ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-তে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে এই প্রস্তাব দিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামদাস সোমবার বলেন, ‘বাবাসাহেব আম্বেদকরের স্বপ্ন পূরণ করতে অভিজিত রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়াতে যোগ দিতে পারেন। বিষয়টি তাঁর বিবেচনায় নেওয়া উচিত।’ এই দলটি বিজেপি নেতৃত্বাধীন জোটের অংশ।
মন্ত্রীর এই প্রস্তাবের ব্যাপারে দীপকের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিজিপি নেতা এর আগে নির্বাচনী রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, রাজনীতি ও নির্বাচন ব্যবস্থার ওপর থেকে সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছে।
বাবাসাহেব আম্বেদকর বা ভীম রাও আম্বেদকর ছিলেন ভারতের সমাজ সংস্কারক ও আইনমন্ত্রী। সোমবার রামদাস আটওয়ালে বলেন, ‘আমি মনে করি অভিজিত দীপকে একজন আম্বেদকরবাদী। তাঁর উচিত রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ)-তে যোগ দেওয়া।’
দীপকেকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি আটওয়ালে বলেন, ‘সরকার বিশ্বাস করে যারা অন্যায় করবে তাদের শাস্তি পাওয়া উচিত।’ তিনি যন্তর মন্তরে হওয়া বিক্ষোভের দিকে ইঙ্গিত করে এ মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ছাত্রদের ওই বিক্ষোভের মুখে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ ছাড়েন। সে সময় নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অন্য পরীক্ষায় অনিয়মের অভিযোগ ছিল। রামদাস আটওয়ালে বলেন, ‘আমরা এমন একটি সরকার যারা বিশ্বাস করে, মানুষ অন্যায় করলে তাদের শাস্তি হওয়া উচিত। তাই দীপকেরও উচিত সরকারি জোটে যোগ দেওয়া।’


