Home Blog Page 8

আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষিত ঢাকা-সিলেট রেলমার্চ বাতিল হতে পারে। গণভোটের রায় অনুযায়ী সাংবিধানিক সংস্কারের দাবিতে লংমার্চ কর্মসূচির পরিবর্তে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে ধারাবাহিক সভা হতে পারে। গঠন করা হবে সংস্কার বাস্তবায়ন জাতীয় কমিটি। ঢাকায় একটি বড় জনসমাবেশও করতে পারে জোটটি।
১১ দলীয় সূত্র সমকালকে এসব তথ্য জানিয়েছে। এ সূত্রটি জানায়, গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর এবং ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ করে জামায়াত। আগামী ২১ নভেম্বর ঢাকা-সিলেট রেলমার্চ করার পরিকল্পনা ছিল। তবে ওই দিন সশস্ত্র বাহিনী দিবস। জোটের শরিক দলের শীর্ষ নেতারা সেদিন যোগ দিতে পারেন সেনানিবাসের অনুষ্ঠানে। এ কারণে কারণে রেলমার্চ করা সম্ভব না।

জোট সূত্র আরও দুটি কারণ জানিয়েছে। প্রথম কারণ হলো, জোটে টানাপোড়েন। এনসিপি লংমার্চে আগ্রহী নয়। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ায়, জোটের আরও কয়েকটি শরিক জামায়াতেরও ক্ষুব্ধ। এটিও ঢাকা-সিলেট রেলমার্চ না করার কারণ।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তাঁর এই বক্তব্যকে রাজনৈতিক বাগাড়ম্বর হিসেবে দেখলেও ডিসেম্বরেও লংমার্চের মতো কর্মসূচি দেওয়া হবে না জানিয়েছেন ১১ দলীয় জোটের নেতারা। একাধিক নেতা বলেছেন, লংমার্চের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হয়। ডিসেম্বর মাসে ঢাকা খালি করে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে লংমার্চ সম্ভব না, আসলেই যদি কোনো পরিস্থিতির উদ্ভব হয় আশঙ্কায়।
তবে কোনো নেতাই প্রকাশ্যে লংমার্চ বাতিলের কথা স্বীকার করেননি। ১১ দলের সমন্বয়ক এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ঢাকা-সিলেট লংমার্চ ট্রেনে করার পরিকল্পনা ছিল। একই সময়ে একাধিক ট্রেন পাওয়া কঠিন বিষয়। আবার ট্রেন পেতে সরকারের সহযোগিতার
বিষয় রয়েছে। লংমার্চ বাতিলের সিদ্ধান্ত হয়নি। আবার লংমার্চ ২১ নভেম্বরেই হচ্ছে– এমন সিদ্ধান্তও হয়নি।

জামায়াতের জোটে থাকলেও এনসিপির 
শীর্ষ নেতারা ঢাকা-খুলনার লংমার্চে অংশ নেননি। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি সংস্কারের দাবিতে জোটের কর্মসূচিতে অংশ নেবে। সংসদে জোটবদ্ধ থাকবে। অন্যান্য ইস্যুতে নিজস্ব কর্মসূচি বাস্তবায়ন করবে।
গত ২৭ অক্টোবর রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়, সংস্কারের দাবি আদায়ে একটি বাস্তবায়ন কমিটি করা হবে। এতে ১১ দলের নেতা ছাড়াও বাইরে থেকে সদস্য অন্তর্ভুক্ত করা হবে। এই কমিটি সব শ্রেণি-পেশার সঙ্গে মতবিনিময় করবে। এ প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেছেন, শিগগির আরেকটি শীর্ষ বৈঠক হতে পারে। সেখানে বিস্তারিত আলোচনা হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। রাষ্ট্রীয়ভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে। পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বিএনপি ক্ষমতায় আসার পর দিবসটি আবার সরকারি ছুটির দিন হিসেবে তালিকাভুক্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন-সংক্রান্ত সরকারি নির্দেশিকায় দিনটিকে আনুষ্ঠানিকভাবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর জাতীয়ভাবে পালন করা হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সারাদেশে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ-সংক্রান্ত পরিপত্রে বলা হয়েছে, দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এ ছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশন ও দূতাবাসেও একইভাবে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা কার্যকর থাকবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ নভেম্বর দেশে সাধারণ ছুটি থাকবে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এ ছুটির আওতায় থাকবেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সব তপশিলি ব্যাংকও ওই দিন বন্ধ থাকবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতি, বৈষম্য ও সব ষড়যন্ত্রের অবসান ঘটাতে হবে।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল। সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব চক্রান্ত রুখে দিয়েছিল। দেশের ইতিহাসে ঐতিহাসিক দিনটি ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন।

তিনি আরও বলেন, যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে চেয়েছিল, জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হরণ করে দেশে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল এবং দেশের শৌর্য, বীর্য, সাহস ও সম্মানের প্রতীক সেনাবাহিনীর গৌরব ভূলুণ্ঠিত করতে চেয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছিল।

৭ নভেম্বরের প্রেক্ষাপট
১৯৭৫ সালের ১৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনকে পাল্টে দিতে ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থান হয়। কয়েক দিনের জন্য সরকারশূন্য অবস্থায় পড়ে যায় বাংলাদেশ। সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান অভ্যুত্থানকারীদের কাছে গৃহবন্দি হয়ে পড়েন। ৬ নভেম্বর মধ্যরাতের পর বিপ্লবী সৈনিকদের কামানের গোলার গর্জন সব চক্রান্ত ছিন্নবিচ্ছিন্ন করে দেয়। সকালে ঢাকার রাজপথে ট্রাকে ট্রাকে সৈনিকরা আকাশের দিকে গুলিবর্ষণ করে তাদের বিজয়ের কথা জানান দিতে থাকেন। জনগণও আনন্দ মিছিলে যোগ দেয়। সেনা ট্যাঙ্কে ফুলের মালা পরিয়ে জনগণ সিপাহি বিপ্লবকে অভিনন্দন জানাতে থাকে।

১৯৭৬ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত দিবসটি ছিল সরকারি ছুটির দিন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা বাতিল করা হয়। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে আবার এই দিনে সরকারি ছুটি বহাল করা হয়। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশজুড়ে জরুরি আইন জারি এবং ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ২০০৬ সালের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ওই বছর দিনটিতে সরকারি ছুটি বহাল ছিল। পরের বছর ২০০৮ সালে তা ছিল না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার প্রেক্ষাপটে ২০০৯ সাল থেকে দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হয়নি।

জাতীয় এই দিবসটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ভিন্ন ভিন্ন নামে অভিহিত। বিএনপিসহ দেশের বেশির ভাগ রাজনৈতিক দল একে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ বললেও বিগত বছরগুলোতে আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করে।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। বিএনপিসহ জামায়াতে ইসলামী, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এই দিবসটিকে জাতীয়ভাবে পালনের আহ্বান জানায়।

সরকারি কর্মসূচি 
দেশের সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন ও পৌরসভার উদ্যোগে প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা দিয়ে সাজানো হবে। জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় দেশের সব মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হবে। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এ ছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুসদন, কিশোর সংশোধনী কেন্দ্র, শান্তি নিবাস ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। দেশের সব শিশু পার্ক শিশুদের জন্য দিনব্যাপী বিনা টিকিটে উন্মুক্ত থাকবে।

নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা। বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান। সিনেমা হল ও ভ্যানযোগে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশাত্মবোধক গানের আসর বসবে। জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিশেষ স্মারক আলোচনা সভা হবে। সশস্ত্র বাহিনীর উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, প্রীতিভোজ ও বিশেষ দরবারের আয়োজন করা হবে। বাংলাদেশ ক্যাডেট কোরের তত্ত্বাবধানে ঢাকার আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কোস্টগার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, এনটিএমসি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদরদপ্তরে মিলাদ মাহফিল, প্রীতিভোজ ও বিশেষ দরবারের আয়োজন করা হবে।

বিএনপির কর্মসূচি 
দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৫  থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে, ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

একই দিন বেলা ১১টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতাকর্মী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

আজ বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। জেলা ও মহানগর পর্যায়েও বিএনপির উদ্যোগে র‌্যালি হবে। এ ছাড়া আগামীকাল সারাদেশের থানা ও উপজেলা পর্যায়ে র‌্যালি হবে। দিবসটি উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে তিনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও হুইপ নুরুল ইসলাম মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও বিশেষ মোনাজাত শেষে তিনি কুচকাওয়াজে অংশ নেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতেরা উপস্থিত রয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) তিন হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য।

বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৪ নারী

বগুড়ার সোনাতলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটকের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ সময় পুলিশের পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমন (৩৬)-এর বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার সকালে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ে তাকে গ্রেপ্তার করতে যান। পরে পুলিশ সদস্যরা সুমনকে আটক করে পিকআপে তোলার সময় স্থানীয় কয়েকজন তাদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ সদস্যদের মারধর করে সুমনকে ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করেন।

খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রপ্তানির দ্বিগুণ প্রবৃদ্ধি আমদানিতে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানির তুলনায় আমদানিতে দ্বিগুণের বেশি প্রবৃদ্ধি হয়েছে। এর প্রভাব পড়েছে বাণিজ্য ঘাটতির ওপর। দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৪৭ কোটি ডলারে উঠেছে। আগের বছরের একই সময়ে যা ছিল ৫৭১ কোটি ডলার। এ সময়ে আমদানিতে সবচেয়ে বেশি ব্যয় বেড়েছে পেট্রোলিয়াম পণ্যে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১০৫ শতাংশ। এর পরে রয়েছে ভোগ্যপণ্য। সব মিলিয়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাব ও সামগ্রিক লেনদেনে বড় অঙ্কের ঘাটতি তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ের বৈদেশিক লেনদেন ভারসাম্য প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আমদানিতে ব্যয় হয়েছে এক হাজার ৯৩৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৫ দশমিক ১০ শতাংশ বেশি। এ সময়ে রপ্তানি আয় হয়েছে এক হাজার ১৮৬ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৭ শতাংশ।
এমনিতেই বাংলাদেশের রপ্তানির তুলনায় আমদানি ব্যয় বেশি হয়। এর মধ্যে সাম্প্রতিক পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানির দর অনেক বেড়ে গেছে। যে কারণে বৈদেশিক মুদ্রাবাজারে চাপ তৈরি হয়েছে। গত কয়েক দিনে অনেক বেড়ে আন্তঃব্যাংকে ডলারের দর ১২৪ টাকা ৩৫ পয়সায় উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম ত্রৈমাসিকে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে খরচ হয়েছে ৪২২ কোটি ডলারের বেশি। আগের অর্থবছরের একই সময়ে এ খাতে যেখানে ব্যয় ছিল ২০৬ কোটি ডলারের কম। ভোগ্যপণ্য আমদানিতে খরচ ২৬ দশমিক ৫০ শতাংশ বেড়ে ১৪০ কোটি ডলার হয়েছে। প্রাথমিক পণ্যের আমদানি প্রায় ২৩ শতাংশ বেড়ে এক হাজার ৩৫৯ কোটি ডলারে উঠেছে। তবে আরএমজি সংশ্লিষ্ট পণ্যের আমদানি মাত্র ২ দশমিক ৭০ শতাংশ বেড়ে ৪৬১ কোটি ডলার ব্যয় হয়েছে। তবে মূলধনি পণ্যের আমদানি ১৩ দশমিক ৬০ শতাংশ কমে ২৪৬ কোটি ডলারে নেমেছে। অন্য পণ্যে বেড়েছে ১১ দশমিক ৩০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বৈদেশিক মুদ্রা আয়ের আরেক প্রধান উৎস রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধি আছে। তবে বৈদেশিক মুদ্রা ব্যয় বৃদ্ধির তুলনায় তা কম। প্রথম তিন মাসে রেমিট্যান্স এসেছে ৮৫৯ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৩ দশমিক ৩০ শতাংশ বেশি।
এরপরও চলতি হিসাবে ঘাটতি তৈরি হয়েছে ১৩৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল মাত্র ৮২ কোটি ডলার। এ সময়ে আর্থিক হিসাবে উদ্বৃত্ত কমে মাত্র ৩২ কোটি ডলারে নেমেছে। গত বছরের একই সময়ে উদ্বৃত্ত ছিল ১৮০ কোটি ডলার। প্রথম তিন মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ এক কোটি ডলার কমে ৩৫ কোটি ডলারে নেমেছে। অন্য বিনিয়োগ আগের ১৪৮ কোটি ডলার থেকে কমে মাত্র চার কোটি ডলারে নেমেছে।

প্রথম ত্রৈমাসিকে বিদেশি ঋণও কমেছে ব্যাপকভাবে। মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ আগের অর্থবছরের ১০৪ কোটি ডলার থেকে কমে মাত্র ৫৪ কোটি ডলারে নেমেছে। অন্য দীর্ঘমেয়াদি নিট ঋণ ঋণাত্মক ১৭ কোটি ডলারে নেমেছে। আগের অর্থবছরের প্রথম তিন মাসে যা প্রায় আট কোটি ডলার ছিল। অবশ্য ট্রেড ক্রেডিট আগের ১০৮ কোটি ডলার থেকে বেড়ে ১৩৪ কোটি ডলারে উঠেছে।
সব মিলিয়ে সামগ্রিক লেনদেন ভারসাম্যে ১১৬ কোটি ডলার ঘাটতি দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে যেখানে উদ্বৃত্ত ছিল ৮৫ কোটি ডলার। এ রকম পরিস্থিতিতে দীর্ঘদিন ডলারের দর স্থিতিশীল থাকার পর গত কয়েক দিনে বাড়ছে। গত তিন দিন ধরে আন্তঃব্যাংকে ডলার বিক্রি হয়েছে ১২৪ টাকা ৩৫ পয়সা। এর আগের দুই দিন বিক্রি হয় ১২৪ টাকা ৩০ পয়সা। এর আগে গত অক্টোবরের শুরুতে ডলারের দর ১২৩ টাকা ছিল। সেখান থেকে বাড়তে বাড়তে অক্টোবরের শেষ কর্মদিবসে ১২৩ টাকা ৯৯ পয়সা হয়। আওয়ামী লীগ পতনের পর থেকে দেড় বছর আন্তঃব্যাংকে ডলারের দর ১২১ থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে স্থিতিশীল ছিল।

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বুধবার ১০ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে বিক্রি করা হয় আরও ১২ কোটি ২০ লাখ ডলার। এর আগে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত তিন বছর রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। যে কারণে ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলারের ঘর পেরোনো বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে নেমে আসে। সেখান থেকে বেড়ে গত ২৯ জুন ৩৭ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। গত জুলাইয়ের প্রথম সপ্তাহে আরও বেড়ে হয় ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। তা আবার কমে গতকাল ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে নেমেছে।

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের নারী কর্মীদের হাঁড়ি-পাতিল মিছিল

সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর। এতে দলটির নারী নেতাকর্মীরা হাঁড়ি-পাতিল নিয়ে অংশ নেন। সিলিন্ডারের কাট-আউট নিয়ে বিক্ষোভ করেন তারা। খালি সিলিন্ডার রেখে সমাবেশ করে বিক্ষোভ দেখায় জামায়াত।

আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তর বাড্ডায় এ বিক্ষোভ মিছিল হয়। এতে নেতৃত্ব দেন মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। মিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন, দুই বছর তেল-গ্যাসের দাম বৃদ্ধি না করার ওয়াদা দিয়ে ক্ষমতায় আসা বিএনপি আট মাসে গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে ৭০০ টাকা। এক হাজার ৩০০ টাকার গ্যাসের দাম দুই হাজার টাকা হয়েছে।

সেলিম উদ্দিন বলেন, মানুষের আয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সামঞ্জস্য নেই। দফায় দফায় জ্বালানি তেল, বিদ্যুত, গ্যাসের দাম বাড়ছে। কিন্তু মানুষের আয় সেই অনুপাতে বাড়ছে না। দেশের জনগণকে অস্তিত্বসংকট ও অনিরাপত্তার মধ্যে রেখে উন্নয়নের ফানুস উড়ানো যাবে না। কৃষক ও শ্রমিক ও মা বোনদের মুখে হাসি ফোটাতে হবে এবং আয় ব্যয়ের সামর্থ্যের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সবকিছু রাখতে হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশ পরিচালনা এত সহজ বিষয় নয়। আপনারা দেশ চালাতে পারছেন না। কার্ড বিতরণ করেন আর যা ই করেন, এসব দিয়ে জনগণকে বোঝাতে পারবেন না। জনগণকে ক্ষুব্ধ করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

সরকার শ্রমিকদের ওপর অবৈধ বলপ্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন সেলিম উদ্দিন। তিনি বলেন, শ্রমিক ভাই-বোনেরা তাদের মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছেন। তারা কি অন্যায় করেছেন? বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কষ্ট বুঝলে শ্রমিকদের ওপর লাঠিচার্জ করতেন না। একজন শ্রমিক ভাইকে জীবন দিতে হতো না। শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে। শ্রমিকদের হয়রানি ও ছাঁটাই বন্ধ করতে হবে। বেতন যথাসময়ে পরিশোধ করতে হবে।

শ্রমিকদের উদ্দেশ্যে সেলিম উদ্দিন বলেন, আপনাদের আন্দোলন ন্যায্য। কিন্তু গাড়ি ভাঙচুর কিংবা কারখানায় আগুন দেওয়ার মতো কাজ করে তৃতীয় পক্ষ যেন আপনাদের ব্যবহার করতে না পারে। ন্যায্য দাবিকে জনসমর্থন থেকে দুর্বল করে দিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। জামায়াত শ্রমিকদের পাশে আছে।

সমাবেশে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান, মহানগরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ। মিছিল বিভিন্ন সড়ক ঘুরে বাড্ডা ইউলুপের সামনে এসে শেষ হয়।

মেজর আখতারের ছেলের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জামায়াত আমিরের

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা শাহরিয়ার জামানের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শাহরিয়ার জামানকে দেখতে গিয়ে বৃহস্পতিবার এ দাবি জানান তিনি। শাহরিয়ার মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলে। গত বুধবার কিশোরগঞ্জে তার ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

ডা. শফিকুর রহমান বলেন, আখতারুজ্জামান এলাকায় খেলাধুলার জন্য বড় মাঠ করে দিয়েছেন। কিছুদিন ধরে মাদকচক্রের সদস্যরা সেখানে গিয়ে উৎপাত করছিলেন। শাহরিয়ার তাদের আগে সতর্ক করেছিলেন। তার অভিযোগ, মাদকসেবীরা রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয় পান।

মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদের কারণে হামলা হয়ে থাকলে প্রশাসনের ব্যবস্থা নেওয়া দায়িত্ব বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘কিন্তু রহস্যজনক কারণে মামলা নেওয়া হচ্ছে না।’

মেজর (অব.) আখতারুজ্জামানের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, বিমানবন্দরে অনিয়ম, অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও এক কর্মকর্তাকে মারধরের মামলা করা হয়েছিল। ওই মামলায় তাঁকে এক মাস কারাগারে থাকতে হয়।

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হাতকড়া, ভেস্ট ও হেলমেট পরিয়ে আদালতে তোলা হয়েছিল, যা মানবতার প্রতি অবজ্ঞা ও উপহাসের শামিল।

ডা. শফিকুর রহমান বলেন, আখতারুজ্জামানের প্রতিবাদকে স্বীকার না করে সরকার ‘নোংরামি’ করেছে। তাঁর ছেলের ওপর হামলার সঙ্গে আগের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা তিনি জানেন না। তবে দ্রুত মামলা গ্রহণ করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ সময় মেজর (অব.) আখতারুজ্জামানসহ জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।