Home Blog

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ

ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। এরই মধ্যে ম্যাকাইতে অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট আনুষ্ঠানিকভাবে ‘সোল্ড আউট’। একই সঙ্গে বাকি দিনগুলোর টিকিট দ্রুত সংগ্রহ করতে দর্শকদের আহ্বান জানিয়েছে তারা। প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে টিকিট বিক্রি হচ্ছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সই দ্বিতীয় ম্যাচ ঘিরে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় অস্ট্রেলিয়ান দর্শকদের মধ্যেও ম্যাচটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

মারারা স্টেডিয়ামে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে দুই ইনিংসে ১৯৮ ও ২৮৪ রানে অলআউট করে বাংলাদেশ। বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রান করে ২২৮ রানের লিড নেয় সফরকারীরা। পরে মাত্র ৫৭ রানের লক্ষ্য এক উইকেট হারিয়ে ৯ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল।

আগামী ২২ আগস্ট ম্যাকাইতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি। অন্যদিকে ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় ফেরার লক্ষ্য অস্ট্রেলিয়ার।

বিয়ের কথা অস্বীকার পূজা বললেন, আমি এনগেজড তবে বিয়ে হয়নি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে। তথ্য যাচাই না করে এমন খবর প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পূজা চেরি জানান, বেশ কিছুদিন ধরে তাঁকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো নির্দিষ্ট কোনো পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তাঁর নাম জড়িয়ে কাল্পনিক সংবাদ তৈরি করা হচ্ছে। বিষয়টি তাঁর জন্য বিব্রতকর বলেও উল্লেখ করেন তিনি।

পূজা বলেন, ‘একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম— আমি এনগেজড এবং পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছে। এটাও নিশ্চিত করেছিলাম যে, যখনই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, নিজেই তা আনন্দের সঙ্গে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই।’

পূজা চেরি। ছবি: ফেসবুক

পূজা চেরি। ছবি: ফেসবুক

নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বর্তমানে নিজেকে কিছুটা সময় দিচ্ছি। নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি। সেই কারণে ক্যামেরার সামনে অনুপস্থিত। কিন্তু কোনো তথ্য যাচাই না করে বারবার আমাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য কী, তা আমার বোধগম্য নয়।’

বিয়ে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে পূজা আরও বলেন, ‘বারবার বলতে চাই— আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ ও মিথ্যা তথ্য প্রচারের বিষয়েও সতর্ক করেছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘অনুমতি ছাড়া কারও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।’

পূজা আরও উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি।

পূজা চেরি। ছবি: ফেসবুক

পূজা চেরি। ছবি: ফেসবুক

সবশেষে সংবাদকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ ও যাচাই করা তথ্য প্রকাশের আহ্বান জানান পূজা। একই সঙ্গে মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করে তিনি বলেন, অন্যথায় নিজের আইনি অধিকার রক্ষায় ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

এদিকে পূজা চেরিকে সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমায় দেখা গেছে। রেদোওয়ান রনি প্রযোজিত ও নির্মিত এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।

বিজেপির জোটে যোগ দেওয়ার প্রস্তাব পেলেন ককরোচ পার্টির দীপকে

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-তে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে এই প্রস্তাব দিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামদাস সোমবার বলেন, ‘বাবাসাহেব আম্বেদকরের স্বপ্ন পূরণ করতে অভিজিত রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়াতে যোগ দিতে পারেন। বিষয়টি তাঁর বিবেচনায় নেওয়া উচিত।’ এই দলটি বিজেপি নেতৃত্বাধীন জোটের অংশ।

মন্ত্রীর এই প্রস্তাবের ব্যাপারে দীপকের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিজিপি নেতা এর আগে নির্বাচনী রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, রাজনীতি ও নির্বাচন ব্যবস্থার ওপর থেকে সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছে।

বাবাসাহেব আম্বেদকর বা ভীম রাও আম্বেদকর ছিলেন ভারতের সমাজ সংস্কারক ও আইনমন্ত্রী। সোমবার রামদাস আটওয়ালে বলেন, ‘আমি মনে করি অভিজিত দীপকে একজন আম্বেদকরবাদী। তাঁর উচিত রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ)-তে যোগ দেওয়া।’

দীপকেকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি আটওয়ালে বলেন, ‘সরকার বিশ্বাস করে যারা অন্যায় করবে তাদের শাস্তি পাওয়া উচিত।’ তিনি যন্তর মন্তরে হওয়া বিক্ষোভের দিকে ইঙ্গিত করে এ মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ছাত্রদের ওই বিক্ষোভের মুখে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ ছাড়েন। সে সময় নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অন্য পরীক্ষায় অনিয়মের অভিযোগ ছিল। রামদাস আটওয়ালে বলেন, ‘আমরা এমন একটি সরকার যারা বিশ্বাস করে, মানুষ অন্যায় করলে তাদের শাস্তি হওয়া উচিত। তাই দীপকেরও উচিত সরকারি জোটে যোগ দেওয়া।’

নতুন ফ্রন্টে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে নতুন অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে দুই দেশই। তবে সম্মুখসারিতে লড়াই প্রায় স্থবির হয়ে পড়েছে এবং শান্তি আলোচনা কার্যত হিমঘরে চলে গেছে। এ পরিস্থিতিতে দুই দেশই একে অপরের প্রতিরক্ষা রেখার অনেক গভীরে দীর্ঘপাল্লার হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফলে ২০২২ সালে যুদ্ধের প্রথম কয়েক মাসের পর এখন বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

চলতি বছর রাশিয়ার ভেতরে হামলা আরও জোরদার করেছে ইউক্রেন। দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বিপুলসংখ্যক ড্রোন ব্যবহার করে দেশটি রাশিয়ার সামরিক শিল্প ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। রসদ সরবরাহকারী জায়ান্ট ওয়াইল্ডবেরিজের বিভিন্ন ডিপোতেও ইউক্রেন ক্রমবর্ধমানভাবে হামলা চালাচ্ছে। এসব হামলায় কয়েক বিলিয়ন ডলার মূল্যের পণ্য পুড়ে গেছে। অন্যদিকে রাশিয়াও হামলা অব্যাহত রেখেছে। ইউক্রেনজুড়ে রুশ হামলায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা।

লক্ষ্মী মিত্তালের ইস্পাত কারখানায় রুশ হামলা

ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের লক্ষ্মী মিত্তালের মালিকানাধীন আর্সেলর মিত্তালের মাইনিং ও মেটালার্জিক্যাল কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে অবস্থিত কমপ্লেক্সটি দেশটির সবচেয়ে বড় সমন্বিত ইস্পাত উৎপাদন কেন্দ্র। ইউক্রেনের চালানো ব্যাপক ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবে এই হামলা চালানো হয়। এতে দুজন নিহত ও ১৪ জন শ্রমিক আহত হয়েছেন।

এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে দুজন, সীমান্তবর্তী সুমি অঞ্চলে একজন এবং পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে আরও একজন নিহত হয়েছেন।

ইউরোপে ছড়িয়ে পড়ছে যুদ্ধের আঁচ

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোনকে স্প্যানিশ এয়ার অ্যান্ড স্পেস ফোর্সের একটি এফ-১৮ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। রোমানিয়ার পূর্বাঞ্চলীয় শহর গালাতি থেকে প্রায় ২৪ কিলোমিটার উত্তরে, প্রতিবেশী মলদোভার সীমান্তের কাছাকাছি এলাকায় ঘটনাটি ঘটে। খবর বিবিসি ও সিএনএনের।

৪৯০ এআই ক্যামেরা স্থাপন, মহাসড়কে আইন ভাঙলেই ‘অটো ফাইন’: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে হাইওয়ে পুলিশ। এখন থেকে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, উল্টো পথে চলাচল, ঝুঁকিপূর্ণ ওভারটেকিংসহ ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আধুনিক এআই ক্যামেরাভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশ একটি যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করছে। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত মহাসড়ককে প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনতে ইতোমধ্যে ৪৯০টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ‘কেউ নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে, ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টো পথে চলাচল করলে কিংবা নিষিদ্ধ স্থানে ওভারটেকিং করলে ক্যামেরা তা শনাক্ত করবে এবং স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করা হবে।’

মন্ত্রী আরও বলেন, জরিমানার তথ্য তাৎক্ষণিকভাবে বিআরটিএর ডাটাবেজে চলে যাবে। এরপর গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। মালিক অনলাইনে বা মোবাইলের মাধ্যমে সহজেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন। বারবার আইন লঙ্ঘনের ক্ষেত্রে নিবন্ধন বাতিলের বিষয়টি বিআরটিএর বিদ্যমান আইন অনুযায়ী বিবেচনা করা হবে।

মহাসড়কে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি বন্ধের বিষয়ে কঠোর হুঁশিয়ারি প্রদান করে মন্ত্রী বলেন, ‘মহাসড়কে চাঁদাবাজির প্রবণতা—তা মালিক পক্ষ, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের যে কারো পক্ষ থেকেই হোক না কেন—সবকিছুই এই সিসিটিভি ও এআই ক্যামেরায় রেকর্ড হিসেবে জমা থাকবে। ফলে এই অপরাধমূলক প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে এবং সাধারণ জনগণের সার্বিক সহযোগিতায় মহাসড়ককে সম্পূর্ণরূপে চাঁদাবাজিমুক্ত করা সম্ভব হবে।’

তিনি বলেন, নতুন এ ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হবে। এতে সড়কে আইন মানার প্রবণতা বাড়বে এবং দুর্ঘটনা কমবে বলে সরকার আশা করছে।

মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ও নন-মোটরাইজড যানবাহন চলাচল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহাসড়কে অননুমোদিত ও লাইসেন্সহীন কোনো থ্রি-হুইলার বা নন-মোটরাইজড যান চলতে দেওয়া হবে না এবং এগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।’

পার্শ্ববর্তী স্থানীয় ফিডার রোড ব্যবহার এবং সিএনজি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার মতো অত্যাবশ্যকীয় বিষয়টি শৃঙ্খলার সঙ্গে সমন্বয় করার জন্য তিনি হাইওয়ে পুলিশ প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে।

চালক-হেলপার-যাত্রী সবাই নারী, চট্টগ্রামে চালু বিশেষ বাস

বন্দরনগরী চট্টগ্রামে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু করা হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। গোলাপী রঙের এই বাসের চালক, হেলপার ও যাত্রী—সবাই হচ্ছেন নারী। মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর কালুরঘাট বেতারকেন্দ্র এলাকায় বেলুন উড়িয়ে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস চালু হলো।

আপাতত দুটি বাস দিয়ে সার্ভিসটি চালু করা হয়েছে। কালুরঘাট থেকে ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে এই দুটি বাস। পথে ১২টি নির্ধারিত পয়েন্টে নারী যাত্রী ওঠানামা করতে পারবেন।

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদউল্লাহ বিশেষ নারী বাস সার্ভিসের উদ্বোধন করে বলেন, ‘নারীদের জন্য গণপরিবহনের ব্যবস্থা করাটা আমাদের প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ছিল। সেই অঙ্গীকার বাস্তবায়ন করছেন তিনি। এই বাসের চালক ও হেলপার সবাই নারী। আশা করি, সরকার যে উদ্দেশ্যে এ কর্মসূচি শুরু করেছে, নারীরা যাতে স্বাচ্ছন্দ্য ও নিরাপদভাবে চলাচল করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চালু হওয়া দ্বিতল বাসটিতে ৭৫টি আসন এবং অপর বাসে রয়েছে ৪৫টি আসন। দ্বিতল বাসে একজন নারী চালক ও দুজন সহকারী থাকবেন। অপর বাসে একজন চালক ও একজন সহকারী থাকবেন।

চট্টগ্রাম নগরীতে প্রতিদিন বিপুলসংখ্যক নারী গণপরিবহনে চলাচল করেন। ভিড়, আসনসংকট ও নিরাপত্তাজনিত বিভিন্ন সমস্যার কারণে তাদের অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। নারী চালক ও সহকারী পরিচালিত পৃথক বাস সার্ভিস চালুর ফলে এসব সমস্যা কমে আসবে বলে মনে করা হচ্ছে।

চট্টগ্রামে ভুয়া ডিবি চক্রের মূলহোতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কে সি দে রোডের শহীদ মিনারের আন্ডারগ্রাউন্ড থেকে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় ভুয়া ডিবি চক্রের মূলহোতা সাজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো।

মঙ্গলবার পিবিআই চট্টগ্রাম মহানগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পিবিআই জানায়, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর ব্যবসায়ী পুলক দাশকে (৪৫) ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে মুখ বাঁধা অবস্থায় গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এ সময় তার কাছে থাকা স্বর্ণ বিক্রির নগদ ১৭ লাখ ৯০ হাজার ৫২০ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৬৫০ টাকা মূল্যের মালামাল ছিনিয়ে নেয় চক্রটি।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা করেন পুলক দাশ। ঘটনার গুরুত্ব বিবেচনায় আদালত মামলাটির তদন্তের দায়িত্ব পিবিআইকে দেন।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার এস এম রফিকুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুয়া ডিবি পরিচয়ধারী চক্রটির মূলহোতা সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

তিনি আরও বলেন, মামলার তদন্ত ও গ্রেপ্তার আসামির জবানবন্দিতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে ডিজিটাল সুবিধা দেবে উপায়-ন্যাচারাল ইন্ডিগো

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে একসঙ্গে কাজ করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পরিচালিত ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড ‘উপায়’ ও দেশের অন্যতম তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ন্যাচারাল ইন্ডিগো লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটি একটি চুক্তি করেছে।

এই চুক্তির আওতায় ন্যাচারাল ইন্ডিগোর কর্মীরা উপায়-এর মোবাইল আর্থিক সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে বেতন পাবেন। এর ফলে দ্রুত ও নিরাপদে বেতন পাওয়ার পাশাপাশি তারা আরও সহজে ডিজিটাল আর্থিক সেবা ব্যবহার করতে পারবেন।

একইসঙ্গে ন্যাচারাল ইন্ডিগোর বেতন ব্যবস্থাপনাও আরও সহজ ও কার্যকর হবে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন উপায়-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস এবং ন্যাচারাল ইন্ডিগো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাচারাল ইন্ডিগো লিমিটেডের পরিচালক-অপারেশনস জাভেদ আহমেদ। উপায় এর পক্ষে উপস্থিত ছিলেন করপোরেট বিজনেস প্রধান সাজ্জাদ আলম।

এ ছাড়া আরএমজি বিজনেসের জেনারেল ম্যানেজার মো. নুরুজ্জামান এবং ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আরএমজি ডিভিশনের প্রধান শাহবাজ তালাতসহ উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে ন্যাচারাল ইন্ডিগোর কর্মীদের ডিজিটাল আর্থিক সেবা আরও সহজলভ্য করার পাশাপাশি তৈরি পোশাক খাতে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়াতে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত সফররত ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

ভৌগোলিক নৈকট্যকে অর্থনৈতিক সুবিধায় রূপান্তর করে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে হলে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক বাণিজ্য পরিবেশ ফিরিয়ে আনা, ভিসা সহজ করা এবং বেসরকারি খাতকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে হবে।

মঙ্গলবার সচিবালয়ে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ ব্যানার্জি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আয়তন, জনসংখ্যা ও অর্থনীতির আকারে পার্থক্য থাকলেও বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক বাস্তবতা পারস্পরিক সহযোগিতার বড় সুযোগ তৈরি করেছে। বিশেষ করে বাংলাদেশের অবস্থান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ঘিরে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত অর্থনীতি বড় হলেও আন্তঃআঞ্চলিক বাণিজ্য তুলনামূলক কম উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক সংযোগ বাড়ানো গেলে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক বাণিজ্যিক বিধিনিষেধের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্যকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে।

বৈঠকে ব্যবসায়ী ও পেশাজীবীদের ভিসা জটিলতা নিয়েও আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে নিয়মিত যাতায়াতকারীদের জন্য কয়েক মাস পরপর নতুন ভিসার আবেদন বাস্তবসম্মত নয়। দীর্ঘমেয়াদি ভিসা ব্যবস্থার বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা প্রয়োজন।

এদিকে সিআইআই প্রতিনিধিদল বাংলাদেশের অবকাঠামো ও উচ্চপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে দুটি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে একটি অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) উন্নয়নে এবং অন্যটি সেমিকন্ডাক্টর, গ্রিন হাইড্রোজেন, ব্যাটারি স্টোরেজ ও ডাটা সেন্টারের মতো ভবিষ্যৎমুখী শিল্পে সহযোগিতা বাড়াতে কাজ করবে।

সিআইআই জানায়, ভারতে গত বছর অবকাঠামো খাতে প্রায় ২৫ লাখ কোটি রুপি বিনিয়োগ হয়েছে, যার উল্লেখযোগ্য অংশ এসেছে বেসরকারি খাত থেকে। ভারতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও দেশি-বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আকর্ষণের সুযোগ রয়েছে বলে মত দেন তারা।

বৈঠকে স্থানীয় উৎপাদনকারী শিল্পের সক্ষমতা কাজে লাগানোর বিষয়েও গুরুত্ব দেয়া হয়। ভারতীয় ব্যবসায়ীরা বলেন, অনেক স্থানীয় প্রতিষ্ঠান সক্ষমতা থাকা সত্ত্বেও বিভিন্ন সমস্যার কারণে দুর্বল হয়ে পড়ছে। স্থানীয় উৎপাদন বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমবে এবং প্রকল্প বাস্তবায়নের গতি বাড়বে।

এনার্জিপ্যাকের সঙ্গে যৌথ উদ্যোগের উদাহরণ দিয়ে এক প্রতিনিধি জানান, স্থানীয়ভাবে উৎপাদনের সুযোগ থাকা সত্ত্বেও অনেক পণ্য আমদানি করতে হয়। স্থলবন্দর দিয়ে পণ্য আনতে ৪০-৪৫ দিন পর্যন্ত সময় লাগে। স্থানীয় শিল্প পুনরুজ্জীবিত হলে এ সমস্যা অনেকাংশে কমবে।

এফএমসিজি খাতেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সিআইআই। ঢাকার আশপাশে সাবান, হোম কেয়ার ইনসেক্টিসাইড ও ফ্র্যাগ্রেন্সসহ বিভিন্ন পণ্য উৎপাদনে একটি অত্যাধুনিক সমন্বিত কারখানা স্থাপনের আগ্রহ জানানো হয়। একই সঙ্গে অনিবন্ধিত পণ্যের মান নিয়ন্ত্রণে কার্যকর নিয়ন্ত্রক কাঠামোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

শিল্পে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে শুল্ক কাঠামো সমন্বয়ের আহ্বানও জানানো হয়। সিআইআই প্রতিনিধিরা জানান, তাদের স্টিম-সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারে টেক্সটাইল, তৈরি পোশাক ও খাদ্য শিল্পে ১০-৩৫ শতাংশ পর্যন্ত গ্যাস সাশ্রয় সম্ভব। তবে শুল্ক বৈষম্যের কারণে এসব প্রযুক্তির ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে।

এ ছাড়া বাংলাদেশের তরুণদের ভারতীয় প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ এবং বাংলাদেশী প্রকৌশলীদের তৃতীয় দেশে কাজের ক্ষেত্রে ভিসা জটিলতা নিরসনে সহযোগিতার প্রস্তাব দিয়েছে সিআইআই।

বৈঠকে উভয় পক্ষই আনুষ্ঠানিক আলোচনার বাইরে সুনির্দিষ্ট উদ্যোগ, ব্যবসায়ী পর্যায়ের সম্পৃক্ততা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করার ওপর গুরুত্ব দেয়।

তাপমাত্রা বৃদ্ধি বছরে ৩ মাস মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকবেন বাংলাদেশের প্রবীণরা বয়স ভেদে তাপমাত্রা বৃদ্ধির প্রভাব নিয়ে গবেষণা করেছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

ভিন্ন বয়সী তিন ধরনের মানুষের ওপর ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণায়নের একটি সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। ফলাফলে সতর্ক করে বলা হয়েছে, আগামীতে বিশ্বের তাপমাত্রা যদি ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দক্ষিণ এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের প্রবীণরা।

দক্ষিণ এশিয়ায় ঝুঁকির মুখে থাকা দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিয়ানমারকে। কারণ হিসেবে বলা হয়েছে, সেখানে দারিদ্র্যের হার বেশি এবং শীতলীকরণ ব্যবস্থার সুযোগ সীমিত।

গবেষকদের হিসাব অনুযায়ী, শিল্প-বিপ্লবের আগের সময়ের চেয়ে বিশ্বের তাপমাত্রা যদি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তাহলে ৬০ বছরের বেশি বয়সী ২২ শতাংশ মানুষ বছরে অন্তত এক মাস অসহনীয় দাবদাহের মুখোমুখি হবেন। ১ দশমিক পাঁচের পরের প্রত্যেক ডিগ্রি সেলসিয়াসের কারণে আরও ১০০ কোটি মানুষ শরীরের সহ্যক্ষমতার বাইরে তাপ ও আদ্রতা অনুভব করবেন।

তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লে দক্ষিণ এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলে বসবাসকারী প্রবীণরা বছরে টানা তিন মাস (দিন-রাত ২৪ ঘণ্টা) মারাত্মক ঝুঁকির মুখে থাকবেন। তাপের মাত্রা ও বয়স বিবেচনায় এই মডেলটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ’ জার্নালে এটি প্রকাশ হয়েছে সোমবার। বয়সভেদে তাপমাত্রা বৃদ্ধির প্রভাব নিয়ে আগেও তারা গবেষণা করেছিলেন। কিন্তু সেগুলো ছিল মূলত তরুণ ও প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তিদের ওপর।

বিশ্বের ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যার বিষয়টি মাথায় রেখে, গবেষকরা ২১০০ সালের মধ্যে তিনটি ভিন্ন বয়সী গোষ্ঠীর স্বাস্থ্যের ওপর তাপমাত্রার সম্ভাব্য প্রভাব নিয়ে মডেলটি তৈরি করেন। এ ধরনের গবেষণার জন্য ‘ওয়েট-বাল্ব টেম্পারেচার’ পদ্ধতি ব্যবহার করা হয়। একজন মানুষের শরীর কতটা তাপ সহ্য করতে পারে সে হিসাব এই পদ্ধতির মাধ্যমে বের করা হয়েছে। মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন কোন পর্যায়ে গেলে, প্রবীণদের সহ্যক্ষমতার বাইরে যেতে পারে- সেটি বোঝাই ছিল এ গবেষণার উদ্দেশ্য।

সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ কম ঘামে। হৃদযন্ত্র তুলনামূলকভাবে দুর্বল হওয়ার পাশাপাশি বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হয়। এমন মানুষের ওপর তাপমাত্রার প্রভাব বুঝতে গবেষকরা যুক্তরাষ্ট্রে ৬০ বছরের বেশি বয়সীদের ওপর ‘ওয়েট-বাল্ব’ পরীক্ষা চালান। প্রবীণদের শরীর উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতায় কেমন প্রতিক্রিয়া দেখায় সেটি পরীক্ষা করা হয়।

ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে গবেষণার ফলাফল প্রকাশ করা হলো। বৈরী আবহাওয়ার করণে এই অঞ্চলে কয়েক হাজার মানুষ মারা গেছেন। ধারণা করা হচ্ছে, অঞ্চলটি ইতিহাসের উষ্ণতম গ্রীষ্ম পার করছে। আগামী বছর তাপমাত্রা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।