Home Blog Page 111

ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, মার্কিন সেনা এবং বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হতে পারে—এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। এই হামলার পাশাপাশি ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর ঘটনাও ঘটেছে। খবর বিবিসি

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, তাদের বাহিনী হরমুজ প্রণালীর আশেপাশে হুমকি সৃষ্টিকারী চারটি ইরানি একমুখী আক্রমণকারী ড্রোনও ভূপাতিত করেছে।

এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, রাডার বন্ধ করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল একটি মার্কিন তেলবাহী ট্যাংকার। এ সময় ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী ওই ট্যাংকার লক্ষ্য করে গুলি ছোড়ে।

এর জবাবে মার্কিন বাহিনী বন্দর আব্বাসের একটি পরিত্যক্ত এলাকায় পাল্টা হামলা চালায়। তাসনিম জানায়, বিস্ফোরণের শব্দ মূলত এই ঘটনার কারণেই হয়েছিল এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ নিয়ে তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন হামলা চালানো হলো।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং তিন মাস ধরে চলা যুদ্ধ শেষ করার জন্য দীর্ঘ আলোচনার মধ্যেই এই হামলাগুলো চালানো হলো। এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে যান চলাচল ব্যাহত হয়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে।

সেন্টকম তাদের এই পদক্ষেপকে ‘পরিমিত, সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক এবং যুদ্ধবিরতি বজায় রাখার উদ্দেশ্যে গৃহীত’ বলে বর্ণনা করেছে।

হামলার জবাবে মার্কিন তেলবাহী ট্যাংকারে গুলি, দাবি আইআরজিসির

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, রাডার বন্ধ করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল একটি মার্কিন তেলবাহী ট্যাংকার। এ সময় ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী ওই ট্যাংকার লক্ষ্য করে গুলি ছোড়ে।

আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় মার্কিন বাহিনীর হামলার জবাবে তারাও একটি ‘মার্কিন বিমানঘাঁটিতে’ হামলা চালিয়েছে।

ওই প্রতিবেদনে বার্তা সংস্থা তাসনিমের বরাতে আরও জানানো হয়েছে, এক বিবৃতিতে আইআরজিসি ঘোষণা করেছে যে, স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে একটি বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

বন্দর আব্বাসের উপকণ্ঠে মার্কিন সামরিক বাহিনীর হামলার খবরের পর এ ঘোষণা আসে।

আইআরজিসি আরও বলেছে যে, যেকোনো আগ্রাসনের জবাব না দিয়ে থাকা যাবে না এবং পরবর্তী সামরিক পদক্ষেপের আরও কঠোর জবাব দেওয়া হবে।

ত্যাগের মহিমায় যেন মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়তে পারি: পানিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরে ঈদের নামাজ আদায় করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় আমরা যেন মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি।

নামাজ শেষে মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। লক্ষ্মীপুরবাসীসহ দেশবাসীর প্রতি রইলো আন্তরিক ঈদ মোবারক।

ঈদের জামাতে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়েরও সুযোগ নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই। ফলে পরিকল্পিত লোডশেডিংয়েরও সুযোগ নেই। কোথাও কোথাও ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা হলে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। তবে দ্রুত সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

আজ বৃহস্পতিবার যশোর ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যশোর ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

প্রতিমন্ত্রী আরও বলেন, মুসলমানরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবে না, মনের পশুত্বও কোরবানি করবে।

জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রধান জামাতের খুতবা পাঠ করেন মাওলানা আব্দুল মান্নান। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা দোয়া করা হয়।

ব্যাংক আরও সংকটে সরকার ও গভর্নরে: জামায়াত

জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম গভর্নরের অযোগ্যতা ও সরকারের অযাচিত হস্তক্ষেপে মুখ থুবড়ে পড়েছে। আমানতকারীরা সর্বস্ব হারিয়ে হাহাকার করছে। সরকার সংকট নিরসন না করে ব্যাংকে নিজের লোক বসিয়ে ব্যাংকিং খাতকে আরও সংকটাপন্ন করে তুলছে।

শনিবার বিবৃতিতে এসব অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি হলো ব্যাংকিং সেক্টর। ফ্যাসিস্ট আমলে লুটপাট হয়ে যাওয়া ব্যাংক ব্যবস্থা পুনর্গঠনের দিকে নজর না দিয়ে সরকার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে। কয়েকটি শরিয়াহভিত্তিক ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। অনেক ব্যাংক ডিভিডেন্ড দিতে ব্যর্থ হচ্ছে। চরম তারল্য সংকটে ভুগছে। খেলাপি ঋণ দিনদিন বাড়ছে। যা সামগ্রিক অর্থনীতির ওপর মহাদুর্যোগ সৃষ্টি করছে।

বিবৃতিতে বলা হয়েছে, রেমিট্যান্স আহরণে, আমদানি-রপ্তানিতে ও শিল্প-বাণিজ্যে শীর্ষস্থানীয় ব্যাংক ইসলামী ব্যাংক নিয়েও চলছে বহুমুখী ষড়যন্ত্র চলছে। বৈধ ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) জোর করে পদচ্যুত করা হচ্ছে। অযোগ্যদের পর্ষদে বসিয়ে সফল ব্যাংকটিকে স্থবির করার চেষ্টা চলছে। ইতোমধ্যে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে। তিন কোটি আমানতকারী এবং ক্ষুদ্র, মাঝারি ও বড় মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৮০ লাখ উদ্যোক্তা ও ব্যবসায়ীকে চরম হুমকিতে ফেলা হয়েছে।

ইসলামী ব্যাংকিং ধ্বংস হলে পুরো ব্যাংকিং খাত ধ্বংস হবে বলে সরকারকে সতর্ক করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসেই মব তৈরি করে দলের অনুগত এবং অনুকম্পা নিয়ে ঋণ পুনঃতপশিলকারী মধ্যমসারির ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ করেছে। অভিলম্ব জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পেশাদার ব্যক্তি হিসেবে গভর্নর নিয়োগ দিতে হবে। ইসলামী ব্যাংকের এমডিকে কাজ করার সুযোগ দিতে হবে।

ঈদের দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার দিন বৃহস্পতিবার তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন। সেখানে থেকে প্রধানমন্ত্রী যাবেন শেরে বাংলা নগরে। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং ফাতেহা পাঠ করবেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, শেরে বাংলা নগর থেকে প্রধানমন্ত্রী গুলশানের বাসায় যাবেন। দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এদিকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘পবিত্র ঈদুল আজহা’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মুবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।’

প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমান পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শুরু হয়।

eid1 1779933462 1779934626

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করছেন।

WhatsApp%20Image%202026 05 28%20at%209.24.48%20AM%20(1) 1779939460

প্রধান জামাত ঘিরে জাতীয় মসজিদ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পাশাপাশি যানবাহন চলাচল ও পার্কিংয়েও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এর আগে সকাল ৭টা ১৯ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ও সকাল ৭টা ২৭ মিনিটের দিকে জাতীয় ঈদগাহে পৌঁছান রাষ্ট্রপতি।

WhatsApp%20Image%202026 05 28%20at%209.24.48%20AM 1779939495

রাজধানীর পশুর হাট ঝড়বৃষ্টিতে পশু-ব্যবসায়ীদের ভোগান্তি, কাদায় সয়লাব হাট

ঈদুল আজহা উপলক্ষে পাবনার সাথিয়ার মেওয়াপুর থেকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে ১৩টি গরু এনেছেন ব্যাপারী মো. আলাউদ্দিন। কিন্তু দুদিনের ঝড়বৃষ্টির কারণে হাটের সামিয়ানা যেমন লণ্ডভণ্ড হয়ে গেছে, তেমনি পানি-কাদায় সয়লাব হয়ে গেছে পুরো জায়গাটা। এখন গরুগুলো যে ঠিকমতো দাঁড়িয়ে বা বসে থাকবে, সে অবস্থা নেই। গরুর খুব কষ্ট হচ্ছে। সেই সঙ্গে ব্যাপারীরও ভোগান্তির শেষ নেই।

আলাউদ্দিন বলেন, বৃষ্টির কারণে তীব্র
গরম থেকে স্বস্তি মিলেছে। গরমে পশুর হিট স্ট্রোকের ঝুঁকি কমেছে। কিন্তু এখন দেখা দিয়েছে নতুন যন্ত্রণা।

এ চিত্র কেবল দিয়াবাড়ির হাটের পশু ব্যাপারীদের নয়, এটি রাজধানীর প্রতিটি পশুর হাটের। অনেক হাটে তৈরি হয়েছে জলাবদ্ধতা। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা গেছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পর্যন্ত এলাকাজুড়ে বসা পশুর হাটে। সেখানে হাটের প্রায় ২৫ শতাংশ এলাকা হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। এতে পশুগুলোকে দীর্ঘ সময় পানিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
হাটের ইজারাদার প্রতিষ্ঠান কেবি ট্রেডার্সের মালিক শামীম খান বলেন, জলাবদ্ধতা শুধু হাটকেন্দ্রিক সমস্যা নয়, বরং পুরো নগরের দীর্ঘদিনের সমস্যা। পরিস্থিতি মোকাবিলায় হাট কর্তৃপক্ষ ইতোমধ্যে পানি নিষ্কাশনের জন্য পাম্প বসিয়েছে; পাশাপাশি স্বেচ্ছাসেবকদের মাঠে নামানো হয়েছে। সিটি করপোরেশনকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

ব্যাপারীরা জানান, বৃষ্টিপাতের কারণে বেচাবিক্রি কম। ক্রেতারা হাটে প্রবেশ করতে পারছেন না। এ জন্য গত দুদিনে তেমন পশু বিক্রি হয়নি। আজ ও আগামীকাল আবহাওয়া ভালো থাকলে বেচাবিক্রি জমবে।
কমলাপুর, কচুক্ষেত ও গাবতলী পশুর হাট ঘুরেও একই চিত্র দেখা গেছে। ভারী বৃষ্টিতে কাদাপানি মাড়িয়ে ক্রেতাদের হাটে ঢুকতে হচ্ছে। এ ভোগান্তির কথা চিন্তা করে গতকাল অনেকেই হাটে ঢোকেননি।
হাটগুলো ঘুরে এবার প্রচুর পশু আমদানির চিত্র চোখে পড়েছে। ছোট-মাঝারি ও বড় আকৃতির গরুও উঠেছে। এ ছাড়া বিভিন্ন আকৃতির ছাগল, ভেড়া, মহিষও উঠেছে। ভুটানি জাতের কিছু গরু দেখা গেছে হাটে।

কমলাপুর পশুর হাটে ২৭ মণ ওজনের ‘প্রেসিডেন্ট’ নামের একটি ফ্রিজিয়ান জাতের গরু এনেছেন ফরিদপুরের নগরকান্দার ব্যবসায়ী মতিউর রহমান। সেটার দাম চাইছেন ১২ লাখ টাকা। কিন্তু কেউ চাহিদামতো দাম বলেননি। হাটে পশু কিনতে যাওয়া শাহনাজ পারভীন বলেন, ‘আমরা এক লাখ টাকায় একটি গরু কিনেছি, যা গত বছরের তুলনায় প্রায় ১০ হাজার টাকা বেশি। তিন মণ মাংসও হবে বলে মনে হয় না।’

বিক্রেতারা বলেছেন, পশু খাদ্যের দাম বাড়ায় গতবারের তুলনায় দাম কিছুটা বেশি। তবে দামে মিললেই বিক্রি করে দেওয়া হচ্ছে। ঈদের আগেই সব গরু বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। তবে শঙ্কা সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসলে গুনতে হবে লোকসান।

নজর কাড়তে পশুর হরেক রকম নাম 
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে উৎসুক মানুষের আকর্ষণ বাড়াতে খামারি ও ব্যবসায়ীরা কোরবানির পশুর বিভিন্ন নাম রেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এমনকি আলোচিত-সমালোচিত রাজনীতিবিদ ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’ নামেও রাখা হয়েছে গরুর নাম।
পশু ব্যবসায়ী সুরুজ মিয়া বলেন, এ রকম নাম রাখলে ফেসবুকে ভাইরাল হয়। লোকজন ভিড় করে। দামও বাড়ে। এ জন্য তাঁর মহিষের নাম ‘ডিপজল’।

গরুর দাম বেশি 
খামারি ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছরের মতো এবারও ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। যে হাটগুলো বসছে সেখানে ছোট ও মাঝারি আকারের গরু বেশি। ছোট গরু হলেও লাখ টাকার নিচে তেমন গরু নেই। চার থেকে সাড়ে চার মণ মাংস হবে- এমন গরুর দাম দেড় লাখ টাকার ওপর হাঁকছেন বিক্রেতারা।
ধোলাইখাল পশুর হাটের ক্রেতা সুমন তালুকদার বলেন, এ বছর সব হাটেই গরুর দাম অনেক চড়া। যে গরুর দাম এক লাখ ৩০ হাজার টাকা চায়, সেটা আমার কাছে সর্বোচ্চ এক লাখ টাকা মনে হয়। অর্থাৎ প্রতিটি গরুর দাম ২০ থেকে ৩০ হাজার টাকা বেশি বলছেন বিক্রেতারা।

সীমানা ছাড়িয়ে পশুর হাট
কতটুকু এলাকার মধ্যে পশুর হাট বসবে, সে বিষয়ে একটি চৌহদ্দি নির্ধারণ করে দেয় সিটি করপোরেশন। কিন্তু বেশিরভাগ ইজারাদারই সেই চৌহদ্দি মানেন না। যেমন তেজগাঁও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় মাঠে কেবল হাট বসার কথা। কিন্তু সেই হাট এখন পুরো তেজগাঁও শিল্প এলাকায় ছড়িয়ে পড়েছে। ফলে ওই এলাকার সড়কগুলো দিয়ে যান চলাচলই বন্ধ হয়ে গেছে।
একই অবস্থা দিয়াবাড়ি-বনশ্রী, ধোলাইখালসহ অন্যান্য হাটেও। গতকাল সোমবার ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান নিজে দিয়াবাড়ি হাটে গিয়ে দেখেন নির্ধারিত এলাকার বাইরে আরও বিপুল এলাকাজুড়ে হাট বসানো হয়েছে। এমনকি উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে ডাইভারশন দিয়ে পশু বেঁধে রাখা হয়েছে।

বিষয়টি দেখে প্রশাসক ক্ষোভ প্রকাশ করেন এবং কোনোভাবেই যেন রাস্তায় পশুর হাট বিস্তৃত না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন। পরে পশুগুলোকে সরিয়ে নেওয়া হয়। এ সময় প্রশাসক ইজারাদারের সঙ্গে ফোনেও কথা বলেন। তিনি বলেন, সিটি করপোরেশনের নির্দেশনা অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে।

পরে ইজারাদারের পক্ষ থেকে জানানো হয়, বৃষ্টির কারণে সাময়িক সময়ের জন্য মেট্রোরেল স্টেশনের নিচে কোরবানির পশু রাখা হয়েছিল। তারা ডিএনসিসির নির্দেশনা মেনে চলছেন এবং রাস্তায় যেন কোনোভাবেই পশু না রাখা হয় সে ব্যবস্থাও নিচ্ছেন।

এর আগে গাবতলী পশুর হাট পরিদর্শনে যান ডিএনসিসি প্রশাসক। এ সময় হাসিলের অতিরিক্ত কোনো ধরনের অর্থ আদায় না করার জন্য কঠোর নির্দেশনা দেন তিনি। পাশাপাশি পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরে রাজধানীর ৩০০ ফিট, বেরাইদ ও স্বদেশ প্রপার্টিজের খালি জায়গায় স্থাপিত অস্থায়ী পশুর হাট পরিদর্শন করেন তিনি।

পাকিস্তান সিরিজ শেষ মার্শের, অনিশ্চিত বাংলাদেশ সফরও

পাকিস্তান সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শ। এতে আগামী মাসে শুরু হতে যাওয়া বাংলাদেশ সফরেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্শের অনুপস্থিতিতে এই দুই সফরে অজি দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও সহ-অধিনায়ক ট্রাভিস হেড আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় এই সফরে নেই।

আইপিএলে লক্ষ্ণৌর হয়ে খেলা মার্শ গত ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষেই দেশে ফিরে যান। ৩০ মে থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে তার অজিদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। তবে চোটের কারণে তিনি পাকিস্তানের বিমানে ওঠেননি। ফলে ৯ জুন শুরু হতে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও তার খেলা এখন শঙ্কায়।

মার্শের এই ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। আইপিএলের শেষ চার ইনিংসে ১১১, ১০, ৯০ ও ৯৬ রান করে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে মার্শ ও হেডই অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের ওপেনার। পাকিস্তান সফরে হেড ও মার্শ কেউই না থাকায় এখন বিকল্প ওপেনার খুঁজতে হচ্ছে নির্বাচকদের।

মার্শের বদলি হিসেবে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি। তবে আইপিএল থেকে দেশে ফেরা তরুণ কুপার কনোলিকে পাকিস্তানে পাঠানো হতে পারে। বাংলাদেশ সিরিজের স্কোয়াডে অবশ্য কুপার কনোলি, জাভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস ও ট্রাভিস হেড চারজনকেই রাখা হয়েছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ বুধবার। এছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ, পশু কোরবানি এবং হজের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলাম ধর্মমতে, মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে আদিষ্ট হন নিজের সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার। আল্লাহর সন্তুষ্টি লাভে তাঁর সবচেয়ে প্রিয়, আদরের ধন পুত্র হজরত ইসমাইল (আ.)-কেই কোরবানির সিদ্ধান্ত নেন ইব্রাহিম (আ.)। পিতার এই সিদ্ধান্ত সন্তুষ্ট চিত্তে মেনে নেন পুত্র ইসমাইল (আ.)।

এরপর ইসমাইল (আ.)-কে কোরবানির প্রস্তুতি নেন পিতা ইব্রাহিম (আ.)। কিন্তু আল্লাহতায়ালা ইব্রাহিমের (আ.) কঠোর আনুগত্য ও ত্যাগকে গ্রহণ করেন। ইসমাইল (আ.)-এর পরিবর্তে কোরবানি হয় একটি দুম্বা। হজরত ইব্রাহিম (আ.)-এর সেই ত্যাগের মহিমার স্মরণে মুসলমানরা প্রতি বছরের ১০ জিলহজ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভে কোরবানি করেন।

সৌদি গেজেট জানায়, হজের মূল রুকন আরাফাতের ময়দানে অবস্থান শেষে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সূর্যাস্তের পর লাখো হজযাত্রী মুজদালিফায় পৌঁছেছেন। তালবিয়া পাঠ করতে করতে শান্ত ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে তাঁরা সেখানে রাত যাপন করেছেন। আজ স্থানীয় সময় ফজরের নামাজের পর হাজিরা মিনায় গিয়ে জামারাত আল-আকাবায় পাথর নিক্ষেপসহ হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পালন করবেন। হজযাত্রীদের নিরাপত্তা ও সেবায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

কোরবানির দিন আজ হাজিরা পাঁচটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পালন করবেন। এগুলো হলো— জামারাত আল-আকাবায় পাথর নিক্ষেপ, মাথা মুণ্ডন বা চুল ছাঁটা, পশু কোরবানি, তাওয়াফে ইফাদা এবং সাঈ সম্পন্ন করা।

হজযাত্রীদের গ্রহণে মুজদালিফায় আগে থেকেই ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ঈদের আগে গতকাল হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ‘উকুফে আরাফা’ পালন করেন হাজিরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৬ লাখ মুসল্লি আরাফাতের ময়দানে সমবেত হন। ইহরাম পরিহিত হাজিদের দোয়া, তওবা ও ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সৌদি কর্তৃপক্ষ প্রচণ্ড গরম ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সচেতনতামূলক বার্তাও প্রচার করছে। পাশাপাশি ডিজিটাল মনিটরিং ব্যবস্থা, নজরদারি ক্যামেরা ও নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। হজযাত্রীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে।