ছাত্রদলের কমিটিতে বিবাহিত অছাত্র ও ছাত্রলীগ

0
3

ছাত্রদল ঘোষিত জেলা, মহানগর কমিটিতে ঠাঁই পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, অছাত্র ও বিবাহিতরা। এ নিয়ে বিভিন্ন জেলায় সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটছে। কোথাও সড়ক অবরোধ, কোথাও ঝাড়ু মিছিল করেন বঞ্চিতরা। এতে কমপক্ষে ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল সোমবার রাঙামাটিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে গত শনিবার মধ্যরাতে একযোগে ৪৫ কমিটি ঘোষণা করে ছাত্রদল। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা ও মহানগরে এসব কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়। এতে কেন্দ্র থেকে তৃণমূলের অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন বঞ্চিতরা।

ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ চার ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পদবঞ্চিতদের একটি বিরাট অংশ গত রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।
তাদের অভিযোগ, কমিটিতে অছাত্র, ব্যবসায়ী এবং নব্যদেরও পদায়ন করা হয়েছে। টাকার বিনিময়ে পদ বিক্রি করা হয়েছে। সেখানে বিগত দিনের ত্যাগী, নির্যাতিত অনেককে বাদ দেওয়া হয়েছে।

রাঙামাটিতে পুলিশ-সেনাবাহিনীর লাঠিচার্জ
জেলা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাঙামাটিতে গতকাল নবনির্বাচিত কমিটি ও পদবঞ্চিত পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘ আট বছর পর রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পরদিন রোববার সকাল থেকেই কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা শহরের দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। তবে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কমিটি বাতিল; জেলা বিএনপির নেতৃবৃন্দ ও পার্বত্য মন্ত্রীর আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন নেতাকর্মীরা।

গতকাল দুপুর থেকে আবারও পদবঞ্চিত সভাপতি প্রার্থী ফজলুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল শাকুর জাবেদের অনুসারী নেতাকর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নেন। অন্যদিকে পৌরসভা প্রাঙ্গণ থেকে নবনির্বাচিত সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির অনুসারীরা আনন্দ মিছিল বের করার চেষ্টা করলে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে লিপ্ত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ-সেনাবাহিনী লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০ নেতাকর্মী আহত হন।

শহরের শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন ১৪৪ ধারা জারি করেন। এতে রাঙামাটি শহরের পৌরসভা, কাঁঠালতলী, বনরূপা ও আশপাশ এলাকায় অনির্দিষ্টকাল ১৪৪ ধারা জারি থাকবে।

নোয়াখালীতে কমিটির ১৮ জন বিবাহিত
সদ্য ঘোষিত নোয়াখালী জেলা ও পৌর ছাত্রদলের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর ও সমাবেশ করেছেন সংগঠনের বঞ্চিত নেতাকর্মীরা। সোমবার দুপুর ১২টার দিকে শহরের সোনাপুর-বেগমগঞ্জ চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী টাউন হল মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় চার লেন সড়কের উভয় পাশে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে নোয়াখালী প্রেস ক্লাব গিয়ে সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। তারা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনকে নোয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা করেন। তাদের অভিযোগ, নাছির তাঁর অনুগতদের যোগ্যতা ছাড়াই দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করেছেন। কমিটির ১৮ জন বিবাহিত।

ময়মনসিংহ মেডিকেল কলেজ কমিটিতে ছাত্রলীগ
ময়মনসিংহ মেডিকেল কলেজের ২২ সদস্যের কমিটিতে ৮ জন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী সাবেক নেতা রয়েছেন বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটিতে দুঃসময়ের ত্যাগী কর্মীদের পদ না দেওয়া হলেও ছাত্রলীগের নেতাদের পদ দেওয়া হয়েছে।
এ ছাড়া দীর্ঘ দুই বছর পর ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের স্থান হয়নি দাবি করে রোববার রাতে শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। একই অভিযোগে সোমবার সন্ধ্যায় বরিশাল নগরীর আমতলার মোড়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here