কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে বিএনপি রাজপথে থাকলেও জামায়াতে ইসলামী ও এনসিপিকে দেখা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ ঠেকাতে দল দুটি রাজপথে সক্রিয় থাকলেও কয়েকটি বিষয়ে বিএনপির সঙ্গে মতবিরোধের কারণে এখন নেই।
বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজপথে নিষ্ক্রিয় থেকে সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে জামায়াত। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি ঐক্যের উদ্যোগ নেন, তাতে সাড়া দিয়ে দলটি রাজপথে নামবে।
দলটির ভাষ্য, ঐক্যের ভিত্তি হবে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন। তবে আওয়ামী লীগ বেশি সক্রিয় হলে, তা ঠেকাতে রাজপথে নামার প্রস্তুতিও রাখছে। যদিও দলটির নেতাদের মূল্যায়ন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ঘোষণা দিলেও ডিসেম্বরে দেশে ফিরবেন না। তার পরও ডিসেম্বরজুড়ে জামায়াতের কর্মসূচি থাকবে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যেরও কর্মসূচি থাকতে পারে।
চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতন ঘটে। সেদিন ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই আছেন। গত জুলাইয়ে তিনি প্রথমবারের মতো ঘোষণা দেন, চলতি বছরের ডিসেম্বরে ফিরবেন দেশে। সম্প্রতি তাঁর নিযুক্ত বলে দাবি করা লন্ডনের একটি আইনি প্রতিষ্ঠান শেখ হাসিনার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র সচলের অনুরোধ করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনকে চিঠি দিয়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগ ১০ নভেম্বর ধর্মঘট ডেকেছিল। এর আগে-পরে কয়েক দিনে ২২ জেলায় ককটেল বিস্ফোরণ এবং ছয় জেলায় যানবাহনে আগুন দেয়। গতকাল রোববারও গোপালগঞ্জে ব্যাপক বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সামাজিক মাধ্যমে বিভিন্ন পেজে এসব কাজকে নিজেদের ঘটানো বলে দাবি করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কয়েক দিনের গণসংযোগের পর আগামী বৃহস্পতিবার দেশজুড়ে সকাল-সন্ধ্যা লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী, দলটির কর্মসূচি পালনের আইনি অধিকার নেই। ২০২৫ সালে ১২ মে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধন করে, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। নির্বাহী আদেশে দল নিষিদ্ধের বিষয়ে বিএনপি শুরুতে সমর্থন না দিলেও ক্ষমতায় এসে অধ্যাদেশটিকে আইনে পরিণত করে।
জামায়াত-এনসিপি নেই যেসব কারণে
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজায় দণ্ডিত শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তাঁর সমর্থকরা যেসব তৎপরতা চালাচ্ছেন, তা ঠেকাতে ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠন রাজপথে রয়েছে। ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, মিছিলের চেষ্টার অভিযোগে গত এক সপ্তাহে শতাধিক ব্যক্তিকে ধরে তারা পুলিশে দিয়েছে।
গত বছরের নভেম্বরে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন এবং পরে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে রাজপথে ছিল জামায়াত ও ইসলামী ছাত্রশিবির। রাজধানীসহ দেশের সব জেলা ও মহানগরে মোড়ে অবস্থান নিয়েছিল লাঠি হাতে। সক্রিয় ছিল এনসিপি এবং দলটির অঙ্গসংগঠনও। তবে বিএনপি সরকারের সময় এই ভূমিকায় দল দুটিকে দেখা যাচ্ছে না।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের বক্তব্যে বিএনপির প্রতি ক্ষোভেরই আভাস মিলেছে। তিনি সমকালকে বলেন, একটি নিষিদ্ধ দলের কার্যক্রম ঠেকানো সরকারের দায়িত্ব। রাজনৈতিক দল হয়ে জামায়াত কেন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা পালন করতে যাবে?
গত বছরের নভেম্বরে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছিলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব নয় কারও তৎপরতা ঠেকানো।
হামিদুর রহমান আযাদ বলেছেন, সরকার যদি আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করে, বিরোধ দলকে ডাকে, তাহলে জাতীয় ঐক্যে নিশ্চয় সাড়া দেবে জামায়াত। এই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার।
ঢাকার শীর্ষস্থানীয় এক নেতাসহ জামায়াতের তিন জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেন, নির্বাচনের পর সংস্কার দাবিতে সোচ্চার হলে বিএনপি বারবার ভয় দেখিয়েছে, আওয়ামী লীগকে ফেরার সুযোগ করে দিলে জামায়াত দ্বিতীয় বৃহত্তম দল হয়ে ওঠার যে সুযোগ পেয়েছে, তা হারাবে। আওয়ামী লীগের নিপীড়নের শিকার হবে। এখন বিএনপি বুঝতে পারছে আওয়ামী লীগ ফিরলে কে ক্ষতিগ্রস্ত হবে।
বিএনপি সংস্কারের দাবি উপেক্ষা না করলে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করলে জামায়াত রাজপথে সহযোগিতায় প্রস্তুত ছিল।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর দায়িত্ব আমাদের নয়। রাজপথে নামলে বরং বলা হবে এনসিপি মব করছে।
বিরোধী জোটের একাধিক নেতা সমকালকে বলেন, বিএনপি নেতাকর্মীরা রাজপথে যেভাবে আওয়ামী লীগ কর্মীদের ধরে ধরে পুলিশে দিচ্ছে, তা চলতে পারে না। গণমাধ্যম, নাগরিক সমাজ বিএনপির এই ভূমিকার সমালোচনা না করলেও জামায়াত বা এনসিপি একই কাজ করলে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।
সবোর্চ্চ পর্যায়ের আহ্বানের অপেক্ষায়
গত মঙ্গলবার জামায়াত জোটের সংসদীয় দলের সভায় আলোচনা হয়, নাশকতার প্রতিরোধে বিরোধী দল রাজপথে নামবে, যদি সরকারের তরফে ঐক্যের ‘সম্মানজনক’ আহ্বান আসে। এ ছাড়া নামবে না। তবে যদি পরিস্থিতির অবনতি হয়, তাহলে মোকাবিলায় যে কোনো সময়ে নামার প্রস্তুত থাকবে।
জামায়াত ও এনসিপির একাধিক নেতা সমকালকে বলেন, প্রধানমন্ত্রীকে ডাকতে হবে সব দলকে। সেখান থেকে ঐক্যের ডাক দিতে হবে। সংস্কার প্রশ্নে বিএনপিকে গণভোটের কাছাকাছি আসতে হবে।
রোববার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে একই আলোচনা হয়। একজন নেতা সমকালকে বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় ড. মুহাম্মদ ইউনূস যেমন বিভিন্ন ইস্যুতে সব দলকে নিয়ে বসে একতার বার্তা দিতেন, তেমন উদ্যোগ নিতে হবে বিএনপিকে।
ফেরার সম্ভাবনা না দেখলেও কর্মসূচি রাখছে
শেখ হাসিনা ফিরবেন না বলে মনে করেন জামায়াত ও এনসিপির নেতারা। হামিদুর রহমান আযাদ সমকালকে বলেন, ‘পুরো বিষয়টিই স্ট্যান্ডবাজি। আওয়ামী লীগের কর্মীদের চাঙ্গা করার কৌশল। শেখ হাসিনা ফেরার ঘোষণা দিয়ে আসলে দেখতে চাচ্ছেন, তাঁর সমর্থকরা সরকারকে কতটা চাপে ফেলতে পারে। ভারত তাঁকে বাংলাদেশে ফেরায় সমর্থন দেয় কিনা, শুধু পানি মাপছেন।’
একই ভাষ্য এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর। তিনি বলেন, ‘শেখ হাসিনা নিজেই খুব ভালো করে বুঝতে পারছেন, দেশে ফিরলে কী পরিণতি ভোগ করবেন। ফিরতে চাইলে, এঁকে-তাঁকে দিয়ে পাসপোর্ট দিতে অনুরোধ করিয়ে চিঠি দিচ্ছেন কেন? বাংলাদেশ সরকারের কাছে ভ্রমণ নথির আবেদন করলেই হয়। আসলে অজুহাত তৈরি করছেন। যাতে ডিসেম্বরের পর বলতে পারেন, সরকার পাসপোর্ট দেওয়ার সাহস না করায়, তিনি ফিরতে পারেননি।’