দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান (‘ক্লিনিং ডে’) পরিচালিত হয়েছে।
শনিবার ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ডেঙ্গু প্রতিরোধে গৃহীত এ কর্মসূচির আওতায় আগামী তিন মাস প্রতি শনিবার ডিএসসিসির সবগুলো ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এ কর্মসূচির মাধ্যমে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, মশক নিধন কার্যক্রম জোরদার, পরিচ্ছন্নতা অভিযানকে আরও গতিশীল করা এবং ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা হয়েছে।
কর্মসূচিতে ডিএসসিসির ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ডের আবাসিক এলাকা, সড়ক, অলিগলি, ড্রেন, নালা, নির্মাণাধীন ভবন, পার্কিং এলাকা, ছাদ ও পরিত্যক্ত স্থাপনায় নিবিড় অভিযান চালানো হয়। পরিদর্শনকালে কোথাও জমে থাকা পানি পাওয়া গেলে তা অপসারণ এবং এডিস মশার লার্ভা শনাক্ত হলে সাথে সাথে তা ধ্বংস করা হয়। একই সঙ্গে পানি জমে থাকতে পারে– এমন ডাব বা নারকেলের খোসা, প্লাস্টিকের পাত্র, টায়ার ও ফুলের টবসহ যাবতীয় পরিত্যক্ত সামগ্রী পরিষ্কার করা হয়।
অভিযানকালে নির্ধারিত এলাকাগুলোতে কার্যকর লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে সড়ক, ফুটপাত ও আশপাশের এলাকা থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী, পরিচ্ছন্নতাকর্মী এবং স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে র্যালি থেকে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার গুরুত্ব প্রচার করা হয়। পাশাপাশি নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


