বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসেই টানা ৯ দফায় দাম কমেছে। ফলে প্রায় এক বছর পর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছে। সর্বশেষ গত শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ছয় হাজার ১৮২ টাকা কমানোর
ঘোষণা দিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন ভ্যাটসহ ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দর এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরির দাম এক লাখ ৮৬ হাজার ২১৬ এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দর গতকাল রোববার থেকে কার্যকর হয়েছে।
বাজার তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে ওঠে। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরির দর দাঁড়ায় দুই লাখ ৮৬ হাজার এক টাকা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট মিলিয়ে ক্রেতাদের খরচ পড়ে প্রায় তিন লাখ ৩০০ টাকা। গত ১০ মাসের ব্যবধানে ভ্যাটসহ প্রকৃত ক্রয়মূল্য কমেছে প্রায় এক লাখ পাঁচ হাজার ৩৩৭ টাকা বা প্রায় ৩৫ শতাংশ। শুধু চলতি নভেম্বর মাসের ৯ দফাতেই ভরিপ্রতি দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক পণ্যবাজার গবেষণার তথ্যমতে, বছরের শুরুতে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করায় দাম রেকর্ড উচ্চতায় উঠেছিল। এখন ভিন্ন কিছু কারণ একসঙ্গে কাজ করায় দাম কমছে। ২০২২ সাল থেকে স্বর্ণের প্রকৃত চাহিদা বাড়তে থাকে। সে সময় গহনা, কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের ক্রয় বাড়তে থাকায় দাম নিম্নমুখী হওয়ার ঝুঁকি কমে যায়। এরপর স্বর্ণসমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) বিনিয়োগকারীরা স্বর্ণ কেনার দিকে ঝোঁকেন। ফলে ২০২৫ সালে ইটিএফে স্বর্ণের মজুত প্রায় ৮০০ টন বাড়ে। এতে বাজারে স্বর্ণ কমে যাওয়ায় দাম চড়া হয়।
ওই বছর ডলারের মানও দুর্বল ছিল। বন্ডের সুদ কম ছিল এবং বিশ্বজুড়ে ঋণ নিয়ে উদ্বেগ ছিল। ফলে অনেকে ডলার বা বন্ডে বিনিয়োগের চেয়ে স্বর্ণ কিনে রাখাকে নিরাপদ মনে করেন। এই চাহিদার কারণে চলতি বছরের জানুয়ারিতে দাম রেকর্ড উচ্চতায় ওঠে। তখন নিউইয়র্কের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড পাঁচ হাজার ৫৯৫ থেকে পাঁচ হাজার ৬০০ ডলারে ওঠে।
এর পর থেকেই দরপতনের শঙ্কা তৈরি হয়। ফলে বিনিয়োগকারীরা নতুন করে স্বর্ণ কিনবেন কিনা তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। একই সময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে বলে আলোচনা শুরু হয়। অন্যদিকে ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে বাজারে নগদ অর্থের ওপর চাপ তৈরি হয়। তখন অনেক বিনিয়োগকারী দ্রুত স্বর্ণ বিক্রি করতে শুরু করেন। এসব কারণে দাম কমতে থাকে। বর্তমানে দাম এক-তৃতীয়াংশের বেশি কমে তিন হাজার ৫৭০ ডলারের ঘরে নেমে এসেছে, যা গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন।
তবে সাম্প্রতিক দরপতনের পরও স্বর্ণের দাম ফের বাড়তে পারে বলে আশাবাদী মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটির পূর্বাভাস, ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ৬৫০ ডলারে পৌঁছাতে পারে। এর আগে ব্যাংকটির পূর্বাভাস ছিল চার হাজার ৮০০ ডলার। কিন্তু দর উঠেছিল সর্বোচ্চ পাঁচ হাজার ৫৯৪ ডলার।


