Home Blog Page 9

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৪ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ২৭৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৬ হাজার ৭১৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৫ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ১০ হাজার ৯৮২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ দুই হাজার ৩৯৪ জন।

ইরানের প্রস্তাবের পর যুদ্ধ বন্ধে কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করেছেন। তাদের মধ্যে ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। দোহার মাধ্যমে ওয়াশিংটনের কাছে তেহরানের একটি প্রস্তাব পাঠানোর পর দুই নেতার ফোনালাপ হলো।

আমিরের দপ্তরের এক বিবৃতির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ট্রাম্পের ফোন পেয়েছেন শেখ তামিম। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাতারের নেওয়া কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে তারা কথা বলেন। আমির সংলাপ অব্যাহত রাখা, বিরোধ নিষ্পত্তি ও উত্তেজনা না বাড়ানোর জন্য কূটনৈতিক পন্থার গুরুত্ব তুলে ধরেন।

বৃহস্পতিবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে ইরান। এতে সাতটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো পূরণ না হলে তেহরান আলোচনায় বসবে না।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনা করছে। তবে প্রস্তাবের বিষয়ে বিস্তারিত জানাতে তিনি রাজি হননি।

কূটনৈতিক তৎপরতা চললেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে ইরানের বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে। এ বিষয়ে শিগগিরই জানা যাবে।

সাংবাদিকরা ইরানের পারমাণবিক প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করতে পারবে না।’

উৎসব ও সম্প্রীতির আবহে বাংলাদেশ পূজা সমিতির দুর্গোৎসব

জন্মভূমি প্রতিবেদকঃ বাংলাদেশ পূজা-সমিতি নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের প্রথম সংগঠন। ১৯৮৯ সালে গঠিত এই সংগঠন ১৯৯০ সালেই নিউইয়র্কে প্রথম বাংলাদেশের পতাকা উড়িয়ে শারদীয় দুর্গোৎসব পালন করে উডসাইডের করপাস কৃষ্টি চার্চে। তারপর দেখতে দেখতে চোখের পলকেই ৩৭ বছর। আজ নিউইয়র্কে হাজার হাজার হিন্দু বাংলাদেশী যাঁরা উত্তর আমেরিকায় বাংলাদেশী হিন্দুদের প্রথম সংগঠন ও প্রথম দুর্গাপূজার প্রতিষ্ঠাতা হিসেবে বাংলাদেশ পূজা সমিতির জন্য গর্ববোধ করতে পারে। বাংলাদেশ পূজা সমিতি শুরু থেকেই হপ্তাহপ্তে শনিবার ও রবিবার পূজার আয়োজন করে।
বাংলাদেশ পূজা সমিতি শুরু থেকেই উৎসব ও সম্প্রীতির নিয়েই পূজা অর্চনার আয়োজন করে। সার্বজনীন এই পূজা অনেকাংশে মিলন মেলা ও উৎসবে পরিণত হয়।

WhatsApp Image 2026 11 05 at 8.00.27 PM 6
বাংলাদেশ পূজা-সমিতি এবার ৩১ শে অক্টোম্বর ও ১লা নবেম্বর দু’দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে। স্থানীয় গুজরাটী-সমাজ কমিউনিটি সেন্টারে এই দুর্গোৎসবের আয়োজন ছিলো বর্ণিল। দুর্গাপূজার রেশ কাটলেও পূজা-সমিতির পূজা সকলকে রাঙ্গিয়ে দিয়ে যায়। হাজার দর্শক শ্রোতা ও ভক্ত মন উজার করে বাংলাদেশ পূজা সমিতির সিঁদুর দান ও ধামাইল নৃত্য উপভোগ করে। শুরু থেকেই পূজা সমিতির পূজায় সিলেটের আঞ্চলিক লোকগীতি ধামাইল নৃত্যে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠে। বাংলাদেশ পূজা সমিতির দুর্গোৎসবে ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমী পূজা ও রবিবার মহানবমী ও বিজয়া দশমী পালন করে। শনিবার দুপুর থেকেই পূজার শুরু। পূজা অর্চনা ও অঞ্জলীর মাধ্যমে দেবী বন্দনা করা হয়। প্রতিদিনেই পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও প্রসাদ বিতরণ করা হয় মধ্যরাত পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠানের পশরা ছিলো অতি মনমাতানো। ঢাকা ও কলকাতা শিল্পীদের দিয়ে গানের অনুষ্ঠানে ছিলো উত্তাল হাওয়া।
নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশী আমেরিকান তরুনদের উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো। পাঞ্জাবী, মোদী কোট ও রং-বেরং এর শাড়ীর বাহারে নতুন প্রজন্ম রঙ্গিন হয়ে উঠে। এটাই সম্ভবত পূজা সমিতির বড় স্বার্থকতা।
বাংলাদেশ পূজা সমিতির দুর্গোৎসবে সাংস্কৃতিক পর্ব বরাবরেই আকর্ষণীয়। দুই বাংলার সাংস্কৃতিক পাগল মানুষ, হিন্দু মুসলমানের সম্প্রীতির মিলন দেখা যায় পূজা সমিতির মহাযজ্ঞে। দেখা যায় নতুন প্রজন্মের উচ্ছ্বাস। সাম্প্রদায়িক অশুভ শক্তিকে পিছনে ফেলে পূজা সমিতির পূজায় মিলিত হয় সকল বর্ণ ও ধর্মের মানুষ। বাংলাদেশ পূজা সমিতির সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকা, কলকাতার শিল্পী ছাড়াও ছিলো স্থানীয় শিল্পী, নতুন প্রজন্মের আমেরিকান বাঙালি শিল্পীরা সংগীত পরিবেশ করে।
নতুন প্রজন্ম ও মধ্যবয়সী সবাই এক ফ্লোরে এসে সঙ্গীতে আবহে নৃত্যে শামিল হয়। বিজয়া দশমীর প্রকৃত বিজয় তারাই এনেছে দিয়েছে। পূজার প্রাঙ্গণে এনেছে উল্লাস জেগেছে প্রাণ। সবশেষে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়ে সাংস্কৃতিক পর্বের ইতি টেনে বাংলাদেশ পূজা সমিতির আগামী পূজার আগাম আবেদন জনিয়ে সকল সমাপ্তি ঘটায়।
পূজা সমিতির এবারের শারদীয় দুর্গোৎসবের সার্বিক সহযোগিতায় ছিলো সভাপতি বিশ্বজিৎ সাহা, সাধারণ সম্পাদক জগদীশ চৌধুরী, বিজু পুরকায়ে, বিপ্লব রায়, পার্থ প্রতীম তালুকদার, রনজিৎ পুরকায়স্থ বিজু, সাবেক সভাপতি বিভূতিভূষণ দাশগুপ্ত, অমিত কুমার ঘোষ, অমল কান্তি দেব, বিষ্ণু গোপ, শিবব্রত দে চৌধুরী, উপদেষ্টা নরেন্দু বিকাশ দত্ত, পরেশ সাহা, চন্দন সেনগুপ্ত, চম্পা রায়, বাবুল কুমার সাহা, রিনি দাশগুপ্ত, বিমল চৌধুরী, রানা দত্ত রঞ্জু, নান্নু চৌধুরী, সুভেন রায়, ডা. প্রদীপ পাল, দীপক দে, রাজীব নন্দী, অশ্রু দাশ ও শন্তুলাল চন্দ প্রমুখ।

বর্ণাঢ্য আয়োজনে ‘ন্যাশনাল ইমিগ্রান্টস ডে’ উদযাপন

জন্মভূমি প্রতিবেদকঃ বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে উদযাপিত হলো আমেরিকার ‘ন্যাশনাল ইমিগ্রান্টস ডে’। কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবী, ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর এটর্নী মঈন চৌধুরী’র উদ্যোগে ‘ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল’-এর ব্যানারে বুধবার (২৮ অক্টোবর) সিটির উডসাইডের কুইন্স প্যালেসে প্রথমবারের মতো এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউএস কংগ্রেসের প্রভাবশালী সদস্য গ্রেস মেং সহ নিইয়র্কের বিভিন্ন কোর্টের জজ, মূলধারার রাজনীতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অভিবাসীদের অর্জন ও কমিউনিটি সহ স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য বিভিন্ন পেশার ৭জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে বক্তারা আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ভোট দেয়ার জন্য সকল ভোটারের প্রতি আহ্বান জানান।
নতুন প্রজন্মের নৃত্যশিল্পীর চমৎকার একক নৃত্যের মধ্যদিয়ে শুরু হওয়ার পর স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের মূল আয়োজক এটর্নী মঈন চৌধুরী। এরপর বিভিন্ন পেশার ৭জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়। এরা হলেন- নিউইয়র্ক ষ্টেট সুপ্রীম কোর্টের মাননীয় জজ কারেন গোপ, কুইন্স কাউন্টি সারোগেঁস কোর্টের মাননীয় জজ ক্যাসান্দ্রা এ. জনসন, রিয়েল এষ্টেট ইন্ড্রাষ্ট্রি লীডার রব চৌধুরী, এনওয়াইপিডি’র ইন্সপেক্টর আদিল রানা, জ্যাকসন হাইটস ইন্ডিয়ান মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি শিব দাস, এনওয়াইপিডি’র ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ ও বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ এনামুল হক। এটর্নী মঈন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের হাতে প্ল্যাক তুলে দেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সম্মানিত ব্যক্তিবর্গ ছাড়াও অন্যান্যের মধ্যে কুইন্স কাউন্টি সুপ্রীম কোর্টের বিচারক পদপ্রার্থী জজ এডউইন আই. নোভিলো, কুইন্স কাউন্টি সিভিল কোর্টের জজ পদপ্রার্থী এমন্ড উং, নিউইয়র্কের সিভিল কোর্টের জজ পদপ্রার্থী জেসমিন ভ্যালে-বুইনো এবং টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহীম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রকি অ্যালিয়ান।
অনুষ্ঠানে ইউএস কংগ্রেস সদস্য গ্রেস মেং-এর পক্ষ থেকে সম্মানিত ৭জন বিশিষ্ট ব্যক্তিকে সাইটেশন প্রদান করা হয়। এসময় গ্রেস মেং তার সংক্ষিপ্ত বক্তব্যে এটর্নী মঈন চৌধুরীর কর্মকান্ডের প্রশংসা এবং ইমিগ্র্যান্ট ল’ বিষয়ক তার লেখা বইয়ের কথা স্মরণ করে বলেন, আমেরিকা ইমিগ্র্যান্টদের দেশ। ইমিগ্র্যান্টরাই এই দেশ গড়ে তুলেছেন। এই দেশকে সমৃদ্ধ করতে নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে হবে এবং ৩ নভেম্বরের নির্বাচনে অংশ নিতে হবে।
গ্রেস মেং তার বক্তব্যে এনওয়াইপিডি’র ইন্সপেক্টর আদিল রানার কথা বিশেষভাবে উল্লেখ করে বলেন, আশি দীর্ঘদিন ধরে তাকে চিনি। প্রেসিডেন্ট বারাক ওবামার ইউনিয়ন ভাষণে রানা আমার ষ্পেশাল অতিথি ছিলেন। প্রেসিডেন্ট ওবামা বিদায় বেলায় রানাকে হ্যালোও বলেন। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা কুইন্সের মুসলিম কমিউনিটির সন্তানরা আমেরিকান হিসেবে গৌরবের সাথে বেড়ে উঠছেন এবং দায়িত্ব পালন করছেন।
স্বাগত বক্তব্যে এটর্নী মঈন চৌধুরী বলেন, আমেরিকা ইমিগ্র্যান্টদের দেশ। এখানে বৈধভাবে থাকার সুযোগ রয়েছে। কোন বৈধ অভিবাসীকে ডিপোর্ট করার সুযোগ নেই, যারা আমেরিকান নাগরিক তাদের তো নয়ই। তিণি বলেন, বৈধ কাগজপত্র থাকলে এদেশে বসবাসের জন্য কারো কোন সমস্যা হবে না। তিনি আগামী ৩ নভেম্বরের নির্বাচনে যোগ্য প্রার্থীদের ভোট দেয়ার জন্য সকল ভোটারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইমিগ্রেশন বিষয়ক যেকোন সমস্যায় সংশ্লিস্ট ব্যক্তিদের তার সাথে যোগযোগ করার আনুরোধ করেন।
রিয়েল এষ্টেট ইন্ড্রাষ্ট্রি লীডার রব চৌধুরী তার সম্মাণনা গ্রহণের সময় বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী গিয়াস আহমেদ সহ সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটর এসোসিয়েশন (সারা)-এর সাধারণ সম্পাদক নূরুজ্জামান সরদারের নেতৃত্বে রিয়েল এষ্টেট ব্যবসায় সম্পৃক্তদের মধ্যে ফেরদৌস খান, সারোয়ার খান বাবু, মোহাম্মদ মাসুদ সিরাজী প্রমুখ তাকে অভিনন্দন জানান এবং সারা’র পক্ষ থেকে সম্মানসূচক প্ল্যাক প্রদান করা হয়। এর আগে তারা রিয়েল এস্টেট ব্যবসায় আব্দুর রব-এর সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, প্রেমা রহমান, মিটুল হক, নাসির প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন। এই পর্ব সঞ্চালনায় ছিলেন বাবু জামান। সবশেষে ছিলো কেক কাটা পর্ব। অনুষ্ঠানের মাঝে দেশ ও প্রবাসে এটর্নী মঈন চৌধুরী ও ২০২৪ সালে প্রতিষ্ঠিত ‘ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল’ সংগঠনের বিভিন্ন কর্মকান্ড ডিজিটাল পর্দায় তুলে ধরা হয়। কর্মকান্ডের বিপুল সংখ্যক বাংলাদেশী-আমেরিকান অনুষ্ঠানটি উপভোগ করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির প্রশাসনিক পরিচালক তরিকুল ইসলাম মিঠু।

নিউইয়র্কে ঢাবি অ্যালামনাইদের বার্ষিক ডিনারে ঐক্যের প্রত্যয়

জন্মভূমি প্রতিবেদকঃ স্মৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণের ক্যাম্পাস, কণ্ঠে গান আর আড্ডায় পুরোনো দিনের গল্প—এমন আবহে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের বার্ষিক ডিনার। গত ৩১ অক্টোবর উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে প্রবাসে পারস্পরিক সহযোগিতা এবং ঐক্য জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধন করেন সংগঠনের সভাপতি এম এস আলম। আয়োজক কমিটির আহ্বায়ক বেলাল মাহমুদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও চিকিৎসক চৌধুরী সারোয়ারুল হাসান।
এ ছাড়া বক্তব্য দেন সাবেক সভাপতি সাঈদা আক্তার লিলি, মোহাম্মদ হোসেন খান, সাঈদ-উর বর, মুর্শেদ আলম এবং আয়োজক কমিটির সদস্যসচিব ইকবাল মুর্শেদসহ অন্যরা।
বক্তারা বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতিচারণের পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের শেকড় ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখার ওপর গুরুত্ব দেন। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেন তাঁরা। এ সময় তাঁর পরিবারের পাশে থাকার অঙ্গীকারও করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, সাবেক প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
নৈশভোজের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। গান পরিবেশন করেন লিলীমা শশী, কাজী আরিফ, ফাতেমা খান, রুহুল আমিনসহ সংগঠনের সদস্য ও নতুন প্রজন্মের শিল্পীরা। কবিতা আবৃত্তি করেন গোলাম মোস্তফা, প্রীতি, ফারুক ও আজিজুল হক মুন্না। এ ছাড়া ‘সংসার-সমাচার’ শিরোনামের বিশেষ পরিবেশনা উপস্থিত অতিথিদের আনন্দ দেয়।
নিউইয়র্কে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ১৯৯৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রবাসে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো সংগঠনটির অন্যতম লক্ষ্য।

শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ জরুরি: আইরিন খান

জন্মভূমি প্রতিবেদকঃ টেকসই শান্তি প্রতিষ্ঠা ও সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে নারীর কার্যকর ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক (ডব্লিউপিএস) এক উন্মুক্ত বিতর্কে বক্তব্য দানকালে তিনি এ আহ্বান জানান। নিরাপত্তা পরিষদেও ১৩২৫ নম্বর প্রস্তাবের অন্যতম মূল সহ-উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের ভূমিকা তুলে ধওে আইরিন খান নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক এজেন্ডা বাস্তবায়নে দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সহিংসতা প্রতিরোধ, বিরোধের বিস্তার রোধ এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় তৃণমূল পর্যায়ে নারীদেও উদ্যোগ গুরুত্বপূর্ণ। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ছয় বছর আগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করে। প্রথম পর্যায়ের বাস্তবায়ন সম্পন্ন হওয়ার পর বর্তমানে দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। এ পর্যায়ে নাগরিক সমাজ ও নারী সংগঠনসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, হিংসতা প্রতিরোধে কিশোরী ও তরুণীদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিও পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি ও মধ্যস্থতায় তাঁদেও সক্রিয় অংশগ্রহণ জরুরি। তৃণমূল পর্যায়ে নারীদের উদ্যোগ বিরোধের বিস্তার রোধ এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাষ্ট্রদূত খান নারী অধিকার কর্মী ও সংগঠনগুলোর জন্য বাড়তি সহায়তা, সংঘাত কবলিত এলাকায় নারীদের সুরক্ষা এবং শান্তিরক্ষা কার্যক্রম ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ধারাবাহিক অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি বলেন, শান্তি ও নিরাপত্তাকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করতে সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জন্মভূমি প্রতিবেদকঃ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা টেক্সাস, জর্জিয়া, ওহাইও, আইওয়া ও নেভাদার গভর্নর পদে জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। এর মধ্য দিয়ে ১৬ বছর পর যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি রাজ্যের গভর্নর পদ দলটির নিয়ন্ত্রণে আসছে। অ্যাসোসিয়েটেড প্রেস ও ডিসিশন ডেস্ক এইচকিউর বেসরকারি ফলাফল ও বিজয়ী ঘোষণার ভিত্তিতে সংবাদমাধ্যম স্টেটলাইন এ তথ্য জানিয়েছে। শেষ খবর পাওয়া হিসাব অনুযায়ী, ডেমোক্র্যাটরা ২৮টি এবং রিপাবলিকানরা ২০টি রাজ্যের গভর্নর পদ পেতে যাচ্ছে। তখনো আলাস্কা ও কানসাসে বিজয়ী ঘোষণা করা হয়নি। ফলে এই হিসাব আনুষ্ঠানিকভাবে প্রত্যয়িত চূড়ান্ত ফল নয়। মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনে দেশটির ৫০টি রাজ্যের মধ্যে ৩৬টিতে গভর্নর পদে ভোট হয়। নির্বাচনের আগে রিপাবলিকানদের হাতে ছিল ২৬টি এবং ডেমোক্র্যাটদের হাতে ২৪টি গভর্নর পদ। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৬টি পদের সীমা এবার অতিক্রম করেছে ডেমোক্র্যাটরা।
এবারের অন্যতম বড় পরিবর্তন এসেছে টেক্সাসে। সেখানে তিন মেয়াদের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট রাজ্য আইনপ্রণেতা জিনা হিনোহোসা। এর মধ্য দিয়ে তিন দশকের বেশি সময় পর টেক্সাসের গভর্নর পদে ফিরছে ডেমোক্র্যাটিক পার্টি। হিনোহোসা হতে যাচ্ছেন রাজ্যটির প্রথম লাতিনা গভর্নর। চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা অ্যাবট পরাজয় মেনে নিয়ে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জর্জিয়ায় রিপাবলিকান ব্যবসায়ী রিক জ্যাকসনকে হারিয়েছেন আটলান্টার সাবেক মেয়র কিশা ল্যান্স বটমস। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো রাজ্যের গভর্নর পদে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী হতে যাচ্ছেন। একই সঙ্গে তিনি হবেন জর্জিয়ার প্রথম নারী গভর্নর। তাঁর জয়ে দুই দশকের বেশি সময় পর রাজ্যটির শীর্ষ নির্বাহী পদে ফিরছে ডেমোক্র্যাটরা। ওহাইওতে রিপাবলিকান বিবেক রামাস্বামীকে পরাজিত করেছেন চিকিৎসক ও ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টন। ২০০৬ সালের পর এই প্রথম রাজ্যটির গভর্নর নির্বাচনে জয় পেলেন কোনো ডেমোক্র্যাট। অ্যাক্টন ওহাইওর প্রথম নির্বাচিত নারী গভর্নরও হতে যাচ্ছেন। আইওয়ায় রিপাবলিকান ব্যবসায়ী জ্যাক লানকে হারিয়েছেন ডেমোক্র্যাট রব স্যান্ড। দুই মেয়াদের এই রাজ্য নিরীক্ষক বিদায়ী রিপাবলিকান গভর্নর কিম রেনল্ডসের স্থলাভিষিক্ত হবেন। রেনল্ডস এবার পুনর্র্নিবাচনে অংশ নেননি। স্যান্ডের জয়ে ২০১১ সাল থেকে চলা রিপাবলিকানদের গভর্নর পদে নিয়ন্ত্রণের অবসান হচ্ছে।
নেভাদাও রিপাবলিকানদের কাছ থেকে ডেমোক্র্যাটদের দখলে যাওয়া পাঁচ রাজ্যের তালিকায় রয়েছে। পাশাপাশি মেইন, মিশিগান ও উইসকনসিনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গভর্নর নির্বাচনেও নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে দলটি।
নিউইয়র্কে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ব্রুস ব্লেকম্যানকে হারিয়ে গভর্নর ক্যাথি হোকুল পুনর্র্নিবাচিত হয়েছেন বলে জানিয়েছে সিবিএস নিউজ। উইসকনসিনে ডেমোক্র্যাট ডেভিড ক্রাউলি, ক্যালিফোর্নিয়ায় একই দলের জেভিয়ার বেসেরা এবং ফ্লোরিডায় রিপাবলিকান বায়রন ডোনাল্ডসকে বিজয়ী ঘোষণা করেছে ফক্স নিউজ। এসব ফল কার্যকর হলে রাজ্য পর্যায়ে ডেমোক্র্যাটদের প্রশাসনিক অবস্থান আরও শক্তিশালী হবে। তবে গভর্নর পদে জয়কে সংশ্লিষ্ট রাজ্যের আইনসভার নিয়ন্ত্রণ পাওয়ার সমার্থক হিসেবে দেখা যাবে না; আইন প্রণয়ন ও নীতি বাস্তবায়নের ক্ষেত্রে আইনসভার দলীয় অবস্থানও গুরুত্বপূর্ণ।

চট্টগ্রাম সমিতির কার্যকরি কমিটির মেয়াদ বৃদ্ধি

জন্মভূমি প্রতিবেদকঃ চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের বার্ষিক সাধারণ সভা-২০২৬ গত ১ নভেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রুকলিনে সংগঠনের নিজস্ব কার্যালয় ‘চট্টগ্রাম ভবনে’ অনুষ্ঠিত হয়েছে। সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে বর্তমান কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধিসহ চারটি প্রস্তাব অনুমোদিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের। পবিত্র কোরআন তিলাওয়াত করেন ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ঈছা এবং গীতা পাঠ করেন কার্যকরী কমিটির সদস্য পল্লব রায়। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশিত হয়।
সমিতির প্রয়াত নেতৃবৃন্দ ও সদস্যদের স্মরণে নীরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমান ট্রাস্টি বোর্ডের জ্যেষ্ঠ সদস্য মুনীর আহমেদ।
সভার প্রথম পর্বে কোষাধ্যক্ষ শফিকুল আলম আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব উপস্থাপন করেন। সদস্যদের অনুমোদনের জন্য উত্থাপন করা হলে হিসাব বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম তাঁর প্রতিবেদনে দায়িত্ব গ্রহণের পর থেকে সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। নানা প্রতিকূলতার মধ্যেও সদস্যদের সহযোগিতায় কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে ছিল দুটি বৃহৎ বনভোজন, দুটি ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠান, বৈশাখী উৎসব, অভিবাসন ও করবিষয়ক সেমিনার, নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট ৩৯-এর কাউন্সিল সদস্য শাহানা হানিফ এবং বাংলাদেশের সংসদ সদস্য সারওয়ার আলমগীরকে সংবর্ধনা। এ ছাড়া সমিতির আটজন প্রয়াত সদস্যের দাফনের জন্য বিনামূল্যে কবরের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।
সভাপতি মোহাম্মদ আবু তাহের তাঁর প্রতিবেদনে সদস্যদের সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, নির্বাচনের নয় দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় প্রচারে সরাসরি অংশ নিতে পারেননি। ওই সময় চট্টগ্রামবাসীর ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি নিজের ও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচনী প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগও তোলেন তিনি।
সমিতির আর্থিক ও সামাজিক ক্ষতিসাধনের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সভাপতি। এ প্রসঙ্গে নিষ্পত্তির অপেক্ষায় থাকা দুটি মামলার বিষয়েও তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এরপর সংবিধান সংশোধনী কমিটির প্রধান, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেলিম প্রস্তাবিত সংশোধনীগুলো উপস্থাপন করেন। সংশ্লিষ্ট ধারা ও উপধারার ব্যাখ্যা দেন কমিটির সদস্য মোহাম্মদ নুরুল আনোয়ার।
ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান কামাল হোসেন মিঠু সাধারণ সভায় চারটি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবগুলো হলো- আয়-ব্যয়ের হিসাব অনুমোদন, বর্তমান কমিটির মেয়াদ ৩ নভেম্বর ২০২৬ থেকে ৩ নভেম্বর ২০২৭ পর্যন্ত বৃদ্ধি, সংবিধানের প্রস্তাবিত সংশোধনী অনুমোদন, সমিতির আর্থিক ও সামাজিক ক্ষতিসাধনের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সংগঠনের বিধান ও যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী অবিলম্বে ব্যবস্থা গ্রহণ।
উপস্থিত সদস্যদের ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চারটি প্রস্তাবই গৃহীত হয়। সভায় জানানো হয়, গৃহীত সিদ্ধান্তগুলো অনুমোদনের দিন থেকে কার্যকর বলে গণ্য হবে।
সভায় বক্তব্য দেন- সাবেক ট্রাস্টি চেয়ারম্যান ও সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ; সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম; প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম চৌধুরী; জ্যেষ্ঠ ট্রাস্টি সদস্য মুনীর আহমেদ; ট্রাস্টি সদস্য ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহজাহান; ট্রাস্টি সদস্য সৈয়দ মোশাররফ হোসেন বাবর ও আবুল কাশেম চট্টলা; সাবেক নির্বাচন কমিশনার ও বর্তমান ট্রাস্টি সদস্য মিজানুর রহমান জাহাঙ্গীর; ট্রাস্টি সদস্য আবু তালেব চৌধুরী চান্দু; উপদেষ্টা সদস্য সাহাবুদ্দিন চৌধুরী লিটন; মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ জামালাউদ্দিন, মতিউর রহমান চৌধুরী, কানেকটিকাটের মোহাম্মদ আবুল কালাম এবং নিউজার্সির আব্দুল্লাহ আল মামুন।
সাবেক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন আরিফ চৌধুরী, খোকন কে চৌধুরী, আশ্রাব আলী খান লিটন, মোহাম্মদ রুমি, অ্যাডভোকেট আব্দুল হামিদ, কাজী ইকবাল, মোহাম্মদ আমিন, মেজেবাউদ্দিন আহমেদ, মোহাম্মদ কাউসার চৌধুরী, বাসন আলী ও উত্তম দাস।
বর্তমান নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন কলিমুল্লাহ মাস্টার, তানিম মহসিন, হাজী তৌহিদুল আলম, জাবের শফি, মোহাম্মদ নুরুল আমিন, আক্তার হোসেন, অজয় প্রসাদ তালুকদার, ইমরুল কায়সার, নাসিরুদ্দিন ও মোহাম্মদ মহিম উদ্দিন।

মৌলভীবাজারবাসীর মধ্যে ঐক্য প্রক্রিয়া প্রতিষ্ঠার উদ্যোগ

জন্মভূমি প্রতিবেদকঃ নানা কারণে বিভক্ত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত মৌলভীবাজারবাসীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে চলছে। এ উদ্যোগের অংশ হিসেবে বিভক্ত সংগঠনগুলোর নেতৃবৃন্দের মধ্যে ইতিমধ্যে একাধিক সভা হয়েছে। এসব সভায় পারস্পরিক বিরোধ ও ভুল বোঝাবুঝি ভুলে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর রোববার সন্ধ্যায় মৌলভীবাজারের নেতৃস্থানীয় প্রবাসীদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঐক্য প্রক্রিয়ার অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়।
নিউইয়র্ক সিটির অ্যাস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রবীণ প্রবাসী হাজী আব্দুল মোসব্বির। সভা পরিচালনা করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদ শাম্মু।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আজমল এইচ. খান, মামুনুর রশিদ শিপু, মো. কাইয়ুম, চৌধুরী সালেহ, বদরুন নাহার খান মিতা, দুলাল তরফদার, সৈয়দ ইলিয়াস খসরু, জালাল চৌধুরী, সোহান আহমেদ টুটুল, ফজলুর রহমান, মোহাম্মদ জাবেদ উদ্দিন, তাজাম্মুল হুসাইন, ইমরান হুসাইন, এমদাদ রহমান তরফদার, মঈনুর রহমান শুয়েব, মজিবুর চৌধুরী, মোহাম্মদ কুতুব, সৈয়দ এস. আলী, শাহ-জাবের আহমেদ, জুয়েল খান, সৈয়দ গওসুল হুসাইন, মোহাম্মদ শামীম ইসলাম, এম. ডি. ইন্তাজ খান, এম. আশরাফুর রহমান, সৈয়দ আলী, জাবেদ আহমেদ, সৈয়দ রুহুল আলী, শাহীন হাসনাত, সৈয়দ ফয়সাল আহমেদ, আল আমিন জিল্লা, শাহীন খান, হেলালুর খান, সৈয়দ মামুন, শামসুল আলম খান, মিসবা মজিদ এবং চৌধুরী মুনিথ (তানিম) প্রমুখ।
সভায় গৃহীত সিদ্ধান্ত : সভায় প্রাথমিকভাবে সদস্য ফি ৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়। নির্ধারিত ফি প্রদানকারীদের নিয়ে একটি সদস্যমণ্ডলী গঠন করা হবে।
পরবর্তী সাংগঠনিক কার্যক্রমে এই সদস্যমণ্ডলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, নির্বাচন প্রক্রিয়া নির্ধারণ এবং নতুন কমিটি গঠনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেবে।
এ ছাড়া ৫০ ডলার সদস্য ফি দিয়ে সদস্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত ফি প্রদানকারী সবাই সদস্যমণ্ডলীতে অন্তর্ভুক্ত থাকবেন।
সভায় জানানো হয়, ঐক্য প্রক্রিয়ার পরবর্তী সভা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলমত-নির্বিশেষে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর মৌলভীবাজারের সব অধিবাসীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী, কার্যকর ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলা সম্ভব হবে।

পার্কে আইসের ঘাঁটি, মামলার হুঁশিয়ারি মামদানির

জন্মভূমি প্রতিবেদকঃ নিউইয়র্ক সিটির পার্ক ও সিটি-মালিকানাধীন পার্কিং লট অভিবাসন অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহার বন্ধ না হলে ফেডারেল সরকারের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, সিটি প্রশাসনের অনুমতি ছাড়া নগরীর সম্পত্তি এ ধরনের কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। ২ নভেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) শীর্ষ কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে এ অবস্থান জানান মেয়র। একই সঙ্গে ফেডারেল কর্মকর্তাদের প্রবেশ ও কার্যক্রমের বিষয়ে সিটির পার্কস বিভাগের কর্মীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে তার প্রশাসন। সিটি প্রশাসনের অভিযোগ, ব্রঙ্কসের ভ্যান কর্টল্যান্ড পার্ক এবং কুইন্সের ফ্লাশিং মেডোজ করোনা পার্কের পশ্চিম পাশে ১১১ স্ট্রিটসংলগ্ন কয়েকটি সিটি-মালিকানাধীন পার্কিং লটে আইস কর্মকর্তারা গাড়ি রাখছেন এবং অভিবাসন অভিযানের প্রস্তুতিমূলক বৈঠক করছেন। কুইন্সের সংশ্লিষ্ট কয়েকটি পার্কিং লট সিটি পরিচালিত একটি প্রাক্বিদ্যালয় ও শিশুদের যাতায়াত রয়েছে এমন কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কাছাকাছি অবস্থিত।
চিঠিতে মামদানি বলেন, এসব সম্পত্তি ব্যবহারের জন্য আইসকে কোনো অনুমতি দেওয়া হয়নি। নগরীর পার্ক ও পার্কিং লট বাসিন্দা ও দর্শনার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত। সেগুলো অভিবাসন অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহার গ্রহণযোগ্য নয়। মেয়র বলেন, পরিবার বিচ্ছিন্ন করার কাজে সিটির সম্পত্তি ব্যবহারের অধিকার আইসের নেই। নগরীর প্রতিটি পার্ক ও পার্কিং লটের ক্ষেত্রে এ অবস্থান প্রযোজ্য। অননুমোদিত ব্যবহার অবিলম্বে বন্ধ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরিয়ে নিতে ডিএইচএসের প্রতি আহ্বান জানান তিনি। কর্মকর্তারা আবার ফিরে এলে সিটি প্রশাসন আদালতে যাবে বলেও সতর্ক করেন। ডিএইচএস সচিব মার্কওয়েন মুলিন, আইসের ভারপ্রাপ্ত পরিচালক ডেভিড জে. ভেনচুরেলা এবং নিউইয়র্ক ফিল্ড অফিসের পরিচালক কেনেথ জেনালোকে পাঠানো চিঠিতে সংস্থাটির কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়, নিউইয়র্ক সিটির কোনো সম্পত্তি যেন অভিবাসন অভিযান পরিচালনা কিংবা অভিযানের প্রস্তুতিতে ব্যবহার করা না হয়।মামদানি প্রশাসনের দাবি, গত ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত ১৩ নম্বর নির্বাহী আদেশ অনুযায়ী, বিচারিক পরোয়ানা বা আইনসম্মত বিশেষ অনুমতি ছাড়া সিটির বাইরের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা নগরীর সম্পত্তি অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে না। নিউইয়র্ক সিটির করপোরেশন কাউন্সেল স্টিভেন ব্যাংকস বলেন, বিষয়টি আনুষ্ঠানিকভাবে ডিএইচএসকে জানানো হয়েছে।
এরপরও সিটি-মালিকানাধীন সম্পত্তি ব্যবহার অব্যাহত থাকলে আদালতে যেতে প্রশাসন প্রস্তুত রয়েছে। তবে সিটি প্রশাসনের আইনি ব্যাখ্যার সঙ্গে দ্বিমত জানিয়েছে ডিএইচএস। সংস্থাটির এক মুখপাত্রের বক্তব্য, ফেডারেল আইন অনুযায়ী জনসাধারণের জন্য উন্মুক্ত পার্কিং লটে আইস কর্মকর্তাদের উপস্থিতি বৈধ। দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এভাবে পার্কিং লট ব্যবহার করে থাকে। আইসের অভিযান বন্ধ হবে না বলেও জানান তিনি। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ফেডারেল কর্মকর্তারা পার্কের জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ বা সীমিত কোনো এলাকায় ঢুকতে চাইলে কর্মীদের তাদের পরিচয়পত্র দেখতে চাইতে হবে এবং বিভাগের জেনারেল কাউন্সেলের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোনো কর্মকর্তা বিচারিক পরোয়ানা দেখালে কর্মীরা নিজেরা সেটির বৈধতা নির্ধারণ না করে বিভাগের আইনজীবীদের কাছে পর্যালোচনার জন্য পাঠাবেন।
বৈধ বিচারিক পরোয়ানা বা অন্য কোনো আইনসম্মত অনুমতি না থাকলে সংশ্লিষ্ট এলাকায় প্রবেশের অনুমতি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া কেউ প্রবেশ করলে পরিস্থিতি নিরাপদ থাকলে ৯১১ নম্বরে ফোন করে ঘটনাটি নথিভুক্ত করতে বলা হয়েছে। তবে ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের শারীরিক বা মৌখিক সংঘাতে না জড়াতেও কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে মামদানি বলেন, অভিবাসীসহ সব নিউইয়র্কবাসীর সুরক্ষায় নগরীর কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাদের একা ছেড়ে দেওয়া হবে না। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের নির্দেশনায় আরও বলা হয়েছে, নতুন নীতিমালা অমান্য করলে সাময়িক বরখাস্ত থেকে চাকরিচ্যুতি পর্যন্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে মামদানির উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। তিনি বলেন, সরকারি সম্পত্তি অভিবাসন অভিযানে ব্যবহারের খবর উদ্বেগজনক। পার্কে যাওয়া কিংবা নিজ এলাকায় চলাচলের সময় কোনো পরিবারকে যেন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় থাকতে না হয়, তা নিশ্চিত করা জরুরি। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসও অভিবাসীদের অধিকার রক্ষায় সিটি প্রশাসনের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামস, বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি ও অভিবাসী অধিকার সংগঠনগুলোও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। অভিবাসী অধিকার সংগঠন ডেসিস রাইজিং আপ অ্যান্ড মুভিংয়ের (ড্রাম) নির্বাহী পরিচালক ফাহদ আহমেদ বলেন, জনসাধারণের জন্য বরাদ্দ সম্পদ নিউইয়র্কবাসীর সেবায় ব্যবহৃত হওয়া উচিত। অভিবাসন অভিযানের প্রস্তুতিতে এসব সম্পত্তির ব্যবহার বন্ধ করতে নগর প্রশাসনের সব আইনি ক্ষমতা প্রয়োগ করা প্রয়োজন। নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মুরাদ আওয়াওয়াদেহ বলেন, পার্ক, স্কুল ও আশপাশের সরকারি স্থানগুলো প্রতিটি পরিবারের জন্য নিরাপদ থাকা উচিত। নতুন নির্দেশনা নগরীর কর্মীদের আইন ও নীতিমালা বাস্তবায়নে সহায়তা করবে।