ধর্মভিত্তিক দলগুলোর অবস্থান পরিষ্কারের আহ্বান টিআইবির শাহ আলীর মাজারে হামলা

0
7

রাজধানীর মিরপুরে শাহ আলীর মাজারে হামলার ঘটনা দেশের স্বাধীনতা এবং জুলাই আন্দোলনের মূল চেতনা ও অভীষ্টের পরিপন্থি। এই অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের পরিপ্রেক্ষিতে লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যময় চর্চার অধিকার ও সহাবস্থান বিষয়ে জামায়াতসহ অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গতকাল শনিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এই নির্লজ্জ ও কাপুরুষোচিত আক্রমণ রক্তস্নাত জুলাই আন্দোলনের ফলে কর্তৃত্ববাদ পতন-পরবর্তী প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের লোকজ ঐতিহ্যের পরিপন্থি শক্তির উত্থান ও দেশব্যাপী বহুমত, বহুধর্মী, সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর সহিংস ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা। একে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। বরং সুপরিকল্পিতভাবে বিদ্বেষ ও হিংসা ছড়িয়ে আবহমান বাঙালির উদারনৈতিক লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যময় চর্চার ক্ষেত্র ও মাধ‍্যমসমূহ ধ্বংস করে সাম্প্রদায়িক শক্তিকে বিকশিত করার সুদূরপ্রসারী ছকের অংশ, যা মুক্তচিন্তা ও সহিষ্ণু আচরণের ধারক ও বাহক তথা দেশবাসীর জন্য অশনিসংকেত।’

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও জুলাই আন্দোলনের মূল চেতনা ও অভীষ্টের ধারক শক্তি হিসেবে বিপুল জনসমর্থনে নির্বাচিত বর্তমান বিএনপি সরকার। এ আমলে বহুসংস্কৃতি ও বহুধর্মী বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য ও ধর্মীয় স্বাধীনতার প্রত‍্যাশার পাশাপাশি এদেশের চিরায়ত সাংস্কৃতিক, আধ‍্যাত্মিক, সামাজিক বৈচিত্র্যের সহাবস্থান পরিপন্থি এ ধ্বংসাত্মক অপতৎপরতা প্রতিরোধের দায়িত্ব সরকারের। আমরা শাহ আলীর মাজারে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

ড. জামান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ শুধু প্রত্যাখ‍্যান যথেষ্ট নয়, বাংলাদেশের স্বাধীনতা ও জুলাই আন্দোলনের মূল চেতনার পাশাপাশি এদেশের চিরায়ত সাংস্কৃতিক, আধ‍্যাত্মিক ও সামাজিক বৈচিত্র্যের সহাবস্থানের যে গৌরবোজ্জ্বল সংস্কৃতি রয়েছে, এ ব্যাপারে তাদের ও ধর্মভিত্তিক অন‍্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here