মেঘনায় জেলেদের ধাওয়া, ডুবে গেল নৌ-পুলিশের স্পিডবোট

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় অভিযানের সময় জেলেদের ধাওয়ার মুখে উল্টে মেঘনা নদীতে ডুবে গেছে নৌ-পুলিশের একটি স্পিডবোট। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে স্পিডবোটে থাকা পুলিশের একটি শটগান এখনো উদ্ধার করা যায়নি।

সোমবার সকালে ষাটনলের ছটাকি লঞ্চঘাট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান ঘটনাস্থল থেকে জানান, মা ইলিশ রক্ষায় দুটি স্পিডবোট নিয়ে নদীতে টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা জেলেরা দলবদ্ধভাবে স্পিডবোট দুটিকে ধাওয়া করেন। পুলিশ সদস্যরা নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করলে একটি স্পিডবোট উল্টে যায়।

পুলিশ সুপার বলেন, স্পিডবোটটিতে থাকা ১০ জন সদস্য সাঁতরে তীরে উঠে আসেন। পরে ডুবে যাওয়া স্পিডবোটটি উদ্ধার করা হয়। তবে সেটিতে থাকা একটি শটগান নদীতে ডুবে যায়। শটগানটি উদ্ধারে নৌ-পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরিরা কাজ করছেন।

এদিকে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের নদী এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের পরামর্শক্রমে জেলা টাস্কফোর্সের নেতৃত্বে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সদস্যরা অভিযান চালাচ্ছেন।

গত ৮ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় ২২ দিনের জন্য ইলিশসহ অন্যান্য মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর