জন্মভূমি প্রতিবেদকঃ পবিত্র কোরান তেলায়াত এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্টানের সুচনা হয়। অনুষ্টানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফেরদৌস আলম ভুঁইয়া, এম এন জিন্নাহ ও আহসানুল হক শিমুল ।
অনুষ্টানের সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি জনাব আবুল বাশার মিলন।নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টা আবু তালেব চৌধুরী চান্দু এবং আজহারুল ইসহাক খোকা সভাপতি, ফেরদৌস আলম ভুঁইয়া সাধারণ সম্পাদক, মনিরুল ইসলাম সিঃ ভাইস চেয়ারম্যান সহ ১৫ সদস্যের কমিটি ঘোষণা করেন।
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আজহারুল ইসহাক খোকা। প্রধান অথিতির আসন অলংকৃত করেন কমিউনিটির পরিচিত মুখ এবং বিশিষ্ট সমাজ সেবক সাপ্তাহিক নবযুগ সম্পাদক জনাব সাহাব উদ্দিন সাগর। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি একটিভিস্ট বিশিষ্ট ব্যবসায়ী জনাব মফিজুর রহমান দুলাল,নরসিংদী জেলা সমিতির সভাপতি শামীম গফুর, বিশিষ্ট সমাজসেবক হাজী আবদুর রহমান, কুমিল্লা সোসাইটির প্রধান উপদেষ্টা আবুল খায়ের আখন্দ,বাংলাদেশ সোসাইটির ট্রেজারার জনাব মফিজুল ইসলাম রুমী, কুমিল্লা সোসাইটির সভাপতি জাকির হোসেন, বিক্রমপুর সমিতির সাধারণ সম্পাদক মাসুম বেপারী,নরসিংদী কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি ফিরোজ আহমেদ, রায়পুরা সমিতির সভাপতি ইকবাল এ ভূঁইয়া, কমিউনিটি একটিভিস্ট জনাব টি মোল্লা, নরসিংদী জেলা সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা। মঞ্চে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমিতির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,সাউথ এশিয়ান রিয়েলটর অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ বেলাল হোসেন, যশোর সোসাইটির সাবেক সভাপতি শাউন বাবলা,সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, গাজীপুর জেলা সমিতির সভাপতি মোমেন সরকার, গোপালগঞ্জ সমিতির সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি শহিদুল ইসলাম সহিদ, আমিনুল খান, ফারুক রফিকী, শহীদ উদ্দিন, এম আর সেলিম,সাইফুর রহমান সাইফুল, মুরাদ, শফিক, তাহমিনা নুপুর,ওয়ারেশ আলী, বিপ্লব, সেন্টু, মামুন, আনোয়ার হোসেন,সুমনা হক, শারমিন আহমেদ সহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে এস্টেরিয়া ফ্রেন্ডস সোসাইটির বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রসংসা করেন এবং নতুন কার্যকরী কমিটির সফলতা কামনা করেন।
গেস্ট অব অনার ইঞ্জিঃ আব্দুল খালেক এস্টোরিয়া বাসীর সার্বাঙিন মঙ্গলকামনা করেন এবং তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে দির্ঘদিন সাংগঠনিক বিশেষ অবদানের জন্য নেতৃবৃন্দের মাঝে লাইফ মেম্বারের সার্টিফিকেট প্রদান করা হয়। বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পি বিন্দুকনা, সজীব ও বুলা আফরোজ মনেজ্ঞ্য সংগীত পরিবেশন করেন। এর আগে সবাইকে হেলো বাংলাদেশের মুখরোচক এপিটাইজার ও ডিনারে স্পেশাল কাচ্চি বিরিয়ানি পরিবেশন করা হয়। নব নির্বাচিত সভাপতি আজহারুল ইসহাক খোকা তার বক্তব্যে তাদের নির্বাচিত করায় এস্টোরিয়া বাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিস্যতে সমিতিকে আরো গতিশীল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। সাধারণ সম্পাদক ফেরদৌস আলম ভুঁইয়া তাকে পুনরায় নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ জানান। বিদায়ী সভাপতি আবুল বাশার মিলন তার বক্তব্যে এই সুন্দর অনুষ্টানের জন্য আয়োজক কমিটি, কার্যকরী কমিটি এবং অতিথি বৃন্দ ও উপস্থিত এস্টোরিয়া বাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে অভিষেক অনুষ্টানের সফল সমাপ্তি।
এস্টেরিয়া ফ্রেন্ডস সোসাইটির নব নির্বাচিত কমিটির অভিষেক
চিন্ময় প্রভু’র মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
শিতাংশু গুহ, নিউইয়র্ক।। ‘চেঞ্জ ডট অর্গ’-এ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস (প্রভু)’র মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি আবেদন সামাজিক মাধ্যমে গুরুত্বসহ প্রচারিত হচ্ছে। ১লা নভেম্বর ২০২৬ শুরু হওয়া এ আবেদন ৬নভেম্বর পর্যন্ত ৬১৩জন স্বাক্ষর করেছেন এবং ৬০৭টি শেয়ার হয়েছে। এটি শুরু করেন আন্তর্জাতিক মানবাধিকার নেতা শিতাংশু গুহ। এতে প্রধানমন্ত্রীর কাছে দেওয়ালীর আগে শ্রীচিন্ময় প্রভু’র মুক্তি দেয়ার আবেদন জানানো হয়েছে। এতে বলা হয়েছে যে, পূর্ববর্তী সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করেছে, তিনি খুনি নন, তবুও তিনি একটি হত্যা মামলার মূল অভিযুক্ত হয়ে কারাগারে রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তাঁকে মুক্তি দিন।
এতে বলা হয়, প্রথমত, তাকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, কারণ তার একজন অনুসারী বাংলাদেশের পতাকায় ইসকনের পতাকা রেখেছিলেন। যখন বোঝা যায় যে তাকে এই মামলায় ফাঁসানো যাবে না, তখন তাকে অ্যাডভোকেট আলিফ হত্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়। কিছুদিন আগে এই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং তাকে আদালতে হাজির করা হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন, “আমি প্রভু (ধর্মাবতার), আমি মাছ বা মাংস খাই না কারণ আমি পশু হত্যায় বিশ্বাস করি না, অথচ আমার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। বিচারক তাঁর দিকে তাকিয়ে বলেছেন, ‘প্রভু, আমি কেবল রাষ্ট্রের সেবা করি’।
পিটিশনে বলা হয় অ্যাডভোকেট আলিফের হত্যাকাণ্ড দুঃখজনক। তিনি ভাল মানুষ ছিলেন। চিন্ময় প্রভু ষড়যন্ত্রের শিকার, তাকে ফাঁদে ফেলার জন্য পরিকল্পিতভাবে রাষ্ট্রদ্রোহ মামলায় হাজিরার দিনই অ্যাডভোকেট আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়। চিন্ময় প্রভু তখন পুলিশ হেফাজতে একটি ভ্যানে ছিলেন। এ মামলায় আরো ক’জন হিন্দু যুবক অভিযুক্ত, তাঁরা কারাগারে। বিএনপির এক কর্মী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। পরে দল তাকে বহিষ্কার করে। ১২ ফেব্রুয়ারি ২০২৬ এর নির্বাচনে একই দলের প্রার্থী আবু সুফিয়ান বলেছেন যে, বিএনপি কর্মীকে একটি গোয়েন্দা সংস্থা মামলা করতে বাধ্য করেছিল।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে, যা ভাল লক্ষণ। তার দলের এক কর্মী চিন্ময় প্রভুর বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করে, যার জন্য প্রভু এখনও কারাগারে রয়েছেন। যদিও তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তবে তার বিরুদ্ধে মামলাগুলি রাজনৈতিক প্রতিহিংসা থেকে উদ্ভূত। কারণ তিনি হিন্দুদের অধিকারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জামায়াত-এনসিপি (ন্যাশনাল সিটিজেনস পার্টি) এবং ইসলামিক ধর্মান্ধ গোষ্ঠীগুলি ছাড়া দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ চিন্ময় প্রভুর মুক্তি চায়। আমরা আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমান ধৈর্য ধরে বিষয়টি বিবেচনা করবেন। আমরা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি চাই।
পিটিশনে উল্লেখ করা হয় যে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি জানেন যে ২০১২ সাল থেকে বাংলাদেশে ধর্ম অবমাননার নামে বারবার সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, রামু থেকে নাসিরনগর, কুমিল্লাসহ বহু জায়গায় ব্লাসফেমির অজুহাতে মানুষ হত্যা করা হয়, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, মহিলাদের মর্যাদা লুণ্ঠিত হয়। অথচ প্রায় প্রতিটি ক্ষেত্রে ধর্ম অবমাননার সত্যতা খুঁজে পাওয়া যায়নি। ১৮ই ডিসেম্বর ২০২৫ ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড আবারও প্রমাণ করেছে যে একটি গোষ্ঠী যে কোনও উপায়ে হিন্দুদের নির্মূল করতে বদ্ধপরিকর। এটি বন্ধ করা দরকার।
সিএসএ (সাইবার সিকিউরিটি অ্যাক্ট) আইনটি হিন্দুদের বিরুদ্ধে ‘ব্লাসফেমি’ আইনের বিকল্প হিসাবে ব্যবহৃত হচ্ছে, পিটিশনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আইনটি বাতিলের দাবি জানানো হয়। এতে পুন: চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি এবং ইসলাম ধর্মকে অপমান করার মিথ্যা অভিযোগে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানানো হয়। এতে বলা হয়, সমগ্র বিশ্ব জানে যে, বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, এটি দেশের জন্য লজ্জাজনক; মাননীয় প্রধানমন্ত্রী আপনি এ থেকে জাতিকে মুক্ত করতে পারেন। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র ‘সাম্প্রদায়িক’ হয়ে গেছে, এটিকে অসাম্প্রদায়িক করতে হবে। ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দেশে সাম্প্রদায়িকতা উস্কে দিয়েছে।
পিটিশনে বলা হয় যে, বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই বলে একটি বক্তব্য বারবার আসছে যা সত্য নয়। রাষ্ট্র একটি ধর্মকে প্রাধান্য দেয় এবং অন্য ধর্মকে সম্মান করে না। রাষ্ট্রের ধর্ম থাকলে ধর্মীয় ‘সংখ্যালঘু’ থাকবে। অতীতে সব সরকার জেনেশুনে মিথ্যাচার করে যে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার উদাহরণ। যদি তাই হয়, তাহলে ২০২৬ সালে নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে মাত্র ৪জন হিন্দু নির্বাচিত হবে কেন? ঐ নির্বাচনে বিএনপি ৬জন, জামায়াত ও এনসিপি ১জন করে সংখ্যালঘু মনোনয়ন দিয়েছিলো। এত আরো বলা হয়, বর্তমান সরকার ধর্মীয় সংখ্যালঘুদের জন্য কার্যকরভাবে কিছু করুক। সম্প্রীতি নিয়ে ভাষণের দরকার নেই। রাষ্ট্রযন্ত্র নিরপেক্ষ হলে এই ধরনের মিথ্যাচারের দরকার পড়েনা।
রাষ্ট্রকে সকল নাগরিকের জন্যে সমানভাবে কাজ করতে হয়, কোন নির্দিষ্ট ধর্ম বা ধর্মীয় গোষ্ঠীর জন্য নয়। আবেদনে বলা হয়, সোমবার ৩রা ডিসেম্বর ২০২৪ তারিখে, চিন্ময় কৃষ্ণ দাসের কোনও আইনজীবী চট্টগ্রাম আদালতে তাঁর পক্ষে হাজির হতে পারেননি। এজন্যে আদালত বাধ্য হয় শুনানির তারিখ ০২রা জানুয়ারী ২০২৫ পর্যন্ত পেছাতে। চিন্ময় প্রভুর পক্ষে হাজির হওয়ার কথা ছিলো অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ-র তাঁকে আদালত চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরও আগে চিন্ময় প্রভু’র জামিন শুনানি শেষে তাঁর আইনজীবী রমেন রায়কে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে গুরুতর আহত করা হয়, তিনি এখনো শয্যাশায়ী। পিটিশনে বলা হয়, এতসব ঘটনার পর মাননীয় প্রধানমন্ত্রী আপনি চিন্ময় প্রভুকে মুক্তি দিন।
শিতাংশু গুহঃ লেখক, সাংবাদিক ও কলামিস্ট নিউইয়র্ক
শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র আ.লীগের নেতারা ভারতে যাছেন
জন্মভূমি প্রতিবেদকঃ ২০২৪ সালের জুলাই-আগষ্ট বিপ্লবে দেশত্যাগ করে ভারতে আশ্রয়ণকারী সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভপতি শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সর্বত্রই নানা জল্পনা-কল্পনা চলছে। এক সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই চলতি বছরের ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণায় দেশ-বিদেশে হয়েছে নানা কথা। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারও নড়েচড়ে বসেছেন। সরকারের মন্ত্রী ছাড়াও খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও কথা বলছেন। উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কতিপয় নেতা ভারতের দিল্লী যাচ্ছেন। সেখানে দলীয় প্রধানের সাথে সাক্ষাতও করবেন যুক্তরাষ্ট্রের নেতারা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্তত এক ডজন নেতা চলতি সপ্তাহে ভারতের দিল্লী যাচ্ছেন। এছাড়াও নিউইয়র্ক ষ্টেট ও মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতাও রয়েছেন। ইতিপূর্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ শেখ হাসিনার দেশে ফেরার সময় ঢাকায় যাওয়ার ঘোষণা দিয়েছেন। সূত্র মতে, শুধু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নয়, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে দলীয় নেতৃবৃন্দ দিল্লী সমবেত হয়েছেন। সূত্র মতে, ড. সিদ্দিকুর রহমান গত মঙ্গলবার (১০ নভেম্বর) দিল্লরি উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেছেন। তার সাথে তার স্ত্রী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের এক নম্বর সদস্য শাহানা রহমান সহ কয়েকজন নেতা রয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ প্রেরীত এক প্রেস বিজ্ঞপিতে বলা হয়েছে- ‘মাননীয় ৫ বারের সফল প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আদেশ ক্রমে দেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতি ও দলীয় নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত পৈশাচিক হত্যাকাণ্ড ও নির্যাতন মোকাবিলা করার জন্য বাস্তবতার আলোকে কি কি কর্মসূচি প্রয়োজন তা নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ নভেম্বর ১৩, ২০২৬ দিল্লিতে যাছেন।
আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত
জন্মভূমি প্রতিবেদকঃ পূর্বাঞ্চলীয় আওয়ামী লীগের উদ্যোগে গত রবিবার, ৮ নভেম্বর ২০২৬, রাত সাড়ে ৭টায় নিউইয়র্ক-এর বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট -এর পার্টি হলে ১৯৭৫-সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজ উদ্দিন আহমেদ,ক্যাপ্টেন (অবঃ) এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে নৃশংস ভাবে হত্যার ঐতিহাসিক ৩ নভেম্বর জেল হত্যা দিবস এবং ৭ নভেম্বর ১৯৭৫ হত্যা করে কে ফোর্স প্রধান ও মুক্তিযুদ্ধের ২ নং সেক্টর কমান্ডার জেনারেল খালেদ মোশাররফ,কর্নেল নাজমুল হুদা,কর্নেল হায়দারসহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের হত্যা করে খুনি মোস্তাক-জিয়া, তাই ৭ নভেম্বর মুক্তিযুদ্ধা সৈনিক হত্যা দিবস।জেল হত্যা ও মুক্তিযুদ্ধা সৈনিক হত্যা দিবস পালন করা হয় ।পূর্বাঞ্চল আওয়ামী লীগের আহবায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, বাকসু” সাবেক জিএস ড.প্রদিপ রজ্ঞন করের সভাপতিত্বে ও সদস্য সচিব এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মাদ আলী সিদ্দিকীর সঞ্চালনায় ও পরিচালনা অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী,জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সাবেক রাষ্ট্রদূত এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক ড.একে আব্দুল মোমেন ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য,ঢাকা জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও অথর এবং কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা ড.মহসিন আলী,প্রবীন সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান, দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের নিযুক্ত সাবেক প্রেস মিনিস্টার বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদ,ওযাসিংটন বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ,অথর ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার ,বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারি,বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু ভূঁইয়া,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মাদ বখতিয়ার রহমান,শিক্ষক বিষয়ক সম্পাদক ও কলামিস্ট এমএ করিম জাহাঙ্গীর,বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সহ-সভাপতি প্রফেসর এমএ খালিখ,কক্ষপথ “৭১-এর সভাপতি এডভোকেট জাকির এইচ মিয়া,অধাাপক হুসনে আরা,আওয়ামী লীগ নেতা আকতার হোসেন,শেখ হাসিনা মন্ত্রের সভাপতি জালাল উদ্দিন জলিল,আওয়ামী লীগ নেএী রিনা আবেদীন,বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের উপদেষ্টা ও কবি সালেহা ইসলাম ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম বাদশা।স্বাগত বক্তব্যে রাখেন পূর্বাঞ্চল আওয়ামী লীগের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার,মিসেস জালাল উদ্দিন জলিল,যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও পূর্বাঞ্চলীয় আওয়ামী লীগ নেতা মনজুর চৌধুরী,সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ,সাবেক সিনিয়র সহসভাপতি সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ,নাজনিন সুলতানা ,নাজিমুল হক লস্কর,এসএম কয়সরুজজামান,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেডএ জয়,সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া,সাধারণ সম্পাদক হৃদয় মিয়া প্রমুখ সহ শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন। সভায় ৩ নভেম্বর ১৯৭৫ জেল হত্যা দিবস এবং ৭ নভেম্বর ১৯৭৫ মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ সভাপতি টি।মোল্লা। সভার প্রারম্ভে ১৯৭৫-এর ১৫ আগস্ট স্বপরিবার জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হক্যা,৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতা হত্যা,৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা, ১৯৫২-এর মহান ভাষা আন্দোলনে শহীদ,১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে নিহত,২০০৪-এর গ্রেনেড হামলায় নিহত ও ২৯২৬ -এর কথিত জুলাই-আগস্ট নিহতসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।
হাসিনার সমর্থক সন্দেহে বাংলাদেশে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি
হাসিনার সমর্থক সন্দেহে বাংলাদেশে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি
রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে উদ্বেগ প্রকাশ; ৪০৪ শিক্ষক তদন্তের আওতায়,
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বরখাস্ত ও একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞার তথ্য প্রকাশ
জন্মভূমি প্রতিবেদকঃ বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগের সঙ্গে কথিত রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে বহু শিক্ষক ও শিক্ষার্থীকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির মতে, রাজনৈতিক বিশ্বাস বা শান্তিপূর্ণ রাজনৈতিক সম্পৃক্ততার কারণে কাউকে শাস্তি দেওয়া এবং যথাযথ তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হতে পারে। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক মতপ্রকাশ ও ভিন্নমত দমনের যে সংস্কৃতি অতীতে বিভিন্ন সরকারের আমলে দেখা গেছে, সাম্প্রতিক ঘটনাগুলো সেই প্রবণতার পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করছে।
সংস্থাটির উপ-এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক বিতর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ ধরনের আলোচনা নিয়ে ভয় পাওয়ার কথা স্বৈরশাসকদের, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে গঠিত কোনো সরকারের নয়। অতীতের দমন-পীড়নের অধ্যায় পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার পরিবর্তে ক্ষমতাসীন ও বিরোধী দলের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে একই আচরণের পুনরাবৃত্তি করা উচিত নয়।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালের আন্দোলন দমনে সংঘটিত সহিংসতায় সহযোগিতার অভিযোগ, আওয়ামী লীগের সমর্থনে কথিত ‘ধ্বংসাত্মক’ কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং ইসলামী পোশাক পরা শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসব ব্যবস্থার মধ্যে রয়েছে চাকরিচ্যুতি, সাময়িক বরখাস্ত, পাঠদানের দায়িত্ব সীমিত করা এবং একাডেমিক কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া। পাশাপাশি আওয়ামী লীগের সদস্য ও সমর্থক হিসেবে চিহ্নিত শত শত শিক্ষার্থীকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাঁদের শিক্ষার অধিকার ক্ষুণ্ন করছে বলে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
এইচআরডব্লিউ জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত এক ডজনের বেশি শিক্ষকের সাক্ষাৎকার নিয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চিঠিপত্র, টেলিভিশনে প্রচারিত একটি আলোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও পর্যালোচনা করেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের সাক্ষাৎকারে বহিষ্কার, পরীক্ষার সনদ আটকে রাখা এবং ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাও উঠে এসেছে। সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের আগস্টে প্রকাশিত সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একটি টেলিগ্রাম গ্রুপের সদস্য হওয়ার অভিযোগে ২২টি বিশ্ববিদ্যালয়ের অন্তত আরও ৪০৪ জন শিক্ষককে তদন্তের আওতায় আনা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আওয়ামী লীগপন্থী এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনকে সমর্থন না করা শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ব্যবস্থা নিচ্ছে। তাঁদের ক্লাস নিতে দেওয়া হচ্ছে না, গবেষণার কাজ করতে দেওয়া হচ্ছে না, এমনকি স্বাভাবিক একাডেমিক কার্যক্রমও পরিচালনা করতে দেওয়া হচ্ছে না।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ২০টির বেশি সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নতুন প্রশাসন ৪৪ জন শিক্ষককে তাঁদের দায়িত্ব পালন বন্ধ রাখার নির্দেশ দেয়। আরও ২৫ জন শিক্ষকের পাঠদানের দায়িত্ব সীমিত করা হয়। হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব প্রাথমিক ব্যবস্থা নেওয়ার সময় স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য কোনো শৃঙ্খলাজনিত তদন্ত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
পরবর্তী সময়ে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ছয়জন শিক্ষককে আনুষ্ঠানিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়।
আরও ১৪ জন শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের তদন্ত শুরু হয়েছে। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২ জন শিক্ষককে চাকরিচ্যুত, সাময়িক বরখাস্ত অথবা তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরও ৩৪ জন শিক্ষকের পদাবনতি ঘটানো হয়েছে কিংবা তাঁদের একাডেমিক কার্যক্রম সীমিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিশন গঠন করলেও সেটি বিশ্ববিদ্যালয়ের আইনসম্মত শৃঙ্খলাবিধি অনুসরণ করেছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ।
অন্যদিকে, ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১২ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং আরও ১০ জনকে একাডেমিক কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকদের অভিযোগ, তদন্ত প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এ ছাড়া আরও ৮৫ জন শিক্ষক পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন।
শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। ২০২৫ সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১২৬ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে এবং তাঁদের পরীক্ষার সনদ আটকে দেয়। কমিটির দাবি ছিল, ছবি, ভিডিও এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য থেকে এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর হামলার প্রমাণ পাওয়া গেছে।
এ ছাড়া পুলিশের কাছে দায়ের করা মামলায় আওয়ামী লীগপন্থী আরও ২৭৭ জন শিক্ষার্থীর সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো ব্যবস্থা না নিলেও গ্রেপ্তারের আশঙ্কায় তাঁরা ক্যাম্পাসে আসা বন্ধ রেখেছেন বলে শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন। অভিযুক্ত অনেক শিক্ষার্থী তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু অভিযোগের জবাব দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের কোনো কার্যকর আনুষ্ঠানিক সুযোগ দেয়নি বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।শাস্তিমূলক ব্যবস্থার শিকার শিক্ষকদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমান। ২০১৭ সাল থেকে তিনি অন্য একটি বিশ্ববিদ্যালয়ে প্রেষণে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর তাঁকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে একটি টেলিভিশন আলোচনায় তিনি ছাত্র আন্দোলনকে অবৈধ, ভিত্তিহীন ও অযৌক্তিক বলে সরাসরি বিরোধিতা করেছিলেন। তবে হিউম্যান রাইটস ওয়াচ ওই অনুষ্ঠানের ভিডিও পর্যালোচনা করে এমন বক্তব্যের কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছে।
টেকনাফ-উখিয়া সীমান্তে ৩০ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ২
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুজনকে আটক করা হয়েছে। এর মধ্যে টেকনাফের হ্নীলা সীমান্তে ইয়াবার চালান নিয়ে আসা মাদক কারবারিদের সঙ্গে বিজিবির গুলিবিনিময় হয়েছে। একপর্যায়ে ইয়াবাভর্তি বস্তা ফেলে নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যায় কারবারিরা।
বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে টেকনাফ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। এ সময় ক্যাপ্টেন মাহরাফ জামান উপস্থিত ছিলেন
বিজিবি জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। নৌকা থেকে ৭-৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাশের কেওড়াবনের ভেতরে অবস্থান নেন। পরে বস্তাগুলো নিয়ে বেড়িবাঁধ পার হওয়ার অপেক্ষা করতে থাকেন তারা।
এ সময় বিজিবির আরেকটি টহল দল স্পিডবোট নিয়ে কেওড়াবনের দিকে এগিয়ে গেলে মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের একপর্যায়ে ইয়াবাভর্তি বস্তাগুলো পানিতে ভাসমান অবস্থায় ফেলে নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যান কারবারিরা। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
বিজিবি আরও জানায়, একই রাতে সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আজুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এর আগে রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. হোসাইন (২০) নামে আরেক যুবককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সব মিলিয়ে তিনটি অভিযানে ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং দুজনকে আটক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত ১ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার পিস ইয়াবা জব্দের পাশাপাশি ২৪৯ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে সক্রিয় মাদক কারবারিদের অবস্থান ও তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। মাদক চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
দুধ কলা একসঙ্গে খাওয়া কি ঠিক?
দুধের সঙ্গে কলা মিশিয়ে খাওয়া অনেকেরই পছন্দের। কেউ সকালে, কেউ বা বিকালের নাশতায় এই খাবার খান। কেউ আবার কলা দিয়ে মিল্কশেক তৈরি করে খেতে ভালোবাসেন। কিন্তু প্রশ্ন হলো, দুধের সঙ্গে কলা একসঙ্গে খাওয়া কি সত্যিই স্বাস্থ্যের জন্য উপকারী? এ নিয়ে বিভিন্ন তথ্য জানানো হয়েছে ‘টিভিনেইনে’র এক প্রতিবেদনে।
দুধের সঙ্গে কলা খাওয়ার উপকারিতা
১. দুধ ও কলা একসঙ্গে খেলে শরীর কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট পায়। ফলে এটি একটি শক্তিদায়ক খাবার হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে ব্যায়ামের পর এটি খাওয়া ভালো।
২. যারা স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে চাইছেন, তারা খাদ্যতালিকায় এই খাবার রাখতে পারেন। কারণ দুটিতে একসঙ্গে পর্যাপ্ত ক্যালরি ও পুষ্টি পাওয়া যায়। তবে ওজন বাড়ার জন্য সারাদিনের মোট ক্যালরি গ্রহণ খরচের তুলনায় বেশি হতে হবে।
৩. দুধের প্রোটিন পেশির বৃদ্ধি ও পুনর্গঠনে সহায়তা করে। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি দুধ ও কলা খেলে প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যেতে পারে।
৪. দুধে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৫. দুধের প্রোটিন এবং কলার ফাইবার পেট কিছুটা বেশি সময় ভরা রাখতে পারে। এ কারণে মাঝেমধ্যে স্বাস্থ্যকর নাশতা হিসেবে এটি খাওয়া যেতে পারে।
দুধের সঙ্গে কলা খেলে কি কোনও ক্ষতি হয়?
অনেকের ধারণা, দুধ ও কলা একসঙ্গে খেলে শরীরে বিষক্রিয়া হয় বা হজমের সমস্যা তৈরি হয়। কিন্তু এরকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তবে কারও কারও শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, তাদের দুধ খেলে গ্যাস, পেট ফাঁপা বা ডায়রিয়া হতে পারে। আবার যারা হজমজনিত সমস্যায় ভুগছেন তারা বেশি পরিমাণে দুধ-কলা খেলে পেটে ভারী ভাব হতে পারে। এছাড়া দুধ, কলা, চিনি ও মধু দিয়ে বড় গ্লাস মিল্কশেক তৈরি করলে ক্যালরির পরিমাণ অনেক বেড়ে যেতে পারে। ডায়াবেটিস থাকলে কলা ও দুধের পরিমাণ সীমিত রাখা জরুরি। অতিরিক্ত চিনি মেশানো একেবারেই উচিত নয়।
দুধ ও কলা খাওয়ার সঠিক নিয়ম
একটি মাঝারি আকারের পাকা কলা এবং এক গ্লাস দুধ দিয়ে শুরু করতে পারেন। অতিরিক্ত চিনি বা মিষ্টি সিরাপ মেশানোর প্রয়োজন নেই। সকালের নাশতা হিসেবে অথবা ব্যায়ামের পরে এটি খেতে পারেন। যাদের দুধ খেলে পেটের সমস্যা হয়, তারা ল্যাকটোজমুক্ত দুধ ব্যবহার করতে পারেন। প্রতিদিনের খাদ্যতালিকায় অন্যান্য ফল, শাকসবজি, ডাল ও প্রোটিনের উৎসও রাখতে হবে।
রাতে দুধের সঙ্গে কলা খাওয়া কি ভালো?
অনেকেই মনে করেন, রাতে দুধের সঙ্গে কলা খাওয়া উচিত নয়। কিন্তু সুস্থ মানুষের ক্ষেত্রে রাতে এই দুটি খাবার একসঙ্গে খাওয়ার কোনো সাধারণ নিষেধাজ্ঞা নেই। তবে রাতে বেশি পরিমাণে খেলে কারও কারও পেট ভারী লাগতে পারে। তাই ঘুমানোর ঠিক আগে না খেয়ে কিছুটা আগে খাওয়া ভালো।
সেমিতে ব্যাটিং ধস, পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল যুবারা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারল না যুবারা। ব্যাটিংয়ে চরম বিপর্যয়ে পড়ে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ১৬৯ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় তুলে নেয় পাকিস্তান। তাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে।
বৃহস্পতিবার আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ব্যক্তিগতভাবে ওপেনার আব্দুল্লাহ আল মুহি ছাড়া আর কেউ বলার মতো কিছু করতে পারেননি। তার ব্যাটে এসেছে ৫০ রান। টপ অর্ডারের ব্যর্থতায় ১০০ রান হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যুবারা। দলটির সর্বোচ্চ রানের জুটি ছিল মাত্র ৪৩ রানের।
গত ম্যাচে সেঞ্চুরি করা আহসান আল মুমিন এদিন ফিরেছেন মাত্র ১ রান করে। অধিনায়ক ফরিদ হাসান ফয়সাল করেন ১৭ রান। শেষদিকে আল রাফির ২০ ও রাকিবুল হোসেনের ২৬ রানের ইনিংসে দেড়শ ছোঁয়ার আশা জাগলেও তা পূরণ হয়নি। ৩১.৪ ওভারে ১৩৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল রিজওয়ানউল্লাহ। তিনি একাই নেন পাঁচ উইকেট। মোহাম্মদ সায়েমের শিকার দুটি।
১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার হায়াম খান ও উসমান খান। উদ্বোধনী জুটিতেই জয়ের পথ সহজ করে ফেলেন তারা। দলীয় ১২৩ রানে রবিউল ইসলাম অনিকের বলে ফরিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হায়াম। ৬৯ রানের ইনিংসে আটটি চার ও একটি ছক্কা মারেন তিনি।
এরপর উসমান খানের সঙ্গে যোগ দেন আব্দুল কাদীর। বাকি কাজটুকু সারেন দুজন মিলে। উসমান ৬৪ এবং কাদীর ৮ রানে অপরাজিত থাকেন। ২১.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ৯ উইকেটের জয়ে নিশ্চিত হয় তাদের ফাইনাল, আর সেমিফাইনাল থেকেই শেষ হয় বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।
ইরানে হামলা নিয়ে বিরোধে জড়ালেন নেতানিয়াহু-আইজেনকোট
ইরানে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সংক্রান্ত নিরাপত্তা ব্রিফিং নিয়ে গাদি আইজেনকোটের সঙ্গে তাঁর বিরোধ সামনে এসেছে। দেশটিতে সরকার গঠনের জন্য সম্প্রতি আইজেনকোটকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
নির্বাচন পরবর্তী অন্তর্বর্তীকালীন সময়ে জরুরি পরিস্থিতি ছাড়া নিরাপত্তা বাহিনীকে ব্যবহার না করার বিষয়ে সম্প্রতি নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন আইজেনকোট। এর মধ্যেই খবর প্রকাশ হয়, নিরাপত্তা প্রধানদের আপত্তি উপেক্ষা করে ইরানে সামরিক অভিযান চালাতে চাইছেন নেতানিয়াহু। এর পরিপ্রেক্ষিতে বুধবার প্রধানমন্ত্রীর কাছে থেকে নিরাপত্তা ব্রিফিং পাওয়ার আবেদন করেন আইজেনকোট।
ব্রিফিং পাওয়ার ব্যবস্থা করতে আইজেনকোট অ্যাটর্নি জেনারেলের হস্তক্ষেপও চেয়েছেন। তাঁর যুক্তি, প্রেসিডেন্ট তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। দেশে বর্তমানে কোনো বিরোধীদলীয় নেতাও নেই। সুতরাং তাঁকে এখন নিয়মিত ব্রিফিং ও গোয়েন্দা মূল্যায়নের তথ্য দেওয়া উচিত।
আইজেনকোটের অভিযোগ, ব্রিফিংয়ের সময়সূচি নির্ধারণে তাঁর দল প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। এরপর তিনি অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেকোনো সামরিক পদক্ষেপের আগে যথাযথভাবে অনুমোদনের ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য এটি অপরিহার্য।
আইজেনকোটের চিঠির জবাবে নেতানিয়াহু বলেছেন, ‘ইয়াশার পার্টির প্রধান জাতীয় নিরাপত্তাকে রাজনীতিকরণের চেষ্টা করছেন। এ ধরনের বিষয় প্রকাশ্যে আলোচনা করা উচিত নয়।’ প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, ভীতি ও বিভেদ না ছড়িয়ে সবারই দায়িত্বশীল আচরণ করা উচিত।
নেতানিয়াহুর দপ্তর আরও বলেছে, নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনার জন্য আইজেনকোটের চিঠিটি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। এটি জাতীয় নিরাপত্তা ইস্যুতে রাজনীতি টেনে আনার একটি অপচেষ্টা।
প্রধানমন্ত্রীর দপ্তরের এসব বক্তব্যের জবাব দিয়েছেন আইজেনকোট। তিনি বলেন, প্রথা মেনে সরকারি চ্যানেলের মাধ্যমে অভিযানের তথ্য পাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন।
এদিকে নিরাপত্তা প্রধানদের আপত্তির বিষয়ে গত মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করে একটি ইসরায়েলি গণমাধ্যম। এতে বলা হয়, ইরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিতে চাইছেন, আবারও সেটির বিরোধিতা করেছেন আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির। একই ধরনের পদক্ষেপের বিষয়ে তিনি নির্বাচনের আগেও বিরোধিতা করেছিলেন।
উল্লেখ্য, রাজনীতিতে আসার আগে আইজেনকোট ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান ছিলেন।
জিরা-এলাচের বেড়েছে, কমছে শীতের সবজির দাম
নিত্যপণ্যের বাজারে কয়েকটি মসলা পণ্যের দর বেড়েছে। বিশেষ করে সপ্তাহ দুয়েকের ব্যবধানে জিরার কেজিতে ৪০ থেকে ৫০ টাকা এবং এলাচের কেজিতে ২০০ টাকার মতো দর বেড়েছে। শীতের সবজির সরবরাহ বাড়তে থাকায় সবজি ও ডিম-মুরগির বাজারে কিছুটা কমতির দিকে রয়েছে। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। তাদের ভাষ্য, বিশ্ববাজারে দর বৃদ্ধি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কয়েকটি মসলার দাম বেড়েছে।
গতকাল খুচরা পর্যায়ে মানভেদে জিরার কেজি বিক্রি হয়েছে ৫৪০ থেকে ৬০০ টাকায়। দুই সপ্তাহ আগে দর ছিল ৫০০ থেকে ৫৫০ টাকা। সেই হিসাবে কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। সবচেয় বেশি দর বেড়েছে এলাচের। ১৫ থেকে ২০ দিন আগে মানভেদে এলাচের কেজি বিক্রি হয়েছে ৪৩০০ থেকে ৫২০০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ৪৬০০ থেকে ৫৫০০ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে ৩০০ টাকা। মাস দেড়েকের ব্যবধানে লবঙ্গের কেজিতে ৫০ টাকার মতো বেড়েছে। প্রতি কেজিতে ক্রেতাকে খরচ করতে হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা। এছাড়া এক মাসের ব্যবধানে আদার দাম বেড়েছে কেজিতে ২০ টাকার মতো। বর্তমানে প্রতি কেজি দেশি আদা ১২০ থেকে ১৫০ এবং আমদানি করা আদা ১৬০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। পেঁয়াজের বাজারে তেমন পরিবর্তন নেই। মান ও বাজারভেদে প্রতি কেজি কেনা যাচ্ছে ৪০ থেকে ৬০ টাকা দরে।
কারওয়ান বাজারের আব্দুর রব স্টোরের স্বত্বাধিকারী মো. নাঈম সমকালকে বলেন, এলাচ আর জিরার দাম বেশি বেড়েছে। পাইকারি বাজারে বাড়ার কারণে খুচরায় বাড়ছে। তাঁর ভাষ্য, পাইকারি ব্যবসায়ীরা তাদের জানিয়েছেন বিশ্বাজারে মসলার দাম এবং ট্রাকের ভাড়া বেড়েছে। এ কারণে তাদের দাম বাড়াতে হচ্ছে। তবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, এক বছরের ব্যবধানে জিরা, এলাচ ও আদার দাম কমেছে যথাক্রমে ১১, ১ ও ৫ শতাংশ। অন্যদিকে লবঙ্গের দর বেড়েছে তিন শতাংশের বেশি। টিসিবির তথ্য বলছে, এক বছরে পেঁয়াজের দাম ৫৭ শতাংশ কমেছে।
বাজারে চালের দামও কিছুটা বাড়তি দেখা গেছে। প্রতি কেজি সরু চাল ৭০ থেকে ৮৫ টাকা এবং মাঝারি ধরনের চাল ৫৫ থেকে ৬৪ টাকা দরে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এই দুই জাতের চালের কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছে। তবে মোটা চালের দাম অপরিবর্তিত দেখা গেছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। ছোলার দাম কিছুটা বেশি। এক মাসের ব্যবধানে ১০ শতাংশের মতো দর বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা দরে।
বাজারে শীতের নানা পদের সবজি দেখা গেছে। সরবরাহ বাড়ার কারণে দাম কমতে শুরু করেছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি শিম ৫০ থেকে ৭০, পটোল, মুলা ও ঢ্যাঁড়শ ৪০ থেকে ৫০, উচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি করছেন ছোট ব্যবসায়ীরা। তবে বেগুনের দর বেশি দেখা গেছে, প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। এবার অনেকটা স্বাভাবিক ফুল ও বাঁধাকপির দাম। মাঝারি আকারের প্রতি ফুল ও বাঁধাকপি কেনা যাচ্ছে ২৫ থেকে ৩৫ টাকার মধ্যে। তুলনামূলক কম দাম দেখা গেছে কাঁচামরিচের। খুচরা বাজার থেকে প্রতি কেজি কেনা যাচ্ছে ৭০ থেকে ১২০ টাকা দরে। সবজির দর কমার কারণে ডিম-মুরগির বাজার স্থিতিশীল। ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩৫ টাকায়।
এছাড়া ব্রয়লার মুরগির কেজি গত সপ্তাহের মতো ১৭০ থেকে ১৮৫ এবং সোনালি জাতের মুরগি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। মাছের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।


