত হলে পরিস্থিতি আরও খারাপ হয়। দেশের মোট সারের চাহিদার বড় অংশ বোরো-রবি মৌসুমে প্রয়োজন হয়। তাই নভেম্বর থেকে মার্চের সরবরাহ নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কৃষি ও খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ গোলাম রসুল বলেন, জাতীয় পর্যায়ে সার থাকলেও কৃষকের কাছে তা না পৌঁছালে সেই মজুতের কোনো অর্থ নেই। ডিলার পর্যায়ে কত সার এসেছে এবং কতটা কৃষকের কাছে বিক্রি হয়েছে, সেই তথ্য আরও স্বচ্ছভাবে প্রকাশ করা দরকার।
তিনি বলেন, সামনে বোরো মৌসুম। আমনের স্থানীয় সংকট দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে বোরোতে তা আরও প্রকট হয়ে উঠতে পারে। জেলা ও উপজেলা পর্যায়ের তদারকি জোরদার, উদ্বৃত্ত এলাকা থেকে ঘাটতি এলাকায় দ্রুত পুনর্বণ্টন এবং কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।
গোলাম রসুল বলেন, আমন মৌসুমের বর্তমান সংকট হয়তো স্থানীয় বণ্টন ব্যবস্থার দুর্বলতা ও ডিলার পর্যায়ের সমস্যার ফল। কিন্তু সামনে যখন একই সঙ্গে বোরো ও রবি মৌসুমের চাহিদা বাড়বে, তখন আমদানির সময়সূচিতে সামান্য ব্যাঘাত, দরপত্রে বিলম্ব কিংবা আন্তর্জাতিক বাজারে নতুন করে মূল্যবৃদ্ধি বড় সংকট তৈরি করতে পারে।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সমকালকে বলেন, সার আমদানি একটি ধারাবাহিক প্রক্রিয়া। চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে সার আমদানি করা হয়। বছরে ৫০ থেকে ৫৫ লাখ টন সার আমদানি করতে হয়। একসঙ্গে এত সার আনা বা দীর্ঘদিন মজুত রাখার মতো পর্যাপ্ত গুদামও নেই। সার আমদানি নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রতিটি সার অন্তত তিনটি উৎস থেকে আমদানি করা হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৌদি আরব ও কাতার থেকে কিছুদিন আমদানি বন্ধ থাকলেও এখন হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে সার আনা হচ্ছে।


