Home Blog Page 487

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ব্যবস্থাপনায় গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হ্যারিটেজ ডে উদযাপিত হবে

নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা গত ২ মার্চ, রোববার দুপুরে বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচলনায় সভায় অন‍্যান‍্যের মধ্য উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভূঁইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, সমাজ কল্যাণ সম্পাদক- জামিল আনসারী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য- হারুন অর রশিদ, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী। সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সাধারণ সম্পাদক বিগত দিনের বিভিন্ন কর্মকান্ডের তথ্য ও বিবরণ তুলে ধরেন।
সভায় সকলকে অবহিত করা হয় গত দুই বছরের নেয়ায় এবারও নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামের বাসভবন গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপন করা হবে। এবারের অনুষ্ঠানে হোস্ট কমিটি হিসেবে বাংলাদেশ সোসাইটি কে মেয়র অফিস থেকে মনোনীত করা হয়েছে। পেস্টিজিয়াস এই অনুষ্ঠানটি হোস্ট করতে সকলের মতামত জানতে চাইলে উপস্থিত সকলে আয়োজনে সম্পৃক্ত থাকার বিষয়ে মতামত দেন।
এদিকে আগামী ১৩ এপ্রিল, রোববার প্রথমবারের মত বাংলাদেশ সোসাইটির ব্যানারে বাংলাদেশ ডে প্যারেড আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ ডে প্যারেডের প্রধান সহযোগী সংগঠন হিউম্যানিটি ইমপ্লয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন। বাংলাদেশে ডে প্যারেড সফল করতে প্রবাসের সকল আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, পেশাজীবী ও অন্যান্য সংগঠনদের নিয়ে বৃহৎ পরিসরে প্যারেড আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় অন্যান্য আরো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সদ্য সমাপ্ত একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আয়োজনটি সফল হওয়ায় আয়োজক কমিটির আহবায়ক ও সদস্য সচিবসহ সকল কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আগামী ৯ এপ্রিল পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং ইফতার ও দোয়া মাহফিল এবং ব্রষ্কস বরোতে ১৮ই মার্চ ও ব্রুকলেন বরোতে ২০/২১ মার্চ অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলের বিভিন্ন বিষয় নিয়ে আয়োজক কমিটি সবাইকে অবহিত করেন। অনুষ্ঠানগুলো সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। একই সাথে প্রবাসের সবাইকে অনুষ্ঠানগুলোতে উপস্থিত হতে অনুরোধ জানানো হয়।
আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। যার মধ্যে অন্যতম বাংলাদেশ সোসাইটি একটি অলাভজনক এবং অরাজনৈতিক, “সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন” তাই আগামী দিনে সোসাইটির কোন অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক ব্যানারে কোন সংগঠন অংশ নিতে পারবে না। এছাড়া গত কয়েকদিন আগে একটি সংবাদ সম্মেলনে সোসাইটির বর্তমান বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ আজিজ সোসাইটির বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিমের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। সোসাইটির একটি গুরুত্বপূর্ণ পদে বসে এধরনের আচরণ কাম্য নয় বলে সবাই মতামত দেন, একই সাথে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কে সোসাইটির সভাপতির কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে সবাই অনুরোধ জানান। একই সাথে এই অপ্রীতিকর ঘটনার জন্য সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাবও গৃহীত হয়।

নিউ জারসির আটলান্টিক সিটি মেয়র পদে মার্টি স্মলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউ জারসি রাজ‍্যের আটলান্টিক সিটির মেয়র পদে পুনরায় লড়ছেন বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র। আগামী দশ জুন মংগলবার অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে তিনি ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত চার মার্চ মংগলবার সন্ধ্যায় তাঁর নির্বাচনী সদর দপ্তরে তাঁর পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। তুমুল হর্ষধ্বনির মধ্যে মার্টি স্মল আগামী দশ জুন মংগলবার অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে তাঁকে ও তাঁর রানিং মেট কাউন্সিল এট লারজ প্রার্থী স্টিফেনি মার্শাল, প‍্যাটরিসিয়া বেইলি ও সোহেল আহমদকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন‍্য কর্মী, সমর্থকসহ আটলান্টিক সিটির ভোটারদের প্রতি আহবান জানান।
আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির চেয়ারওম্যান কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যানের সঞ্চালনায় নির্বাচনী সমাবেশে এসেম্বলিম‍্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্রুস উইকস, এসেম্বলিওম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী লিসা বোনানো,কাউন্টি কমিশনার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী কলিন্স এ ডেইস সিনিয়র,কাউন্সিল এট লারজ প্রার্থী স্টিফেনি মার্শাল, প‍্যাটরিসিয়া বেইলি ও সোহেল আহমদ বক্তব্য রাখেন।

আটলান্টিক সিটি কাউন্সিলের সভাপতি এ‍্যারন রেনডলফ, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস‍্য সুব্রত চৌধুরী, সাবেক কাউন্সিলম‍্যান মামুনুল হক মামুন, জামিল আহমদ সহ ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন।
মেয়র মার্টি স্মল সুধীজনদের সামনে তাঁর মেয়াদকালে আটলান্টিক সিটিতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। এছাড়া তিনি আগামী মেয়াদে তাঁর বিভিন্ন কর্মপরিকল্পনাও তুলে ধরেন। মেয়র তাঁকে এবং তাঁর রানিংমেটদের নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ‍্য, ২০১৯ সাল থেকে মার্টি স্মল আটলান্টিক সিটির মেয়র পদে আসীন আছেন।

বাংলাদেশ-ভারত দু’দেশের ভোটার তালিকাতেই নাম, অভিযোগ বিজেপি নেতার

ভুয়ো ভোটার ধরতে নেমে এবার ভোটার তালিকায় বাংলাদেশী হিন্দুর নাম খুঁজে বের করল তৃণমূল কংগ্রেস। ওই ব্যক্তি যে বাংলাদেশী নাগরিক তা স্বীকার করে নিয়েছেন অভিযুক্তের স্ত্রী।

শুক্রবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় এই তথ্য তুলে ধরেন। অবিলম্বে এই ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছে তারা।

শুক্রবার সংবাদমাধ্যমের সামনে ভোটার তালিকা হাতে নিয়ে তপনবাবু জানান, পূর্বস্থলী ২ নম্বর ব্লকের নন্দীগ্রামের বাসিন্দা ভৃগুরাম দাস ভারতের ভোটার। অথচ তিনি বাংলাদেশের নাগরিক এবং সেখানকার একটি স্কুলের শিক্ষক।

জানা গেছে, ভৃগুরাম দাসের স্ত্রী সুলেখা রানি দাস, ছেলে, পুত্রবধূ ও নাতনি পূর্বস্থলীতেই বসবাস করেন। ভৃগুরামবাবু মাঝেমধ্যে ভারতে যাতায়াত করেন। তার স্ত্রীও স্বীকার করেছেন যে তার স্বামীর বাংলাদেশী নাগরিকত্ব রয়েছে। সাথে ভারতের ভোটার কার্ড রয়েছে তার।

বিধায়ক তপন চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, শুধু ভৃগুরাম দাস নন, তার বিধানসভা এলাকায় এ ধরনের প্রায় ৪০০ ‘ভূতুড়ে ভোটার’ রয়েছে, যাদের অস্তিত্বই নেই বা যারা দ্বৈত নাগরিকত্বের সুবিধা নিচ্ছেন।

বলে রাখি, মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূলের নেতা-মন্ত্রীরা রাজ্যজুড়ে ভুয়ো ভোটার চিহ্নিত করতে নামার পর বিজেপি অভিযোগ করে, আসলে ভোটার লিস্ট থেকে হিন্দুদের নাম কাটাই লক্ষ্য তৃণমূলের।

বিজেপির দাবি, ভুয়ো ভোটারদের নাম ভোটার লিস্টে তোলে তৃণমূলই। এভাবেই বাংলাদেশী অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের ভোট ব্যাঙ্কে পরিণত করেছে তারা। বৃহস্পতিবার বিজেপির প্রকাশ করা তথ্য অনুসারে গত ৬ বছরে রাজ্যের ১৩৬টি বিধানসভা কেন্দ্রে স্বাভাবিকের থেকে ভোটার বৃদ্ধির হার বেশি। আর এর মধ্যে ৮২টি কেন্দ্র মুসলিম অধ্যুষিত।

সূত্র : হিন্দুস্তান টাইমস

টরন্টোতে পানশালায় গুলিবর্ষণ, আহত ১২

শুক্রবার দিনের শেষে কানাডার টরন্টোর একটি পানশালায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে গুলিবর্ষণের কারণ জানা যায়নি। সন্দেহভাজন ব্যক্তি এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্ট্রিয়েল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

কানাডার বৃহত্তম শহর টরন্টোর পূর্বাঞ্চলে গুলিবর্ষণের পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, পানশালায় গুলিবর্ষণে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি এখনো ধরা ছোঁয়ার বাইরে।

পুলিশ আরো জানায়, আহতদের সংখ্যা ১২ জন। চারজনের জীবন শঙ্কামুক্ত। আহত অন্যদের অবস্থা জানা যায়নি। সন্দেহভাজন ব্যক্তি কালো মুখোশ পরিহিত ছিল এবং রূপালি রংয়ের গাড়িতে করে পালিয়ে যায়।

টরন্টোর মেয়র অলিভিয়া চাও এক্সে বলেছেন, গুলিবর্ষণের খবর শুনে তিনি ‘গভীরভাবে মর্মাহত’।

পুলিশ প্রধান তাকে আশ্বস্ত করেছেন, ‘অপরাধীকে গ্রেফতারে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।’

সূত্র : এএফপি/বাসস

শেখ হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে তলব

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে তলব করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।

শনিবার (৮ মার্চ) এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। আগামী সাত দিনের মধ্যে কমিশনের ধানমন্ডি কার্যালয়ে হাজির হয়ে বা অনলাইনে সাক্ষ্য দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দফতরে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ অপরিহার্য হয়ে পড়েছে। তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারেক আহমেদ সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা-১৩ আসনের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক, জামালপুর-৩ আসনের সাবেক এমপি মির্জা আজম, ঢাকা-৮ আসনের সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ৪৪ রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মুহাম্মদ শামসুল আলম।

এছাড়া ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মোল্লা ফজলে আকবর, সাবেক সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) মঈন ইউ আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) আজিজ আহমেদ, র‍্যাবের সাবেক মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল কাহার আকন্দ, পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম।

এই ব্যক্তিরা দু’ পদ্ধতির যেকোনো একটির মাধ্যমে সাক্ষ্য দিতে পারেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে সাক্ষ্য প্রদান। কমিশনের কার্যালয়ে হাজির হয়ে সাক্ষ্য প্রদানে আগ্রহী ব্যক্তিরা +৮৮০১৭১৪০২৬৮০৮ মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করে অথবা commission@bdr-commission.org এই ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে সাক্ষাতের সময়সূচি নির্ধারণ করে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে সাক্ষ্য দিতে পারবেন। কার্যালয়ের ঠিকানা- বিআরআইসিএম, নতুন ভবন, সপ্তম তলা, (সায়েন্স ল্যাবরেটরি), ড. কুদরাত-এ-খুদা রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫।

কমিশনের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অনলাইনেও সাক্ষ্য দেয়া যাবে। ওই মুঠোফোন নম্বরে অথবা ওই ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করে সাক্ষাতের সময়সূচি নির্ধারণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দেয়া যাবে।

সময়ের সীমাবদ্ধতার কারণে কমিশন ওই ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ কার্যক্রম ৩১ মার্চের মধ্যে সম্পন্ন করতে চায়। এ কারণে বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে সাক্ষীদের তাদের প্রস্তাবিত সময়সূচি ফোনকল অথবা ই-মেইল অথবা পত্রের মাধ্যমে কমিশনের ঠিকানায় লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সাক্ষীদের অসহযোগিতার ক্ষেত্রে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কেউ হুমকি দিলে বিএনপি কি চুপ থাকবে, টুকু

ছাত্রদের নতুন দল যদি হুমকি-ধামকি দেয় তাহলে বিএনপি চুপ করে বসে থাকবে কিনা- এমন প্রশ্ন রেখেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।

জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দল করে যদি হুমকি দাও, যে এটা না হলে ওটা হবে না, ওটা না হলে, এটা হবে না। তাহলে আমরা যে এতদিন দল করে, এতবড় একটা দল তৈরি করছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকব?’

‘প্রত্যেকটা জিনিসের একটা ম্যাচুরিটি লাগে’ এমন মন্তব্য করে টুকু বলেন, ‘উনারা (ছাত্ররা) নতুন রাজনৈতিক দল করেছেন, আমরা জিয়াউর রহমানের দল করি। শহীদ জিয়া সবসময় বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করেছেন। একজন জেনারেল কিন্তু ক্ষমতায় গিয়ে সব চাইতে গণতান্ত্রিক চেহারা দেখিয়েছিলেন। আওয়ামী লীগের মতো দলকেও উন্মুক্ত করে দিয়েছিলেন।’

তিনি আরো বলেন, ‘তারেক রহমান দেশে আসবে, নির্বাচনও হতে হবে। জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে এ আন্দোলনকে বিস্ফোরণ ঘটিয়েছি।’

ভারতের অঙ্গরাজ্য আসামের ছাত্রদের ইতিহাস ও প্রসঙ্গ তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আসামে ছাত্রদের দ্বারা গঠিত সরকার বেশিদিন টিকতে পারেনি। ভারতের আসামে একবার কংগ্রেস ক্ষমতায় ছিল। তখন আসামের ছাত্ররা আন্দোলন করে সেখানকার সরকারের পতন ঘটিয়েছিল। পরে আসাম অধিকার পরিষদ নামে একটি ছাত্র পরিষদ করেছিল। তারা নির্বাচন করে নিরঙ্কুশ জয় লাভ করেছিল। ক্ষমতায় গিয়েছিল কিন্তু তারা সরকার বেশিদিন চালাতে পারেনি। নয় মাস কি এক বছর হয়েছিল সেই সরকারের বয়স। পরে পতন হয়েছিল।’

তিনি বলেন, ‘আজকে আমি খুব আতঙ্কিত হই। যে এদেশে মানুষ আমরা, আমাদের যে মাটি সংস্কৃতি আছে, সেটার মধ্য দিয়ে বড় হয়েছি আমরা। জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, পহেলা বৈশাখের মধ্যরাতে উনি রমনা বটমূলে গেছেন, উদযাপন করেছেন। কেননা, এটা আমাদের মাটি থেকেও উঠে এসেছে।’

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘আমাদের দেশে যেমন রীতি আছে। সেসব পালন করা তার সাথে ধর্মের কোনো দ্বন্দ্ব নেই। প্রত্যেকটি দেশের নাগরিক তাদের নিজস্ব সংস্কৃতি আছে। এ জিনিসগুলোকে বন্ধ করার যে অপচেষ্টা চলছে। এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা, ঘোলা পানি তৈরি করা।’

‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম, জিয়া শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ‘আমারা বিএনপি পরিবার’র উপদেষ্টা মো: আবুল কাশেম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চায় মেঘালয়

ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের সাথে দেশটির বাকি অংশের যোগাযোগ বৃদ্ধির জন্য বাংলাদেশের ভেতর দিয়ে করিডোরে আগ্রহী মেঘালয় সরকার।

শুক্রবার (৭ মার্চ) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেঘালয় সরকার বাংলাদেশের মধ্য দিয়ে রাজ্য ও উত্তর-পূর্বাঞ্চলের সাথে দেশের বাকি অংশের যোগাযোগ বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর তা হিলি-মহেন্দ্রগঞ্জ ট্রান্সন্যাশনাল ইকোনমিক করিডোরের মাধ্যমে সম্ভব হবে।

হিলি পশ্চিমবঙ্গের সীমান্ত শহর আর মহেন্দ্রগঞ্জ মেঘালয়ের সীমান্ত শহর। উভয় অঞ্চলেরই বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে। তাই প্রস্তাবিত এই করিডোরটি মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বন্দরশহর হিলিকে সংযুক্ত করতে পারবে।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, ১০০ কিলোমিটার দীর্ঘ এই করিডোরটি কলকাতা থেকে তুরা, বাগমারা, ডালু এবং ডাউকির মতো উন্নয়নকেন্দ্রগুলোর সাথে যোগাযোগের সময় এবং খরচ ২৫-৬০ শতাংশ কমিয়ে আনতে পারবে।

সূত্র : এনডিটিভি

নতুন টি-টোয়েন্টি অধিনায়কের খুঁজে বিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে অধিনায়ক রাখা হবে কি না, তা সময়ই বলবে। তবে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তন অনেকটাই নিশ্চিত। ইতোমধ্যে তার বিকল্প হিসেবে লিটন দাসের নাম ভেসে বেড়াচ্ছে ক্রিকেট পাড়ায়।

নাজমুল হোসেন শান্তর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার খবরটা অবশ্য পুরনো। গত বছরেই এই নিয়ে কথা খবর আসে গণমাধ্যমে। বছরের শুরুতে বোর্ড প্রধান ফারুক আহমেদও নিশ্চিত করেছিলেন সেই খবর।

বলেছিলেন, টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছের কথা তাকে জানিয়েছেন শান্ত। তবে এরপর বিসিবির পক্ষ থেকে তখন চূড়ান্ত কিছু জানানো হয়নি। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা না থাকায় বিসিবিরও তাড়া ছিল না।

তবে এখন সিদ্ধান্ত নেয়ার সময় এগিয়ে এসেছে। তাই অবধারিতভাবেই নতুন অধিনায়ক খুঁজতে হবে বিসিবিকে। ফলে ক্রিকেট পাড়ায় প্রশ্ন, তবে কে হবেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক?

এমনই এক প্রশ্নের জবাবে শনিবার (৮ মার্চ) মিরপুরে তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফারুক আহমেদ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে। টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, আর যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব।’

সাম্প্রতিক সময়ে নাজমুল হোসেন শান্ত বাদে টি–টোয়েন্টিতে অধিনায়কত্ব করা একমাত্র ক্রিকেটার লিটন দাস। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে লিটনই এগিয়ে সবার থেকে।

সাকিব আল হাসান নেই, তামিম ইকবালও নিজেকে সরিয়ে নিয়েছেন আগেই। সদ্যই অবসর নিলেন মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদও শেষের পথে। ফলে বিসিবি সভাপতির কাছে প্রশ্ন ছিল দলকে নতুন করে সাজানো নিয়ে।

উত্তরে ফারুক আহমেদ বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপে বিশ্বাস করি না। বোর্ড থেকে একটা পলিসি দেয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সাথে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কিভাবে এগিয়ে নেয়া যায়।’

চীন-পাকিস্তানের যোগসাজশ দিল্লির জন্য যুদ্ধের আশঙ্কা : ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তান এবং চীনের মধ্যে উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। এই দুই দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে। ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

চীন এবং পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা প্রসঙ্গে উপেন্দ্র বলেন, আমাদের স্বীকার করতেই হবে যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় শতভাগ। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসে। ফলে দু’দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কার বিষয়টি বাস্তব।

জম্মু ও কাশ্মীরের সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটছে বলে দাবি করেন সেনাপ্রধান। তার আশঙ্কা, এর ফলে আগামী দিনে উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ আরো বৃদ্ধি পেতে পারে। তবে কাশ্মীরে উগ্রবাদী হামলার ঘটনা আগের চেয়ে অনেক কমেছে বলে মনে করেন তিনি।

তবে পাকিস্তান থেকে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেনাপধান বলেন, গত বছরে কাশ্মীরে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তাদের ৬০ শতাংশই পাকিস্তানের নাগরিক। ফলে প্রতিবেশী দেশ থেকে অনবরত বহিরাগত হুমকির সম্মুখীন হচ্ছে ভারত।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

মাগুরার ধর্ষণের শিকার সেই শিশুকে নেয়া হলো সিএমএইচে

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলম শনিবার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ধর্ষণের শিকার শিশুটিকে আজ দুপুরে ঢামেক হাসপাতালে দেখতে যান সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। উপদেষ্টার নির্দেশ ও শিশুটির চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সুপারিশে শিশুটিকে সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টার পর শিশুটিকে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে সিএমএইচে নেয়া হয়। এ সময় শিশুটির সাথে একদল চিকিৎসক ছিলেন।

এর আগে আজ দুপুরে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান জানিয়েছিলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাসপ্রশ্বাস চলছে। পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে। তার গলার আঘাত গুরুতর। শিশুটির চিকিৎসায় গাইনি ও অ্যানেসথেসিওলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার আট বছরের ওই শিশুর এখনো অচেতন। তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা বলেছেন, তারা আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন। অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আনা হয়। সেখান থেকে দুপুরেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে পাঠানো হয় ঢামেক হাসপাতালে।