Home Blog Page 5

ট্রাম্পের মুখে যুদ্ধ অবসানের সুর, ‘জুয়াড়ি’ বলছে ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের দিকে একটি গতিশীলতা তৈরি হয়েছে।’ মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ কথা বলেন।

হোয়াইট হাউসে সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, তাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। ইরান প্রসঙ্গেও অনেক কথা হয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রাম্প বলেন, ‘উপসাগরীয় অঞ্চলের প্রধান মিত্ররা বর্তমান অবস্থা বজায় রাখাকেই অগ্রাধিকার দেবে। সে বিবেচনায় নতুন হামলার সম্ভাবনা বেশ কম।’ ট্রাম্প আরও বলেন, ‘আমরা এই সংঘাত অবসানের দিকে একটি ইতিবাচক গতিশীলতা দেখতে পাচ্ছি। এ সময় আমরা আমেরিকার স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টিও নিশ্চিত করবো।’

মধ্যবর্তী নির্বাচনের আগের সপ্তাহগুলোতে জল্পনা ছিল, ভোটের পরপরই ইরানে হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র। তবে, ট্রাম্প আপাতত নতুন করে সংঘাত শুরুর বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে সম্ভাব্য হামলার পথও খোলা রেখেছেন।

হোয়াইট হাউসে এক ব্রিফিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতা শেষ হয়ে গেছে। আমরা বর্তমান অবস্থা বজায় রাখার চেষ্টা করছি। কিন্তু সেখানে যদি হামলা চালাতেই হয়, তাহলে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে, ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই সোমবার গভীর রাতে এক্সে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র বর্তমানে জুয়াড়ির মতো হাত-পা ছুড়ছে।’ তিনি ওয়াশিংটনকে উদ্দেশ্য করে বলেন, ‘হাল ছেড়ে দিন। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি করা বন্ধ করুন।’

এর আগে, স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে লিখেন, ইসরায়েলই মূলত যুক্তরাষ্ট্রকে সংঘাতের গভীরে ঠেলে দিচ্ছে। ওয়াশিংটনের উচিত ‘ইসরায়েল ফার্স্ট’ মানসিকতা ত্যাগ করা। যতক্ষণ তারা এটি না করবে ততক্ষণ এক অন্ধকার যুগের দিকে এগিয়ে যাবে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, দেশটির অভ্যন্তরে এখনো হামলা অব্যাহত আছে। কিন্তু মার্কিন সামরিক বাহিনী প্রকাশ্যে এসব হামলার কথা স্বীকার করেনি।

পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় সেতুর দুই পাশে যানবাহন আটকা পড়ে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসীন মাতবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। তাদের অংশগ্রহণের বিষয়টি পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম নিশ্চিত করেছেন।

গত সোমবার রাত ১টার দিকে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিসহ বিভিন্ন আইডি থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে অবরোধের দৃশ্য ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতাকর্মী বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম সমকালকে বলেন, গত রাতের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ধারণা করছি, প্রায় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তাদের কর্মসূচিকে ঘিরে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে গতকালের ঘটনায় কতটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চুক্তি স্বাক্ষর ২০২৭ সালে হজে যেতে পারবেন ৮৩,৫০০ বাংলাদেশি

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

চুক্তি সম্পাদনের পর ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশের হজ কোটা আরও ৫ হাজার বাড়িয়েছেন। ফলে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন।

দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে ধর্মমন্ত্রী আরও জানান, হজের কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় উঠে আসে।

তবে এ সীমাবদ্ধতা সত্ত্বেও সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী আশ্বস্ত করেছেন, অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে, সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা হবে।

ধর্মমন্ত্রী আরও বলেন, সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার, আমরা করব।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের নেতৃত্বের প্রশংসা করে সৌদি সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী।

একই সঙ্গে হজের কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে নিরলসভাবে কাজ করছে বলে উল্লেখ করেন ধর্মমন্ত্রী। মহান আল্লাহর মেহমানদের সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহবিষয়ক সহকারী মন্ত্রী ড.আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ বাংলাদেশ ও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উনি তো নিজেই আসতে চান, বলবেন ‘প্রত্যর্পণ করে দাও’: তথ্য উপদেষ্টা

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তিনি নিজে দেশে ফিরতে চাইলে তাকে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের কোনো আইনি জটিলতা থাকার কথা নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড ও অর্জন নিয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘আমরা ওনাকে প্রত্যর্পণ করতে চাই। ওনাকে ধরে আনতে চাই। এখন উনি তো নিজেই আসতে চান। তার মানে ওনার তো কোর্টে যাওয়ার দরকার নেই। উনি বলবেন আমাকে প্রত্যর্পণ করে দাও। সুতরাং প্রত্যর্পণ নিয়ে যে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।’

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আনুষ্ঠানিক চ্যানেলে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। তিনি গুরুতর অপরাধে দণ্ডিত আসামি। তাকে যে প্রক্রিয়ায় ফেরত পাওয়ার কথা, সরকার সেই প্রক্রিয়া অনুসরণ করেই দেশে ফিরিয়ে আনতে চায়। তার বিচার কীভাবে হবে, সেটি সরকারের বিষয়।

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতার ঘটনায় আওয়ামী লীগের অর্থায়ন রয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ রয়েছে। সেই অর্থ ব্যবহার করে দলটির লোকজন বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হচ্ছে।

জাহেদ উর রহমান বলেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের অপরাধের প্রবণতা কমে আসবে। ককটেল বিস্ফোরণ ঘটাতে গিয়ে অনেকে হাতেনাতে ধরা পড়েছেন।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এসব ঘটনায় জনগণের ভয় পাওয়ার কিছু নেই কিংবা কিছুই ঘটেনি-সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া ঠিক হবে না। জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের। এ ক্ষেত্রে একটি মৃত্যুর ঘটনাও সরকারের ব্যর্থতা হিসেবে বিবেচিত হতে পারে। বিষয়টি স্বীকার করেই সরকার বলতে চায়, খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, এ অবস্থায় কেউ দলটির কার্যক্রম পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হবে।

এলপিজির দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, সরকার নির্ধারিত দামেই বাজারে এলপিজি বিক্রি হওয়া উচিত। এ বিষয়ে বাজার মনিটরিং করা হচ্ছে। তবে নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকারকে আরও সতর্ক হতে হবে।

তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এই ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা।

ত্বক ও চুলের যত্নে যেভাবে উপকারী সজনে পাতার গুঁড়া

ত্বক ও চুলের যত্নে নানা ধরনের ভেষজের জনপ্রিয়তা অনেক পুরনো। সেই তালিকায় আছে সজনে পাতার গুঁড়ো বা মরিঙ্গা পাউডারও। শারীরিক অন্য অনেক প্রতিরোধে অনেকেই পুষ্টিগুণে সমৃদ্ধ এই উপাদানটি খাদ্যতালিকায় রাখেন। এটি ত্বক ও চুলের পরিচর্যাতেও বেশ উপকারী। সজনে পাতায় থাকা বিভিন্ন ভিটামিন, খনিজ পদার্থ, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বক ও চুলের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

ত্বকের যত্নে যেভাবে কাজ করে সজনে পাতার গুঁড়া

ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে: সজনে পাতায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বককে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। ফলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সহায়ক হতে পারে।

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ভুমিকা রাখে: মরিঙ্গার কিছু উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়ক হতে পারে। বিশেষ করে শুষ্ক ত্বকের পরিচর্যায় মরিঙ্গা-যুক্ত প্রসাধনী ব্যবহার করতে পারেন।

অকাল বার্ধক্যের ছাপ কমাতে সহায়ক: সজনে পাতায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে ভূমিকা রাখতে পারে।

ত্বকের পরিচর্যায় সহায়ক: ফেসপ্যাক বা প্রসাধনীতে মরিঙ্গা ব্যবহার করা হয়। তবে কারও ত্বক সংবেদনশীল হলে আগে পরীক্ষা করে নেওয়া জরুরি।

চুলের যত্নে কীভাবে সহায়তা করে সজনে পাতার গুঁড়া

চুলের পুষ্টিতে: সজনে পাতায় থাকা প্রোটিন, আয়রন এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট শরীরে প্রয়োজনীয় পুষ্টির জোগান দেয়। এর ফলে চুলের স্বাভাবিক বৃদ্ধিও বজায় থাকে।

চুলের উজ্জ্বলতা ধরে রাখতে: সজনে পাতার গুঁড়া মিশিয়ে তৈরি হেয়ার প্যাক চুলকে সাময়িকভাবে নরম ও মসৃণ করে। সূত্র: টিভিনাইন

শুষ্ক চুলের পরিচর্যায়: চুলের শুষ্কতা দূর করতে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সঙ্গে মরিঙ্গা পাউডার মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করা হয়।

মাথার ত্বকের পরিচর্যায় ব্যবহার: মরিঙ্গার অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান মাথার ত্বকের সামগ্রিক পরিচর্যায় ভূমিকা রাখতে পারে।

চুলকে নরম রাখতে : দই, অ্যালোভেরা বা অল্প পরিমাণ তেলের সঙ্গে মরিঙ্গা পাউডার মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করা যায়। এতে চুল সাময়িকভাবে নরম হয়।

কীভাবে ব্যবহার করবেন সজনে পাতার গুঁড়ো

ত্বকের পরিচর্যায় মরিঙ্গা পাউডার অল্প পরিমাণে দই বা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। অন্যদিকে, চুলের জন্য দই বা উপযুক্ত হেয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করা যেতে পারে।

ঘরেই রাঁধুন চিতল মাছের কোপ্তা কালিয়া

চিতল মাছের গতানুগতিক পদ খেতে না চাইলে বাসায় রান্না করে ফেলুন চিতল মাছ, নারকেল ও পোস্তের কোপ্তা কালিয়া। অতিথি আপ্যায়নেও ফিউশনধর্মী এ পদ টেবিলে রাখতে পারেন। রেসিপি দিয়েছেন সৈয়দা তাসফিয়া ইসলাম মাহি। 

উপকরণ
‎কোপ্তার জন্য: চিতল মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ভাজার জন্য।
‎কালিয়ার জন্য: পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, নারকেল বাটা ৩ টেবিল চামচ, পোস্ত বাটা দেড় টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আধা চা চামচ করে, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, টক দই ১ টেবিল চামচ, গরম মসলা চার ভাগের এক ভাগ, কাঁচামরিচ ৩–৪টি, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ৩ টেবিল চামচ ও গরম পানি প্রয়োজনমতো।
‎
প্রস্তুত ‎প্রণালি

‎প্রথমে চিতল মাছ পরিষ্কার করে লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিতে হবে। মাছ ঠান্ডা হলে কাঁটা বেছে শুধু মাছের মাংস আলাদা করে ভালোভাবে চটকে নিন। এরপর চটকানো মাছের সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা-রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া, ধনেপাতা, লবণ ও চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিন। মিশ্রণ থেকে ছোট ছোট গোল কোপ্তা তৈরি করে নিন। কড়াইয়ে তেল ঢেলে মাঝারি আঁচে সোনালি করে ভেজে নিন।
‎
‎কালিয়া তৈরির জন্য কড়াইতে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। এরপর আদা-রসুন বাটা ও মরিচ, ধনে ও জিরার গুঁড়া দিয়ে অল্প পানি দিয়ে মসলা কষাতে হবে। ‎এবার নারকেল বাটা ও পোস্ত বাটা দিয়ে কম আঁচে ভালোভাবে কষিয়ে টক দই মিশিয়ে নিন। প্রয়োজনমতো গরম পানি দিয়ে মাঝারি ঘন গ্রেভি তৈরি করে ভাজা মাছের কোপ্তাগুলো দিন। ‎কাঁচামরিচ দিয়ে ঢেকে কম আঁচে ৫–৬ মিনিট রান্না করুন। সবশেষে গরম মসলা ছিটিয়ে চুলা বন্ধ করে দিন।

সাক্ষাৎকার ‘জাতীয় পর্যায়ে কাজ করে বিশ্ব মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি’

০

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এবার নতুন পরিচয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। শনিবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন তিনি। এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মাহি। মিস ইউনিভার্সের মুকুট জয়, আন্তর্জাতিক মঞ্চের প্রস্তুতি, অভিনয় ও ব্যক্তিগত পরিকল্পনাসহ নানা বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন বুলবুল ফাহিম।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয়ের পর অনুভূতি কেমন?
আমার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে মুকুটটি নিয়েছি। তবে এটি শুধু একটি মুকুট পরার বিষয় নয়। এই মুকুট একটি স্বপ্নের প্রতীক। বাংলাদেশের প্রতিটি মেয়েরই এমন একটি স্বপ্ন থাকে। এতদিন জাতীয় পর্যায়ে কাজ করেছি। অনেক মানুষ আমাকে সমর্থন করেছেন, ভালোবেসেছেন। কিন্তু এবারই প্রথম আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। অনুভূতিটা একেবারেই অন্য রকম। ভাষায় বোঝাতে পারব না। শুধু চাই, বাংলাদেশের মানুষ আমাকে সমর্থন করুক। কারণ, এই স্বপ্ন শুধু আমার একার নয়, পুরো বাংলাদেশের। সবাই যেন আমাকে নিজের ঘরের মেয়ে, নিজের বোন মনে করে পাশে থাকেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই এখন আমার সবচেয়ে বড় শক্তি।

মুকুট জয়ের মুহূর্ত…
খুশিতে চোখে পানি এসেছিল। মুহূর্তটি ছিল অন্য রকম। বাংলাদেশের প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার। আমি সেই সুযোগ পেয়েছি। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!

893802379 2451687558571992 2822799794182454255 n 1794212147

আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার আগে পরিবার থেকে কী ধরনের উৎসাহ পেয়েছেন…
বাবা-মা আমাকে বলেছেন, ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ সবার কাছে দোয়া চাই, যেন বিশ্ব জয় করে ফিরতে পারি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। যাত্রা শুরুর অনুভূতি কেমন?
আমার প্রিয় বাংলাদেশকে মিস ইউনিভার্সের বৈশ্বিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে রওনা হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও গর্বিত। এই অসাধারণ যাত্রায় শুধু লাল-সবুজের পতাকাই নয়, দেশের কোটি মানুষের আশা, স্বপ্ন, দোয়া ও ভালোবাসাও সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি।

আপনি নিয়মিত অভিনয় করেন, মাঝে বেশ কিছুদিন বিরতিতে ছিলেন, কারণ কী?
মাঝে কিছুদিন বিরতি ছিল। টানা কাজ করলে একঘেয়েমি চলে আসে। মনে হয়েছে, নিজেকেও একটু সময় দেওয়া দরকার। এ ছাড়া ঈদের পর আমাদের একটা বিরতি থাকেই। সেই বিরতির সঙ্গে আরও কিছু সময় যোগ করে নিজেকে সময় দিয়েছি। ওই সময় দেশ-বিদেশ ঘুরেছি। এরপর আবার কাজে মন দিয়েছি।

897349938 2233793263978272 5360918981693024783 n 1794212162

অভিনয়ে এখন কোন ধরনের গল্প ও চরিত্রে বেশি গুরুত্ব দিচ্ছেন?
সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। আলাদা কিছু করার ইচ্ছা সবারই থাকে। আমিও সব সময় ভিন্নধর্মী গল্প ও চরিত্রে কাজ করতে চাই। একজন শিল্পী হিসেবে এটা আমার ক্ষুধা। নানা ধরনের চরিত্রে অভিনয় করতেই আনন্দ পাই। একই ধরনের কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি না। এখন পারিবারিক গল্পের প্রতি দর্শকের আগ্রহ বেশি। তাই এ ধরনের গল্পে বেশি কাজ করা হচ্ছে। এর মধ্যে কয়েকটি গল্পে অভিনয় করেছি, সেগুলো দারুণ সাড়া পেয়েছে।

 ওটিটির জন্য কোনো কাজ করছেন?
এখন নাটক নিয়েই বেশি ব্যস্ততা যাচ্ছে। ওটিটির জন্য গল্প আসছে, কিন্তু আমার মনে হয়েছে, সেগুলো আমার জন্য নয়। তাই এই প্ল্যাটফর্মে কাজ করা হচ্ছে না। ভালো গল্প পেলে অবশ্যই করব।

বর্তমান সময়ে মিডিয়ায় কাজ করতে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন?
আমি একজন অভিনেত্রী। অভিনয়ই আমার কাজ। প্রতিটি পেশায় চ্যালেঞ্জ থাকে, এটা থাকবেই। সেগুলো মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হয়। তবে এই সময়ে বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি না।

759746024 1029066686547384 5184567399986680788 n 1794212203

অভিনয় নিয়ে সামনের দিনের পরিকল্পনা কী?
অভিনয় নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই। তবে ভালো কিছু করার চেষ্টা করছি। দর্শককে ভালো ভালো গল্প উপহার দিতে চাই। দর্শক যে ধরনের গল্পে আমাকে গ্রহণ করবেন, সেসব কাজ বেশি করার চেষ্টা করব। নানা রকম চরিত্রে অভিনয় করতেই আমার আনন্দ।

কনটেন্টের ক্ষেত্রে ভিউয়ের গুরুত্ব আপনার কাছে কতটা
একটি ভালো কাজ বা ভালো গল্পে অভিনয় করলে অবশ্যই চাইব দর্শক সেটি দেখুন। কারণ, একটি কাজের পেছনে শিল্পী-কলাকুশলী সবার অক্লান্ত পরিশ্রম থাকে। দর্শক যদি কাজটি দেখেন, তাহলে সবার পরিশ্রম সার্থক হয়। তাই অবশ্যই আমার কাছে ভিউয়ের গুরুত্ব আছে।

হৃদয়ের রেকর্ডের ম্যাচে ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

০

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৬৯ রান। হাতে ছিল ৭৮ ওভার। তবে কঠিন সেই লক্ষ্য তাড়া করে জয়ের চেষ্টা খুব একটা এগিয়ে নিতে পারেনি স্বাগতিকরা। অন্যদিকে বাংলাদেশকে অলআউট করার মতো পর্যাপ্ত সময়ও পাননি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেলে ড্র মেনে নিতে হয় দুই দলকে।

দ্বিতীয় ইনিংসে ৫৯ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে বাংলাদেশ। ফলে ড্রয়ে শেষ হয় সিলেট টেস্ট। তবে প্রথম টেস্ট জেতার সুবাদে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচের শেষ দিনে বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের ঐতিহাসিক ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেন তিনি। খেলেন ৮২ রানের ইনিংস। এর মধ্য দিয়ে এক টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হওয়ার কীর্তি গড়েন হৃদয়। নিজের তৃতীয় টেস্টেই তুলে নেন প্রথম টেস্ট ফিফটি।

হৃদয়ের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মুশফিকুর রহিমও। ১২৩ বলে ৬ চারে ৪৯ রান করেন অভিজ্ঞ এই ব্যাটার। ইনিংসের পথে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে ফিফটির মাত্র এক রান আগে শামার জোসেফের বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে।

শেষ পর্যন্ত আলোকস্বল্পতা ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। আম্পায়াররা একাধিকবার আলোর পরিস্থিতি যাচাই করেও খেলা চালিয়ে যাওয়ার মতো পরিবেশ পাননি। ফলে ৫৯ ওভারেই শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস, ড্র হয় সিলেট টেস্ট।

ইরানের সঙ্গে ফের যুদ্ধের সম্ভাবনা খুবই কম: ট্রাম্প সিএনএনকে সাক্ষাৎকার

ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরুর বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ফের যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।’ মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করলেন।

সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে ট্রাম্প বৈঠক করবেন। মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর প্রথম কোনো বিদেশি নেতার সঙ্গে তিনি বৈঠকে বসতে যাচ্ছেন।

নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ভোটের পর তিনি এখন দলের হারের জন্য ইরান যুদ্ধকে কারণ হিসেবে উল্লেখ করছেন।

স্থানীয় সময় রোববার সিএনএনকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। এ সময় যুদ্ধের সম্ভাবনা নিয়ে ওই মন্তব্যের পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তিতে স্বাক্ষর করবে কি না, সেটির ওপর বিষয়টি নির্ভর করছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রয়োজন হলে আমি আবার হামলা চালাব। আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছি। এতটাই কঠোর আঘাত করেছি, যা আপনারা জানেন না।’

ট্রাম্পের এই সাক্ষাৎকারের আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক প্রভাব পর্যালোচনার জন্য শান্তি আলোচনা স্থগিত আছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘গত কয়েক দিন মধ্যস্থতাকারীদের তেমন কাজ ছিল না। কারণ, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল সবাইকে ধাক্কা দিয়েছে।’

আরাঘচি আরও বলেন, এই ফলাফলের ধাক্কা কাটিয়ে উঠতে তাদের কতদিন সময় লাগে, তা দেখতে হবে। এরপর সামনে এগোনোর বিষয়টি ঠিক করা যাবে।

প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলসে আইগনারকে মনোনয়ন দিতে যাচ্ছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি নির্বাচিত হলে জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন।

রোববার রাতে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) নেতাদের সঙ্গে এক নৈশভোজে মের্জ এ সিদ্ধান্তের কথা জানান। আইগনার জার্মানির বাভারিয়ান রাজ্যভিত্তিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। সিএসইউ সিডিইউর ঘনিষ্ঠ মিত্র দল। সোমবার সিডিইউ ও সিএসইউর বৈঠকে তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

ক্ষমতাসীন জোটের শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) এরই মধ্যে প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি সমর্থন জানিয়েছে। জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন করে ফেডারেল কনভেনশন। শুধু প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গঠিত এই বিশেষ নির্বাচনী সংস্থায় ফেডারেল পার্লামেন্টের সদস্যদের পাশাপাশি রাজ্যগুলোর প্রতিনিধিরা থাকেন। আগামী ৩০ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে।

বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ২০১৭ সালে দায়িত্ব নেন। পাঁচ বছর করে দুই মেয়াদ শেষে ২০২৭ সালের মার্চে তার দায়িত্ব শেষ হবে। জার্মানির প্রেসিডেন্টের দায়িত্ব মূলত আনুষ্ঠানিক। তিনি আইন অনুমোদন করেন, মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন এবং দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দায়িত্ব পালন করেন।

চলতি বছরের শুরুতে সিএসইউ প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল। তবে মের্জ শুরুতে অন্য একজনকে প্রার্থী করার কথা ভাবায় সিডিইউ তার প্রতি সমর্থন জানাতে দেরি করে। এ নিয়ে দুই মিত্র দলের মধ্যে কিছুটা টানাপোড়েনও তৈরি হয়েছিল।

আইগনার স্থানীয় রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯৮ সালে জার্মানির ফেডারেল পার্লামেন্টে নির্বাচিত হন তিনি। পরে সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বাভারিয়ার রাজনীতিতে ফিরে ২০১৮ সালে রাজ্য পার্লামেন্টের স্পিকার হন।