এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, জ্বালানি খাতে সমন্বয় নেই। সিস্টেম লসের নামে চুরি চলছে। খুব সহজেই এই চুরি ঠেকানো যায়। বৃহস্পতিবার সমকাল আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।
‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শিরোনামে এ সংলাপে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
মীর নাসির জানান, তাদের কারখানায় গ্যাস সরবরাহ ৬০ শতাংশ পর্যন্ত কমেছে। এতে উৎপাদন সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আনার জন্য ঢাকঢোল পেটানো হচ্ছে অথচ স্থানীয় বিনিয়োগকারীরা গ্যাসসহ অবকাঠামো সুবিধা না পেয়ে বিপদে আছেন।
এফবিসিসিআই- এর সাবেক সভাপতি বলেন, সার কারখানায় গ্যাস না দিয়ে তা যদি টেক্সটাইল বা অন্যান্য রপ্তানিমুখী শিল্পে দেওয়া যায়, তবে অর্থনীতির জন্য তা বেশি ফলপ্রসূ হতে পারে। এটি নীতিগত সিদ্ধান্তের বিষয়।




