Home Blog Page 6

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি।

সোমবার ঢাকায় এ সাক্ষাতে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস সোফির এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সোমবার ঢাকায় পৌঁছানোর পর তিনি প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে এ সাক্ষাৎ করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানায়।

ডাচেস অব এডিনবার্গ সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন।

সফরকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারিত্ব সম্পর্ক ও সহযোগিতার বিস্তৃতি তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস সোফি।

এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি। সফরের অংশ হিসেবে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।

মজুরি বোর্ডের বৈঠক ৩২ হাজার টাকা প্রস্তাব শ্রমিক পক্ষের, সময় চেয়েছে মালিকপক্ষ

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় আজ সোমবার ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে শ্রমিক পক্ষ। অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছে এক সপ্তাহ।

বৈঠক শেষে ব্রিফিংয়ে নিম্নতম মজুরি মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, ‘মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

মালিকপক্ষের প্রতিনিধি এক সপ্তাহের সময় চেয়েছিলেন। এ বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন ব্রিফিংয়ে বলেন, ‘শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ থাকায় সব মালিকদের পক্ষ থেকে প্রস্তাব পাননি তারা। এ কারণে এক সপ্তাহের সময় চাওয়া হয়েছে।’

অন্যদিকে শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা প্রস্তাবের পক্ষে বিভিন্ন যুক্তি তথ্য তুলে ধরেন।

এর আগে সোমবার দুপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে বৈঠকটিতে বোর্ডের সকল সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক শুরুর আগে পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানায় শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। একই সঙ্গে মূল মজুরি (বেসিক) মোট মজুরির ৬০ শতাংশ, বাড়ি ভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে তারা। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট এ স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি বেতন কাঠামো, এশীয় অঞ্চলের ন্যূনতম মজুরি এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়।

শ্রমিক প্রতিনিধিরা বলেন, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। তারা ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ মূল মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।

তাদের মতে, মূল মজুরির অনুপাত কম হলে শ্রমিকদের ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়। বিশেষ করে দীর্ঘদিন চাকরি করার পর মূল মজুরির অনুপাত কম থাকায় শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

এছাড়া বাড়িভাড়া মোট মজুরির ৫০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানানো হয়।

শ্রমিক প্রতিনিধিরা জানান, ডাইং ও নিট খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে আজকের সভার পর আরও আটটি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করা হবে।

তারা বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি।

এদিকে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকার দাবিতে মজুরি বোর্ডের সামনে সড়কে বিক্ষোভ করছেন সংগঠনের সদস্যরা।

মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

আগে আগামী ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়। অধ্যাপক নাজমুল হোসেন বলেন, সব দিক বিবেচনায় ১৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কিনা, জানতে চাইলে অধ্যাপক নাজমুল হোসেন বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। অধিদপ্তর থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, আগামী দু-এক দিনের মধ্যে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এদিকে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যায় পরিবর্তন এসেছে। গত বছরের ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর আসন পুনর্বিন্যাস করে। এতে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন নির্ধারণ করা হয় পাঁচ হাজার ১০০টি। আগে এসব কলেজে আসন ছিল পাঁচ হাজার ৩৮০টি। অর্থাৎ সরকারি মেডিকেল কলেজে আসন কমেছে ২৮০টি। অন্যদিকে দেশের ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে আগে আসন ছিল ছয় হাজার ২৯৩টি। এর মধ্যে ১০টি কলেজে আসন কমানো হয়েছে, দুটি কলেজে বাড়ানো হয়েছে। বাকি কলেজগুলোর আসন অপরিবর্তিত রাখা হয়েছে। সব মিলিয়ে বেসরকারি মেডিকেল কলেজে আসন কমেছে ২৯২টি।

সরকারি ও বিরোধী দলের টানাপোড়েনে বসছে সংসদ

সংবিধান সংশোধন নাকি গণভোটে অনুমোদিত জুলাই সনদ অনুযায়ী সংস্কার হবে– সরকারি এবং বিরোধী দলের এই বিতর্কে, নানা ইস্যু নিয়ে দুই পক্ষের টানাপোড়েনের মধ্যে আজ সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সাত কার্যদিবস চলবে এই অধিবেশন।

প্রধানমন্ত্রীর জাপান সফরে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কী আলোচনা হয়েছে– এই প্রশ্ন তুলবে বিরোধীরা। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার কাজ কী কী শর্তে জাপানি অপারেটর পাচ্ছে– তা জানতে চেয়ে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করবে। গঙ্গার পানি বণ্টন চুক্তি, তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি নিয়েও সরকারের জবাব চাইবে। এ ছাড়া জুলাই সনদ, গ্যাসের দাম বৃদ্ধি, শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন ইস্যু সংসদে তোলার প্রস্তুতি নিয়েছে। বিরোধীদের বাদ দিয়ে শুধু সরকারি দলের সংসদ সদস্যের (এমপি) আসনে কেন বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে– এই প্রশ্নও তোলা হবে।

গতকাল রোববার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ নেতা তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অংশগ্রহণে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে বৈঠক বসবে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের দুই অধিবেশনে ৬০ দিনের বেশি বিরতি থাকবে না। তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল। আজ সোমবার এই সময়সীমা শেষ দিনে সাংবিধানিক বাধ্যবাধকতায় বসছে চতুর্থ অধিবেশন। প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ রাতে তুরস্কের উদ্দেশে যাত্রা করবেন, ফিরবেন ১৩ নভেম্বর।

কার্য উপদেষ্টা বৈঠকে জানানো হয়, চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ-২০২৬ বিল পাওয়া গেছে। সম্প্রতি জারি করা পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে বলে সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, আরও দুই-একটি বিল আসতে পারে। অধ্যাদেশ ও বিলগুলো সংসদ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। সাইবার সুরক্ষা (সংশোধন) আইন বিল উঠবে কিনা– তা স্পষ্ট করেননি চিফ হুইপ।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিল উত্থাপন করা হলে তারা বাধা দেবেন।

আওয়ামী লীগ আমলে কাজ না পাওয়া ঠিকাদারদের সুযোগ দিতে পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ-২০০৬) সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতের বঞ্চিতদের সুবিধা দিতে নয়, সরকারি দলের নেতাদের ঠিকাদারি দিতে আইন সংশোধন করা হচ্ছে।

তবে বিরোধীরা এবারের সংসদেও গণভোটের ফল অনুযায়ী জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি তুলবেন। সংসদের নির্বাচনে দিনে অনুষ্ঠিত গণভোটে ৬৮ দশমিক ৫ শতাংশ ভোটে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুমোদন করেন ভোটাররা।

এতে বলা হয়েছে, ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে সংসদের নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত সংবিধান সংস্কার পরিষদ ১৮০ কার্যদিবসে জুলাই সনদে বর্ণিত উপায়ে সংবিধান সংস্কার করবে। বিরোধীরা শপথ নিলেও নির্বাচনের পর বিএনপির সংসদ সদস্যরা শপথ নেননি জুলাই আদেশকে অবৈধ দলিল আখ্যা দিয়ে।

গণভোটে অনুমোদিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ের পদ্ধতি, উচ্চকক্ষ গঠন পদ্ধতিসহ কয়েক মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। দলটি জানিয়েছে, সংবিধান সংশোধনে এগুলো তারা মানবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে ১৭ সদস্যের সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠন করা হয় গত জুলাইয়ে। এতে বিরোধী দলের পাঁচজন সদস্য থাকার কথা ছিল। কিন্তু সংশোধন ধারনাকে গণভোটের বিরোধী আখ্যা দিয়ে বিরোধী দল কমিটি বর্জন করে সংস্কারের দাবিতে আন্দোলন করছে। লংমার্চের পর পাল্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

এবারের সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন দেওয়ার সম্ভাবনা না থাকলেও, বিরোধীরা সংস্কারের দাবি তুলবে বলে জানান  জামায়াতের হুইপ রফিকুল ইসলাম খান। তিনি বলেন, সরকার যে ধূর্ততা করছে, তা সফল হতে দেওয়া হবে না।

প্রধানমন্ত্রীর জাপান সফরের পর মাতারবাড়ী নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। জামায়াত ও এনসিপির অভিযোগ, মাতারবাড়ীর মধ্যে ভারতকে ‘কানেক্টিভিটি’ সুবিধা দেওয়া হবে। এই প্রশ্ন তোলা হবে বলে জানিয়েছেন জামায়াত হুইপ।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠক

চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টিসহ তিন৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। ৭১ বিধিতে আলোচনার জন্য ৯২টি নোটিশ এবং ১৩১ বিধি অনুযায়ী ২৮১টি সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ পাওয়া গেছে।

সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব করলে উপস্থিত সবাই তাতে সমর্থন করেন। সোমবার বিকেল সাড়ে ৩টার আগে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।

সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চাইলে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ থেকে সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। অধিবেশন চলাকালে বিদ্যুতের চাহিদা প্রায় ছয় মেগাওয়াট। ফলে চাহিদা মেটানোর পর বাকি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব। বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে গয়েশ্বর চন্দ্র রায়, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জামায়াতের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অংশ নেন।

‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ পালন জাসদের

ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এ উপলক্ষে গতকাল শনিবার আলোচনা সভা ও সিপাহি-জনতার অভ্যুত্থানের নেতা কর্নেল আবু তাহের বীরউত্তমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি।

বিকেলে রাজধানীর গুলিস্তানের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে কর্নেল তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাসদের সহসভাপতি মীর হোসাইন আকতারের সভাপতিত্বে ও জনসংযোগ সম্পাদক শরিফুল কবির স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা শফি উদ্দিন মোল্লা, শওকত রায়হান, নঈমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, সাইফুজ্জামান বাদশা, মনির হোসেন, সাজ্জাদ হোসেন, অ্যাডভোকেট আবু হানিফ, কাজী সাইমুল হক, শুভংকর দে বাপ্পা, সরদার খোরশেদ, পারভেজ আক্তার শিল্পী, গোলাম কিবরিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহি-জনতার অভ্যুত্থান ছিল রাষ্ট্রকাঠামো পরিবর্তনের লক্ষ্যে সাধারণ সিপাহিদের একটি সুশৃঙ্খল বিপ্লবী প্রচেষ্টা। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জাসদ নেতা কর্নেল তাহের ও বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃত্বে সিপাহি-জনতার এই অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। জাসদের বলিষ্ঠ ও ঐতিহাসিক ভূমিকার কারণে সেদিন ক্ষমতালোভী অফিসারদের ক্ষমতার জন্য উন্মত্ততা, বিশৃঙ্খলা ও রক্তারক্তি বন্ধ হয়েছিল। জিয়াউর রহমানসহ অসংখ্য অফিসার ও সৈনিকের জীবন রক্ষা পেয়েছিল।

বক্তারা বলেন, সিপাহি-জনতার সেই অভ্যুত্থানের সঙ্গে কারা বিশ্বাসঘাতকতা করে ঔপনিবেশিক আমলের রাষ্ট্রকাঠামো বহাল রেখেছিল এবং অভ্যুত্থানের মহানায়ক কর্নেল তাহেরকে অবৈধ ও বেআইনি সামরিক ট্রাইব্যুনালে মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে ফরমায়েশি রায় দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল, সেটা সবাই জানে। পরে জাসদ ও বিপ্লবী সৈনিক সংস্থার নেতাদের দীর্ঘমেয়াদি সাজা প্রদানও দেশের রাজনীতির ইতিহাসে বেইমানি ও বিশ্বাসঘাতকতার কালো অধ্যায়। সিপাহি-জনতার অভ্যুত্থান বিপ্লবী রাজনীতির অনুপ্রেরণা জোগাবে যুগ যুগ ধরে।

স্কুলছাত্রী হত্যার রহস্য কাটেনি, তিনজন গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৬ বছর বয়সী স্কুলছাত্রী হত্যার ঘটনায় বাবার মামলায় সন্দেহভাজন তিন কিশোর-তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। গতকাল শনিবার তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের মো. শুভ ওরফে শান্ত (২২) ও মো. রাশেদ হাওলাদার (১৯) ও একই উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়ার ১৭ বছর বয়সী এক কিশোর। গত বৃহস্পতিবার মেয়েটির লাশ উদ্ধারের রাতেই তার বাবা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে তাদের আটক করে। গতকাল শনিবার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

স্বজনের তথ্য মতে, টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য গত মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় দশম শ্রেণির ওই ছাত্রী। সেদিন বিকেলে বাড়ি না ফেরায় স্বজনরা বিদ্যালয়ে গেলে শিক্ষকেরা জানান, সে পরীক্ষায় অংশ নিতে যায়নি।  গত বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন মেয়েটির বাড়ির অদূরে একটি ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে জানায়। পুলিশ বিবস্ত্র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ কর্মকর্তাদের ধারণা, এই কিশোরীকে গলা টিপে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান এ বিষয়ে সমকালকে বলেন, কিশোরী হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তিনজনকে বৃহস্পতিবার রাতেই আটক করা হয়। দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা কোনো তথ্য দেননি। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা সবাই অস্বীকার করেছেন। তবে তিনজনের বিরুদ্ধে এলাকাবাসী শিক্ষাপ্রতিষ্ঠানগামী মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ করেছেন। তাদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা খুলনায় চাঁদার জন্য এক মাসে চার স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলা প্রকাশ্যে চায়নিজ কুড়াল হাতে এলেন পাঁচ যুবক, মুহূর্তে তছনছ ডায়াগনস্টিক সেন্টার

দুপুর পৌনে ১টা। খুলনা নগরীর ব্যস্ত পিটিআই মোড়। পাশের নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে তখন রোগীর ভিড়। অসংখ্য মানুষের সামনে চায়নিজ কুড়াল হাতে সেন্টারে প্রবেশ করলেন পাঁচ যুবক। কিছু বুঝে ওঠার আগেই তারা কাচের দরজা, জানালা, এসি, টিভিসহ সামনে যা পেয়েছেন তা কুপিয়ে ও ভেঙে তছনছ করেন। এরপর সবার সামনে দিয়ে বের হয়ে যান।

ঘটনাটি গতকাল শনিবারের। গত এক মাসে খুলনায় স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের চতুর্থ ঘটনা এটি। ব্যবসা প্রতিষ্ঠান মিলিয়ে পঞ্চম ঘটনা। আগের প্রতিটি ঘটনার মতো এবারও মালিকপক্ষ ‘বোবা’ হয়ে গেছে। পুলিশও কিছু বলতে পারছে না।

তবে তিন তলা ওই ভবনের অন্য প্রতিষ্ঠানের লোকজন জানায়, প্রতিটি ভাঙচুরের পেছনে শীর্ষ সন্ত্রাসী নূর আজিম ও তার ‘বাহিনীর’ সদস্যরা জড়িত। মূলত দাবি করা চাঁদা না পেয়ে এবং ভয় দেখাতে প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুর চালানো হয়। জড়িতরা গ্রেপ্তার না হওয়ায় সন্ত্রাসীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।

ঘটনাস্থল ঘুরে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুর ১২টা ৫০ মিনিটে পাঁচ যুবক খানজাহান আলী রোডে ভবনটির নিচতলায় নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে প্রবেশ করেন। তারা চায়নিজ কুড়াল দিয়ে দুটি এসি, একটি টিভি, সামনের দরজার কাচ, রিসিপশন কাউন্টারসহ যা পেয়েছেন সব ভেঙেছেন। এ সময় তাদেরই একজন ভিডিও ধারণ করছিলেন। তারা ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেন। এ সময় ভেতরে থাকা রোগীরা ভয়ে ছোটাছুটি করছিলেন। ভাঙচুর শেষে যুবকরা বের হয়ে যান।

ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক জাহিদ হোসেন বলেন, ‘বেশ কিছুদিন আগে টুটপাড়ার নূর আজিম বাহিনীর এক সদস্য পরিচয়ে আমাকে ফোন দেয়। আমি বলি এই নামে কাউকে চিনি না। এ কথা বলার পরপরই বিপরীত দিক থেকে ফোন কেটে দেওয়া হয়। মালিকপক্ষের কারও কাছে চাঁদা চেয়েছে কিনা আমার জানা নেই।’

আগের ঘটনাগুলোর মতোই দুর্বৃত্তরা চলে যাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, ‘ঘটনাস্থলে সিসি ফুটেজ সংগ্রহ করে সবাইকে শনাক্ত করা গেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’

এর আগে গত মাসের মাঝামাঝি নগরীর রয়েল মোড়ে সিটি কুইন্স ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়। গত ২৪ অক্টোবর নগরীর সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে ৮-১০ জন মুখোশধারী দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা চিকিৎসকের চেম্বারের সামনের কাচ, চেয়ার ও টেবিল ভাঙচুর করে এবং ক্যাশ কাউন্টারেও তাণ্ডব চালায়। যাওয়ার সময় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে তারা ক্লিনিকের বাইরে ফাঁকা গুলি ছোড়ে।

সন্ধানী ক্লিনিকের ঘটনার চার দিন পর ২৮ অক্টোবর নগরীর আহসান আহমেদ সড়কে ‘চাইনিজ প্যালেস’ রেস্তোরাঁয় ভাঙচুর চালানো হয়। প্রকাশ্য দিবালোকে কয়েকজন যুবক রেস্তোরাঁয় প্রবেশ করে মালিককে খুঁজতে থাকেন। মালিককে না পেয়ে এবং রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের কথিত ‘ভাইয়ের’ ফোন কল রিসিভ না করায় ক্ষুব্ধ হয়ে যুবকরা সেখানে ব্যাপক ভাঙচুর চালান।

৩ নভেম্বর সন্ধ্যায় মহানগরীর শামসুর রহমান রোডে রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং আব্দুল্লাহ প্যাথলজিতে হামলার ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়।

খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম বলেন, ভাঙচুরের ঘটনাগুলোতে ভুক্তভোগীরা কোনো মামলা করেনি। সন্ধানীতে গুলির খোসা পাওয়ায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্য ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

প্রযুক্তিনির্ভর সিনেমায় সিনথিয়া

০

অভিনেত্রী, নৃত্যশিল্পী ও মডেল সিনথিয়া ইয়াসমিন এবার সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত প্রথম সিনেমার নাম ‘গ্যাপ’। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের এই সিনেমাটি নির্মাতার দাবি অনুযায়ী বাংলাদেশের প্রথম এআই সিনেমা হিসেবে তুলে ধরা হয়েছে। এতে মীরা চরিত্রে অভিনয় করেছেন সিনথিয়া।

প্রথম সিনেমা, তাও আবার নতুন প্রযুক্তিনির্ভর নির্মাণে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত সিনথিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের প্রথম এআই সিনেমায় অভিনয় করতে পেরে আমি ভীষণ আনন্দিত। এই সিনেমার জন্য পাঁচ দিন শুটিং করেছি। এরপর এআই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। গল্পটিও চমৎকার। আশা করছি, দর্শকের ভালো লাগবে। বান্নাহ ভাইকে ধন্যবাদ আমাকে এমন একটি কাজের সঙ্গে যুক্ত করার জন্য।’

অভিনয়ের পাশাপাশি নাচ নিয়েও ব্যস্ত সময় কাটছে সিনথিয়ার। তিনি বলেন, ‘নৃত্যশিল্পী হিসেবে অভিনয়ে নিয়মিত থাকা সহজ নয়। দুই মাধ্যমেই সমানভাবে কাজ করে যেতে চাই। ভবিষ্যতে ভালো কাজের পাশাপাশি ওটিটিতেও অভিনয়ের ইচ্ছা রয়েছে।’

এদিকে সালাহউদ্দিন লাভলুর ‘ফুলগাঁও’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিনথিয়া।

গত আগস্টে ফ্রান্সের বিভিন্ন স্টেটে ‘মহুয়া পালা’য় মহুয়া রূপে নৃত্য পরিবেশন করে প্রশংসিত হন সিনথিয়া। সম্প্রতি ‘নৃত্যকলা সম্মাননা ২০২৬’ অর্জন করেছেন এই শিল্পী।

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬

পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোর ব্যস্ত পর্যটনকেন্দ্রে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬ জন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনের বাড়ি থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারী উগ্র ডানপন্থী ও অতিজাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত ছিলেন।

পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে ক্রাকোর ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র মেইন মার্কেট স্কয়ারে গাড়ি নিয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান এক বন্দুকধারী। প্রায় তিন মিনিট ধরে চলে এই হামলা। এতে ছয়জন নিহত হন। তাদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। নিহতদের তিনজন পোলিশ নাগরিক, একজন ব্রিটিশ এবং বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত ১৬ জনের মধ্যে অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া ও যুক্তরাজ্যের পাঁচজন নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্যও আছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে আরও তিনজনের মরদেহ উদ্ধার করেছে সন্ত্রাসবিরোধী পুলিশ। বাড়িটি ঘটনাস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ওস্ত্রোভিয়েক শভিয়েন্তোক্রজিস্কি এলাকায় অবস্থিত। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তারা সন্দেহভাজনের পরিবারের সদস্য হতে পারেন বলে জোরালো ইঙ্গিত পাওয়া গেছে।

টাস্ক বলেন, পোল্যান্ডে এর আগে এমন ভয়াবহ সন্ত্রাসী ঘটনা ঘটেনি। ক্রাকোতে মানুষের জীবনের ওপর চালানো এই নিষ্ঠুর হামলাকে সন্ত্রাসবাদ হিসেবেই অভিহিত করতে হবে।

২৫ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি পোল্যান্ডের নাগরিক। হামলার সময় তার পরনে ছিল সামরিক কৌশলগত পোশাক এবং সঙ্গে ছিল সামরিক ধাঁচের অস্ত্র। তার গাড়ি থেকে আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে তিনি পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর সদস্য নন বলে জানিয়েছে সরকার। হামলার পর তাকে গ্রেপ্তার করা হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মার্সিন কিয়েরভিনস্কি বলেন, প্রাথমিকভাবে সবকিছু দেখে মনে হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তি উগ্র ডানপন্থী আদর্শে আকৃষ্ট ছিলেন। তার মধ্যে অতিজাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিও ছিল।

হামলার পরপরই ক্রাকো শহরজুড়ে বিপুলসংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। রাজধানী ওয়ারশসহ দেশের অন্যান্য স্থানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামী ১১ নভেম্বর পর্যন্ত ক্রাকোতে শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী টাস্ক জানান, হামলাকারীর সম্ভাব্য সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানান।

স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে হামলা শুরু হয়। মেইন মার্কেট স্কয়ার ক্রাকোর ঐতিহাসিক কেন্দ্রের একটি সুসজ্জিত চত্বর, যা দীর্ঘদিন ধরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। হামলার সময় গুলিতে আশপাশের দোকানের কাচের সামনের অংশ ভেঙে যায়। একটি ট্রামেও গুলি চালানো হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, হামলাকারীর গাড়ি শহরের কেন্দ্র দিয়ে দ্রুতগতিতে ছুটে যাচ্ছে। গুলির শব্দ শুনে মানুষ প্রাণভয়ে ছোটাছুটি করছেন।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, মানুষ পালানোর সময় বিভিন্ন টেবিল উল্টে পড়ে আছে এবং চারপাশে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পুলিশ হামলাকারীর গাড়িকে ধাওয়া করে। একপর্যায়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে পুলিশের সঙ্গে বন্দুকধারীর গুলিবিনিময় শুরু হয়।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুই পুলিশ সদস্য গুলিতে আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা সংকটাপন্ন, অন্যজনের অবস্থা তুলনামূলক ভালো। তারা হলেন- সিনিয়র কনস্টেবল ইয়াকুব কুলিক ও সিনিয়র কনস্টেবল আর্তুর মোরানস্কি। তাদের সাহসিকতার প্রশংসা করে টাস্ক বলেন, তারা অনেক মানুষের জীবন বাঁচিয়েছেন। তাদের প্রকৃত বীর বলেও অভিহিত করেন।

হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তিনি বলেন, ভয়াবহ এই গোলাগুলির ঘটনায় আমি মর্মাহত ও শোকাহত। নিহতদের পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং সহিংসতার শিকার সবার প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে পোল্যান্ডের জনগণের পাশে থাকার আশ্বাস দেন।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এই হামলাকে এমন একটি বিয়োগান্তক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন, যার প্রভাব পোল্যান্ডের সীমানা ছাড়িয়ে আরও দূর পর্যন্ত অনুভূত হবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হামলায় নিহত ব্যক্তিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। আমি ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। হামলার পর যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর পোল্যান্ডে ভ্রমণসংক্রান্ত পরামর্শ হালনাগাদ করেছে। ওই এলাকায় অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

হামলার সময় ঘটনাস্থলের কাছাকাছি থাকা ব্যক্তিরা জানিয়েছেন, গুলির শব্দে পুরো চত্বরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্রাকোর ২৪ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেজারি বলেন, প্রথমে আমি বুঝতে পারিনি শব্দগুলো গুলির। পরে রাস্তায় চারটি মরদেহ পড়ে থাকতে দেখে ঘটনার ভয়াবহতা বুঝতে পারি।

তিনি আরও বলেন, তখনও গুলির শব্দ শোনা যাচ্ছিল, অনেক মানুষ চিৎকার করছিলেন। এ সময় একজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা আরেক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করতে দেখি।

যুক্তরাজ্যের নিউক্যাসল থেকে আসা ক্যাটলিন শ্যাসবি জানান, হোটেলের কক্ষে অবস্থান করার সময় তিনি গুলির শব্দ শুনতে পান। পরে পুলিশ বাইরের রাস্তা অবরুদ্ধ করে ফেললে তাকে হোটেলের ভেতরেই আশ্রয় নিতে বলা হয়।

পোলিশ সংবাদমাধ্যম ইনের্শিয়াকে আরেক প্রত্যক্ষদর্শী বলেন,আমি গাড়ির চালকের পাশের জানালা দিয়ে গুলি ছুড়তে এবং ধোঁয়া বের হতে দেখেছি। পরে প্রাণভয়ে দৌড়ে মেইন মার্কেট স্কয়ারের পুলিশ স্টেশনে আশ্রয় নিই। সেখানে গিয়ে দেখি, অনেক মানুষ মেঝেতে শুয়ে আত্মরক্ষার চেষ্টা করছেন।

বিশ্বব্যাংকের রিপোর্ট বাংলাদেশের বিদেশি ঋণ ১০ বছরে তিন গুণ

গত এক দশকে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ জ্যামিতিক হারে বেড়েছে। ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যকার ১০ বছরে দেশের মোট বৈদেশিক ঋণস্থিতি প্রায় তিন গুণ হয়ে ১১৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ লাখ ১৮ হাজার কোটি টাকা। গত বৃহস্পতিবার রাতে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট-২০২৬-এ বাংলাদেশসহ সদস্য দেশগুলোর ২০২৫ সাল পর্যন্ত বিদেশি ঋণের পরিসংখ্যান রয়েছে।

বাংলাদেশের বৈদেশিক ঋণের চাপ বেড়ে যাওয়ার বিষয়টি সাম্প্রতিক সময়ে অর্থনীতিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঋণ বাড়ার পাশাপাশি আসল ও সুদ পরিশোধের ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে করে দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হয়েছে।

বিশ্বব্যাংকের রিপোর্টে উল্লেখিত বাংলাদেশ সম্পর্কিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৫ সালে দেশের মোট বৈদেশিক ঋণ ছিল ৩৮ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। ২০১৭ সালে তা ৫১ বিলিয়ন ছাড়ায়। ২০২১ সালে মোট ঋণ দাঁড়ায় ৯১ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে। ২০২৫ সালে এসে ১১৩ বিলিয়ন ডলার ছাড়ায়। এতে করে এক দশকে বৈদেশিক ঋণ বেড়েছে ১৯২ শতাংশ।

প্রকাশিত পরিসংখ্যান বলছে, গত এক দশকে দীর্ঘমেয়াদি সরকারি ঋণের ক্ষেত্রে দ্বিপক্ষীয় ঋণের প্রবৃদ্ধি ছিল সবচেয়ে দ্রুত। ২০১৫ সালে সরকারের নেওয়া দীর্ঘমেয়াদি বিদেশি ঋণের স্থিতি ছিল ৪ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। ২০২৫ সালে যা বেড়ে দাঁড়ায় ৩২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে। বেড়েছে সাড়ে সাত গুণেরও বেশি। একই সময়ে বহুপক্ষীয় ঋণ ২০ দশমিক ৪৪ বিলিয়ন থেকে বেড়ে ৪৫ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়। বহুপক্ষীয় উৎসের মধ্যে বিশ্বব্যাংকের ঋণ ১১ দশমিক ৫৩ বিলিয়ন থেকে ২২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ ছাড়া আইএমএফের ঋণ ১ দশমিক ৬১ বিলিয়ন থেকে বেড়ে ৬ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ঋণ পরিশোধের বোঝা 
ঋণ বৃদ্ধির সঙ্গে বার্ষিক পরিশোধের খরচ বাড়ায় আর্থিক ঝুঁকি গভীর হয়েছে। ২০১৫ সালে দীর্ঘমেয়াদি ঋণের সুদ বাবদ বাংলাদেশকে পরিশোধ করতে হয়েছিল ৩৩১ মিলিয়ন ডলার। ২০২৫ সালে এই সুদের পরিমাণ প্রায় আট গুণ হয়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৫১ বিলিয়ন ডলারে। আসল পরিশোধ এ সময়ে ১ দশমিক ২৯ বিলিয়ন থেকে বেড়ে ৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ফলে ২০২৫ সালে কেবল দীর্ঘমেয়াদি ঋণের আসল ও সুদ মেটাতে বাংলাদেশকে মোট ৭ দশমিক ৩৯ বিলিয়ন ডলার পরিশোধ করতে হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশের অনুকূলে যে পরিমাণ বৈদেশিক ঋণ ছাড় হয়েছে, তার চেয়ে আগে নেওয়া ঋণের সুদ ও আসল মিলিয়ে পরিশোধের অঙ্ক দ্বিগুণ। দেশি ও বিদেশি ঋণের সুদ পরিশোধ বাজেটের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও দেখা যায়, ঋণ পরিশোধ সক্ষমতার সূচকগুলোতে বড় পতন ঘটেছে। ২০১৫ সালে দেশের মোট বৈদেশিক ঋণের প্রায় ৭১ শতাংশের সমপরিমাণ রিজার্ভ ছিল। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় মাত্র ২৫ শতাংশে। একই সঙ্গে জাতীয় আয় এবং রপ্তানি আয়ের বিপরীতে বৈদেশিক ঋণের অনুপাতও অনেক বেড়ে গেছে।

বৈশ্বিক পরিস্থিতি
বিশ্বব্যাংকের ‘আন্তর্জাতিক ঋণ সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে উন্নয়নশীল দেশগুলোর মোট বৈদেশিক ঋণ সাড়ে ৫ শতাংশ বেড়ে রেকর্ড ৯ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। উচ্চ সুদের হারের কারণে দরিদ্র দেশগুলোর জন্য ঋণ পরিশোধ কঠিন হয়ে উঠেছে। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)-ভুক্ত দরিদ্র দেশগুলোর ঋণ ৮ শতাংশ বেড়ে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালে আইডিএ-ভুক্ত দেশগুলোকে নতুন বেসরকারি ঋণে গড়ে ৮.২ শতাংশ এবং বন্ডে ৯.৪ শতাংশ উচ্চ সুদ দিতে হয়েছে, যা বহু দশকের মধ্যে সর্বোচ্চ।

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো ২০২৫ সালে রেকর্ড ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার আসল ও সুদ পরিশোধ করেছে। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলো নতুন প্রাপ্ত অর্থায়নের চেয়ে ৪৩৬ বিলিয়ন ডলার বেশি ঋণ পরিশোধ করেছে। দুর্বল মার্কিন ডলারের কারণে অন্যান্য মুদ্রার ঋণ ডলারে রূপান্তরে ঋণের হিসাব আরও বড় হয়ে উঠেছে।