নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেট (আইএস)-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন,’সাহসী মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁতভাবে একটি জটিল ও পরিকল্পিত অভিযান পরিচালনা করে বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে মাঠ থেকে সরিয়ে দিয়েছে।’
তিনি আরও দাবি করেন, আল-মিনুকি আফ্রিকায় লুকিয়ে থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন এবং তার গতিবিধি সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা নিয়মিত তথ্য পাচ্ছিল।
ট্রাম্প জানান, অভিযানে নাইজেরিয়া সরকারের সহযোগিতা ছিল এবং এজন্য তিনি দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে তিনি অভিযানের বিস্তারিত সময় বা অবস্থান সম্পর্কে কিছু জানাননি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০২৩ সাল থেকেই আল-মিনুকিকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছিল। ট্রাম্প বলেন, তার মৃত্যুতে আইএসের বৈশ্বিক কার্যক্রম বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
অন্যদিকে, নাইজেরিয়ায় বোকো হারাম ও আইএস সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কারণে দীর্ঘদিন ধরে সহিংসতা চলছে। দেশটির সরকার অবশ্য আগেও জানিয়েছে, এসব গোষ্ঠী মুসলিম ও খ্রিস্টান-দুই সম্প্রদায়ের ওপরই হামলা চালায়।
যুক্তরাষ্ট্র এর আগে ২০২৫ সালে ক্রিসমাস ডে-তে নাইজেরিয়ার সোকোটো রাজ্যে আইএস লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল। বর্তমানে দেশটিতে যুক্তরাষ্ট্রের কয়েকশ সেনা কেবল প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদানের কাজে নিয়োজিত রয়েছে।




