Home Blog Page 117

ঘুমন্ত নারীকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের কোপে আহত ববিতা খাতুন নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ববিতা খাতুন (২৭) জীবননগর উপজেলার ডুমুরিয়া গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে।

বাবা সানোয়ার হোসেনের ভাষ্য, গত শুক্রবার রাতে তার মেয়ে ঘরে ঘুমিয়ে ছিল। গভীর রাতে মেয়ের চিৎকারে তার ঘুম ভাঙে। মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিনি। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে মারা যায়।

প্রতিবেশীরা জানান, ববিতার তিনটা বিয়ে হয়েছে। বর্তমান স্বামীর সঙ্গে তার সম্পর্ক নেই। তার দুটো মেয়ে আছে। বাবা রোগে আক্রান্ত। কাজ করতে পারেন না।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে জানা গেছে। ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর। তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) পৃষ্ঠপোষকতায় শনিবার সন্ধ্যায় ঢাকায় হয়েছে মুইয়েথাই, মিক্সড মার্শাল আর্ট ও বক্সিং প্রতিযোগিতা। তিন ডিসিপ্লিনের এই ফাইটে মুখোমুখি লড়েছেন বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের প্রতিযোগীরা। ফাইট কার্ডে ছিল বেশ কয়েকটি আকর্ষণীয় ম্যাচআপ। ১২ বাউটের এই প্রতিযোগিতায় অংশ নেন দেশ-বিদেশের ২৪ জন প্রতিযোগী।

দেশ-বিদেশের ফাইটিং স্টারদের ফাইট দেখতে দর্শকদের গুঞ্জরণে মুখরিত হয়ে ছিল জুলকান ইনডোর অ্যারেনা। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ ইব্রাহিম সোবহান। বিশেষ এই প্রতিযোগিতাটি দর্শক গ্যালারিতে থেকে উপভোগ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান। এছাড়াও উপস্থিত ছিলেন সানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান।

বাউট ১ এ অংশ নেয় বাংলাদেশের ইয়াহসান হাসিন এবং আজিজুল সরকার। প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়নশীপ বেল্ট ছিনিয়ে নেন বাংলাদেশের ইয়াহসান হাসিন। বাউট ২ এ বাংলাদেশের আজিদ বেবি লড়েছেন সিঙ্গাপুরের নিক চুয়া এর বিপক্ষে। জয়ী হয় নিক চুয়া। বাউট ৩ এ বাংলাদেশের আব্দুল হামিদ নূরের বিপরীতে লড়েছেন সিঙ্গাপুরের শন রাফায়েল স্যানি। জয়ী হয় শন রাফায়েল স্যানি। বাউট ৪ এ বাংলাদেশের ইমন তঞ্চঙ্গ্যা লড়েছেন ফিলিপাইনের রকি ব্যাকটলের বিপক্ষে। জয়ী হয় ইমন তঞ্চঙ্গ্যা। বাউট ৫ এ বাংলাদেশের হোসাইন আহমেদ লড়েছেন থাইল্যান্ডের উইরাওয়াত সাপনলার বিপক্ষে। জয়ী হয় হোসাইন আহমেদ। বাউট ৬ এ ফিলিপাইনের মার্ক জোসেফ অ্যাব্রিলো লড়েছেন থাইল্যান্ডের নাট্টাওয়াত কাওখানচুমের বিপক্ষে। জয়ী হয় নাট্টাওয়াত কাওখানচুমের। বাউট ৭ এ বাংলাদেশের ইসার কবির লড়েছেন স্বদেশী রোনাল্ড হালদারের বিপক্ষে। জয়ী হয় ইসার কবির। বাউট ৮ এ বাংলাদেশের গাজ্জালী বেনজাদিদ জিদান লড়েছেন স্বদেশী কাজী জারিফ এর বিপক্ষে। জয়ী হয় গাজ্জালী বেনজাদিদ জিদান। বাউট ৯ এ বাংলাদেশের মাসাদুল রেজা অমিও লড়েছেন বাংলাদেশের কালেব চাক এর বিপক্ষে। জয়ী হয় মাসাদুল রেজা অমিও। বাউট ১০ এ বাংলাদেশের মনজুর আলমের প্রতিপক্ষ ছিল ফিলিপাইনের জন ইজেকিয়েল পাগালাঙ্গান। জয়ী হয় মনজুর আলম।

বাউট ১১ এ নারীদের বক্সিংয়ে বাংলাদেশের সানজিদা জান্নাত লড়েছেন থাইল্যান্ডের পর্নপিমন পংপেও এর বিপক্ষে। জয়ী হয় সানজিদা জান্নাত। বাউট ১২ এ বাংলাদেশের মোহাম্মদ রাশেদ লড়েছেন থাইল্যান্ডের সিংথং সর সিঙইউ এর বিপক্ষে। প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়নশীপ বেল্ট ছিনিয়ে নেন মোহাম্মদ রাশেদ।

ট্রাম্পের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন পেজেশকিয়ানের, যুদ্ধ নিয়ে মিশ্র বার্তা

পারমাণবিক অধিকার থেকে ইরানকে বঞ্চিত করার কোনো যৌক্তিক কারণ মার্কিন প্রেসিডেন্টের কাছে নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘এই অধিকার কেড়ে নেওয়ার তিনি কে?’

পেজেশকিয়ানের মন্তব্যটি প্রকাশ করেছে ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি (আইএসএনএ)। পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়া এবং দ্বিতীয় দফার আলোচনা আয়োজনের প্রস্তুতির মধ্যে পেজেশকিয়ান এমন মন্তব্য করলেন।

পজেশকিয়ান প্রশ্ন তুলেছেন, ‘ট্রাম্প বলছেন ইরানের পারমাণবিক অধিকার থাকতে পারবে না। কিন্তু কী অপরাধে এই অধিকার থাকবে না- তিনি সেটির ব্যাখ্যা দিচ্ছেন না। একটি জাতির অধিকার কেড়ে নেওয়ার তিনি কে?’

পেজেশকিয়ানের এমন মন্তব্যের পর তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি লিখেছেন, ইরানের পক্ষ থেকে এখন ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের বার্তাই পাওয়া যাচ্ছে।

ইরানি প্রেসিডেন্ট একদিকে যেমন ট্রাম্পের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, একইভাবেই তেহরান যুদ্ধ চায় না বলেও বার্তা দিয়েছেন। পেজেশকিয়ান বলেছেন, ইরান পূর্ণ মর্যাদার সঙ্গে এই যুদ্ধের সমাপ্তি চায়।

তেহরান বলছে, তারা আরেক দফা সংঘাতের জন্য প্রস্তুত। একইসঙ্গে কূটনীতি ও সমঝোতাকেও অগ্রাধিকার দিচ্ছে। তৌহিদ আসাদি লিখেছেন, ‘আমরা জানি যে পরিস্থিতি অত্যন্ত নাজুক। তবে একটি বিষয় স্পষ্ট যে, এই অনিশ্চয়তাকে তেহরান দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।’

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলার পর কিছু ইতিবাচক লক্ষণ দেখা গিয়েছিল। কিন্তু পরে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জলদস্যুতার’ অভিযোগ এনে হরমুজ বন্ধ রাখার ঘোষণা দেয়।

আসাদি লিখেছেন, সম্ভাব্য নতুন দফার আলোচনার আগে তেহরান এই জটিল পরিস্থিতিকে একটি বাড়তি সুবিধা বা চাপের জায়গা হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।

এক মাসে দুই দফা বাড়ল এলপিজির দাম, ১২ কেজি এখন ১,৯৪০ টাকা

চলতি মাসে আবারও বাড়ল তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। মাসের শুরুতে এক দফা দাম বৃদ্ধির ধাক্কা কাটতে না কাটতেই দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো এই জ্বালানির দাম। নতুন সিদ্ধান্তে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে হয়েছে এক হাজার ৯৪০ টাকা। আগে এই সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৭২৮ টাকা।

আজ রোববার এই মূল্য সমন্বয়ের ঘোষণা দেয় বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রক কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর।

এরআগে, এপ্রিলের শুরুতে প্রতি কেজি এলপিজির দাম ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়। তার পরপরই আবার প্রতি কেজিতে ১৭ টাকা ৬২ পয়সা বৃদ্ধি করা হয়। অর্থাৎ মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে গ্যাসে খরচ বেড়েছে উল্লেখযোগ্য হারে।

শহরের অনেক পরিবার এখন বলছে, রান্নার গ্যাসের বিলই মাসিক খরচের বড় অংশ দখল করে নিচ্ছে। বিশেষ করে যাদের বিকল্প কোনো জ্বালানি নেই, তাদের জন্য এই বাড়তি ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

দাম বাড়ার পেছনে আন্তর্জাতিক বাজারের অস্থিরতাকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছে বিইআরসি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার কারণে এলপিজি পরিবহন ব্যাহত হচ্ছে। এতে স্বাভাবিক রুটের বদলে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যার ফলে বেড়েছে সময় ও খরচ—দুটিই। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতির কারণে বীমা ও নিরাপত্তা খরচও বেড়েছে। এসব মিলিয়ে প্রতি মেট্রিক টনে পরিবহন ও ট্রেডার প্রিমিয়াম বাড়িয়ে ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দামও ঊর্ধ্বমুখী, যা সরাসরি দেশের বাজারে প্রভাব ফেলছে।

নতুন হিসাবে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৬১ টাকা ৬৬ পয়সা। ১২ কেজি সিলিন্ডার এক হাজার ৯৪০ টাকা। অটোগ্যাস প্রতি লিটার ৮৯ দশমিক ৯০ টাকা একই অনুপাতে বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে।

বেসরকারি খাতে দাম বাড়লেও সরকারি এলপিজির মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। ডিলার পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম রয়েছে ৭৯৬ টাকা ৫০ পয়সা। তবে এর সরবরাহ সীমিত হওয়ায় অধিকাংশ ভোক্তাকে বেসরকারি বাজারের ওপরই নির্ভর করতে হচ্ছে।

বিইআরসি জানিয়েছে, নির্ধারিত দামের বেশি কোনো পর্যায়ে এলপিজি বিক্রি করা যাবে না। বোতলজাতকরণ কেন্দ্র থেকে শুরু করে খুচরা বিক্রেতা সবাইকে এই নির্দেশনা মানতে হবে।

এপ্রিলের শুরুতেই গত ২ এপ্রিল, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়ানো হয়েছিল। তখন এক হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে দাম দাঁড়ায় ১ হাজার ৭২৮ টাকা।
এরপর আজ রোববার দ্বিতীয় দফায় আরও ২১২ টাকা বাড়ানো হলো। সব মিলিয়ে এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে মোট ৫৯৯ টাকা, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় মূল্যবৃদ্ধির।

আজ এনসিপিতে যোগ দেবেন শিবিরের সাবেক নেতারা

এনসিপি গঠনের সময় পদ-পদবির বিরোধে বেরিয়ে যাওয়া ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতারা দলটিতে ফিরছেন। আজ রোববার সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত এনসিপিতে যোগ দেবেন। তাদের গঠিত প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ থেকে এবং জুলাই অভ্যুত্থানের কয়েকজন নেতাও যোগ দেবেন।

উভয়পক্ষ সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের মধ্যে ছিলেন শিবিরের সাবেক নেতারা। অভ্যুত্থানের পরের মাসে গঠিত জাতীয় নাগরিক কমিটিতেও তারা ছিলেন। আহসান জুনায়েদ যুগ্ম আহ্বায়ক এবং সালমান রিফাত যুগ্ম সদস্যসচিব পদে ছিলেন।

গত বছরের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের সময় পদ-পদবি এবং দলীয় আদর্শ কী হবে– এ নিয়ে টানাপোড়েনে দলটিতে আসেননি। দুই মাস পর গঠন করেন আপ বাংলাদেশ। সাবেক শিবির নেতা ছাড়াও অনেকে যোগ দেন এতে।

গত বছরের নভেম্বর এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে সংগঠনটির জোট হওয়ার কথা থাকলেও শেষ সময় তা ভেস্তে যায়। রাষ্ট্র সংস্কারের সঙ্গে জোট করলেও শেষ পর্যন্ত এনসিপি ও এবি পার্টি যায় জামায়াতে ইসলামীর নির্বাচনী ঐক্যে। গণঅধিকার পরি

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান, মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ ৩৩ জন নেতা এনসিপিতে যোগ দিলেও, এ তালিকায় নেই সংগঠনটির সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। তিনি জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র ছিলেন।

এনসিপি গঠনের সময় আলী আহসানকে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং রাফে সালমানকে যুগ্ম সদস্য সচিব পদে প্রস্তাব করা হয়েছিল। দলটির সূত্র জানিয়েছে, তাদের অনুসারীরা আলী আহসানকে সদস্য সচিব পদে চেয়েছিলেন। তবে এবার আলী আহসানকে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক কাউন্সিলের (পিসি) সদস্য করা হবে। রাফে সালমানকে নির্বাহী কাউন্সিলের (ইসি) সদস্য করা হবে।

এনসিপিতে যোগদানের সত্যতা নিশ্চিত করে রাফে সালমান সমকালকে বলেন, অতীতে যা হওয়ার হয়ে গেছে। এখন এনসিপিকে শক্তিশালী করতে হবে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, রোববার দুপুরে আরও অনেকেই যোগ দেবেন।

জামায়াতের সঙ্গে জোট করায় গত বছরের ডিসেম্বরে ডা. তাসনিম জারাসহ এনসিপির অন্তত ১৫ নেতা পদত্যাগ করেন, দল ছাড়েন। নিষ্ক্রিয় হয়েছেন কয়েকজন। এনসিপি সূত্র জানিয়েছে, বিএনপিতে যোগ দেওয়া বাদে অন্যদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

নারীশক্তির কমিটির পরই পদত্যাগ

এনসিপির সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার এই কমিটি প্রকাশের পর যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি।

মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সানজিদা বুশরা মিশমা, মুখ্য সংগঠক মনোনীত হয়েছেন নুসরাত তাবাসসুম।

যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন এবং মুনা হাফসা। জ্যেষ্ঠ  যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মঞ্জিলা ঝুমা, যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি এবং ইসরাত জাহান বিন্দু।

সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার পর অরণ্য চৌধুরী প্রীতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে  চিঠিতে পদত্যাগের কথা জানান। ফেসবুকে পোস্ট করা এ চিঠিতে তিনি লিখেছেন, নির্বাচনের আগে এনসিপি থেকে নিষ্ক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। নারীশক্তির কেন্দ্রীয় কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত। কমিটির সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। এনসিপির সব পদ থেকে পদত্যাগ করেছি।

আইএমএফের সঙ্গে আলোচনা চলমান, সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে পূর্ববর্তী সরকারের সময়ে হওয়া চুক্তির সব শর্তে বর্তমান সরকার একমত নাও হতে পারে। তিনি জানান, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে আলোচনা একটি চলমান প্রক্রিয়া।

আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। শুধুমাত্র তাদের সিদ্ধান্তে সবকিছু হবে না, আমাদেরও সিদ্ধান্ত আছে।

অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে আরও ১৫ থেকে ২০ দিন, এমনকি এক মাস পর্যন্ত আলোচনা চলতে পারে। অন্যদিকে বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে আলোচনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে তিনি বলেন, সরকার সবসময় সাধারণ মানুষের স্বার্থ ও সামাজিক নিরাপত্তা মাথায় রেখে কাজ করছে। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দাতা সংস্থাগুলোর কাছেও উচ্চ প্রশংসা পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জ্বালানি তেলের মূল্য নিয়ে তিনি বলেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অতিরিক্ত বাড়ানো হয়নি। উদাহরণ হিসেবে তিনি বলেন, আমেরিকায় তেলের দাম দ্বিগুণ হয়েছে।

মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বাড়তেও পারে, আবার নাও বাড়তে পারে, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও জানান, সব দাতা সংস্থাই বর্তমান সরকারকে সহযোগিতা করতে আগ্রহী। শিগগিরই বিশ্বব্যাংক ও এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ, দেশে খুব সামান্য বাড়ানো হয়েছে: মন্ত্রী

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। তবে, বৈশ্বিক এই চাপের মধ্যেও সরকার ভোক্তাদের স্বস্তি দিতে দেশে তেলের দাম খুব সামান্য বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

আজ রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে চলমান অস্থিতিশীলতা এবং সংঘাতের কারণে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ‘যুদ্ধ শুরুর আগে যে দামে তেল পাওয়া যেত, এখন সেই দাম অনেকটাই বেড়ে গেছে। এতে করে আমদানিনির্ভর দেশ হিসেবে আমাদের ওপর সরাসরি চাপ পড়ছে।’

ইকবাল হাসান মাহমুদ জানান, এই পরিস্থিতির কারণে ইতোমধ্যে জ্বালানি আমদানিতে সরকারের ব্যয় অন্তত দুই বিলিয়ন ডলার বেড়েছে। এই অতিরিক্ত ব্যয় দেশের বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি করলেও সরকার পুরোটা ভোক্তাদের ওপর চাপিয়ে দেয়নি। বরং বড় একটি অংশ ভর্তুকি হিসেবে নিজেই বহন করছে।

মন্ত্রী আরও বলেন, আমরা যদি বিশ্ববাজারের সঙ্গে পুরোপুরি সমন্বয় করতাম, তাহলে দেশের বাজারে জ্বালানির দাম আরও অনেক বেশি বাড়ত। কিন্তু জনগণের কথা চিন্তা করে আমরা সেই পথে যাইনি। সীমিত আকারে দাম সমন্বয় করেছি, যাতে চাপটা সহনীয় থাকে।

জ্বালানিমন্ত্রী আরও বলেন, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোগান্তি কমানোই এখন প্রধান অগ্রাধিকার। প্রয়োজনে ভবিষ্যতেও ভর্তুকি অব্যাহত রাখা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

আজ রোববার থেকে সারাদেশে নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। সংশোধিত মূল্য অনুযায়ী—ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন—সব ধরনের জ্বালানির দামই বেড়েছে। ফলে পরিবহন ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ডিজেল প্রতি লিটার ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং কেরোসিনে ১৮ টাকা করে বাড়তি দিতে হচ্ছে ভোক্তাদের।

ময়মনসিংহ মেডিকেল কলেজে হোস্টেলে দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) বাঘমারা ছাত্র হোস্টেলে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে দুই ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় কলেজে ৭ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাস ও হোস্টেল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মমেকের এম-৬১ ব্যাচের ছাত্র হামিদুর রহমান (২২) ও তার সহপাঠী আসাদুল্লাহ মোয়াজের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বিতণ্ডা হয়। হামিদুর রহমান ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপের অনুসারী এবং আসাদুল্লাহ মোয়াজ ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে হামিদুর তার রুমে নিয়ে মোয়াজকে জুনিয়রদের সামনে চড়-থাপ্পড় মারেন। এর কিছুক্ষণ পর মোয়াজ রড নিয়ে এসে চা দোকানের সামনে হামিদুরকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এতে হামিদুরের মাথা ফেটে যায়। সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

পুলিশ হেফাজতে ফের হামলা
খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ও পুলিশ সদস্যরা বাঘমারা হোস্টেলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। রাত ১০টা ৫৫ মিনিটের দিকে পুলিশ অভিযুক্ত মোয়াজকে আটক করে হেফাজতে নিয়ে যাওয়ার সময় হোস্টেল গেটেই পুনরায় হামলার শিকার হন তিনি।

হামিদুরের পক্ষের নাফিউল নামের এক জুনিয়র ছাত্র পুলিশ বেষ্টনীর মধ্যেই মোয়াজের মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে রক্তাক্ত অবস্থায় মোয়াজ মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে মমেক হাসপাতালের ৬ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসকদের মতে, মোয়াজের আঘাত অত্যন্ত গুরুতর।

ঘটনার পর হামলাকারী নাফিউলকে আটক করে থানায় নিয়ে গেছে কোতোয়ালি থানা পুলিশ। ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মতিউর রহমান এবং ড্যাব-এর কেন্দ্রীয় নেতা ডা. ইসহাকসহ ছাত্রদল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মতিউর রহমান বলেন, ছাত্রদের গন্ডগোলের মধ্যে আছি। কিছুক্ষণ পর পর হামলা পাল্টা হামলা হচ্ছে। পুলিশ এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আপাতত ব্যস্ত আছি, পরে কথা বলব।

mmc 1776494982

কোতোয়ালি থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানিয়েছে, বর্তমানে হোস্টেল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলের আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা বলেন, হোস্টেলে দুই গ্রুপের মধ্যে নতুন করে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছি।

কলেজ কর্তৃপক্ষ জানায়, একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী সাত দিনের জন্য সব প্রকার ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার সকাল ৮টার মধ্যে ছাত্র-ছাত্রীদের ছাত্রাবাস ও ছাত্রীনিবাস ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আলম খান বলেন, আগামী ৭ দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। কলেজের পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি

দীর্ঘ আড়াই দশকের অপেক্ষার অবসান হলো। পুরো ২৫ বছর পর আবারও ইংলিশ ফুটবলের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগে (ইপিএল) ফিরল কভেন্ট্রি সিটি। শুক্রবার ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে নিজেদের জায়গা নিশ্চিত করেছে দলটি।

১৯৯২-৯৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ যখন শুরু হয়, তখন এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিল কভেন্ট্রি সিটি। কিন্তু ২০০০-০১ মৌসুমে অবনমনের পর দীর্ঘ সময় আর শীর্ষ লিগে ফেরা হয়নি তাদের। তবে চলতি মৌসুমে দলের দায়িত্ব নেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তার অধীনে শুরু থেকেই ধারাবাহিক ফুটবল উপহার দিয়ে প্রিমিয়ার লিগের টিকিট নিশ্চিত করেছে ওয়েস্ট মিডল্যান্ডসের এই ক্লাবটি।

কভেন্ট্রির শীর্ষ লিগে ফিরে আসার পথটা মোটেও মসৃণ ছিল না। বছর কয়েক আগেও ভয়াবহ অস্তিত্ব সংকটে ভুগেছে ‘স্কাই ব্লুজ’রা। ২০১৭ সালে তো ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরে নেমে গিয়েছিল ক্লাবটি। তবে সেখান থেকেই অবিশ্বাস্য এক ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে তারা।

এর আগে ২০২৩ সালেও একবার প্রিমিয়ার লিগে ওঠার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল দলটি। কিন্তু সেবার প্লে-অফ ফাইনালে লুটন টাউনের কাছে হেরে হৃদয় ভাঙে তাদের। তবে এবার আর কোনো ভুল করেনি ল্যাম্পার্ডের শিষ্যরা। সরাসরিই প্রিমিয়ার লিগে নিজেদের রাজকীয় প্রত্যাবর্তন নিশ্চিত করেছে তারা।

রোদে ঘুরলেও পানির বোতল ঠান্ডা রাখবেন যেভাবে

বাড়তে শুরু করেছে দিনের তাপমাত্রা। তীব্র গরমে অনেকেই নাজেহাল হয়ে পড়েছেন। গরম থেকে স্বস্তি পেতে অনেকেই ফ্রিজের ঠান্ডা পানি খান। অতিরিক্ত গরমে ঠান্ডা পানি শরীরে স্বস্তি এনে দেয়। কিন্তু রাস্তায় বেরোলে হুট করে ঠান্ডা পানি পাওয়া যায় না। ফ্রিজের পানি নিয়ে বেরোলেও তা দ্রুত গরম হয়ে যায়। রোদে ঘুরলেও পানির বোতল ঠান্ডা রাখতে কিছু টিপস মেনে চলতে পারেন। যেমন-

বরফভর্তি বোতল

রাস্তায় বের হওয়ার আগে পানিভর্তি বোতল ফ্রিজ়ারে রেখে দিন। বোতলের পানি বরফ হয়ে যায়। অর্ধেক বরফ জমাট বাঁধলেও হবে। তার পরে ওই বোতল ভিজে রুমালে মুড়ে এবং প্লাস্টিকে ভরে ব্যাগে ঢুকিয়ে নিন। বরফ জমে থাকলে পানি স্বাভাবিক তাপমাত্রায় আসতে কিছুটা সময় নেবে। তাহলে রাস্তায় বেরিয়েও ঠান্ডা পানি দিয়ে গলা ভেজাতে পারবেন।

ভিজে কাপড়ে মুড়ে নিন

অনেকেসময় ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে বেরোনোর আধ ঘণ্টা যেতে না যেতেই তা গরম হয়ে যায়। এই সমস্যা এড়াতে ভিজে কাপড় ব্যবহার করতে পারেন। ভিজে রুমাল বা কাপড় বোতলের গায়ে ভালো করে জড়িয়ে নিন। এতে তাপ সরাসরি বোতলের গায়ে আসবে না।

মাটির বোতল ব্যবহার করুন 

বাড়িতে মাটির কলসি ব্যবহার করতে পারেন। আর রাস্তায় বেরোলে সঙ্গে নিতে পারেন মাটির বোতল। পরিবেশবান্ধব এই বোতলে পানি ভরে রাখলে ঠান্ডা থাকে। এই পানি খাওয়া স্বাস্থ্যের জন্যও ভালো। এই গরমে মাটির বোতল থেকে পানি খেলে শরীর হাইড্রেটেডও থাকবে।

বেছে নিতে পারেন ইনসুলেটেড বোতল

ডাবল-ওয়াল বা ভ্যাকুয়াম ইনসুলেটেড বোতল গরমকালের জন্য বেশ ভালো। এতে পানি প্রায় ১৮-২৪ ঘণ্টা ঠান্ডা থাকে। ইনসুলেটেড বোতলে পানি ভরে ফ্রিজে রেখে দিন। বেরোনোর আগে ফ্রিজ থেকে বের করে ব্যাগ ঢুকিয়ে নিন। সারাদিন রাস্তায় ঘুরে কাজ করলে এই বোতল আপনার সঙ্গী হতে পারে।

বোতল ঠান্ডা রাখার টিপস

ফ্রিজ ছাড়াও পানির বোতল ঠান্ডা করা যায়। একটি পাত্রে বরফ কুচি নিন। তার মধ্যে পানি বোতল বসিয়ে রাখুন। উপর লবণ ছড়িয়ে দিন। দেখবেন, ফ্রিজ ছাড়াই পানির বোতল ঠান্ডা হয়ে গেছে। বাড়িতে থাকার সময়ে এই টিপস কাজে লাগাতে পারেন।