ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প কুড়িগ্রামের ৪৭৩ ভিক্ষুকের ৩৫৭ জনের ঠিকানাই ভুয়া

উত্তরের সীমান্তঘেঁষা নদনদীময় জেলা কুড়িগ্রাম। দারিদ্র্যের শীর্ষে থাকা এই জেলাতে ভিক্ষুক পুনর্বাসনের নামে ৮৬ লাখ টাকা খরচ হলেও বাস্তবে শতভাগ কোনো ভিক্ষুকের ভিক্ষাবৃত্তি বন্ধ হয়নি। উল্টো আগের থেকে আরও করুণ অবস্থায় জীবন ধারণ করছেন পুনর্বাসনের সরকারি তালিকায় থাকা ভিক্ষুকরা।

সরকারি প্রতিবেদনে কাগজ-কলমে ‘সফল’ ভিক্ষুক পুনর্বাসিত হওয়ার কথা উল্লেখ থাকলেও সরেজমিন এর কোনো বাস্তবতা পাওয়া যায়নি। জেলার ৯টি উপজেলার বিভিন্ন রাস্তায় সেই পুরোনো চিত্র, ভিক্ষার ঝুলি হাতে দাঁড়িয়ে আছেন আগের ভিক্ষুকরাই। ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ছয় বছরের হিসাব অনুসন্ধান করে দেখা গেছে, ৪৭৩ ভিক্ষুকের মধ্যে ২৬ জন পুনর্বাসিত হয়ে ভিক্ষাবৃত্তি ছেড়েছেন। তবে সরেজমিন যোগাযোগের ঠিকানায় গিয়ে দেখা যায়, ৩৫৭ জনের ঠিকানাই ভুল দেওয়া হয়েছে। এর বাইরে ১১ জন কুড়িগ্রাম জেলার বাসিন্দা নন। প্রকৃত ভিক্ষুক নন আরও ১৯ জন। ৪৫ জন প্রকৃত ভিক্ষুক সহায়তা পেয়েও পুনর্বাসিত হননি। জেলা সমাজসেবা কার্যালয়ের দেওয়া তথ্যমতে, ছয় অর্থবছরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কুড়িগ্রামে ভিক্ষাবৃত্তি বন্ধ করে নতুন পেশায় যুক্ত করতে খরচ করা হয়েছে ৮৬ লাখ ৩৫ হাজার টাকা।

পুনর্বাসিত করতে কাউকে ধান-চালের ব্যবসা, পিঠার ব্যবসা, পান-সুপারির ব্যবসা, মুদি দোকান, হাঁস-মুরগি পালন, গরু পালন, ভ্যান, অটোরিকশা দেওয়াসহ নানা উদ্যোগের কথা বলা হলেও সরেজমিন এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তালিকায় ৪২ নম্বর সিরিয়ালে থাকা জেলার রাজারহাট উপজেলার মেকুরতারী গ্রামের মো. তপর উদ্দিনকে পুনর্বাসিত সফল ভিক্ষুক বলা হলেও বাস্তবে তিনি ভিক্ষাবৃত্তি করে চলেছেন। সমাজসেবা থেকে যে অর্থ পেয়েছেন, সেটি তাঁর খাবার কিনতেই শেষ হয়েছে। তপর উদ্দিন বলেন, ‘ভিক্ষা করি পেট চলে। ১৫ হাজার টাকা পাইছি ধানের ব্যবসার জন্য। সেই টাকা খায়া শ্যাষ করছি। মানষে লাখ লাখ টাকা দিয়া ব্যবসা করে আর হামার এই টাকায় ধান-চালের ব্যবসা হয়?’

তালিকায় থাকা উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ গ্রামের বাসিন্দা আবদুল জব্বারকে ভিক্ষাবৃত্তি বন্ধে পান-সুপারির ব্যবসা করার কথা বলা হলেও তিনি এখনও ভিক্ষা করেন। বাড়িতে গিয়ে কথা হয় তাঁর স্ত্রী আনজু বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘১২ হাজার টাকা পাইছিলাম। এই টাকায় পান-সুপারির দোকান হয়? দোকান নাই, এই টাকা ভাঙি খাইছি, এল্যাও ভিক্ষা করি চলে হামার।’

গত দুই মাসের অনুসন্ধানে উঠে আসে প্রকৃত ভিক্ষুক তালিকায় অন্তর্ভুক্ত না করা, উপজেলাভেদে কয়েকজন করে প্রকৃত ভিক্ষুক নিয়ে বরাদ্দের পুরো টাকা না দেওয়া, পুনর্বাসিত করার পর যোগাযোগ না রাখা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাওয়া ব্যক্তিদের তালিকায় নাম রাখা, কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও দুর্নীতি এবং মনগড়া এনআইডি ও ব্যক্তির নাম রাখায় জেলায় গত ছয় বছরে ভিক্ষুকদের জন্য বরাদ্দকৃত অনুদান কোনো কাজেই আসেনি। শহরের হরিকেশ মধ্যপাড়ার বাসিন্দা ৬৫ বছরের আইয়ুব আলী। ভিক্ষা যাতে না করতে হয়, এ জন্য তাঁকে একটি গাভি দেওয়া হয়েছে বলে কাগজপত্রে উল্লেখ করা হয়ছে, যার বাজারমূল্য ৩৫ হাজার টাকা। তবে অসুস্থ শরীর নিয়ে কয়েক মাস ধরে তিনি শয্যাশায়ী। আইয়ুব আলীর বাড়ি গেলে গাভি তো দূরের কথা, চিকিৎসার জন্য কখনও কোনো সহযোগিতা পাননি বলে জানান তাঁর স্ত্রী লাভলী বেগম। তিনি বলেন, ‘আমার স্বামী প্রতিবন্ধী। ভিক্ষা করি হামার সংসার চলে। মানুষটা কয়েক মাস ধরি অসুস্থ। সরকার থাকি প্রতিবন্ধী ভাতা পায়, কোন গরু হামরা পাই নাই।’ ভিক্ষুক পুনর্বাসন তালিকার ৪ নম্বরে রয়েছেন সাহেরা বানু। সদরের মোগলবাসা ইউনিয়নের মালডাঙ্গা গ্রামের বাসিন্দা তিনি। তাঁকেও ভিক্ষা যাতে না করতে হয়, সে জন্য পেয়েছেন সমমূল্যের একটি গাভি। কিন্তু বাস্তবে সেই গ্রামে গিয়ে তাঁর অস্তিত্বই পাওয়া যায়নি।

এই গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জোবেদ আলী বলেন, ‘যখন ভাতার নাম লিস্ট করে, তখন আমাদের কাছে নাম নেওয়া হয়। ভিক্ষুক পুনর্বাসনের নামের তালিকায় তো নাম নেয় নাই।’
তালিকায় থাকা ৫ নম্বরে রয়েছে জোবেদ আলীর নাম। বাড়ি সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর বলা হলেও খোঁজ করে দেখা যায়, প্রকৃত নাম জাহির আলী। তাঁর বাড়ি সুনামগঞ্জ জেলায়। পেশায় তিনি চাকরিজীবী; ভিক্ষুক নন।

এ বিষয়ে জাহির আলী বলেন, ‘আমি কোনো গাভি-টাভি পাইনি। বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করি। ভিক্ষুকের তালিকায় আমার মোবাইল নম্বর কীভাবে গেল, জানি না।’

তালিকায় থাকা ৬ নম্বরে রয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী সহিদার রহমান ও ৭ নম্বরে তাঁর কন্যা সফিকা খাতুন, তিনিও দৃষ্টিপ্রতিবন্ধী। সহিদার রহমান স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। দুজনকেই দেওয়া হয়েছে দুটি গরু। কিন্তু সহিদারের ছোট মেয়ে শরিফা খাতুন বলেন, ‘বাবা দৃষ্টিপ্রতিবন্ধী। ভিক্ষা করেন না, মসজিদে কাজ করেন। প্রতিবন্ধী ভাতা পান, সমাজসেবা থেকে একটি গরু দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক মাস পর গরুটা অসুস্থ হয়ে মারা যায়। আমার আপুও দৃষ্টিপ্রতিবন্ধী। সেও ভাতা পায়, কিন্তু কোনো গাভি সে পায়নি।’

তালিকায় ৩৭ ও ৪০ নম্বরে দুই স্থানেই উমর মজিদ ইউনিয়নের ভিক্ষুক মমেনা বেগমের নাম থাকলেও বাস্তবে তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

উমর মজিদ ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির বলেন, এই নামের দুজন আলাদা ব্যক্তি। আমি নাম দিছি। আপনি যখন আসছেন, তখন হয়তো বাড়িত ছিল না। এই নাম দুইটা সঠিক।’
ভিক্ষুক পুনর্বাসনের তালিকার ৩৩১ নম্বরে আছে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদুল হকের নাম। তাঁর নামে নগদ অর্থ ও ছাগল পালনের কথা উল্লেখ রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘তালিকায় কীভাবে আমার নাম এলো, আমি জানি না। আমি সমাজসেবা থেকে কোনো ধরনের সুবিধা নিইনি।’

একই চিত্র দেখা গেছে তালিকার ৩৩২, ৩৩৫, ৩৩৬, ৩৩৮ নম্বর সিরিয়ালে। প্রত্যেকের নামে ছাগল পালন আর অর্থ সহায়তার কথা বলা হলেও কেউ ছাগল পাননি।

তালিকার ৩৩২ সিরিয়ালে থাকা এই উপজেলার পশ্চিম হাট গোপালপুর গ্রামের ইয়াকুব আলীর নাম রয়েছে। কিন্তু সরেজমিন দেখা যায়, তাঁর সন্তান প্রতিবন্ধী সহায়তা পায়। তিনি কোনো ছাগল এবং বরাদ্দের নগদ অর্থ পাননি। ইয়াকুব আলীর স্ত্রী বানেছা বেগম বলেন, ‘আমার স্বামীর নামে শেষে ফকির আছে। কবিরাজিও করে টুকটাক আর কামলা দিয়া খায়। তাঁর নামে কোনো ছাগল, টাকা আমরা পাই নাই।’

তালিকার ৩৩৬ সিরিয়ালের করিম উদ্দিন বলেন, ‘আমি দিনমজুরি করে চলি। কখনও ভিক্ষা করি নাই। আমি সমাজসেবার কোনো কিছু নাই।’

তালিকায় থাকা ৩৫২ থেকে ৩৬৪ জনের প্রত্যেকেই চিলমারী উপজেলার বাসিন্দা। এই ১৩ জন প্রকৃত ভিক্ষুক হলেও কেউই তাদের জন্য নগদ অর্থ বরাদ্দের কোনো অর্থ পাননি। ১৩ জনের সঙ্গে কয়েকজনের কথা হয় সমকালের চিলমারী সংবাদদাতার।

চিলমারী ইউনিয়নের মনতোলা এলাকার মো. আসাদ আলী আজও ভিক্ষা করেই দিন কাটাচ্ছেন। ভিক্ষুক পুনর্বাসনে তাঁর নাম তালিকাভুক্ত করা হলেও তিনি সহায়তা পাননি।

মুদাফৎথানা সরকারপাড়া রমনা এলাকার মো. অন্তর মিয়া জানান, অনেক দিন আগে তালিকা নেওয়া হয়েছিল; কিন্তু আজ পর্যন্ত তিনি ছাগল কিংবা অর্থ সহায়তা– কোনো কিছুই পাননি।
রমনা মিস্ত্রীপাড়া এলাকার জাহাঙ্গীর আলমও একই কথা বলেন।

মণ্ডলপাড়া এলাকার মোছা. রাছিরন বেগম একসময় ভিক্ষা করলেও এখন করছেন না। তিনি জানান, ভিক্ষুক পুনর্বাসন সহায়তার ছাগল কিংবা নগদ অর্থ সহায়তা– কোনোটাই পাননি।
এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুড়িগ্রামের সভাপতি খায়রুল আনম বলেন, এটি সরকারের একটি মহৎ উদ্যোগ। এই উদ্যোগ যখন প্রকৃত মানুষের কাছে পৌঁছায় না, তখন সেটি লজ্জার। আমরা এটি তদন্ত করে অসংগতিগুলো দূর করার দাবি জানাই।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য প্রতিমা রায় চৌধুরী বলেন, সমাজসেবা ভিক্ষুক পুনর্বাসনের নামে প্রকৃত ভিক্ষুকদের এই সহায়তা দিতে না পারাটাই বড় একটি দুর্নীতি। আমরা চাই এই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহ. হুমায়ুন কবির বলেন, এ রকমটা হওয়ার সুযোগ নেই। প্রকৃত ভিক্ষুকদের তালিকা করা হয়েছে। কেউ অভিযোগ করলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

প্রতিবেদনে উল্লেখ করা ব্যক্তিদের বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, আমি এ মুহূর্তে বাইরে মাঠ পরিদর্শনে আছি। তালিকাগুলো নিয়ে অফিসে আসুন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর