ছয় বছরে তিন গুণ সম্পত্তি, সিনেমাপ্রতি কত পারিশ্রমিক নেন সারা
বলিউডে অভিষেকের পর সাত বছর পেরিয়েছে। এই সময়ে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও বিভিন্ন প্রচারমূলক কাজ থেকেও আয় বাড়িয়েছেন সারা আলি খান। একসময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি রুপি।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪১ কোটি রুপি। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে তার সম্পত্তির পরিমাণ বেড়েছে প্রায় তিন গুণ। অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নেন এই অভিনেত্রী, তা নিয়েও রয়েছে কৌতূহল।
২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় সারা আলি খানের। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন সাইফ আলি খানের মেয়ে।

সারা আলি খান। ছবি: ফেসবুক
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে সারার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি রুপি। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় আনুমানিক ২০ কোটি রুপিতে। ২০২৫ সালে সেই অঙ্ক ছিল প্রায় ২৪ কোটি রুপি। আর সাম্প্রতিক হিসাব বলছে, বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি রুপি।
অভিনয়ই সারার আয়ের প্রধান উৎস। ইন্ডাস্ট্রি-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। সিনেমার বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারমূলক কাজে অংশ নেন সারা। একটি প্রতিষ্ঠানের প্রচারের জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপি বলে জানা গেছে। ফলে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন থেকেও উল্লেখযোগ্য আয় করছেন এই অভিনেত্রী।
বিলাসবহুল গাড়ির প্রতিও আগ্রহ রয়েছে সারার। তাঁর গাড়ির সংগ্রহে রয়েছে মেরসিডিজ-বেঞ্জ জি-ক্লাস জি ৩৫০ডি ও জিপ কম্পাসের মতো দামি এসইউভি।

সারা আলি খান। ছবি: ফেসবুক
কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন সারা। বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করতে নিয়মিত নতুন সিনেমায় কাজ করছেন তিনি।
গত ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত স্পাই-কমেডি ঘরানার সিনেমা ‘উড়তা তীর’। করণ জোহর প্রযোজিত এই ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছেন সারা।
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আইজেনকোটের পক্ষে ৬০, নেতানিয়াহু ৪৬ ইসরায়েলে নির্বাচন
ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে গাদি আইজেনকোটের নাম সুপারিশ করতে যাচ্ছে আরবদের নেতৃত্বাধীন দল জয়েন্ট লিস্ট ও রাআম। রোববার দেশটির হিব্রু ভাষার গণমাধ্যম ওয়াল্লাকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন লিস্টের এক জ্যেষ্ঠ নেতা।
জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকের সময় আরব দলগুলো আইজেনকোটের পক্ষে থাকার ইঙ্গিত দিয়েছে। আগামী বুধবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে থেকে হারজগ আনুষ্ঠানিক ফলাফল গ্রহণ করবেন। এরপর তিনি নিজ বাসভবনে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।
রোববার এক অনুষ্ঠানে ইসরায়েলি প্রেসিডেন্ট রাজনৈতিক নেতাদেরকে ফলাফল মেনে নেওয়া এবং জোট সরকার গঠনের আলোচনায় নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কোনো পক্ষ অনড় অবস্থান নিলে দেশ নতুন করে নির্বাচন আয়োজনের পরিস্থিতিতে পড়বে।
হারজগ বলেন, ‘তাদের খোলা মন নিয়ে আসতে (বাসভবনে) হবে। একে অপরের কথা শুনতে হবে, ভাবনা বিনিময় করতে হবে। নতুন কোনো নির্বাচনের পরিস্থিতি এড়াতে সৃজনশীল সমাধান খুঁজে বের করতে হবে।’
৬০ বনাম ৪৬
ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট রোববার জানিয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক বুধবার শুরু হয়ে বৃহস্পতি এমনকি শুক্রবার পর্যন্ত গড়াতে পারে। আইন অনুযায়ী, আনুষ্ঠানিক ফল প্রকাশের সাতদিনের মধ্যে প্রেসিডেন্ট আলোচনার প্রক্রিয়া শেষ করে সরকার গঠনের জন্য একজনকে দায়িত্ব দেবেন।
যে নেতার প্রতি অন্য আইনপ্রণেতাদের সমর্থন বা সুপারিশ বেশি থাকে সাধারণত তাঁকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়। বর্তমান হিসাব অনুযায়ী, এ দায়িত্ব পেতে পারেন আইজেনকোট। আরব দলগুলোসহ তাঁর পক্ষে ৬০টি সুপারিশ থাকার ইঙ্গিত পাওয়া গেছে। চেঞ্জ ব্লকের শরিক ইসরায়েল বেইতেনু সুপারিশ করলে শেষ পর্যন্ত সংখ্যাটি বেড়ে দাঁড়াবে ৬৭।
অন্যদিকে, লিকুদ, ওতজমা ইহুদিত, শাস ও রিলিজিয়াস জায়োনিজমের কাছে থেকে বেনিয়ামিন নেতানিয়াহু ৪৬টি সুপারিশ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইউনাইটেড তোরাহ জুডাইজমের সাতটি আসনের অবস্থান এখনো অনিশ্চিত। ফলে দলটি আলোচনা চলাকালে কোনো পক্ষের দিকে নাও যেতে পারে।
তবে সবচেয়ে বেশি সুপারিশ পেলেই স্থায়ী সরকার গঠন নিশ্চিত হয় না। দায়িত্বপ্রাপ্ত নেতার পরবর্তী চ্যালেঞ্জ হবে রাজনৈতিক সমর্থনকে কার্যকর জোটে রূপ দেওয়া। যাতে পার্লামেন্টের (নেসেট) আস্থা ভোটেও জয় নিশ্চিত করা যায়।
তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দ্বীপকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রোববার রাজধানীর উত্তরখান থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, থানায় পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা দ্বীপকে জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে শনিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার মূল রহস্য উদ্ঘাটন, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আলামত উদ্ধারের জন্য দ্বীপকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আবেদনে উল্লেখ করা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে কে এম তাহসিফ সাউরিকে ডেকে নিয়ে বাইরে যান দ্বীপ। পরদিন বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ জানতে পারে, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ ভাসছে। পরে মরদেহের সুরতহাল তৈরির সময় পরনের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়। তিনি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি বলে জানা যায়।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, তাহসিফের পরিচয় শনাক্তের পর তার মৃত্যুর ঘটনায় করা মামলায় সন্দেহভাজন হিসেবে দ্বীপকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হয়।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দ্বীপের সঙ্গে বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় গত শুক্রবার দিবাগত রাতে তাহসিফের বাবা এনায়েতুল করিমের আবেদনের পরিপ্রেক্ষিতে উত্তরখান থানায় হত্যা মামলা করা হয়। ওই মামলায় দ্বীপকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
এবার জার্মানিতে জেন-জি বিক্ষোভ সহিংস, দোকানপাটে লুটপাট
জার্মানিতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। শনিবার রাতে দেশটির ফ্রাঙ্কফুর্ট শহরে মুখোশধারী বিক্ষোভকারীরা বিভিন্ন দোকানে লুটপাট চালিয়েছেন। এ সময় আরও কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে পুলিশ।
শনিবার জার্মানির বড় শহরগুলোতে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘জেন জেড রেগেল্ট’ (জেন-জিরাই দায়িত্ব নেবে) নামের একটি সংগঠনের উদ্যোগে দেশটির ৩৪টি শহরে এ কর্মসূচি পালিত হয়। বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ ছিল এর মধ্যে উল্লেখযোগ্য।
বিক্ষোভকারীদের দাবি, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হবে, জীবনযাত্রার ব্যয় কমাতে হবে এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগ বন্ধ করতে হবে। এ ছাড়া শিক্ষা, সামাজিক সেবা, সংস্কৃতি ও স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় কমানোরও প্রতিবাদ জানান তারা।
জার্মানির আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত ফ্রাঙ্কফুর্টে অন্তত দুটি দোকানে লুটপাট চালানো হয়েছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানান, আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে তৎপর হতে দেখা যায়।
_1793508663.jpg)
জার্মানির আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত ফ্রাঙ্কফুর্টে অন্তত দুটি দোকানে লুটপাট চালানো হয়েছে। ছবি: রয়টার্স
ফ্রাঙ্কফুর্ট পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, শহরের কেন্দ্রে সহিংস পরিস্থিতি অব্যাহত রয়েছে। কয়েকটি দোকানের জানালা ভাঙচুর করা হয়েছে। জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের লক্ষ্য করে পেট্রলবোমাও নিক্ষেপ করা হচ্ছে। এ অবস্থায় সাধারণ মানুষকে শহরের কেন্দ্রীয় এলাকা এড়িয়ে চলার অথবা সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানায় পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ ও বার্লিনে বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ১৮ হাজার। তবে আয়োজকেরা শুরুতে দেশজুড়ে ১ লাখ ৮২ হাজার মানুষের অংশগ্রহণের আশা করেছিলেন। তাদের ওয়েবসাইটে উল্লেখ করা প্রায় ৩৬ হাজার অংশগ্রহণকারীর তুলনায় পুলিশের হিসাব অর্ধেক।
জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের বিক্ষোভের বড় অংশই ছিল শান্তিপূর্ণ। তবে উগ্রপন্থী গোষ্ঠীগুলো এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করতে পারে বলে সতর্ক করা হয়েছে। হামবুর্গে কয়েকটি ব্যারিকেডে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
‘জেন জেড রেগেল্ট’-এর মুখপাত্র লিনা ফ্রিডরিখ শনিবার বার্লিনে বলেন, ‘যুদ্ধ ও জবরদস্তির পরিবর্তে শান্তি ও স্বাধীনতার জন্য আমরা এখানে এসেছি।’
তিনি আরও বলেন, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় আরও ভালো সহায়তা নিশ্চিত করাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধী এবং দায়িত্বের বোঝা সবার মধ্যে ন্যায্যভাবে বণ্টনের পক্ষে।
_1793508710.jpg)
জার্মানির কোলনে স্কুলে অর্থায়ন সংকট, শিক্ষা, সামাজিক সেবা, সংস্কৃতি ও স্বাস্থ্য খাতে ব্যয় কমানো, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের প্রতিবাদে ‘জেন জেড রেগেল্ট’ আয়োজিত দেশব্যাপী বিক্ষোভে অংশ নিয়েছেন মানুষ। ছবি: রয়টার্স
আতঙ্কে দোকানের জানালা বন্ধ
জার্মানির কয়েকটি শহরে বিক্ষোভ ঘিরে সহিংসতার আশঙ্কায় আগেভাগেই দোকানপাট বন্ধের প্রস্তুতি নেওয়া হয়। বার্লিনের অভিজাত কুরফুরস্টেনডাম বিপণিবিতান এলাকার কিছু দোকানের জানালা কাঠের পাটাতন দিয়ে বন্ধ করে দেওয়া হয়।
জার্মানির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির উগ্র বামপন্থী গোষ্ঠীর কিছু অংশ এবং বিদেশি উগ্রপন্থী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গোষ্ঠী আন্দোলনে সমর্থন জোগাড়ের চেষ্টা করেছে।
হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রোমান পোসেক বলেন, ফ্রান্সের বিক্ষোভে দোকানপাট লুটপাট, বাড়িঘরে আগুন, পুলিশের গাড়ি পোড়ানো এবং পুলিশ সদস্যদের ওপর হামলার দৃশ্য সবার মনে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে ফ্রান্সকে আদর্শ হিসেবে তুলে ধরা উচিত নয়।
অন্যদিকে মিউনিখের সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ১৮ বছর বয়সী স্টিভের। তিনি জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের উদ্দেশে বলেন, সরকারের পক্ষ থেকে তাদের উদ্বেগের কোনো সমাধান দেওয়া হয়নি। বরং ব্যয় সংকোচন ও সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ অব্যাহত রয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সমাবেশ করার সাংবিধানিক অধিকার প্রয়োগ করে যাবেন।
জার্মানিতে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর চেষ্টা চলছে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত মানুষের সংখ্যা বাড়া এবং কর্মক্ষম জনগোষ্ঠী কমে যাওয়ায় পেনশন ও সরকারি সেবা খাতেও চাপ তৈরি হয়েছে।
তবে আন্দোলনটি কতটা প্রকৃত অর্থে তরুণদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, এতে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের অংশগ্রহণ রয়েছে। দেশটির জাতীয় স্কুলশিক্ষার্থী সংগঠন বিএসকে এই উদ্যোগ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। তারা আগামী ২০ নভেম্বর আলাদা বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে।
বার্লিনের টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শন বেকারও শনিবারের বিক্ষোভে অংশ নেওয়ার কথা জানান। বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর বেহাল অবস্থা তুলে ধরাই তার উদ্দেশ্য। রয়টার্সকে তিনি বলেন, ভবনের ভেতরে প্রবেশ করলে পরিত্যক্ত বাড়ির মতো মনে হয়। অথচ শিক্ষার্থীদের নিয়মিত সেখানে পড়াশোনা করতে হচ্ছে।
জামায়াত জোটের লংমার্চ গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে প্রশ্ন
গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কিনা– জাতি তা পরিষ্কার জানতে চায়। কানেকটিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না।’
১১ দলের নেতারা অভিযোগ করেছেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাপানের সঙ্গে যে চুক্তি হচ্ছে, তাতে আদতে কক্সবাজার থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে করিডোর দেওয়া হবে। এই চুক্তি মানবে না জামায়াত জোট।
গণভোটের ফল বাস্তবায়নসহ সাত দফা দাবিতে গতকাল শনিবার ঢাকা থেকে মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত ৪১০ কিলোমিটার দীর্ঘ লংমার্চ করে জামায়াত জোট। সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সমাবেশ থেকে শুরু হওয়া লংমার্চ রাতে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে দেড় হাজারের মতো গাড়ি অংশ নেয়। পথে পথে হয় পথসভা। পুরো পথে রাস্তার দুই পাশে ছিলেন জামায়াত এবং জোটের শরিক দলের নেতাকর্মীরা।
প্রতারণা করে সরকার পার পাবে না
গতকাল সকালে রাজধানীর গুলিস্তান, জিপিও এলাকায় জমায়েত হন জামায়াতের হাজারো নেতাকর্মী। ১১ দলের শরিকদের মধ্যে খেলাফতের কিছু নেতাকর্মী ছিলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের সময়কার গণহত্যার বিচার, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি; দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ সাত দফা দাবিতে লংমার্চ করছে জামায়াত জোট। ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম ও ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করেছিল তারা। আগামী ২১ নভেম্বর হবে সিলেট অভিমুখে লংমার্চ।
খুলনা বিভাগ অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে শফিকুর রহমান জাপানের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন তোলেন। ভারত ও আওয়ামী লীগের সম্পর্কের প্রতি ইঙ্গিত করে তিনি বিএনপি সরকারের উদ্দেশে বলেন, ‘অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি তারা এখন ভোগ করছে। তাদের তো দিদি-দাদা ছিল, আপনাদের কে আছে? জনগণের সঙ্গে প্রতারণা করে পার পাবেন না।’
সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে অলি আহমদ বলেন, ব্যবস্থা ভালো না থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না। মামুনুল হক বলেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে গাদ্দারি করছে। জনগণকে অসম্মান করছে।
যশোরের মুড়লী মোড়ে লংমার্চে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, বিএনপি সরকার আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে।
যশোরে হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি সরকার যদি ক্রসফায়ার দেওয়া শুরু করে, তাহলে নিজের দলে আর লোক খুঁজে পাবে না। বিএনপির সবাই চাঁদাবাজি করে না– এটা যেমন সত্য। আবার যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপি– এটিও তেমন সত্য।
এনসিপির শীর্ষ নেতারা ছিলেন না
১১ দলের শীর্ষ নেতার লংমার্চে অংশ নিলেও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ছিলেন না। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, আবদুল হান্নান মাসউদ এবং যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মুস্তাফিজ পথসভায় যোগ দেন। ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে কারচুপির অভিযোগ তোলার পর বিএনপি প্রার্থীর হাতে মিষ্টি খাওয়ায় জামায়াতের সমালোচনাও করেন হাসনাত।
এনসিপি সূত্র জানিয়েছে, দলটি জামায়াত নিয়ন্ত্রিত– এমন সমালোচনাকে ভুল প্রমাণে জোটের কর্মসূচিতে সক্রিয়তা কমাচ্ছে। নিজস্ব কর্মসূচি নিয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
লংমার্চে ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, নেজামে ইসলাম পার্টির আমির আব্দুল কাইয়ুম ছোবহানী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ জামায়াতের কেন্দ্রীয় নেতা এবং সংসদ সদস্যরা বক্তৃতা করেন।
লংমার্চের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১
সাতক্ষীরা প্রতিনিধি জানান, লংমার্চের একটি বাস এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে খাদে পড়ে গেছে। ওই বাসের ধাক্কায় আব্দুল খালেক (৬৫) নামে একজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় আহত হন বাসের চালকসহ ১০ জন যাত্রী।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সাতক্ষীরার তালা উপজেলার চারা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল খালেক তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আফতাব মোড়লের ছেলে।
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে আজও পোশাক শ্রমিকদের অবরোধ
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরিপোশাক কারখানার শ্রমিকরা।
রোববার সকাল আটটার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে সংশ্লিষ্ট এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, আজকে সকালেও মিরপুর ১০ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকরা নেমেছে। তারা সড়ক অবরোধ করে তাদের দাবি জানাচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একই দাবিতে গতকাল শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাক শ্রমিককেরা। সড়ক অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত মিরপুর ১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে শ্রমিকেরা মিরপুর ১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ছাড়া কালশী এলাকায় একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।
এদিকে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ মজুরি বোর্ড গঠন করা হবে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ কথা বলেছেন। গতকাল শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।
টঙ্গীতে ইয়াবা তৈরির ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ১
গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির একটি ল্যাবের সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ পাগাড়ের আলেকের টেক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ল্যাবের মালিক নজরুল ইসলাম বাপ্পিকে গ্রেপ্তার করেছে। এ সময় ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নজরুল পাগাড় এলাকার তাইজুল ইসলামের ছেলে। তিনি কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফেরার পর মাদকাসক্ত হয়ে পড়েন বলে স্থানীয়রা জানায়।
পুলিশ জানায়, অনলাইনে তথ্য সংগ্রহ ও পড়াশোনা করে ইয়াবা তৈরির প্রক্রিয়া শেখার চেষ্টা করছিলেন বাপ্পি। তবে ল্যাবটিতে এখনো উৎপাদন কার্যক্রম শুরু হয়নি।
অভিযানের সময় বাপ্পি পুলিশকে জানান, তিনি ছয় মাস ধরে সেখানে কাজ করছেন। তবে এখনো ইয়াবা উৎপাদন শুরু হয়নি, এমনকি পরীক্ষামূলক কার্যক্রমও সম্পন্ন হয়নি। অনলাইনে বিভিন্ন তথ্য দেখে তিনি এ বিষয়ে জানার চেষ্টা করছিলেন।
পুলিশ জানায়, ল্যাবটিতে কতটুকু উৎপাদনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, কী পরিমাণ মাদক তৈরির পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে এসব বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ল্যাবটিতে বিভিন্ন রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি পাওয়া গেছে। এগুলো ব্যবহার করে ইয়াবা তৈরির পরিকল্পনা চলছিল। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।
দেশে মাসব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু ১ ডিসেম্বর ময়মনসিংহে সংস্কৃতি প্রতিমন্ত্রী
১ ডিসেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী বা বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। এ উৎসবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য-সংগীতের পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি এবং তরুণ প্রজন্মের ব্যান্ড সংগীতকে একমঞ্চে তুলে ধরা হবে।
শুক্রবার রাতে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে জেলা প্রশাসন আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী ‘লোকজ সাংস্কৃতিক মেলা’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এসব কথা বলেন।
ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের গ্রাম ও শহরে হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক উপাদানগুলো পুনরুজ্জীবিত করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিকশিত ও গতিশীল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। একটি গাছ যেমন পরিচর্যা, সার-পানি ও সুরক্ষা ছাড়া বড় হতে পারে না, তেমনি পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা ছাড়া সংস্কৃতির বিকাশ সম্ভব নয়।’

ময়মনসিংহে নজরুল বর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী ‘লোকজ সাংস্কৃতিক মেলা’
বর্তমান সংস্কৃতি খাতের চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতি বর্তমানে একটি বিপন্ন সময় পার করছে। পাহাড়, সমতলের সংস্কৃতিসহ দেশের সামগ্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের যথাযথ পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে আমাদের সংগীত, নৃত্য, কবিতা ও লোকজ সংস্কৃতির অনেক ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে।
জাপানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাপানে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাপান যুবদলের উদ্যোগে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন জাপান যুবদলের রাজিব জামান, মাইনুল ইসলাম সোহেল, গিয়াস উদ্দিন রনি, নজরুল ইসলাম রিজভী ও বাবলু জিয়া মৃধাসহ সংগঠনের পদপ্রত্যাশী নেতারা।
অনুষ্ঠানে অতিথি ও জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাপান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুদ্র, কানসাই বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক খন্দকার এবং যুবদল নেতা এস এম ইমরান হোসেন। এ ছাড়া সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে যুবদলের ইতিহাস, আন্দোলন-সংগ্রামে সংগঠনটির অবদান, সাংগঠনিক ঐক্য জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা প্রবাসে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।


