Home Blog Page 248

বিশ্বজুড়ে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

০

নতুন বছরকে বরণ করে নেওয়া বিশ্বব্যাপী একটি উৎসব। সময়ের পরিবর্তন এবং ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে একেক দেশে একেক সময়ে বরণ করা হয় নতুন বছরকে। প্রতি বছরের মতো এবারও ইংরেজি পুরোনো বছরকে বিদায় জানিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে আতশবাজির ঝলকানিতে বর্ণিল উৎসবের মধ্য দিয়ে নতুন বছর বরণের আনন্দ উদ্যাপন করেছে মানুষ।

পৃথিবীর ভৌগোলিক অবস্থান এবং সূর্যের আলো পৌঁছানোর সময়ের হিসাবে বিশ্বের বাকি দেশগুলোর আগেই নতুন বছর ২০২৬ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ উপকূলের দেশগুলো। এর মধ্যে সবার আগে নতুন বছরকে বরণ করে প্রশান্ত মহাসাগরীয় কিরিবাতি দ্বীপদেশের কিরিতিমাতি। এরপর নতুন বছরে শান্তি, আশা ও আশীর্বাদের স্বপ্ন নিয়ে ২০২৬ সালকে বরণ করে নিয়েছে টোঙ্গা ও নিউজিল্যান্ড। খবর আলজাজিরার।
কিরিবাতির কিরিতিমাতিতে নতুন বছর শুরু হয় সবার আগে। কিরিবাতির অবস্থান হাওয়াইয়ের দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব দিকে। অসংখ্য প্রবাল প্রাচীর নিয়ে গঠিত এই দেশ পূর্ব থেকে পশ্চিমে প্রায় ৪ হাজার কিলোমিটার বিস্তৃত। কিরিবাতির স্থানীয় বাসিন্দারা নিজেদের দেশকে কিরিবাস নামে অভিহিত করেন। দেশটি ১৯৭৯ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহৎ সামুদ্রিক রিজার্ভও আছে সেখানে। দেশটিতে বহু প্রবাল প্রাচীর রয়েছে, যার অনেকগুলোতেই বর্তমানে কোনো প্রাণীর বাস নেই। এসব প্রবাল প্রাচীরের বড় একটি অংশ নি¤œাঞ্চলে অবস্থিত এবং বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

কিরিবাতির মোট জনসংখ্যা প্রায় ১ লাখ ১৬ হাজার। ভৌগোলিকভাবে হাওয়াইয়ের প্রায় সরাসরি দক্ষিণে অবস্থান হলেও আন্তর্জাতিক সময়রেখার কারণে কিরিবাতি হাওয়াইয়ের একদিন আগেই নতুন বছর উদ্যাপন করে। তাই প্রতিবছরের মতো এবারও নতুন বছর ২০২৬ সালের প্রথম সূর্যোদয়ের সাক্ষী হয়েছে কিরিবাতির কিরিতিমাতি অঞ্চল। কিরিতিমাতির নির্জন এলাকা থেকে এক পর্যটক জানান, তিনি যে সৈকতে ছিলেন সেখানে কোনো স্যাটেলাইট যোগাযোগ ছিল না, মনুষ্যপ্রাণের কোনো চিহ্নমাত্র ছিল না। ছিল শুধু ধু-ধু অন্ধকার ও অগুনতি কাঁকড়া। এমন একটি প্রাকৃতিক পরিবেশে তার জন্য নতুন বছর উদ্যাপনের এ ছিল এক নতুন অভিজ্ঞতা।
কিরিবাতির পরই নতুন বছরের আগমন ঘটে টোঙ্গা, নিউজিল্যান্ড ও সামোয়া দ্বীপদেশে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র ও পলিনেশীয় রাজ্য টোঙ্গা। অস্ট্রেলিয়ার পূর্বে এবং নিউজিল্যান্ডের উত্তরে দেশটির অবস্থান। সেখানকার বসিন্দাদের কামনা- নতুন বছর ২০২৬ সাল শান্তি, আশা আর আশীর্বাদে ভরে উঠুক। এদিকে নিউজিল্যান্ডে আতশবাজি, সংগীত আর উৎসবের আলোয় নতুন বছর ২০২৬-কে স্বাগত জানানো হয়েছে। স্থানীয় সময় মধ্যরাতে অকল্যান্ডের আকাশজুড়ে ছড়িয়ে পড়ে বর্ণাঢ্য আতশবাজির ঝলক। অকল্যান্ডে স্কাই টাওয়ারে প্রতিবছরের মতো এবারও আতসবাজির প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী রাত ১২টা বাজতেই সবাই উচ্ছ্বসিত হয়ে ওঠে। শহরের জনসংখ্যা প্রায় ১৭ লাখ।

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

০

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে জাইমা রহমান পরিবারের প্রায় ২০ সদস্যের সঙ্গে রাজধানীর জিয়া উদ্যানে পৌঁছে সমাহিত দাদির কবরের সামনে শ্রদ্ধা জানান।

দীর্ঘ সময় তারা মোনাজাতে অংশ নেন এবং দৃষ্টিগোচর ছিলেন স্থির ও শান্তভাবে। কবর জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা স্থান ত্যাগ করেন। জিয়ারতের সময় জাইমা রহমানের সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং অন্যান্য নিকটাত্মীয়রা।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর (বুধবার) সাবেক প্রধানমন্ত্রীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বজনদের সঙ্গে মিলে দাফনের ব্যবস্থা করেন। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা সম্পন্ন হয়েছিল, যেখানে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা শেষ শ্রদ্ধা জানান।

দেশের বাজারে কমেছে সোনার দাম, শুক্রবার থেকে কার্যকর

০

দেশের বাজারে সোনার দাম এবার তৃতীয় দফায় কমল। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা হ্রাস পেয়ে এখন দুই লাখ ২২ হাজার ৭২৪ টাকায় দাঁড়িয়েছে। নতুন এই দর শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হবে।

বাজুস বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার দর কমার কারণে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। এতে ক্রেতা-বিক্রেতাদের জন্য বাজারে স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্য রয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন দুই লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮২ হাজার ২৫০ টাকা, এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫১ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার সঙ্গে রুপার দামও হ্রাস পেয়েছে। ২২ ক্যারেটের রুপার এক ভরির দাম এখন পাঁচ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের রুপা ভরি দাম পাঁচ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম চার হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা।
বাজুসের এই নতুন মূল্য ঘোষণায় বাজারে সোনার ক্রয়-বিক্রয়ে নতুন প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোনার দাম কমায় ক্রেতাদের কিছুটা স্বস্তি মিলবে, বিশেষত গহনার বাজারে।

মির্জা ফখরুলের সম্পদের পরিমাণ ৪ কোটি, বার্ষিক আয় ১১ লাখ

০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনীত পদপ্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গত সোমবার ঠাকুরগাঁও রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তার কৃষিজমি, ব্যাংক হিসাব, নগদ অর্থ, শেয়ার, যানবাহনসহ স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিস থেকে দেওয়া তথ্য মতে এবং প্রার্থীর হলফনামা অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মোট সম্পদ ৪ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৭১৫ টাকা ৭৩ পয়সা। বাৎসরিক আয় ১১ লাখ ৮৩ হাজার ১৩৩ টাকা। তবে হলফনামায় একটি প্রাইভেটকার ও ৩০ ভরি সোনার মূল্য উল্লেখ করা হয়নি। হলফনামা অনুযায়ী, তার নামে মোট ৫ একর জমি। যার অর্জনকালীন মূল্য ৬০ হাজার টাকা। এছাড়া তার স্ত্রীর নামে রয়েছে ৭০ শতাংশ ও ২.১৪ একর জমি। যার মূল্য উল্লেখ করা হয়েছে ৫১ লাখ ৪৮ হাজার টাকা। পৈত্রিক সূত্রে দোতলা বাড়ির অংশে মূল্য ১০ লাখ টাকা।

অকৃষি জমির ক্ষেত্রে ঠাকুরগাঁওয়ে স্বামী স্ত্রীর নামে রয়েছে ১২ শতাংশ জমি, যার মূল্য মূল্য ৩৯ লাখ ৭২ হাজার টাকা। এছাড়া ঢাকার পূর্বাচলে তার মালিকানায় রয়েছে ৫ কাঠা জমি, যার মূল্য আনুমানিক ৮৫ লাখ ৪ হাজার টাকা।

ভবন ও আবাসিক সম্পদের তালিকায় ঢাকায় অবস্থিত ১৯৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, যার মূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা। ৪ শতাংশ জমি যার মূল্য ৫ লাখ ও মার্কেট শেয়ার ৩ লাখ ৪৫ হাজার ৮১৪ টা উল্লেখ করা হয়েছে। এছাড়াও স্বামী স্ত্রীর নামে আরও অন্যান্য সম্পদের অর্জনকালীন মোট মূল্য ১ কোটি ৩৯ লাখ ৬৫ হাজার ৮১৪ টাকা উল্লেখ হয়েছে।

অস্থাবর সম্পদ ব্যাংক ও আর্থিক হিসাবে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে দেশের বিভিন্ন ব্যাংকে একাধিক হিসাব রয়েছে। উত্তরা ব্যাংক লিমিটেডের ঠাকুরগাঁও শাখায় তার হিসাবে রয়েছে ৫ হাজার ২ টাকা। পূবালী ব্যাংক পিএলসি, ঠাকুরগাঁও শাখায় জমা আছে ১ লাখ ৯ হাজার ৮০৪ টাকা ৫০ পয়সা। আণীব্যাংক লিমিটেডের ঢাকা শাখায় রয়েছে প্রায় ২ লাখ ৬৭ হাজার ৩৪৭ টাকা ৪৭ পয়সা। মোট ৩ লাখ ৮২ হাজার ১৫২ টাকা ৯৬ পয়সা। এছাড়া স্বামী স্ত্রী যৌথ নামে পূবালী ব্যাংক পিএলসি, গুলশান কর্পোরেট শাখায় জমা রয়েছে প্রায় ২ লাখ ২৪ হাজার ১৩২ টাকা। এক্সিম ব্যাংক লিঃ গুলশান শাখায় রয়েছে ৯ লাখ ৪৬ হাজার ৪৬৭ টাকা। এছাড়া সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং হিসাবে ৩ হাজার ৪৮৫ টাকা রয়েছে। মোট ১১ লাখ ৭৪ হাজার ৮৪ টাকা।

এছাড়া তার নিজের নগদ অর্থ রয়েছে ১ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ১১৬ টাকা ৭৭ পয়সা। তার স্ত্রীর আছে ১ লাখ ৬৫ হাজার ৯৩০ টাকা। বিনিয়োগ ও সঞ্চয়ের ক্ষেত্রে তিনি ‘দি মির্জাস প্রাইভেট লিমিটেড’-এর ১ হাজার ৪২৮টি শেয়ারের মালিক, যার মূল্য প্রায় ১ লাখ ৪২ হাজার ৮শ’ টাকা। পাশাপাশি তার স্ত্রী নামে বিভিন্ন সঞ্চয়পত্র মেয়াদি আমানতে রয়েছে ৪৫ লাখ ১১ হাজার ৭৫০ টাকা।

অস্থাবর সম্পদের তালিকায় তার মালিকানায় রয়েছে দুটি ব্যক্তিগত গাড়ি। এছাড়া তার কাছে রয়েছে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী (টিভি, ফ্রিজ, কম্পিউটার) যার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা, এবং আসবাবপত্র যার মূল্য ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা।

এতে অস্থাবর মোট সম্পদের অর্জনকালীন মূল্য ২ কোটি ৫৫ লাখ ৫ হাজর ৭৬৮ টাকা ৭৩ পয়সা উল্লেখসহ উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত একটি দুই নালা বন্দুকের কথাও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

আয়ের উৎস বার্ষিক কৃষি খাতে থেকে আয় ১ লাখ ৮০ হাজার, ব্যবসা (হুরমত আলী মার্কেট এর শেয়ার হতে আয়) ১ লাখ ৯৭ হাজার ২৩২ টাকা, পেশা (যেমন: শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক ইত্যাদি) ইজাব গ্রæপ এর পরামর্শক হিসেবে সম্মানী ভাতা ৬ লাখ, চাকরি (দি মির্জাস প্রাইভেট লিমিটেড হতে সম্মানী ভাতা) ১ লাখ ৯৮ হাজার, অন্যান্য যেকোনো উৎস ও ব্যাংক মুনাফা ৭ হাজার ৯০১ টাকা। মোট বার্ষিক আয় ১১ লাখ ৮৩ হাজার ১৩৩ টাকা।

সব তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, হলফনামা অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষিত স্থাবর ও অস্থাবর সম্পদের অর্জনকালীন মোট মূল্য এবং বার্ষিক আয় মিলে দাঁড়ায় ৪ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৭১৫ টাকা ৭৩ পয়সা। তবে হলফনামায় একটি প্রাইভেট কার ও ৩০ ভরি স্বর্ণের মূল্য উল্লেখ করা হয়নি। আইনি তথ্যের অংশে হলফনামায় উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৫০টি মামলা দায়ের হয়েছিল। তবে এসব মামলার অধিকাংশই আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার অথবা চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি) গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এসব মামলার কোনোটি তার সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে আইনগত বাধা নয় বলে হলফনামায় ঘোষণা দেওয়া হয়েছে।

হলফনামার শেষ অংশে তিনি সাংবিধানিক ঘোষণা দিয়ে বলেন, তিনি দ্বৈত নাগরিক নন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী জাতীয় সংসদের সদস্য হওয়ার ক্ষেত্রে তার কোনো অযোগ্যতা নেই।

 

বিপিএলের মাঠেও শোকের আবহ

০

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। বুধবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নেয় লাখো মানুষ। একই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনে বিশেষ দোয়ায় অংশ নেন বাংলাদেশে প্রিমিয়ার লিগে অংশ নেওয়া (বিপিএল) বেশকিছু ক্রিকেটার, বিসিবি ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং সাংবাদিকরা। মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দর রনি, নাসির হোসেনরা গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন।

এদিকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় মধ্যপথে বাতিল করা হয়েছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। নতুন সূচিতে ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটেই হবে ম্যাচ, আগের মতো ১৫ জানুয়ারি থেকেই শুরু ঢাকা পর্ব, ফাইনাল ২৩ জানুয়ারি। দুই দিন বিরতির পর আজ দুপুর একটায় সিলেট টাইটান্সের মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ছয়টায় রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
মঙ্গলবার ভোরে না ফেরার দেশে পাড়ি জমান অন্যায়ের সঙ্গে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশজুড়ে। তাতে সম্মান জানাতে সিলেটে সেদিন বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করে বিসিবি। স্থগিত ম্যাচ দুটি  হবে ৪ জানুয়ারি। আগের সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা ছিল, তবে ওই ম্যাচগুলো সিলেটে সরিয়ে আনা হয়েছে। ২ জানুয়ারি সিলেট পর্ব শেষ হওয়ার কথা থাকলেও তা এখন হবে ১২ জানুয়ারি। এরপর বিপিএল চলে যাবে ঢাকায়। সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধা এবং বাংলাদেশ দলের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান, ‘দুই ভেন্যুতে ম্যাচ নিয়ে আসতে হচ্ছে।

চট্টগ্রামের দর্শক আর ম্যানেজমেন্টের কাছে আমরা দুঃখিত।’ এর আগে এক বিবৃতিতে গভীর শোক জানিয়ে বিসিবি উল্লেখ করে,‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত। ক্রিকেট আজ যে অগ্রগতি অর্জন করেছে তার পথ প্রশস্ত করতে সাহায্য করেছে বেগম খালেদা জিয়ার দূরদৃষ্টি ও উৎসাহ। বিসিবি এই বিরাট ক্ষতিতে সমগ্র দেশের সঙ্গে গভীর শোক ও দুঃখে শামিল হচ্ছে এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তার আত্মার চিরশান্তির জন্য আমাদের দোয়া।’
খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বলেন,‘আমরা যখন ক্রিকেটে ভালো করতাম তখন তার অফিসে আমাদের দাওয়াত দিয়েছে। আমরা সেখানে গিয়েছি এবং আমার জীবনের সবচেয়ে বড় যে প্রাপ্তি ছিল রাষ্ট্রীয় পুরস্কার। সেই পুরস্কার তিনি আমার গলায় পরিয়ে দিয়েছিলেন। আমরা আজ শোকাহত। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।’
বুলবুল বলেন, ‘আমার স্মৃতি আছে কিছু আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে। আইসিসি ট্রফিতে ১৯৯৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমাদেরকে সংবর্ধনা দিয়েছিল মিন্টো রোডে।’

ফের কমেছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

০

দেশের বাজারে স্বর্ণের দাম আবার কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায় বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার-নির্ধারিত ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার কিছুটা পরিবর্তিত হতে পারে।

এর আগে, ২৯ ডিসেম্বর বাজুস ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করেছিল, যা ৩০ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি পেয়েছে, ২৯ বার কমানো হয়েছে।

রুপার দাম এ সময় অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়, ২১ ক্যারেট ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকায়। চলতি বছরে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১০ বার বৃদ্ধি পেয়েছে, ৩ বার কমানো হয়েছে।

স্বাক্ষর গরমিল, কেন্দ্রীয় নেতাসহ বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিল

০

মুন্সীগঞ্জ-১ সংসদীয় আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁরা হলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সফরত আলী সপু এবং জেলা কমিটির সদস্য মমিন আলী।
বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এ সিদ্ধান্ত দেন। যাচাইয়ের সময় তাঁদের দাখিল করা মনোনয়নপত্রে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের সঙ্গে তালিকাভুক্ত তথ্যের অসামঞ্জস্য ধরা পড়ে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এদিকে একই যাচাই-বাছাইয়ে মুন্সীগঞ্জ-১ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আতিকুর রহমান, জামায়াতে ইসলামীর এ কে এম ফখরুদ্দিন রাজী, কমিউনিস্ট পার্টির আব্দুর রহমান এবং বিপ্লব ইনসানিয়াত বাংলাদেশের প্রার্থী রোকেয়া আক্তার।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিলের সুযোগ থাকছে।

প্রতিদিনের যেসব ভুলে নীরবে নষ্ট হচ্ছে দাঁত

দাঁতের নানা সমস্যায় ভোগেন অনেক মানুষ। এর মধ্যে সবচেয়ে সাধারণ ও উদ্বেগজনক সমস্যা হলো দাঁতের এনামেল ক্ষয়। সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ ক্ষেত্রেই দাঁত নষ্ট হওয়ার পেছনে বাইরের কোনো কারণ নয়, বরং আমাদের নিজেরই কিছু দৈনন্দিন অভ্যাস দায়ী। অজান্তেই করা এসব ভুল ধীরে ধীরে দাঁতের স্থায়ী ক্ষতি করে।

অতিরিক্ত জোরে ব্রাশ করার ভুল

অনেকে মনে করেন, জোরে দাঁত ব্রাশ করলে দাঁত বেশি পরিষ্কার হয়। কিন্তু বাস্তবে বিষয়টি উল্টো। শক্ত ব্রাশ বা অতিরিক্ত চাপ দিয়ে ব্রাশ করলে দাঁতের এনামেল ক্ষয় হতে শুরু করে। এনামেল ক্ষয় হলে দাঁত সংবেদনশীল হয়ে পড়ে এবং দ্রুত ক্ষয়ের ঝুঁকি বাড়ে।

অ্যাসিড ও চিনিযুক্ত খাবারের ক্ষতি

বর্তমান খাদ্যাভ্যাসে অ্যাসিড ও চিনি সমৃদ্ধ খাবারের পরিমাণ বেড়েছে। ফিজি ও এনার্জি ড্রিংকস, সাইট্রাস ফলের রস, চা, কফি এবং বিভিন্ন ধরনের মিষ্টি দাঁতের জন্য ক্ষতিকর। এসব খাবার নিয়মিত গ্রহণ করলে ধীরে ধীরে দাঁতের এনামেল ক্ষয় হতে থাকে, যা দীর্ঘমেয়াদে দাঁতের স্থায়িত্ব নষ্ট করে।

পর্যাপ্ত পানি না পান করার প্রভাব

দাঁত সুরক্ষায় লালার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লালা মুখের ভেতরের অ্যাসিডের প্রভাব কমায় এবং দাঁতের প্রয়োজনীয় খনিজ উপাদান ধরে রাখতে সাহায্য করে। কিন্তু পর্যাপ্ত পানি না পান করা কিংবা অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের ফলে শরীর পানিশূন্য হলে লালার কার্যকারিতা কমে যায়। ফলে দাঁতের ক্ষতির ঝুঁকি বাড়ে।

ঘরোয়া দাঁত সাদা করার ঝুঁকি

দাঁত সাদা করার আশায় অনেকেই সামাজিক মাধ্যমে প্রচারিত ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন। লেবুর রস, বেকিং সোডা বা অনুরূপ উপাদান দিয়ে দাঁত সাদা করার চেষ্টা সাময়িকভাবে কার্যকর মনে হলেও এতে দাঁতের এনামেলের মারাত্মক ক্ষতি হয়। এর ফলে ভবিষ্যতে দাঁত আরও বেশি হলুদ ও সংবেদনশীল হয়ে উঠতে পারে।

অল্প শীতেই কাঁপছেন? জানেন কোন ভিটামিনের অভাবে বেশি ঠান্ডা লাগে?

শীত এলেই অস্বস্তি বাড়ছে? আশপাশের সবাই স্বাভাবিক থাকলেও আপনি একটু ঠান্ডা পড়লেই কাঁপতে শুরু করছেন? বারবার ঠান্ডা লাগা বা শরীর গরম রাখতে না পারা অনেক সময় ভিটামিন ও পুষ্টির ঘাটতির লক্ষণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট ভিটামিনের অভাবে শরীরের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে।

কেন বেশি ঠান্ডা লাগে?
শরীরের বিপাকক্রিয়া (metabolism), রক্তসঞ্চালন ও স্নায়ুতন্ত্র ঠিকমতো কাজ না করলে ঠান্ডা বেশি অনুভূত হয়। এর পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো ভিটামিন ও মিনারেলের ঘাটতি।

যেসব ভিটামিনের অভাবে বেশি ঠান্ডা লাগে
১. ভিটামিন B12-এর ঘাটতি
ভিটামিন B12 রক্তকণিকা তৈরি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই ভিটামিনের অভাবে—
রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) হয়
হাত-পা ঠান্ডা লাগে
শরীর দুর্বল ও ক্লান্ত থাকে
উৎস: ডিম, দুধ, মাছ, মাংস, দই

৩. আয়রন (লোহা) ঘাটতি
আয়রনের অভাবে রক্তে অক্সিজেন পরিবহন কমে যায়, ফলে শরীর ঠান্ডা অনুভব করে।
লক্ষণগুলো—
হাত-পা বরফের মতো ঠান্ডা
মাথা ঘোরা
শ্বাস নিতে কষ্ট
উৎস: পালং শাক, কলিজা, ডাল, খেজুর

৪. ভিটামিন C-এর অভাব
ভিটামিন C রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে।
ঘাটতি হলে—
ঠান্ডা লাগা ও সর্দি-কাশি বাড়ে
শরীর দুর্বল থাকে
উৎস: কমলা, লেবু, আমলকী, পেয়ারা

৫. ম্যাগনেশিয়াম ও জিঙ্কের ঘাটতি
এই দুই মিনারেল শরীরের শক্তি উৎপাদন ও রক্তসঞ্চালনে ভূমিকা রাখে।
ঘাটতি হলে—
ঠান্ডা সহ্য করার ক্ষমতা কমে যায়
পেশিতে খিঁচুনি হয়

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
সব সময় ঠান্ডা লাগলে
হাত-পা অসাড় হয়ে গেলে
অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি থাকলে
রক্ত পরীক্ষা করে ভিটামিনের মাত্রা জানা সবচেয়ে নিরাপদ উপায়।

কীভাবে ঘাটতি পূরণ করবেন?
সুষম খাদ্য গ্রহণ
নিয়মিত রোদে থাকা
প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট

শীত বেশি লাগা সব সময় আবহাওয়ার কারণে নয়; অনেক সময় এটি শরীরের ভেতরের সংকেত। তাই অল্প শীতেই কাঁপতে থাকলে অবহেলা না করে ভিটামিন ও পুষ্টির দিকে নজর দিন। সময়মতো সচেতন হলে সহজেই এই সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

কত সম্পদের মালিক তারেক রহমান? হলফনামায় উঠে এলো বিস্তারিত হিসাব

০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) এবং ঢাকা-১৭ (গুলশান-বনানী-বারিধারা-ক্যান্টনমেন্ট) আসন থেকে প্রার্থী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি নিজের আর্থিক অবস্থা, আয়-ব্যয় ও সম্পদের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন।

হলফনামা অনুযায়ী, তারেক রহমান কোনো দ্বৈত নাগরিক নন। তার বর্তমান ঠিকানা ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এভিনিউয়ের একটি বাসভবন। বয়স ৫৭ বছরের বেশি এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। পেশা হিসেবে তিনি রাজনীতির কথা উল্লেখ করেছেন।

আইনগত অবস্থান প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বর্তমানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। তবে ২০০৭ সাল থেকে বিভিন্ন সময়ে দায়ের হওয়া ৭৭টি মামলা থেকে তিনি খালাস, অব্যাহতি, প্রত্যাহার বা খারিজের মাধ্যমে মুক্ত হয়েছেন।
তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান একজন চিকিৎসক এবং কন্যা জাইমা জারনাজ রহমান শিক্ষার্থী।

সম্পদের বিবরণে দেখা যায়, তারেক রহমানের নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক স্থাপনা নেই। তার নামে শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের পরিমাণ ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা। ব্যাংক ও নগদ মিলিয়ে তার কাছে রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। একই খাতে স্ত্রীর নামে আছে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা।

শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে তারেক রহমানের নামে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ার রয়েছে, যার অর্জনকালীন মূল্য ৫ লাখ টাকা। এছাড়া বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ দেখানো হয়েছে ৪৫ লাখ টাকা এবং কোম্পানি মালিকানার মূল্য ধরা হয়েছে ১৮ লাখ টাকা।

ব্যাংক আমানতের তথ্য অনুযায়ী, তারেক রহমানের নামে এফডিআর রয়েছে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা এবং অন্যান্য আমানত ১ লাখ ২০ হাজার টাকা। স্ত্রীর নামে এফডিআর রয়েছে ৩৫ লাখ টাকা এবং সঞ্চয়ী হিসাবে জমা আছে ১৫ হাজার ২৬০ টাকা।

স্থাবর সম্পদের মধ্যে তারেক রহমানের নামে ১ দশমিক ৪ শতাংশ অকৃষি জমি রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৪৫ হাজার টাকা। নিজের নামে কোনো কৃষিজমি বা গাড়ি নেই। স্ত্রীর নামে রয়েছে ১১১ দশমিক ২৫ শতাংশ জমি। যৌথ মালিকানায় ৮০০ বর্গফুটের একটি দোতলা ভবন রয়েছে। এছাড়া ২ দশমিক ৯ শতাংশ জমির ওপর একটি ভবন উপহার হিসেবে পাওয়া বলে উল্লেখ করা হয়েছে।

অলংকার ও আসবাবপত্রের ক্ষেত্রে তারেক রহমানের নামে ২ হাজার ৯৫০ টাকার গহনা এবং ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকার আসবাবপত্র দেখানো হয়েছে। আগ্নেয়াস্ত্র বা বিদেশে কোনো স্থাবর-অস্থাবর সম্পদ নেই বলেও হলফনামায় উল্লেখ রয়েছে। তারেক রহমান ও তার পরিবার সদস্যদের নামে কোনো সরকারি ঋণও নেই।

আয়কর নথি অনুযায়ী, তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। তার বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা এবং পরিশোধিত আয়কর ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা।

অন্যদিকে, তার স্ত্রী জুবাইদা রহমানের মোট সম্পদ দেখানো হয়েছে ১ কোটি ৫ লাখ ৩০ হাজার ১৯১ টাকা। তার বার্ষিক আয় ৩৫ লাখ ৬০ হাজার ৯২৫ টাকা এবং আয়কর দিয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।