প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল তিন মাস

আঞ্চলিক উত্তেজনা ও উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত এবং ছুটিতে থাকা প্রবাসী ও দর্শনার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার।

বুধবার কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমান পরিস্থিতির কারণে দেশটিতে থাকা ভিজিট ভিসাধারীদের মেয়াদ এক মাস এবং কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব দর্শনার্থীর ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা দ্রুত শেষ হতে যাচ্ছে, তাদের অবস্থানকাল ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকরভাবে এক মাস বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে ভিসাধারীদের কোনো সরকারি দপ্তরে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। এছাড়া এই বর্ধিত সময়ের জন্য কোনো ধরনের ফি কিংবা বিলম্বজনিত জরিমানাও দিতে হবে না।

অন্যদিকে, যারা ছুটিতে কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। তাদের অনুপস্থিতির অনুমতি বা পারমিট ইলেকট্রনিক পদ্ধতিতে আরও তিন মাসের জন্য নবায়ন করা হবে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না।

কুয়েত সরকার জানিয়েছে, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন সাপেক্ষে প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মূলত প্রশাসনিক জটিলতা ও আর্থিক জরিমানা ছাড়াই প্রবাসীদের বৈধভাবে অবস্থানের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর