Home Blog Page 135

খেলোয়াড় জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না, প্রধানমন্ত্রীর আহ্বান

খেলোয়াড় থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পেশাদার খেলোয়াড়রা কোনো দল বা গোষ্ঠীর প্রতিনিধি নয়—তারা দেশের প্রতিনিধিত্ব করবে তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে।

আজ সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠানে উপস্থিত অনেকেই নিজ যোগ্যতায় বিজয়ী হয়ে দেশের মর্যাদা বাড়িয়েছেন। খেলাধুলার বিভিন্ন শাখায় যারা ইতোমধ্যে সাফল্য অর্জন করেছেন, তাদের পুরস্কৃত করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি বিজয়ের পেছনে প্রতিপক্ষ থাকে। প্রতিপক্ষ আছে বলেই বিজয়ের আনন্দ পাওয়া যায়। খেলাধুলায় পরাজয় মানে হেরে যাওয়া নয়, বরং জয়েরই একটি অংশ।
আলবার্ট আইনস্টাইনের উদ্ধৃতি টেনে প্রধানমন্ত্রী বলেন, যে মানুষটি কখনো পরাজিত হয়নি, সে কখনো কিছুই করেনি। পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের পাশাপাশি তাদের পরিবার, কোচ ও সংশ্লিষ্টদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া আর শুধু শখ বা বিনোদনের বিষয় নয়; এটি একটি স্বীকৃত পেশা। বাংলাদেশেও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা হবে—এ প্রতিশ্রুতি বিএনপি ২০২৬ সালের নির্বাচনের আগে ইশতেহারে দিয়েছিল, যার বাস্তবায়ন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

তারেক রহমান জানান, খেলোয়াড়দের আর্থিক অনিশ্চয়তা দূর করতে সরকার প্রথমবারের মতো তাদের বেতন কাঠামোর আওতায় আনছে এবং ক্রীড়া ভাতা প্রদান শুরু করেছে। এতে খেলোয়াড়রা নিজেদের পছন্দের খেলাকে নিশ্চিন্তে পেশা হিসেবে নিতে পারবেন।

সরকারের অন্যান্য উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম-খতিব ও অন্যান্য ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা এবং সারাদেশে খাল খনন কর্মসূচি চালু হয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’ চালু হবে। এর ধারাবাহিকতায় চালু হলো ‘ক্রীড়া কার্ড’। শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরাও এর আওতায় আসবেন।

‘সবার জন্য ক্রীড়া’ প্রতিপাদ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতে দেশ-বিদেশে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে ক্রিকেট ও ফুটবল সবচেয়ে জনপ্রিয় হলেও আর্চারি, বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিকস, ক্যারম, ভারোত্তলন, উশু, সাঁতার, প্যারা সাঁতার, অ্যাথলেটিক্স, প্যারা অ্যাথলেটিক্স, কারাতে, সেপাক টাকরো, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল, হুইলচেয়ার বাস্কেটবল, ব্রিজ, ফুটসাল ও ব্যাডমিন্টনের মতো খেলাগুলোও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। তারেক রহমান উল্লেখ করেন, সম্প্রতি সাফ নারী ফুটসালে বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ান হয়েছে।

ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ছোটোবেলা থেকেই খেলাধুলায় উৎসাহিত করতে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা কারিকুলামেও পরিবর্তনের কাজ চলছে।

প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ১৯৭৬ সালে শুরু হওয়া বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ নতুনভাবে চালু হয়েছে। এবার ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে আগামী ৩০ এপ্রিল থেকে সিলেট থেকে শুরু হয়ে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজন করা হবে।

তারেক রহমান আরও বলেন, দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা ও টিম স্পিরিট থাকলে সাফল্যের পথে কোনো বাধা টিকবে না।

খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, আপনারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন—আপনারা দেশের প্রতিনিধি। দেশের হয়ে খেলুন, বিজয় অর্জন করুন এবং বিশ্ব ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যান।

হজমের সমস্যা কমাতে কোন ডাল কতক্ষণ ভিজিয়ে রাখা জরুরি

প্রতিদিনের খাদ্যতালিকায় মাছ, মাংস, সবজি যা-ই থাকুক না কেন ডাল না হলে চলে না। ভাত-রুটি সব কিছুর সঙ্গে ডাল খাওয়া যায়। আগের দিনে রান্না করার আগে কমবেশি সব বাড়িতেই ডাল ভিজিয়ে রাখার চল ছিল। তবে আজকাল অনেকেই দ্রুত রান্না সারতে ডাল ভিজিয়ে রাখার সময় পান না। সরাসরি রান্না করে ফেলেন। এতে হজমের সমস্যা বাড়ে। ফোলেট, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ভরপুর ডাল রান্নার আগে ‌অবশ্যই নির্দিষ্ট সময় ধরে ভিজিয়ে রাখা জরুরি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোন ডাল কতক্ষণ ভিজিয়ে রাখলে বেশি উপকারিতা পাওয়া যাবে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সবুজ মুগডাল ভিজিয়ে রাখতে হবে ৬ থেকে ৮ ঘণ্টা, হলুদ মুগ ডাল অন্তত ৩০ মিনিট, ছোলার ডাল ৬ থেকে ৮ ঘণ্টা, অড়হড় ডাল ২ থেকে ৩ ঘণ্টা,রাজমা ১০ থেকে ১২ ঘণ্টা,
মুসুর ডাল ১ থেকে ২ ঘণ্টা, কালো ছোলা ৮ থেকে ১০ ঘণ্টা, মটর ৮ থেকে ১০ ঘণ্টা, কাবলি ছোলা ১০ থেকে ১২ ঘণ্টা

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছোলার ডাল, মটর ডাল বেশ ভারী খাবার। হজম করা সহজ নয়। রান্নার আগে এই সব ডাল ভিজিয়ে রাখলে অ্যান্টি-নিউট্রিয়েন্টের মাত্রা কমে। এ ছাড়াও, ডালের উপরের অংশে ফাইটিক অ্যাসিড থাকায় পেটে গেলে বদহজম হতে পারে। ডাল কিছু ক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে সেই অ্যাসিড ধুয়ে যায়। পানিতে ভিজিয়ে রাখলে ডালে থাকা পলিফেনল এবং ট্যানিনও অনেকটা চলে যায়। এর ফলে ডালে উপস্থিত বাকি সব উপাদান, যেমন ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্যালশিয়াম, আয়রন— সব ভাল ভাবে শরীরে প্রবেশ করে ।

যুদ্ধে নামল হুতিরাও, জ্বালানির আরেক পথ ঝুঁকিতে

দুপক্ষকে আলোচনার টেবিলে আনার চেষ্টার মধ্যেই ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের পরিসর ক্রমে বড় হচ্ছে। সর্বশেষ তেহরানের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। সংঘাতে তাদের এ অংশগ্রহণ নতুন ঝুঁকিকে সামনে এনেছে। হুতিরা যদি বিশ্ববাণিজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ পথ লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালি বন্ধ করে দেয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ার শঙ্কা রয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরও সেনা ও নতুন রণতরী মোতায়েনকে সামনে রেখে নতুন এ খবর সামনে এলো। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইরানকে এবার অস্ত্র দিয়ে সহায়তা করতে যাচ্ছে রাশিয়া। তারা তেহরানকে উন্নত সংস্করণের শাহেদ ড্রোন সরবরাহ করতে যাচ্ছে।

গতকাল শনিবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের চার সপ্তাহ পূর্ণ হয়েছে। এ অবস্থায় ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যস্থতায় আছে পাকিস্তান, তুরস্ক ও মিসর। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। পেজেশকিয়ান তাঁকে মধ্যস্থতার চেষ্টা করার জন্য ধন্যবাদও জানান। তবে তিনি আলোচনায় ইরানের অংশগ্রহণ নিশ্চিত করেননি।

গত কয়েক দিনে যুদ্ধের তীব্রতা না কমে আরও বেড়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে ইস্পাহান ও খুজেস্তান প্রদেশের মোবারাকে স্টিল ইন্ডাস্ট্রিজ, মারকাজি প্রদেশের খান্দাব ভারী পানি উৎপাদন কেন্দ্র। জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালিয়েছে। হামলা হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ও সৌদি আরবের রিয়াদের কাছে যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতেও।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ইরানে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্যগুলোর অধিকাংশই অর্জন করেছে। তবে প্রেসিডেন্ট পরিকল্পনা করেছেন, যুদ্ধ আরও কিছু সময় চালিয়ে যাবেন, যাতে ইরানকে ব্যাপকভাবে দুর্বল করা যায়।

ইসরায়েল জানিয়েছে, এই সপ্তাহান্তে ইরান ও লেবাননে ২৫০টি লক্ষ্যে আঘাত হানা হয়েছে। গতকাল ইসরায়েলের সামরিক বাহিনী ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি টেলিফোনে তাঁর গ্রিক প্রতিপক্ষ জর্জোস গেরাপেট্রিটিসের সঙ্গে চলমান যুদ্ধের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। আরাঘচি টেলিফোনে তাঁর আর্মেনীয় প্রতিপক্ষ আরারাত মিরজোয়ানের সঙ্গেও কথা বলেছেন। কুর্দি অঞ্চলের প্রেসিডেন্টের বাড়িতে হামলার নিন্দা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননে পাঁচটি পৃথক হামলায় ৯ জন প্যারামেডিক নিহত ও সাতজন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে ১৪২ জন আহত হয়েছে বলে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ফলে ইসরায়েলে যুদ্ধকালীন মোট আহতের সংখ্যা পাঁচ হাজার ৬৮৯ জনে পৌঁছেছে।
ওয়াশিংটন ডিসির রাস্তায় হাজার হাজার মানুষ ‘নো কিংস’ বিক্ষোভের অংশ হিসেবে মিছিল করছে। ইরানের যুদ্ধ নিয়ে মানুষ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, কোনো স্পষ্ট পরিণতি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
ইরানের বুশেহর প্রদেশে হামলায় এক পরিবারের চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রদেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা।

ইসরায়েলে হুতির হামলা 
ইরানসমর্থিত ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি যুদ্ধ শুরুর ২৮তম দিনে গতকাল শনিবার প্রথমবার ইসরায়েলে হামলা চালিয়েছে। সংগঠনটির উদ্ধৃতি দিয়ে বিবিসি লিখেছে, তারা ‘সংবেদনশীল ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে’ একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরান, লেবানন, ইরাক ও ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। তারা আরও জানায়, সব ফ্রন্টে ‘আগ্রাসন’ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে।
এর আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে লিখেছে, ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে; হুমকি আটকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

রুদ্ধ হতে পারে বিশ্ববাণিজ্যের আরেকটি পথ
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুদ্ধে হুতির অংশগ্রহণ বিশ্বের আরেকটি প্রধান জলপথ অবরুদ্ধ হওয়ার ঝুঁকিকে জোরালো করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ওপর হুতিদের হামলা আবার শুরু হওয়া দেশটির জন্য বাড়তি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে, যদিও এটি বড় কোনো সামরিক চ্যালেঞ্জ তৈরি করার সম্ভাবনা কম। তবে হুতিরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচল লক্ষ্য করে নতুন করে হামলা শুরুর সিদ্ধান্ত নেয়, তবে এর প্রভাব হবে নাটকীয়। বর্তমানে সৌদি আরব হরমুজ প্রণালি এড়াতে লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর দিয়ে পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে। এশিয়ার বাজারের উদ্দেশে পাঠানো এ তেলের জাহাজগুলো ইয়েমেনের পাশ দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয়।
২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫-এর শুরু পর্যন্ত হুতিরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজে প্রায় ২০০টি হামলা চালিয়েছে। এতে ৩০টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়।

যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তুরস্ক, জানাল ইরান
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে ‘গঠনমূলক ভূমিকা’ পালনের কথা জানিয়েছে তুরস্ক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আঙ্কারা এ সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে আগ্রহী। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির ফোনে কথা হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যেখানে আঙ্কারার প্রচেষ্টার জন্য তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আরাঘচি।

প্রতিবেশী দেশগুলোকে আবারও সতর্ক করল ইরান
ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনৈতিক কেন্দ্রগুলোতে সাম্প্রতিক হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, এসব হামলার ‘ভয়াবহ’ জবাব দেবে ইরান। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে আবারও সতর্কবার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি লেখেন, ‘আপনারা যদি নিজেদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে চান, তবে আমাদের শত্রুদের আপনাদের দেশ থেকে যুদ্ধ পরিচালনার সুযোগ দেবেন না।’

পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজের ‘এক ঘণ্টারও বেশি’ ফোনালাপ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তিনি গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ‘বিস্তারিত’ ফোনালাপ করেছেন। দ্য ডন অনলাইন জানিয়েছে, কলটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। এক্সে শরিফ লেখেন, তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে ‘সংলাপ ও উত্তেজনা প্রশমন সহজতর করার’ উদ্যোগ নিচ্ছেন তারা।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শাহবাজ শরিফের ‘আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার’ প্রশংসা করেছেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ‘আলোচনা ও মধ্যস্থতা সহজতর করতে পারস্পরিক আস্থা তৈরি করা জরুরি।’

সৌদি আরব, তুরস্ক ও মিসরকে নিয়ে বসছে পাকিস্তান
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, দেশটি ২৯ ও ৩০ মার্চ ইসলামাবাদে বৈঠকে অংশ নিতে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন। এক্সে প্রকাশিত বিবৃতিতে তিনি লেখেন, তারা ‘গভীর আলোচনা’ করবেন, যার মধ্যে থাকবে ‘অঞ্চলে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা’-সম্পর্কিত আলাপ। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আলজাজিরা জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছেন।

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিশাল মার্কিন বিমানবাহী রণতরী
৮০টিরও বেশি বিমান বহনে সক্ষম যুক্তরাষ্ট্রের ভাসমান এয়ারবেস ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। একাধিক সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতায় এটিকে মোতায়েন করা হবে। মার্কিন কর্মকর্তারা বলেন, রণতরীটি ও এর স্ট্রাইক গ্রুপ চলতি মাসের শুরুতে মোতায়েন-পূর্ব প্রশিক্ষণ শেষ করেছে। এখন তারা ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানে যোগ দিতে পারে। এ ছাড়া দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার– ইউএসএস ডোনাল্ড কুক ও ইউএসএস ম্যাসন এ সপ্তাহে ইরানে চলমান মার্কিন অভিযানে যোগ দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়েছে। আরেকটি ডেস্ট্রয়ার ইউএসএস রস এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ছেড়েছে।

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় এর রাডার ব্যবস্থার ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেএনএ (কুনা) এ তথ্য জানায়। সংবাদ সংস্থাটির বরাত দিয়ে দ্য গার্ডিয়ান অনলাইন লিখেছে, বিমানবন্দরটি ‘বেশ কয়েকটি ড্রোন হামলার শিকার’ হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইরানে উন্নত সংস্করণের শাহেদ ‘ড্রোন পাঠাচ্ছে’ রাশিয়া
মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া। মূলত ইরানের তৈরি অত্যাধুনিক শাহেদ ড্রোনই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে আসছিল রাশিয়া। তবে এ ড্রোনে এখন জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নেভিগেশন, উন্নত জ্যামার-প্রতিরোধী ব্যবস্থা ও স্টারলিংক ইন্টারনেট ডিভাইস যুক্ত করে আরও শক্তিশালী করেছে মস্কো। সেই ড্রোনই এখন তেহরানে পাঠানো হচ্ছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ খবরকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।

হরমুজে জাহাজ চলাচলে ইরানের সঙ্গে থাইল্যান্ডের চুক্তি
দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, ইরানের হরমুজ প্রণালি দিয়ে থাইল্যান্ডের তেলবাহী জাহাজগুলো নিরাপদে চলাচলের বিষয়ে একটি চুক্তি হয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এ তথ্য জানিয়েছেন। গতকাল শনিবার তিনি বলেন, ‘থাই তেলবাহী ট্যাঙ্কারগুলো যেন হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারে, সে বিষয়ে একটি সমঝোতা হয়েছে।’

তেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। ইরানের মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, গতকাল শনিবার ভোরে এ হামলা হয়।

ইরানে আরও ৩,৫৫৪টি লক্ষ্যবস্তুতে হামলা করা বাকি আছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার বলেছেন, ইরানে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে এখনও ‘আরও ৩,৫৫৪টি’ লক্ষ্যবস্তু বাকি আছে। সেগুলো খুব দ্রুত সম্পন্ন করা হবে। সিএনএন জানায়, ট্রাম্প বলেছেন, ইরান এর আগে কখনও এমন হামলা দেখেনি।

যুক্তরাষ্ট্রকে ন্যাটোর পাশে থাকা লাগবে না: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের চার সপ্তাহ পার হয়েছে। এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে এসে দাঁড়ায়নি সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সদস্যরা। দ্য গার্ডিয়ান জানায়, এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক অনুষ্ঠানে গত শুক্রবার তিনি বলেন, ‘আমরা সব সময় তাদের (ন্যাটো) পাশে থাকতাম। কিন্তু এখন তাদের কার্যকলাপের ভিত্তিতে আমার মনে হয়, আমাদের (তাদের পাশে) থাকা লাগবে না, তাই তো?’ তিনি বলেন, ‘যদি তারা আমাদের পাশে না থাকে, আমরা কেন তাদের পাশে থাকব?’

সৌদি আরবে বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, হামলায় ঘাঁটিতে থাকা অন্তত একটি সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত সেনাদের মধ্যে দুজনের অবস্থা সংকটপূর্ণ। এ নিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৩০৩ সেনা আহত হলেন।

ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্রের আঘাত
ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। গত শুক্রবার রাতে এ হামলা চালানো হয়। ইরানের আণবিক শক্তি সংস্থার উদ্ধৃতি দিয়ে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, এ পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৃতীয় হামলা এটি। তবে রাতের এ হামলায় কেউ হতাহত হননি। পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির কোনো প্রকার আর্থিক বা প্রযুক্তিগত ক্ষয়ক্ষতিও হয়নি।

লেবাননে ৯ ইসরায়েলি সেনা আহত
দক্ষিণ লেবাননে দুটি হামলায় নিজেদের ৯ সেনা আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানানো হয়। আলজাজিরা জানায়, গত শুক্রবার লড়াই চলাকালে একটি ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সেনা গুরুতর ও অন্য একজন মাঝারি ধরনের আহত হন। আরেক ঘটনায় গতকাল শনিবার দক্ষিণ লেবাননে অভিযানরত সেনাদের ওপর রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এতে একজন গুরুতর আহত ও আরও ছয়জন মাঝারি ধরনের আহত হন। ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডের আরও গভীরে প্রবেশের চেষ্টা করছে।

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অধ্যক্ষের মৃত্যু

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সাহেদা আহমদ। রান্না করতে গিয়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই শিক্ষিকার দেহের প্রায় ৫৫ ভাগই ঝলসে যায়। দ্রত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে।

রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অধ্যক্ষ সাহেদা আহমেদ।

গত বুধবার (২৫ মার্চ) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ও গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ঢাকায় বাস করতেন।

নিহতের স্বজনরা জানান, ঈদের ছুটিতে পরিবারের অন্য সব সদস্যের সঙ্গে গ্রামের বাড়িতে যান সাহেদা। বুধবার রাতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে তিনি গুরুতর দগ্ধ হন। দ্রুত তাকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

প্রফেসর জসিম উদ্দিন বলেন, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নারী টি২০ বিশ্বকাপেও থাকছেন জেসি

গত বছর ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার ছিলেন সাথিরা জাকির জেসি। এবার টি২০ বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে মনোনীত করা হয়েছে তাঁকে। আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে নারী টি২০ বিশ্বকাপ।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস খেলবে ‘এ’ গ্রুপে। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড খেলবে ‘বি’ গ্রুপে।

বিসিবির আম্পায়ার্স বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘জাতীয় দলের পাশাপাশি একজন আম্পায়ার বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করবে যেটা গর্বের। বিশ্বকাপের মতো বড় মঞ্চে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে জেসির। খুব অল্প সময়ে দারুণ উন্নতি করেছে সে। আশা করি, ওয়ানডের থেকে টি২০ বিশ্বকাপে বেশি ভালো করবে সে।’

আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার জেসি ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে আটটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। চারটিতে ছিলেন ফিল্ড আম্পায়ার, দুটিতে টিভি ও দুটি চতুর্থ আম্পায়ার ছিলেন।

ওয়ানডের থেকে টি২০তে বেশি ম্যাচ পাওয়ার আশা জেসির, ‘বিশ্বকাপে আম্পায়ারিং করতে পারা দারুণ ব্যাপার। টি২০ বিশ্বকাপের জন্যও মেয়েদের আম্পায়ারের পুল ঠিক হয়েছে। টানা দুটি বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারা গর্বের। আমি ভালো করলে অন্যদের পথ সুগম হবে। শুনছি মেয়েদের এলিট প্যানেল গড়ে তোলার পরিকল্পনা আছে আইসিসির। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভালো করতে পারলে এলিট প্যানেলে বিবেচনা করতে পারে।’

১০ জেলায় হামের প্রকোপ, বাড়ছে শিশুর মৃত্যু

দেশের অন্তত ১০টি জেলায় হাম রোগ উদ্বেগজনকভাবে সংক্রমিত হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঁচ শিশু এবং একটি বেসরকারি হাসপাতালে এক শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ময়মনসিংহে মারা গেছে তিন শিশু। পাবনায় গতকাল শনিবার ২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি মাসে হামে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সেবা না পেয়ে ১৫ দিনে মোট ৪৪ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে আরও কেউ কেউ হামে আক্রান্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেন, সংক্রমণ এখন নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ নয়; প্রায় সারাদেশে ছড়িয়ে পড়ছে। সাধারণত বসন্তকালে শুরু হওয়া এ ধরনের প্রকোপ প্রায় দুই মাস স্থায়ী হতে পারে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় নিয়মিত টিকাদান কর্মসূচি ঠিকভাবে পরিচালিত না হওয়ায় এ পরিস্থিতির উদ্ভব হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল টিকার সংকট দূর না করা এবং বিভিন্ন দাবিতে মাঠ পর্যায়ের কর্মীদের আন্দোলন।

চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে এবং ভাইরাসজনিত উচ্চ সংক্রামক রোগ হওয়ায় হাঁচ-কাশি, কথা বলা বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। হামের জটিলতা থেকে ডায়রিয়া, নিউমোনিয়া, চোখ-মাথায় প্রদাহে আক্রান্ত হয় শিশু। এসব শিশুকে হাসপাতালে আলাদা ব্যবস্থাপনায় রেখে চিকিৎসা দিতে হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, ভোলায় সংক্রমণ বেশি। অন্য কিছু জেলায়ও শিশুরা আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৮ মার্চ এক এবং ২৬ মার্চ দুই শিশু মারা গেছে। চলতি মাসের ২৮ দিনে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে দেড় হাজার ছাড়িয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউ-প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল জানিয়েছিলেন, গত ১০ থেকে ২৪ মার্চ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ শিশু আইসিইউতে ভর্তির সুযোগ না পেয়ে মারা গেছে। হাসপাতাল সূত্র জানায়, এরা হামসহ অনান্য রোগে আক্রান্ত ছিল।

বিশেষজ্ঞদের মতে, হাম সংক্রমণ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো টিকা নিশ্চিত করা। তারা অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়েছেন শিশুকে নির্ধারিত সময়ে টিকা দেওয়া এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র হাসপাতাল প্রস্তুত, আইসিইউ ও ভেন্টিলেটর বাড়ানো এবং বিশেষ টিকাদান কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ছড়াচ্ছে সংক্রমণ
স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো হামে আক্রান্ত ব্যক্তি ১৩ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। এ ছাড়া ৯ মাসের কম বয়সী শিশুদের মধ্যেও এ রোগের সংক্রমণ বাড়ছে, যাদের এখনও টিকা নেওয়ার কথা নয়। অর্থাৎ টিকা পাওয়ার আগেই তারা আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত এলাকায় ব্যাপক পুনঃটিকাদান কার্যক্রম চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

শাহরিয়ার সাজ্জাদ বলেন, আগামী ৫ এপ্রিল বিশেষজ্ঞ পর্যালোচনা কমিটির বৈঠক আছে। সেখানে বিষয়টি নিয়ে আরও সিদ্ধান্ত হবে। রোগীদের নমুনা বিদেশেও পাঠানো হয়েছে। সেখানকার পরীক্ষার ফল এলে বোঝা যাবে, বাইরে থেকে আসা কোনো নতুন ভাইরাসের ধরন এর সঙ্গে যুক্ত কিনা।

ইপিআই কার্যক্রম ব্যাহত
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজাম উদ্দিন বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) নিয়মিত টিকাদান কার্যক্রম এক বছর ধরে ব্যাহত হয়েছে। কখনও টিকার ঘাটতি, কখনও মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের আন্দোলনের কারণে অনেক শিশু সময়মতো টিকা পায়নি। তিনি জানান, ইপিআই কর্মসূচিতে ৩০ থেকে ৩৫ শতাংশ পদ শূন্য থাকাও পরিস্থিতিকে জটিল করেছে। ফলে নির্ধারিত সময়ে টিকা না পাওয়া শিশুরাই এখন বেশি আক্রান্ত হচ্ছে।

ডা. নিজাম উদ্দিন বলেন, দ্রুত বেশি সংক্রমণ এলাকা ঘিরে টিকা দিতে হবে। শিশু আগে টিকা পেয়েছে কিনা, সেটি বড় বিষয় নয়। ইপিআই কর্মসূচি অনুযায়ী, শিশুকে ৯ মাস বয়সে প্রথম হাম, মাম্পস ও রুবেলা প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হয়।

বাড়ছে জটিলতা, ঝুঁকিতে ছোট শিশু
গত ১৪ মার্চ সাভারের বাসিন্দা মো. সাইয়েদ নামে আট মাস বয়সী শিশু সকালে হাম ও জ্বর নিয়ে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে (আইডিএইচ) ভর্তি হয়। শারীরিক অবস্থার অবনতি হলে শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় চিকিৎসকরা আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে আইসিইউ বন্ধ থাকায় তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। প্রয়োজনীয় সংকটাপন্ন চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। গত ১৬ মার্চ তার মৃত্যু হয়। এর পরদিন রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়।

শিশুর মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে এক বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা সংক্রামক ব্যাধি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান বলেন, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং ত্বকে র‍্যাশের মাধ্যমে প্রকাশ পায়। তিনি বলেন, হামের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। তাঁর মতে, টিকা না নেওয়া এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ছে। পোস্ট-মিজেলস নিউমোনিয়ার রোগী এখন বেশি। বিশেষ করে ৬ মাস থেকে ৩ বছর বয়সী শিশু বেশি আক্রান্ত হচ্ছে।

শয্যার ১০ গুণ হামের রোগী 
রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল ১০০ শয্যার। তবে হামের চিকিৎসার জন্য নির্ধারিত শয্যা ১০টি। এ হাসপাতালে গতকাল পর্যন্ত ১১৭ জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে আইসিইউতে ছয়জন।

গতকাল দুপুরে হাসপাতালে তৃতীয় তলার সিঁড়ির সামনে গিয়ে দেখা যায়, সেখানে বসে রয়েছেন দুই সন্তানের জননী তানিয়া আক্তার। তিনি জানান, স্বামী ও দুই সন্তান নিয়ে ঢাকার বনশ্রী এলাকায় থাকেন। ৪ বছরের মেয়ে জ্বরে দুদিন ধরে খাবার মুখে নেয় না; সারাক্ষণ কান্নাকাটি করে। তিন দিনের মাথায় শরীরে লাল লাল র‍্যাশ দেখা দিলে হাসপাতালে যান। ডাক্তাররা ভর্তি নেন না। দুই হাসপাতাল ঘুরে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আসেন তিনি। এখানে দুই দিন ভর্তি থাকার পর চিকিৎসকরা জানিয়েছেন, হাম হয়েছে। গতকাল তিন মাসের ছেলেটারও হাম দেখা দিয়েছে।

হাসপাতাল ঘুরে দেখা যায়, ওয়ার্ডগুলো রোগীতে পূর্ণ। শয্যা না পেয়ে দ্বিতীয় তলা থেকে ষষ্ঠতলা পর্যন্ত করিডোর, বারান্দা, সিঁড়িসহ যে যেখানে জায়গা পেয়েছে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক ডা. তানজিনা জাহান বলেন, রোগীদের প্রায় সবাই ৫ বছরের কম বয়সী। জায়গা না থাকায় অনেকে করিডোর, বারান্দা, কেউ আবার সিঁড়ির পাশে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত ৪৫০ জন হামের রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত ৮৮ জন। আর মার্চের ২৮ দিনে ভর্তি ৩৬২ জন। এ পর্যন্ত মারা গেছে পাঁচ শিশু। এর আগে ২০২৫ সালে হামে আক্রান্ত ভর্তি রোগী ছিল ৬৭ জন।

জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে হামের প্রাদুর্ভাব বাড়বে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই ইঙ্গিত দিয়েছিল। ২০২৪ সালে সতর্ক করে বলা হয়, এখনই পদক্ষেপ না নিলে বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ হামের প্রাদুর্ভাবের উচ্চ বা খুব উচ্চ ঝুঁকিতে পড়বে। কারণ হিসেবে বলছে, ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর প্রথম দুই বছর বিশ্বের অধিকাংশ দেশে শিশুদের হামসহ বিভিন্ন সংক্রামক রোগের টিকাদান কর্মসূচি থেমে গিয়েছিল। বর্তমানে বিশ্বের বেশির ভাগ অঞ্চলে হামের প্রাদুর্ভাবের যে উচ্চঝুঁকি সৃষ্টি হয়েছে, তার প্রধান কারণ এটিই।

সরকারের জরুরি পদক্ষেপ
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল সমকালকে বলেন, দেশে হামের টিকার সংকট ছিল এবং এখনও আছে। প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দ্রুত ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে টিকা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সংক্রামক ব্যাধি হাসপাতালকে হামের জন্য ডেডিকেটেড করা হয়েছে এবং পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষেণ করা হচ্ছে। ডিএনসিসির কভিড ডেডিকেটেড হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্য সুবিধাও প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া আইসিইউ ও ভেন্টিলেটরের সংখ্যা বাড়ানো এবং নবজাতকদের জন্য নতুন ভেন্টিলেটর সংযোজনের কথাও জানান মন্ত্রী।

রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে হাম
সমকালের রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়া চার শিশুকে গত বৃহস্পতিবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তির জন্য সুপারিশ করা হয়েছিল। শুক্রবার সকালের আগেই তাদের দুজন মারা গেছে।

১ থেকে ২৬ মার্চ পর্যন্ত এই হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে এ রকম ৮৪ শিশুকে আইসিইউতে নেওয়ার জন্য সিরিয়াল দেওয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে আইসিইউ সাপোর্ট দেওয়ার পরও ৯টি শিশুকে বাঁচানো সম্ভব হয়নি।

রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনে ভর্তি হওয়া ৭৫ শিশুর মধ্যে ৬০ জনের হামের লক্ষণ ছিল। গত বুধবার ২৮ জনের মধ্যে ২০ জনের ছিল এ লক্ষণ। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোকজন রোগীদের নমুনা পরীক্ষা করে ১০ জনকে হামে আক্রান্ত বলে নিশ্চিত করেছে। তারা আরও নমুনা সংগ্রহ করছে।

চিকিৎসকরা জানান, অধিক ছোঁয়াচে রোগ হওয়ায় হাসপাতালে আলাদা ব্যবস্থায় রেখে চিকিৎসা দেওয়া দরকার। কিন্তু অন্য রোগীদের সঙ্গে তাদের রাখা হচ্ছে।
এ বিষয়ে কথা বলার জন্য হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল পিকেএম মাসুদ উল ইসলামকে ফোন করা হলে তিনি ধরেননি। হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, হাম সংক্রামক রোগ। এ রোগী হাসপাতালে পেলে তাদের রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে গিয়ে খোঁজ নেওয়ার পরামর্শ দেন।

শুক্রবার দুপুরে ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে কোনো রোগী নেই। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে মৃত্যু সনদ দেওয়া হয়, সেখানে মৃত্যুর কারণ নিউমোনিয়া ও অন্যান্য রোগের নাম লেখা থাকলেও হাম লেখা নেই। ধারণা করা হচ্ছে, হামের বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে।

তবে চাঁপাইনবাবগঞ্জের জহির নামে আড়াই মাসের একটি শিশুর মৃত্যু সনদে হামের উল্লেখ করা হয়েছে। তাকেও হাসপাতালে আলাদা রেখে চিকিৎসা দেওয়া হয়নি। যোগাযোগ করা হলে শিশুটির মা জেসমিন খাতুন জানান, তাঁর বাচ্চাকে অন্য রোগীদের সঙ্গে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছিল। ভর্তির তিন দিন পর ১৮ মার্চ সকালে তাঁর বাচ্চা মারা গেছে।

হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. শাহিদা ইয়াসমিন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১০টি নমুনা হামের বলে নিশ্চিত করেছে। আলাদা করে রেখে কেন চিকিৎসা দেওয়া হচ্ছে না– জানতে চাইলে তিনি বলেন, তাদের দুটি আইসোলেশন ওয়ার্ড রয়েছে। কিন্তু সেখানকার বেডগুলোতে অক্সিজেন প্রবাহ খুব কম। এ জন্য সাধারণ ওয়ার্ডেই তাদের আলাদা করে রাখতে হচ্ছে। তা ছাড়া তাদের ২০০ বেডের জায়গায় ঈদের আগে সাতশর বেশি রোগী ভর্তি ছিল। রোগী বেশি হওয়ার কারণে সমস্যা হচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মতোই অবস্থা বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে। এ হাসপাতালের পরিচালক বেলাল উদ্দিন জানান, তারা লক্ষণ দেখে হামের চিকিৎসা দিচ্ছেন। তাতে রোগী সুস্থ হচ্ছে।

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে মধুর ৫ ফেস প্যাক

দিনের বেলা চড়া রোদ উঠতে শুরু করেছে। তবে রোদ থাকলেও কাজের প্রয়োজনে বাইরে যেতেই হয়। এরপর আছে ধুলাবালি, দূষণ। এসবই ত্বকের জন্য ক্ষতিকর। প্রচন্ড গরমে ত্বক ঠান্ডা রাখতে চাইলে কিছু নিয়ম মেনে চলা জরুরি। সেক্ষেত্রে মধু দিয়ে ত্বকের চর্চা করলে উপকার পাবেন। মধুতে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বকের জ্বালাযন্ত্রণা কমাবে। ঘামাচি ও ব্রণের সমস্যারও সমাধান করবে।

কফি-মধুর প্যাক

একটি পাত্রে দু’চামচ করে চিনি, কফি, মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ভালো করে মালিশ করে ১৫ মিনিট রেখে দিন। এরপর মুখ ধুয়ে ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিতে হবে। এই পদ্ধতি ত্বকে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। ফলে ত্বক আরও উজ্জ্বল দেখায়।

মধু-বেকিং সোডা

আধ চামচ মধু, আধ চামচ হলুদ এবং আধ চামচ বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১০-১৫ মিনিট রেখে হালকা হাতে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে ত্বকের মৃত কোষ তোলার চেষ্টা করুন। পরে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

মধুর সঙ্গে গুড়

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গুড় খুব উপযোগী। তবে ত্বকে সরাসরি গুড় লাগানো ঠিক নয়। ফেসপ্যাক বানাতে দু’চামচ করে গুড়, মধু এবং টক দই একটি পাত্রে মিশিয়ে নিন।মুখে লাগিয়ে রাখুন অন্তত ১৫ মিনিট। পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।

মধু-অ্যালোভেরা জেল

১ চামচ মধুর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মাস্কটি ভালো করে মুখে ,ঘাড়ে, শরীরের যে সব জায়গায় কালচেভাব আছে,সেখানে লাগিয়ে রাখুন। ১০-১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মাস্কটি ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজ়ার বা অ্যালোভেরা জেল দিয়ে মুখে মালিশ করে নিন।

খেলাপি ঋণের হার বেশি বেড়েছে কৃষি ও ব্যবসায়

২০২৪ সাল শেষে মোট ঋণের প্রায় ২০ শতাংশ খেলাপি ছিল। এক বছরের ব্যবধানে যা ৩১ শতাংশে ঠেকেছে। খেলাপি ঋণের হার সবচেয়ে বেড়েছে কৃষি এবং ব্যবসা-বাণিজ্য খাতে। অন্যদিকে ভোক্তা ঋণের বিপরীতে খেলাপির হার কমে ৩ শতাংশে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের ডিসেম্বর ভিত্তিক খাতভিত্তিক ঋণের পরিসংখ্যান থেকে এমন চিত্র পাওয়া গেছে।

ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার তুলনামূলক বেশি বাড়ার কারণ হিসেবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভোগ্যপণ্য আমদানিকারকসহ অনেক ব্যবসায়ীর পলাতক থাকা অন্যতম কারণ মনে করেন। ঋণের সুদহার ও ডলারের দর বাজারভিত্তিক করার প্রভাবও থাকতে পারে। অন্যদিকে প্রকৃত চিত্র দেখানোর ওপর জোর দেওয়ায় সব মিলিয়ে খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বেড়েছে। এখন আবার যুদ্ধের কারণে খুব সহসা পরিস্থিতির উন্নতি হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মতো ২০২৫ সালে এসেও মোট ঋণের মাত্র ৪ দশমিক ৪০ শতাংশ রয়েছে কৃষি, মৎস্য ও বনায়ন খাতে। এই ঋণের মধ্যে গত বছর শেষে ২৮ দশমিক ২০ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। এক বছর আগে যেখানে এ খাতে খেলাপির হার ছিল ১১ দশমিক ৩০ শতাংশ। এর মানে খেলাপি বেড়েছে প্রায় তিনগুণ। অন্য আর কোনো খাতে এত বেশি হারে খেলাপি বাড়েনি। এক বছরে খেলাপির ঋণের হার কমেছে কেবল ভোক্তা ঋণে। ২০২৪ সালে মোট ঋণের ৮ দশমিক ৬০ শতাংশ ছিল ভোক্তা ঋণ। এর মধ্যে খেলাপি ছিল ৩ দশমিক ৩০ শতাংশ। এক বছরের ব্যবধানে ভোক্তা খাতে ঋণ কমে সাড়ে ৮ শতাংশে নেমেছে। এর মধ্যে খেলাপির হার আরও কমে নেমেছে ৩ শতাংশে।

রাষ্ট্রীয় মালিকানার একটি ব্যাংকের একজন শাখা ব্যবস্থাপক সমকালকে বলেন, কৃষিতে খেলাপি বাড়ার প্রধান কারণ সুদহার অনেক বেড়ে যাওয়া। ২০২৪ সালে কৃষিঋণ বিতরণের সময় সর্বোচ্চ সুদহার ছিল ৮ শতাংশ। আইএমএফের শর্তের আলোকে ২০২৪ সালের মে মাসে সব ঋণের সুদহার বাজারভিত্তিক করা হয়। এরপর একটু করে বেড়ে আদায়ের সময় এসে তা ১২ থেকে ১৩ শতাংশ হয়েছে। যে কারণে কৃষিঋণ আদায় করতে গিয়ে অনেক বেগ পেতে হচ্ছে। আবার সেচসহ ফসল চাষের সব ধরনের খরচ বাড়লেও মধ্যস্বত্বভোগী, দুর্বল সংরক্ষণ ব্যবস্থাসহ নানা কারণে মাঠ পর্যায়ের কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দাম সেভাবে পান না। এতে কৃষকের ঋণ পরিশোধের সক্ষমতা কমেছে। এসব কারণে কৃষিঋণের খেলাপির হার এভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, খাতভিত্তিক খেলাপি ঋণের হার বাড়াতে পরের অবস্থানে রয়েছে ব্যবসা-বাণিজ্য খাত। ব্যাংকগুলোর মোট ঋণের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ দশমিক ৪০ শতাংশ রয়েছে এ খাতে। এর মধ্যে ২০২৪ সাল শেষে ২৩ দশমিক ৪০ শতাংশ ছিল খেলাপি। মোট ঋণে এ খাতের অংশ সামান্য বেড়ে গত বছর শেষে ৩৩ দশমিক ৫০ শতাংশ হয়েছে। এর মধ্যে ৪২ দশমিক ৫০ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে।

ব্যাংক খাতের মোট ঋণের মধ্যে শিল্প খাতে সর্বোচ্চ ঋণ রয়েছে। ২০২৪ সালে এ খাতে মোট ঋণের ৪২ দশমিক ৪০ শতাংশ থেকে এক বছরে সামান্য বেড়ে গত বছর শেষে ৪৩ শতাংশে উঠেছে। তবে শিল্প খাতের খেলাপি ঋণ ২২ দশমিক ৮০ শতাংশ থেকে ৩০ দশমিক ৮০ শতাংশ হয়েছে। নির্মাণ খাতের খেলাপি ঋণের হার ১৮ দশমিক ৩০ শতাংশ থেকে ২৬ দশমিক ৭০ শতাংশ হয়েছে। পরিবহন খাতে ১৯ দশমিক ৯০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৩ দশমিক ২০ শতাংশ। অন্যান্য খাতে ৫ দশমিক ৯০ শতাংশ থেকে উঠেছে ৯ দশমিক ২০ শতাংশে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান সমকালকে বলেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের অনেক উঠানামা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেকে বেশি দামে পণ্য এনে সেরকম দরে হয়তো বিক্রি করতে পারেনি। এর বাইরে মোট ঋণে শিল্প এবং ব্যবসা-বাণিজ্যের অংশ অনেক বেশি। সব মিলিয়ে এসব খাতে হয়তো খেলাপি ঋণ বেশি বেড়েছে। তিনি বলেন, যুদ্ধের কারণে এখন আবার যে পরিস্থিতি তৈরি হয়েছে, আগামীতে কী হবে এখনই বলা যাচ্ছে না।

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু আজ

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন আজ রোববার বেলা ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা এতে অংশ নেবেন।

এই অধিবেশন উত্তপ্ত হয়ে উঠতে পারে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন’ এবং ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’ নিয়ে। বিরোধী দল জামায়াতসহ তাদের জোটের সদস্যরা এ বিষয়ে আলোচনার দাবি করেছেন। ইতোমধ্যে বিরোধী দলের পক্ষ থেকে একাধিক নোটিশ জমা দেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

এ ছাড়া দিনের কর্মসূচিতে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন কার্যালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের (বিধি-৭১) আওতায় প্রাপ্ত নোটিশগুলোর নিষ্পত্তি রয়েছে। এবারের অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ১২ মার্চ। প্রথম দিনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের মধ্যে ১১ জন বিএনপি, ৩ জন জামায়াতের। ১৩৩টির মধ্যে ১১৩টি অধ্যাদেশে ইতোমধ্যে একমত হয়েছে সরকারি ও বিরোধী দল। বাকি ২০টি অধ্যাদেশ নিয়ে কমিটির তৃতীয় বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, অধ্যাদেশ পাস না হলে ৩০ দিনের মধ্যে তা বাতিল হয়ে যাবে। তাই আগামী ১২ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো পাস হতে হবে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সংসদ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’। আজ দুপুর ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে এই কর্মসূচি পালন করা হবে।

ফোরামের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর জানান, সংসদের আগের সেশনগুলোয় দেশের জনগণের দেওয়া দুই-তৃতীয়াংশ ভোটের মাধ্যমে গণভোটের রায় বা ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫’ নিয়ে কোনো আলোচনা হয়নি। সংবিধান সংস্কার পরিষদ গঠনের সময়সীমাও লঙ্ঘিত হয়েছে। নতুন সংসদের সদস্যদের কাছে জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন সম্পর্কে নাগরিক আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য রোববার ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’-এর আহ্বানে একটি মানববন্ধন অয়োজন করা হয়েছে।

এই আয়োজনে অংশ নেবেন সাধারণ নাগরিক সমাজ, জুলাই আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ জুলাই ও সংস্কার নিয়ে কাজ করা বেশ কিছু নাগরিক প্ল্যাটফর্ম।

সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

সচিবালয়ে প্রবেশ করার পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্ত‌রে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকাল ৯টার কিছুক্ষণ পর সচিবালয়ে এসে নিজ দপ্তরে না গিয়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন।

ভবনটির ষষ্ঠ তলা পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর পাঁচ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত এবং তিন নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।

office visit pm 1774763339

এভাবে সচিবালয়ের বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত আটটি মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন শেষে ফিরে আসেন মন্ত্রিপরিষদ বিভাগে।

এদিকে, অন্যদিনের মতো আজও বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কৃষক কার্ড সংক্রান্ত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্টরা সভায় অংশ নেয়ার কথা রয়েছে।