ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও থেকে দুই বোন শনিবার রাতে ঢাকায় ফেরেন। দুটি রিকশায় মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে তারা যখন নামেন, তখন রাত প্রায় ৩টা। সুনসান অবস্থা। রিকশা থেকে লাগেজ নামিয়ে দাঁড়ানোর পরপরই ছিনতাইয়ের শিকার হন তারা। চাপাতির মুখে তাদের লাগেজ ছিনিয়ে নিয়ে চলে যায় দুই ছিনতাইকারী। পাশের ভবনের সিসি ক্যামেরায় ছিনতাইয়ের দৃশ্য ধরা পড়ে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ছিনতাইকারীদের ধরতে তৎপরতা শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানার ওসি মেসবাহ উদ্দিন সোমবার সমকালকে বলেন, ভিডিওতে যে দুই ছিনতাইকারীকে দেখা যাচ্ছে, তাদের একজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
সোমবার ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, দুই বোন রিকশা থেকে নেমে বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। তাদের পাশে দুটি বড় লাগেজ ও দুইটি ছোটো ব্যাগ রাখা ছিল। দুজন রিকশাচালক রিকশার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চাপাতি হাতে লুঙ্গি পড়া এক ব্যক্তি সেখানে আসেন। মাথায় ক্যাপ ও গায়ে কালো গেঞ্জি। সে একজন রিকশাচালককে প্রথমেই ধাক্কা দেয়। এরপরই চাপাতি হাতে থাকা এই ব্যক্তির সঙ্গে আরেকজনকে দেখা যায়, তার পড়নে প্যান্ট। চাপাতি দিয়ে ভয় দেখিয়ে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায় তারা। দুই নারী ভয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন।
পুলিশ জানায়, দুই বোন ঠাকুরগাঁও থেকে বাসে করে শ্যামলীতে নামেন। পরে রিকশায় নূরজাহান রোডে বাসার সামনে যান। বাসার সামনেই তারা ছিনতাইয়ের শিকার হন।




