লুটপাট ও আগুনের শিকার পরিবারগুলো আতঙ্কে আছে

নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার পরিবারগুলো মানবেতর দিন কাটাচ্ছে। পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া সবকিছু পুড়ে গেছে। পুরুষ সদস্যরা এলাকাছাড়া। নারী সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন; আতঙ্কে দিন পার করছেন।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার অন্তত ৪৭টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট হয়েছে। স্বর্ণালংকার, নগদ টাকা থেকে শুরু করে গরু-ছাগল, হাঁস-মুরগি-কবুতরও নিয়ে গেছে হামলাকারীরা। এর মধ্যে ২৬টি বাড়িতে লুটপাটের পর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসব পরিবারের সদস্যরা নিঃস্ব হয়ে পড়েছেন। অন্তত ১৫টি বাড়ি ও ছয়টি দোকানে ভাঙচুর-লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রোববার সরেজমিন কালিয়ার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে এসব তথ্য জানা গেছে। ভুক্তভোগী পরিবারগুলোর নারী সদস্যদেরই শুধু পাওয়া গেছে। স্বজনরা বলছেন, তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয়রা জানান, হামলার শিকার বাড়িঘরের এক-চতুর্থাংশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও তাঁর আত্মীয়স্বজনের। অন্যরা সরাসরি রাজনীতিতে যুক্ত নন বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, হামলাকারীরা আশপাশের এলাকার বিএনপির নেতাকর্মী।

বেন্দারচরে ক্ষতিগ্রস্তদের মধ্যে কোনো হিন্দু পরিবারের খোঁজ পাওয়া যায়নি। তবে ওই রাতে বড় কালিয়া ঘোষপাড়ায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়।

প্রাথমিকভাবে বিভিন্ন পক্ষ থেকে বলা হয়েছে, গত বুধবার বিএনপির স্থানীয় দুই নেতাকে হত্যার জের ধরে তাদের ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী এ হামলা চালায়। তবে নিহত দুজনের স্বজন ও বিএনপি নেতারা বলছেন, ওই হামলায় তারা জড়িত ছিলেন না। এ ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। জড়িত কাউকে আটকও করতে পারেনি পুলিশ।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী সমকালকে বলেন, একটি দুর্ঘটনা ঘটলেও অনেক সময় বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আর এখানে দুটি খুনের ঘটনা ঘটেছে। তাই বিক্ষুব্ধ লোকজনই হামলা চালিয়ে থাকতে পারে। খবর পাওয়ার পরপরই আমরা যৌথ বাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ফলে বড় ধরনের ক্ষতি থেকে এই জনপদ রক্ষা পেয়েছে। গরুসহ কিছু মালপত্র ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অন্যত্র সরিয়ে নিয়েছেন। এগুলো আমরা তালিকা করে রেখেছি। আমরা খোয়া যাওয়া সাতটি গরু উদ্ধার করেছি।

বুধবার কালিয়া উপজেলা বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হন।

সোহেলের ভাই নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘সেদিন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা হচ্ছিল। এর মধ্যে পুলিশ জানায়, বেন্দারচরে একটা ঝামেলা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তখন আমরা মিছিল নিয়ে বেন্দারচরে যাই। হঠাৎ দা-বঁটিসহ ধারালো অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। আমরা পালিয়ে বাঁচলেও ওই দুজন আটকা পড়েন। তখন তাদের নৃশংসভাবে হত্যা করা হয়। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তবে আমাদের কেউ এর বদলা নিতে শুক্রবার বাড়িঘরে হামলা চালায়নি। কারা হামলা করেছে, সেটি বলতে পারছি না।’

গতকাল দুপুরে ঘোষপাড়ায় আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ ঘোষের বাড়িতে গিয়ে দেখা যায়, পুড়িয়ে দেওয়া ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। দুটি দোতলা ভবন ও টিনশেড মিলিয়ে ১২টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বাড়িতে পরিবারের কাউকে পাওয়া যায়নি।

প্রতিবেশী শিক্ষক প্রভাস চক্রবর্তী বলেন, ‘সেই রাতে ভয়ে আর বের হইনি। কারা করেছে, তা বলতে পারছি না।’

আরেক প্রতিবেশী বিনয় ঘোষ জানান, ঘোষপাড়ায় দুই শতাধিক হিন্দু পরিবারের বসবাস। আগুনের ঘটনার পর এলাকার সবাই আতঙ্কে আছেন।

ভুক্তভোগীদের বর্ণনায় সেই রাত 
শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বেন্দারচরে কয়েকশ অস্ত্রধারী ব্যক্তি বাড়ি ও দোকানে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে বলে জানান ভুক্তভোগীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অর্ধশতাধিক বাড়ি-দোকান হামলার শিকার হয়েছে। সমকাল ৪৭টি বাড়ি-দোকান ক্ষতিগ্রস্ত অবস্থায়  পেয়েছে। পুড়ে যাওয়া বেশির ভাগ বাড়ি আধাপাকা। কিছু একতলা-দোতলা বাড়িও আছে।
গৃহবধূ জেসমিন আক্তার দাবি করেন, তাঁর স্বামী আকমান সিকদার পেশায় ইজিবাইকচালক। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন। তারপরও শুক্রবার সন্ধ্যায় তাদের বাড়িতে দা, বঁটি, ছুরি নিয়ে হামলা চালানো হয়। তিনটি গরু, ১৫টি মুরগি ও দুই ভরি স্বর্ণের গহনা লুট করে। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সরেজমিন দেখা যায়, ঘরগুলোর সবকিছু পুড়ে গেছে। জিনিসপত্র কিছুই অক্ষত নেই। পুড়িয়ে দেওয়া একটি টিনশেড বাড়িতে গিয়ে গৃহবধূ উন্নতি বেগমকে পাওয়া যায়। তিনি জানান, তাঁর ছেলে শামীম আইসক্রিম বিক্রি করে। জুমার নামাজের কিছু সময় পর তাঁর বাড়িতে হামলা হয়। হামলাকারীরা কেউ মুখে গামছা বেঁধে ছিল, কারও মুখে ছিল মাস্ক। তারা একটি ব্যাটারিচালিত রিকশাভ্যান, ৫০ হাজার টাকা ও ঘরে থাকা ধান লুট করে। পরে আগুন দেওয়া হয়।

ব্যবসায়ী মোয়াজ্জেম শেখের স্ত্রী লতিফা শেখ দাবি করেন, আগুনে তাদের ১০ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে। আর লুট করা হয়েছে সাড়ে ৩ লাখ টাকা, ৩০ মণ ধান, ৬ মণ চাল, পাঁচ ভরি স্বর্ণের গহনা, দুটি গ্যাস সিলিন্ডার ও চারটি খাট। তাদের ধানের দোকান লুট হয়েছে।

সাবেক এমপি কবিরুল হকের চাচাতো ভাই ঠিকাদার টিপু বিশ্বাসের বাড়িও পোড়ানো হয়েছে। তাঁর স্ত্রী ফরিদা বেগম জানান, ৭ ভরি স্বর্ণের গহনা, ২০টি থ্রিপিস, ১৫টি শাড়ি লুট করা হয়েছে। বাকি সবকিছুতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পোড়ানো হয়েছে তাঁর স্বামীর মেটরসাইকেলও।

সাবেক এমপির তিন চাচাতো ভাই বি এম আনিসুল হক পিকলু, ভুলু বিশ্বাস ও এনামুল হক দুলুর বাড়িতেও আগুন দেওয়া হয়। পিকলুর স্ত্রী ফারজানা পারভীন জানান, তাঁর ২০ বস্তা ধান, পাঁচটি গাভি, তিনটি এঁড়ে বাছুর, পাঁচ ভরি স্বর্ণালংকার ও ঘরের দামি সব আসবাব ছাড়াও পালন করা হাঁস-মুরগি-কবুতর লুট করা হয়েছে।

সাবেক এমপি কবিরুল হক বর্তমানে কারাগারে। তাঁর বাড়ি বেন্দারচরের মধ্যপাড়া এলাকায়। গতকাল বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, তাঁর দোতলা বাড়ি ছাড়াও ছয় চাচাতো ভাইয়ের বাড়ি লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িগুলোর মালিকরা হলেন– সৌদি আরবপ্রবাসী পরশমণি বিশ্বাস, সাবেক মেয়র এমদাদুল হক টুকু, শেরেকুল বিশ্বাস, টুলু বিশ্বাস, রিপু বিশ্বাস ও শিপু বিশ্বাস।
শিপু বিশ্বাসের স্ত্রী নাদিরা পারভীন সাথী জানান, আগুনে সব পুড়ে গেছে। এক বেলা খাওয়ার মতো কিচ্ছু অবশিষ্ট নেই। রাতে থাকতে হচ্ছে আত্মীয়ের বাড়িতে।

একই এলাকায় এমপির আত্মীয়স্বজনের মধ্যে মহিউদ্দিন বিশ্বাস, হারুন মোল্যা, আকবর মোল্যা, জাবেদ মোল্যা, শরিফুল মাস্টার, মনিরুল বিশ্বাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর-লুটপাট করা হয়েছে রফিকুল বিশ্বাস ও আশিকুল বিশ্বাসের বাড়ি।

বেন্দারচরের আরও কিছু বাড়িতে লুটপাট ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ তালিকায় রয়েছেন মফিজুর রহমান শেখ, মো. এলাহী, লেকজান বেগম, বশার শেখ, রেজাউল মোল্লা, শিমুল শেখ, আকবর শেখ, হুমায়রা খানম ও মোহাম্মদ আলী। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে রয়েছেন জাহিদুল, আলাউদ্দিন, খাজা শেখ ও নূর ইসলাম। বিপ্লব এন্টারপ্রাইজ নামে একটি নির্মাণসামগ্রীর দোকানে আগুন দেওয়া হয়েছে।

হামলায় বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু বলেন, দলের কেউ বা নিহত দুই নেতার স্বজন হামলার সঙ্গে জড়িত ছিলেন না।

বেড়ায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে

পাবনা অফিস ও সাঁথিয়া প্রতিনিধি জানান, পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংঘর্ষ থামলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়ে গেছে। সংঘর্ষের আশঙ্কায় পৌর সদরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।

গতকাল রোববার সকাল থেকে কয়েকটি এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা টহল দিচ্ছেন।

সংঘর্ষের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার রাতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ।

সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের পাঁচ সমর্থককে গতকাল ভোরে আটক করেছে পুলিশ। তারা হলেন বেড়া পৌর সদরের বিশালিখা মহল্লার মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম, শম্ভুপুর মহল্লার সালাম সরকার এবং দুই ভাই সাব্বির হোসেন ও রব্বি হাসান।

গতকাল দুপুরে বেড়া পৌর সদরের বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, সংঘর্ষের পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। সংঘর্ষস্থলে প্রচুর ইটপাটকেল পড়ে আছে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে গাছের ডাল, বাঁশ, টিন দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১১টায় দুপক্ষের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ সন্ধ্যার পর থামে। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় হাতিগড়া মহল্লার জিসান নামে এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পৌর এলাকার কয়েকটি মহল্লায় উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর করা হয় এবং আগুন দেওয়া হয়। সে সময় শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতেও হামলা হয়েছে।

বেড়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নতুন করে যাতে কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা বলেন, ‘আইনশৃঙ্খলার বিষয়টি পুলিশ প্রশাসন দেখছে। আমরাও বিষয়টি পর্যবেক্ষণ করছি। ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা করার পরিবেশ এখনও হয়নি।’

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর