Home Blog Page 7

স্থানীয় নির্বাচনেও ১১ দলের জোট চান মামুনুল হক

স্থানীয় সরকার নির্বাচনে ১১ দলীয় ঐক্যের সমঝোতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ভিন্ন ভিন্ন প্রার্থী দেওয়ার কারণে চলমান আন্দোলনের ঐক্য দুর্বল হতে পারে এবং মাঠপর্যায়ে বিভেদ তৈরি হতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে বড় দল হিসেবে এর দায় জামায়াতের ওপরই বর্তাবে।’

শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তাঁর দল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী হিসেবে মাহবুবুল হক এবং উত্তরে মুর্শিদুল আলম সিদ্দীকের নাম ঘোষণা করে।

মামুনুল হক বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী আন্দোলনেও ১১ দলীয় ঐক্যের সঙ্গে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। স্থানীয় সরকার নির্বাচনেও এই ঐক্যের ভিত্তিতে সমঝোতা প্রয়োজন। কিন্তু ১১ দলের অন্যতম শরিক জামায়াতে ইসলামী এককভাবে প্রার্থী ঘোষণা শুরু করেছে।’

তাঁর মতে, সবগুলো দল ভিন্ন ভিন্ন প্রার্থী দেওয়ার কারণে চলমান আন্দোলনের ঐক্যে দুর্বলতা দেখা দিতে পারে এবং মাঠপর্যায়ে বিভেদ তৈরি হতে পারে। সেজন্য আন্দোলনের ঐক্যের স্বার্থে আমরা স্থানীয় সরকার নির্বাচনে সমঝোতার আহ্বান প্রয়োজন।

খেলাফত আমির  বলেন, ‘আমরা আপাতত এককভাবে ইউনিয়ন, জেলা ও সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করছি। পাশাপাশি আলোচনার দরজাও খোলা রাখছি।’

নয়াপল্টনে প্রধানমন্ত্রী গণতন্ত্রকামী মানুষকে ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না পরাজিতরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে

দেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের সার্বভৌমত্বকে দমিয়ে রাখতে চায়; তারা আমি-ডামি নির্বাচনের ব্যবস্থা চালু করতে চায়। তবে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো এবারও তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের ভেতরে বা বাইরে সব ষড়যন্ত্র আমরা শেষ করে দেব। কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ‘সার্বভৌমত্ব’ শোভাযাত্রায় অংশ নিয়ে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ৭ নভেম্বরের সার্বভৌমত্ব র‍্যালি হোক বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার দিন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ জীবন দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে, সেটি হোক গণতন্ত্র রক্ষার দিন।

এ সময়ে প্রধানমন্ত্রী নিজে স্লোগান ধরে বলেন– ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কেনো দেশ; সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। আসুন, আমরা আমাদের অসমাপ্ত বিপ্লব শুরু করি আজ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা শুধু স্বাধীনতা-সার্বভৌমত্বকে ফিরিয়ে আনে নাই; দেশের মানুষ স্বৈরাচার, ষড়যন্ত্রকারীদের দেশ থেকে বিতাড়িত করেছে। যেভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেই অপশক্তি পরাজিত হয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্ট একইভাবে সেই অপশক্তি পরাজিত হয়েছে; দেশের মানুষের অংশগ্রহণে, আন্দোলনের মধ্য দিয়ে।’

বক্তব্য শেষ করে প্রধানমন্ত্রী হেঁটে র‍্যালিতে যোগ দেন। এ সময় তিনি হাত উঁচিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছে সমাপনী বক্তব্য দেন।

বিএনপির এ কর্মসূচি ঘিরে দুপুর ১২টা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে সমবেত হতে শুরু করেন। তাদের  হাতে ছিল লাল-সবুজ পতাকা এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের আলোকচিত্র-সংবলিত প্ল্যাকার্ড।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর আর্মি স্টেডিয়ামে ক্যাডেট ও স্কাউটদের অংশগ্রহণে বর্ণাঢ্য ডিসপ্লে উপভোগ করেন। সেখান থেকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশদের মহাসমাবেশে যোগ দেন। পরে নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রায় যোগ দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউতে দিবসটি উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়।

পরাজিতরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে
মানিক মিয়া অ্যাভিনিউতে কর্মসূচির সমাপ্তির আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, মানুষের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, তাদের জনগণ বারবার পরাজিত করেছে। আবারও তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আসুন, এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যে কোনো মূল্যে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব– এটাই হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রতিজ্ঞা।
তিনি বলেন, যতদিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, ততদিন এই বিপ্লবের র‌্যালি চলমান থাকবে।

ছয় কিলোমিটার হাঁটলেন প্রধানমন্ত্রী
সরকারের সর্বোচ্চ নির্বাহী পদে থেকেও প্রটোকল ও আনুষ্ঠানিকতার বলয় ভেঙে রাজপথে হাজারো নেতাকর্মীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ ছয় কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পুরো পথে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে হাতে নেড়ে শুভেচ্ছা জানায়। উঁচু উঁচু দালানেও উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।

শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যসহ সর্বস্তরের নেতারা অংশ নেন। বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছে সমাপনী বক্তব্য দেন। শোভাযাত্রাটি কাকরাইল মোড়, প্রধান বিচারপতির বাসভবনের পাশ দিয়ে রমনা পার্ক সড়ক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে বাংলামটর, ফার্মগেট, ইন্দিরা রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি, উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।

৭ নভেম্বর বাংলাদেশের ম্যাগনা কার্টা 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেট ও স্কাউটদের অংশগ্রহণে বর্ণাঢ্য ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনসিসি, ক্যাডেট ও স্কাউটদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ৭ নভেম্বরকে বাংলাদেশের ম্যাগনা কার্টা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৭ নভেম্বর হলো স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী; যারা এই বাংলাদেশের নাগরিক হিসেবে জন্মগ্রহণ করেছেন, নাগরিক হিসেবে সবার একটাই পরিচয়– আমরা বাংলাদেশি। এই পরিচয় আমাদেরকে ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছিল।

প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর আমাদের বাংলাদেশি পরিচয় নির্ধারণের জন্য ভিত্তিভূমিও রচনা করেছিল। সুতরাং যতদিন বাংলাদেশ থাকবে, ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের গুরুত্ব এবং তাৎপর্য ততদিন প্রাসঙ্গিক থাকবে।

অনুষ্ঠানে বিএনসিসির তিন হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটের ৫০০ সদস্য অংশ নেন। তিন পর্বে সাজানো হয় ডিসপ্লে অনুষ্ঠান। প্রথম পর্বে রণাঙ্গনের যোদ্ধা থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠা জিয়াউর রহমানের ইতিহাস তুলে ধরা হয়। দ্বিতীয় পর্বে খালেদা জিয়ার আপসহীনতার অনির্বাণ যাত্রা এবং তৃতীয় পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জাতীয়তাবাদের পরম্পরা ফুটিয়ে তোলা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশ গঠনে তরুণদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে চমৎকার পরিবেশনার জন্য ক্যাডেট ও স্কাউটদের ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সচিব এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের নেতাকর্মী
দিবসটি উপলক্ষে দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় রাষ্ট্রপতি তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর জিয়া উদ্যানে যান। তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দুই নেতার সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নেতাকর্মীরা দুই সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

লিবিয়ায় নিয়ে জিম্মি মুক্তিপণ আদায়কারী ও হুন্ডি চক্রের ৩৪ জনের সম্পদ জব্দ

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে লোকজনকে লিবিয়ায় নিয়ে নির্যাতন করত একটি চক্র। পরে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে সেই অর্থ জমা রাখা হতো বিভিন্ন ব্যাংক হিসাবে। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে চক্রটির ৩৪ ব্যক্তির ১১১টি ব্যাংক হিসাবে ৩৭৬ কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এসব ব্যাংক হিসাবের মধ্যে দেড় কোটি টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি চক্রটির স্থাবর সম্পত্তি দেখভালের জন্য নড়াইলের জেলা প্রশাসককে রিসিভার (তত্ত্বাবধায়ক) নিয়োগ করা হয়েছে। সিআইডি সূত্রে এ তথ্য জানা গেছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, মানব পাচার, মুক্তিপণ আদায় ও হুন্ডির সঙ্গে ৩৪ জন জড়িত। তাদের মধ্যে কাজী বিল্লাল, রাব্বানী ফরাজিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা দেশে-বিদেশে পলাতক।

চক্রের যেসব সদস্যকে পুলিশ খুঁজছে, তারা হলেন– চাঁপাইনবাবগঞ্জের জুয়েল আলী, তোজাম্মেল হক; নওগাঁর মঙ্গলবাড়ির গৌরী রাণী মোহন্ত; মাদারীপুরের শিপু কবিরাজ; কুমিল্লার আছমা বেগম, আব্দুল্লাহ আল নোমান, কাজী বিল্লাল হোসেন ও নুসরাত শাহিন ইতি; কিশোরগঞ্জের অষ্টগ্রামের হানিফ মিয়া; রংপুরের জিয়াউর রহমান; চট্টগ্রামের রেজাউল করিম; খুলনার তাওহিদুল ইসলাম, সামিম সানা ও আবদুল হাই; নড়াইলের সাতবাড়িয়ার আওয়াল ফরাজি, রুবেল ফরাজি, মিনা বেগম, আলাউদ্দিন, রবিউল ইসলাম, রাকিবুল, আইয়ুব আলী ও রুহুল আমিন; যশোরের অভয়নগরের আরশাদ আলী; নীলফামারীর ডিমলার নুরুল ইসলাম, মিনা আক্তার, সহিদুল ইসলাম, মাসুদুর রহমান, রিপন মিয়া, ফেরদৌস ওয়াহেদ, আব্দুর রহিম, আব্দুস সালাম, মোহাম্মদ আলী শেখ ও মুরাদ মোল্লা।

সিআইডির সূত্র বলছে, যেসব ব্যাংক হিসাবে মুক্তিপণের অর্থসহ অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে, সেগুলোর মধ্যে জুয়েল আলীর ২৩টি হিসাব রয়েছে। এর মধ্যে তাঁর মালিকানাধীন জে কে এন্টারপ্রাইজের চারটি, মিতু গার্মেন্টসের আটটি এবং নিজের নামে ১১টি হিসাব রয়েছে। তাঁর একটি হিসাবে জমা হয়েছে ৮ কোটি ৩৩ লাখ ৪ হাজার ২৩১ টাকা। এর মধ্যে উত্তোলন করা হয়েছে ৮ কোটি ৩২ লাখ ৯ হাজার ৮৮২ টাকা।

তদন্ত সূত্র বলছে, তাঁতীবাজারের কাজী গোল্ড হাউস নামে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কাজী বিল্লালের নির্দেশে তাওহিদুল ইসলাম ও সামিম সানা সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের কাছ থেকে বিদেশি মুদ্রা গ্রহণ করতেন।

এরপর কাজী গোল্ড হাউসের মাধ্যমে প্রবাসীদের স্বজনদের কাছে মোবাইল ব্যাংকিং ও প্রচলিত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ পাঠানো হতো।

অভিযুক্ত ব্যক্তিরা লিবিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের মুক্তির বিনিময়ে অর্থ আদায়ের জন্য কয়েকটি ব্যাংকের নির্দিষ্ট হিসাব নম্বর ব্যবহার করেছেন। একই সঙ্গে লিবিয়ার মুদ্রা ও ডলার স্থানান্তরে হুন্ডির আশ্রয় নিয়েছেন। এসব লেনদেনে প্রতি এক লাখ টাকায় ৫০০ থেকে এক হাজার টাকা কমিশন দেওয়া হতো। অভিযুক্ত ব্যক্তিদের কেউ কেউ কমিশনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের ব্যাংক হিসাব ব্যবহারে তাদের প্ররোচিত করেছেন। সব মিলিয়ে তদন্তে ৩৪ অভিযুক্তের মালিকানাধীন ১৮টি প্রতিষ্ঠান অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে।

তদন্ত-সংশ্লিষ্ট সিআইডির একটি সূত্র বলছে, লিবিয়া ও দেশের বিভিন্ন এলাকায় আলাউদ্দিন-আওয়াল চক্রের সদস্যরা সক্রিয়। ১২ বছর আগে আলাউদ্দিন লিবিয়ায় যান। পরে আওয়ালের সঙ্গে মানব পাচারে যুক্ত হন। লিবিয়ায় ভুক্তভোগীদের আটকে রাখা, মুক্তিপণ আদায় এবং দেশের সদস্যদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করতেন আলাউদ্দিন।

সূত্রটি আরও বলছে, চক্রের সদস্যরা গ্রামে গ্রামে ঘুরে মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা নিতেন। পরে তাদের আওয়াল ও আলাউদ্দিনের কাছে লিবিয়ায় পাঠানো হতো। এরপর ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করত চক্রের সদস্যরা।

তদন্তে যুক্ত এক কর্মকর্তা বলেন, লিবিয়ায় শতাধিক ক্যাম্প রয়েছে। দীর্ঘদিন ধরে এসব ক্যাম্পে মানুষকে জিম্মি করে নির্যাতন করা হয়। জিম্মি ব্যক্তিদের পরিবারের কাছে ৫ লাখ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ নেওয়া হয়েছে।

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, তিন বছরে প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য

আগামী তিন বছরে ১১ লাখ ৪০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা (পিআর) গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা করেছে কানাডার ফেডারেল সরকার। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিটি বছর ৩ লাখ ৮০ হাজার করে নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

গত ৫ নভেম্বর প্রকাশিত ‘ইমিগ্রেশন লেভেলস প্ল্যান ২০২৭-২০২৯’-এ এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭, ২০২৮ ও ২০২৯—প্রতিটি বছরই সমানসংখ্যক স্থায়ী বাসিন্দা গ্রহণ করবে কানাডা।

ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডার (আইআরসিসি) নতুন পরিকল্পনায় অর্থনৈতিক অভিবাসনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। দক্ষ কর্মী, প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি) এবং অন্যান্য অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির মাধ্যমে অধিকাংশ নতুন স্থায়ী বাসিন্দা নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবার পুনর্মিলন, শরণার্থী ও মানবিক বিবেচনায় অভিবাসনের সুযোগও অব্যাহত রাখা হবে।

নতুন পরিকল্পনায় ফরাসিভাষী অভিবাসীদের জন্যও বিশেষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কুইবেক প্রদেশের বাইরে ফরাসিভাষী স্থায়ী বাসিন্দার হার ২০২৭ সালে ৯ দশমিক ৫ শতাংশ, ২০২৮ সালে ১০ দশমিক ৫ শতাংশ এবং ২০২৯ সালে ১২ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীদের সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অভিবাসন ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে কানাডা সরকার।

বিশ্লেষকদের মতে, নতুন পরিকল্পনায় দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতার বিষয়গুলো কানাডায় স্থায়ীভাবে বসবাসে আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

তবে সরকারের ঘোষিত ১১ লাখ ৪০ হাজার স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা কোনো আবেদনকারীর পিআর পাওয়ার নিশ্চয়তা নয়। প্রত্যেক আবেদনকারীকে সংশ্লিষ্ট অভিবাসন কর্মসূচির নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে। এ কারণে আবেদন করার আগে কর্মসূচির শর্ত যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং প্রয়োজনে কানাডার অনুমোদিত অভিবাসন পরামর্শকের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যারা ২৪-এ গণহত্যা চালিয়েছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: রাশেদ খাঁন

যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং ২০২৪ সালে গণহত্যা চালিয়েছে, তাদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর একাত্তরের রাজাকার ও ২০২৪ সালের রাজাকাররা এক হয়ে সরকারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বিএনপি সরকারকে ব্যর্থ করার চেষ্টা করলে তাদের সেই প্রচেষ্টাও ব্যর্থ করে দেওয়া হবে।

শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, পদে পদে রাষ্ট্রকে নিয়ে চক্রান্ত ও ষড়যন্ত্র করা হচ্ছে। অতীতে তারা সফল হয়নি, এখনো হবে না। একাত্তরের রাজাকার জামায়াতে ইসলামী এবং ২০২৪ সালের রাজাকার আওয়ামী লীগও ষড়যন্ত্র করে সফল হতে পারবে না।

শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর ভারত বাংলাদেশে আরেকটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল বলে দাবি করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ৩ নভেম্বর সেই চেষ্টা সফল হয়েছিল। তবে ৭ নভেম্বর বাংলাদেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছিল। তিনি ক্ষমতা দখল করেননি, বরং সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে জনগণ তাকে ক্ষমতায় বসিয়েছিল। বিএনপি জোর করে ক্ষমতায় বসেছিল বলে যারা দাবি করেন, তারা ইতিহাস বিকৃত করছেন এবং ইতিহাস জানেন না।

আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে একাত্তর ও ২০২৪ সালের রাজাকাররা চক্রান্তের চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, এত দিন জাতি ভুল ইতিহাস জেনেছে। এখন সত্য ও সঠিক ইতিহাস জানাতে হবে। ৭ নভেম্বর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহি-জনতার যে প্রতিরোধ ছিল, সেই ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছিল। মূলত দিনটি ছিল ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সিপাহি-জনতার বিপ্লব।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জ্যেষ্ঠ সহসভাপতি আক্তারুজ্জামান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। র‍্যালিটি শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইউক্রেনের সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলার দাবি রাশিয়ার

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় সামরিক-শিল্প খাত, জ্বালানি ও পরিবহন অবকাঠামোর বিভিন্ন স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতভর চালানো এ হামলায় কিয়েভের নর্দার্ন ব্রিজ, মেরিডিয়ান কারখানা এবং কয়েকটি বিদ্যুৎ ও শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কিয়েভের নর্দার্ন ব্রিজ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অস্ত্র, সামরিক সরঞ্জাম ও যানবাহন পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। এ ছাড়া মেরিডিয়ান কারখানায় ফ্ল্যামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়। হামলায় কারখানাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রুশ কর্তৃপক্ষ আরও জানায়, কিয়েভ অঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্র, একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং গোলাবারুদ তৈরির কারখানায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া ঝিতোমির অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও আঘাত হেনেছে রুশ বাহিনী।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, কৃষ্ণ সাগরে একটি কার্গো জাহাজেও হামলা চালানো হয়েছে। রাশিয়ার দাবি, জাহাজটিতে ইউক্রেনের জন্য সামরিক সরঞ্জাম ও দ্বৈত ব্যবহারের উপযোগী পণ্য পরিবহন করা হচ্ছিল।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার রাতের হামলায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, নর্দার্ন ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রাজধানীতে আবাসিক ভবন ও একটি কিন্ডারগার্টেনও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে, কিয়েভে অন্তত ছয়জন আহত হয়েছেন।

প্রথম সেঞ্চুরিকেই ডাবল, অবিশ্বাস্য কীর্তি হৃদয়ের

০

তাওহীদ হৃদয়ের ব্যাটে সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। জোমেল ওয়ারিক্যানের বলে মিড অনে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে ৩০৪ বলে দ্বিশতক পূর্ণ করেন তিনি। এতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন হৃদয়। মুশফিকুর রহিম (তিনটি), সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন তিনি।

১০১ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৩৪০। ৩১৪ বলে আট ছয় ও ১৯ চারে ২০৮ রানে ব‍্যাট করছেন হৃদয়। ৯ বলে ২ রানে খেলছেন তাসকিন। তাদের জুটিতে লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শুরু থেকেই কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে হয়েছে বাংলাদেশকে। ২২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলার দায়িত্ব নেন হৃদয়। একের পর এক উইকেট পড়লেও এক প্রান্ত আগলে রেখে খেলেছেন অসাধারণ ইনিংস। সতীর্থদের নিয়ে গড়েছেন গুরুত্বপূর্ণ জুটি, সামলেছেন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের চাপ।

তৃতীয় দিনের সকালে মুশফিকুর রহিমের সঙ্গে ব্যাটিং শুরু করেন হৃদয়। তবে দিনের প্রথম সেশনে মুশফিক ও লিটন দাসকে ফিরিয়ে বাংলাদেশকে আবার চাপে ফেলে দেন জোমেল ওয়ারিক্যান। এরপর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদও বেশিক্ষণ টিকতে পারেননি। একের পর এক উইকেট হারালেও হৃদয়ের ব্যাটে রান আসতে থাকে।

ছবি- ইউসুফ আলী

ছবি- ইউসুফ আলী

প্রথমে ১০৯ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি। এরপর ১৭১ বলে পূর্ণ করেন প্রথম সেঞ্চুরি। সেখানেই থেমে থাকেননি। শামার জোসেফ, রোস্টন চেইসদের বিপক্ষে কখনো সাবধানী, কখনো আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে যান তিন অঙ্ক পেরিয়ে। এক ওভারে চেইসকে দুটি ছক্কাও হাঁকান তিনি।

হৃদয়ের সঙ্গে দারুণ সঙ্গ দেন তাইজুল ইসলাম। অষ্টম উইকেটে দুজন গড়েন ১১৭ রানের জুটি। টেস্টে বাংলাদেশের অষ্টম উইকেটে এটি অন্যতম সেরা জুটিগুলোর একটি। ২২ রান করে তাইজুল স্টাম্পড হলে ভাঙে সেই জুটি। এরপরও থামেননি হৃদয়। লেজের ব্যাটসম্যানদের নিয়ে ইনিংস এগিয়ে নিতে থাকেন তিনি। একপর্যায়ে পাঁজরে বলের আঘাত পেলেও ব্যাটিং চালিয়ে যান।

দেড়শ রান পূর্ণ করার পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন হৃদয়। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ডও ছাড়িয়ে যান। শেষ পর্যন্ত ৩০৪ বলে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। পরের ওভারে বিশপের বলে ছক্কা মেরেছেন হৃদয়। সেই ছক্কায় তামিমকে ছাড়িয়ে গেছেন তিনি। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৮ ছক্কার মালিক এখন হৃদয়। তামিম ৭ ছক্কা মেরেছিলেন ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে

এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল মুশফিকুর রহিমের ২১৯ রান।

রাতে ঘুমাতে যাওয়ার আগে এলাচ খেলে মিলবে যেসব উপকারিতা

রান্নায় সুগন্ধ ও স্বাদ বাড়াতে এলাচের জুড়ি নেই। এটি ব্যবহারে মিষ্টি বা ঝাল খাবারের স্বাদ বদলে যায়। তবে শুধু রান্নার মসলা হিসেবেই নয়, স্বাস্থ্যের জন্যও এলাচের বেশ কিছু উপকারিতার কথা প্রচলিত রয়েছে। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি ছোট এলাচ চিবিয়ে খেলে শরীরের জন্য তা উপকারী হয়।

আয়ুর্বেদেও এলাচের নানাবিধ উপকারিতার কথা বলা হয়েছে। হজমের সমস্যা কমানো থেকে শুরু করে মুখের দুর্গন্ধ দূর করতে এলাচ বেশ উপকারী। রাতে ঘুমাতে যাওয়ার আগে এলাচ খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

হজমের সমস্যা কমাতে সাহায্য করে

অনেকেরই রাতের খাবার খাওয়ার পর পেট ভার, গ্যাস কিংবা অস্বস্তির মতো সমস্যা দেখা দেয়। এলাচে থাকা কিছু প্রাকৃতিক উপাদান হজমের প্রক্রিয়াকে স্বস্তি দিতে পারে বলে মনে করা হয়। খাবারের পর একটি এলাচ চিবিয়ে খেলে মুখের স্বাদ বদলানোর পাশাপাশি হজমের অস্বস্তিও কিছুটা কমতে পারে।

মন শান্ত রাখতে সহায়তা করে

এলাচের সুগন্ধ মনকে সতেজ করতে সাহায্য করে। আয়ুর্বেদে এলাচকে শরীর ও মনকে শান্ত রাখার ক্ষেত্রে উপকারী বলে মনে করা হয়। রাতে ঘুমাতে যাওয়ার আগে এলাচ চিবিয়ে খেলে তার সুগন্ধ ও স্বাদ থেকে কিছুটা প্রশান্তি মিলতে পারে।

দুখের দুর্গন্ধ দূর করতে ভূমিকা রাখে

এলাচকে প্রাকৃতিক মাউথ ফ্রেশনার বলা হয়। এর নিজস্ব সুগন্ধ মুখের দুর্গন্ধ ঢাকতে সাহায্য করে। বিশেষ করে রাতের খাবারের পর মুখে খাবারের গন্ধ থেকে গেলে একটি এলাচ চিবিয়ে খেতে পারেন। এতে মুখে সতেজ অনুভূতি আসতে পারে। তবে দাঁত ও মাড়ির পরিচ্ছন্নতা বজায় রাখার বিকল্প নয় এলাচ।

কীভাবে খাবেন এলাচ?

রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি ছোট এলাচের খোসা ছাড়িয়ে ভিতরের দানা চিবিয়ে খেতে পারেন। তবে অতিরিক্ত পরিমাণে খাওয়ার প্রয়োজন নেই। যাদের এলাচে অ্যালার্জি রয়েছে, তারা এটি এড়িয়ে চলবেন।

মনে রাখবেন: এলাচ একটি পরিচিত মসলা এবং পরিমিত পরিমাণে খাবারের অংশ হিসেবে খাওয়া যায়। তবে এটি কোনও রোগের ওষুধ নয়। কেউ যদি দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা বা হজমের সমস্যা ভোগেন তাহলে এর প্রকৃত কারণ খুঁজে চিকিৎসা করানো জরুরি।

ক্যাস্টর অয়েলের ৫ বিস্ময়কর ব্যবহার

স্বাস্থ্যগত উপকারিতার জন্য ক্যাস্টর অয়েল খুবই সমাদৃত। অনেকে হয়তো ক্যাস্টর অয়েলকে কেবল কোষ্ঠকাঠিন্য দূর করার ওষুধ হিসেবেই জানেন, কিন্তু এর আরও কিছু অসাধারণ ব্যবহার রয়েছে। যেমন-

পেশির ব্যথা কমায়: এই তেলটি উষ্ণ অবস্থায় শরীরে তরল পদার্থের সঞ্চালন বাড়াতে সাহায্য করে। পেশিতে মালিশ করার জন্য এটি দারুণ বিকল্প, কারণ এর উষ্ণতা পেশির টান বা আড়ষ্টতা কমাতে সাহায্য করে। আক্রান্ত স্থানে সামান্য পরিমাণ ক্যাস্টর অয়েল লাগিয়ে আলতো করে মালিশ করুন। এছাড়া, অন্যান্য তেলের সাথে মিশিয়েও এটি ব্যবহার করা যায়। যেমন- পেপারমিন্ট অয়েল বা ক্যামোমাইল অয়েলের কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েলের সাথে মিশিয়ে পেশিতে মালিশ করতে পারেন।

ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে: ক্যাস্টর অয়েলের উচ্চ ঘনত্বের কারণে এটি ময়েশ্চারাইজার হিসেবেও চমৎকার। ত্বকে লাগালে এটি দীর্ঘক্ষণ টিকে থাকে এবং ত্বকের গভীরে প্রবেশ করে ভেতর থেকে পুষ্টি জোগায়। যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর; এটি ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে।

ছত্রাকজনিত সংক্রমণ দূর করে: ক্যাস্টর অয়েলে শক্তিশালী ছত্রাকরোধী (ফাঙ্গিসাইডাল) গুণ রয়েছে। এ কারণেই এটি অ্যাথলেটস ফুট বা পায়ের আঙুলের ফাঁকে ছত্রাক সংক্রমণ, দাদ এবং কুঁচকির চুলকানির মতো বিভিন্ন ছত্রাকজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। সবচেয়ে ভালো দিক হলো, অন্যান্য ছত্রাকরোধী ওষুধের বিপরীতে ক্যাস্টর অয়েল ব্যবহারে সাধারণত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না।

চুলের রঙ ও উজ্জ্বলতা বাড়ায়: ক্যাস্টর অয়েল চুলের জন্যও অত্যন্ত উপকারী। যদি আপনার চুল নিষ্প্রভ ও উজ্জ্বলতাহীন হয়ে পড়ে, তবে ক্যাস্টর অয়েল ব্যবহার করলে খুব দ্রুত চুল ঘন ও গাঢ় রঙের দেখাবে। এর কারণ হলো, এই তেলটি একটি ‘হিউমেকট্যান্ট’হিসেবে কাজ করে, যা চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। গোসলের পর চুল শুকিয়ে নিন, এরপর এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল হালকা গরম করে আঙুলের সাহায্যে চুলে লাগিয়ে নিন। আপনার চুল লম্বা হলে, তেল লাগানোর আগে সেগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে নিন, যাতে প্রতিটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত তেল ভালোভাবে পৌঁছাতে পারে।

বলিরেখা কমায়: ত্বকের বলিরেখা কমাতে ক্যাস্টর অয়েল দারুণ কার্যকর। এটি ত্বকে কোলাজেন ও ইলাস্টিনের উৎপাদন বাড়িয়ে দেয়, যা বার্ধক্যের ছাপ পড়তে বাধা দেয়। ক্যাস্টর অয়েলের সবচেয়ে বড় গুণ হলো, এটি ত্বকের গভীরে প্রবেশ করতে পারে অথচ লোমকূপ বন্ধ করে দেয় না। এছাড়া, এটি ত্বকের দাগ ও ক্ষতচিহ্ন কমাতেও সাহায্য করে।

কানাডার থান্ডার বেতে ‘ট্যাপেস্ট্রি ২০২৬ গালা নাইট’

কানাডার অন্টারিও প্রদেশের থান্ডার বে শহরে অনুষ্ঠিত হয়েছে ট্যাপেস্ট্রি ইন্টারন্যাশনাল উইমেনস নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত ‘ট্যাপেস্ট্রি ২০২৬ গালা নাইট’। ‘অ্যান ইভিনিং অব এক্সপ্রেশনস’ শীর্ষক এই আয়োজনে প্রায় ২০০ অতিথির উপস্থিতিতে উদ্‌যাপিত হয় বহুসাংস্কৃতিক ঐতিহ্য, সৃজনশীলতা, বন্ধুত্ব ও সম্প্রীতি।

সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল দক্ষিণ এশীয় ঐতিহ্যভিত্তিক বিশেষ ফ্যাশন শো ‘ওয়ান ফ্যাব্রিক, কাউন্টলেস এক্সপ্রেশনস’। এ ছাড়া অনুষ্ঠানে ছিল ঐতিহ্যবাহী পোশাক, সংগীত, নৃত্য এবং বিভিন্ন দেশের খাবারের সমাহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থান্ডার বের তৎকালীন মেয়র কেন বশকফ এবং পরবর্তী সময়ে নবনির্বাচিত মেয়র মরিন (মো) কোমুজ্জি। এ ছাড়া শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিসহ নানা সাংস্কৃতিক পরিমণ্ডলের অতিথিরা এই আয়োজনে অংশ নেন।

সন্ধ্যার অন্যতম প্রধান আকর্ষণ দক্ষিণ এশীয় সাংস্কৃতিক ফ্যাশন শো’টির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ফ্যাশন ও জুয়েলারি ডিজাইনার, ‘আভরণ–ওয়্যারেবল আর্ট’-এর প্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে কাজের অভিজ্ঞতাসম্পন্ন সাবেক পেশাদার মডেল তাসমিয়া এমদাদ।

শাড়িকে কেবল একটি ঐতিহ্যবাহী পোশাক হিসেবে নয়, বরং নারীর পরিচয়, আবেগ, স্মৃতি ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতীক হিসেবে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল ভাবনা।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার শাড়ির ঐতিহ্য, আঞ্চলিক বৈচিত্র্য এবং নিজস্ব সাজসজ্জা ধরনকে কেন্দ্র করে সাজানো হয় পুরো পরিবেশনা। সংগীত, ফ্যাশন ও গল্পের সমন্বয়ে দর্শকদের সামনে উঠে আসে দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয়।

এই আয়োজনের মূল বার্তা ছিল-শাড়ি শুধু ছয় গজ কাপড় নয়; এর প্রতিটি ভাঁজে জড়িয়ে থাকে প্রজন্মের পর প্রজন্মের গল্প, স্মৃতি, ভালোবাসা ও ঐতিহ্য।

কখনো মায়ের কাছ থেকে মেয়ের হাতে তুলে দেওয়া অমূল্য উপহার, কখনো দাদী-নানীর স্মৃতিবিজড়িত শাড়ি, আবার কখনো উৎসব কিংবা বিশেষ জীবনের মুহূর্তের সঙ্গী-শাড়ির সঙ্গে দক্ষিণ এশীয় নারীদের এই আবেগঘন সম্পর্কই ফুটিয়ে তোলা হয় মঞ্চে। পাশাপাশি দেখানো হয় সময়ের সঙ্গে শাড়ির বিবর্তন এবং আধুনিক ফ্যাশনে এর নতুন রূপ।

গল্প, সংগীত ও ফ্যাশনের অনন্য মেলবন্ধন

ফ্যাশন শো’র সূচনা হয় জেনিফার আহমেদ নির্ঝরের বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘তাঁতি’-এর সঙ্গে এই পরিবেশনায় উঠে আসে শাড়ি বুননের ঐতিহ্য এবং তাঁতশিল্পীদের নিপুণ কারুকাজের প্রতি শ্রদ্ধা।

এরপর স্নিগ্ধা দাস ও রোদেলা মা-মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে এক আবেগঘন পরিবেশনার মাধ্যমে তুলে ধরেন প্রজন্ম থেকে প্রজন্মে শাড়ির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি, ভালোবাসা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতা।

মূল রানওয়ে পর্বে মডেলরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী শাড়ি ও সাজসজ্জার বৈচিত্র্য উপস্থাপন করেন। প্রতিটি পরিবেশনায় ফুটে ওঠে নিজস্ব সংস্কৃতি, বস্ত্রশিল্প ও ঐতিহ্যের স্বতন্ত্র সৌন্দর্য।

পরবর্তী পর্বে ছিল আধুনিক ও ফিউশন ফ্যাশনের বিশেষ উপস্থাপনা। সমসাময়িক পোশাকের সঙ্গে শাড়ির সৃজনশীল সমন্বয় দেখিয়ে তুলে ধরা হয় কীভাবে ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখেও নতুন প্রজন্মের ফ্যাশনে শাড়ি হয়ে উঠতে পারে আধুনিক ও বহুমাত্রিক।

ফ্যাশন শো’র সমাপনী আকর্ষণ হিসেবে রানওয়েতে উপস্থিত হন মিস আর্থ কানাডা ২০১৭ খেতাবজয়ী জ্যাকলিন মার্শ। শো-স্টপার হিসেবে তার আকর্ষণীয় উপস্থিতি ফ্যাশন শো’র সমাপনী পর্বকে করে তোলে বিশেষভাবে স্মরণীয়। সব মডেলের সম্মিলিত গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শেষ হয় এই বর্ণিল আয়োজন।

পরিচালকের ভাবনায় ফ্যাশনের মাধ্যমে গল্প বলা

ফ্যাশন শো’র পরিচালক তাসমিয়া এমদাদের কাছে এই আয়োজন ছিল ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে সৃজনশীলভাবে তুলে ধরার একটি প্রয়াস। তিনি বলেন, আমার কাছে ফ্যাশন শুধু সুন্দর পোশাক নয়, এটি গল্প বলার একটি শিল্পমাধ্যম। শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে আমাদের মা-নানী-দাদীদের স্মৃতি, ভালোবাসা ও শিকড়ের টান। আমি চেয়েছি সেই গল্পগুলো রানওয়েতে তুলে ধরতে এবং দেখাতে, কীভাবে একই ছয় গজ কাপড় বিভিন্ন সংস্কৃতি ও পরিচয়ের অসংখ্য অভিব্যক্তি হয়ে উঠতে পারে। থান্ডার বের মতো একটি বহুসাংস্কৃতিক শহরে সবার ভালোবাসা ও সহযোগিতায় এই স্বপ্ন বাস্তবায়িত হওয়া আমার জন্য সত্যিই বিশেষ অনুভূতি।

ফ্যাশন শো পরিচালক, ট্যাপেস্ট্রি ২০২৬ গালা নাইট

ফ্যাশন শো’টি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ট্যাপেস্ট্রির নেতৃত্বে থাকা ড. রূপা রক্ষিত এবং ফ্যাশন শো সমন্বয়ক স্নিগ্ধা। পাশাপাশি মডেল, শিল্পী ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টা আয়োজনটিকে সফল করে তোলে।

ট্যাপেস্ট্রি ইন্টারন্যাশনাল উইমেনস নেটওয়ার্ক

ট্যাপেস্ট্রি ইন্টারন্যাশনাল উইমেনস নেটওয়ার্ক থান্ডার বেভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যার মূল লক্ষ্য নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক বৈচিত্র্যের উদ্‌যাপন এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি গড়ে তোলা। সংগঠনটি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পটভূমি থেকে আসা নারীদের নিজেদের পরিচয়, অভিজ্ঞতা ও সংস্কৃতি তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।

অনুষ্ঠান প্রসঙ্গে সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান ড. রূপা রক্ষিত বলেন, আমাদের ‘অ্যান ইভিনিং অব এক্সপ্রেশনস’ ছিল সাংস্কৃতিক বৈচিত্র্য, বন্ধুত্ব ও সম্প্রীতির এক সুন্দর উদ্‌যাপন। বিভিন্ন পটভূমি থেকে আসা প্রায় ২০০ মানুষের অংশগ্রহণ আমাদের আবারও মনে করিয়ে দিয়েছে, পারস্পরিক সম্পর্ক ও একাত্মবোধ কতটা গুরুত্বপূর্ণ। বৈচিত্র্য আমাদের একত্র করে, কিন্তু মানবিকতাই আমাদের সত্যিকার অর্থে সংযুক্ত রাখে।

ফ্যাশনের গণ্ডি পেরিয়ে সাংস্কৃতিক সম্প্রীতির বার্তা

থান্ডার বে’র দর্শক, বিশিষ্ট অতিথি ও স্থানীয় কমিউনিটির কাছ থেকে ফ্যাশন শোটি ব্যাপক প্রশংসা পায়। শুধু পোশাকের প্রদর্শনী নয়, ‘ওয়ান ফ্যাব্রিক, কাউন্টলেস এক্সপ্রেশনস’ হয়ে ওঠে দক্ষিণ এশীয় ঐতিহ্য, নারীর সৃজনশীলতা এবং প্রজন্মের সঙ্গে প্রজন্মের সম্পর্ককে উদ্‌যাপনের এক অনন্য মঞ্চ।

ট্যাপেস্ট্রি ২০২৬ গালা নাইট আবারও প্রমাণ করেছে, শিল্প, ফ্যাশন ও সংস্কৃতি ভৌগোলিক সীমানা পেরিয়ে ভিন্ন পটভূমির মানুষকে একসূত্রে গাঁথতে পারে। কানাডার বহুসাংস্কৃতিক সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক পরিচিতি ও সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে এমন আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে।