চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে এক হাজার ১৪৭ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ১৫ কোটি ডলার। জুলাই-অক্টোবর সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৩২ কোটি ডলার বা প্রায় ১৩ শতাংশ। এর মধ্যে ৭৯৪ কোটি ডলার বা ৬৯ দশমিক ২৪ শতাংশ এসেছে ১০টি জেলায়। এককভাবে শুধু ঢাকা জেলায় এসেছে ৩৬ শতাংশের বেশি রেমিট্যান্স।
সংশ্লিষ্টরা জানান, যে অঞ্চলের ব্যাংক শাখা যত রেমিট্যান্স জমা হয় তা ওই অঞ্চলের প্রবাসী আয় হিসেবে বিবেচিত হয়। প্রথম চার মাসে শীর্ষ ১০ জেলার মধ্যে ছয়টি চট্টগ্রাম বিভাগের। তিনটি ঢাকা বিভাগের। অন্যটি সিলেট জেলা। জুলাই-অক্টোবরে শুধু ঢাকা জেলার শাখায় এসেছে ৪১৮ কোটি ডলারের বেশি। দেশের বিভিন্ন জেলার মানুষের বসবাস ঢাকায়। আবার ব্যাংক শাখাও বেশি রাজধানীতে। সব মিলিয়ে ঢাকাতেই সব সময় বেশি অর্থ আসে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম জেলার মাধ্যমে এসেছে প্রায় ৮০ কোটি ডলার। এর পরের অবস্থানে থাকা কুমিল্লা জেলায় এসেছে প্রায় ৭৪ কোটি ডলার। চতুর্থ অবস্থানের জেলা সিলেটে এসেছে ৫৬ কোটি ডলার। পঞ্চম অবস্থানে থাকা নোয়াখালীতে এসেছে প্রায় ৩৬ কোটি ডলার। ষষ্ঠ অবস্থানে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলায় এসেছে ৩১ কোটি ডলার। ফেনী জেলায় এসেছে প্রায় ২৮ কোটি ডলার। এর পরের অবস্থানে থাকা চাঁদপুরে এসেছে ২৬ কোটি ৪৫ লাখ ডলার। মানিকগঞ্জে এসেছে ২৩ কোটি ডলার। ঢাকা বিভাগের আরেক জেলা টাঙ্গাইলে এসেছে ২২ কোটি ডলার।
ব্যাংকাররা জানান, যুদ্ধসহ বৈশ্বিক সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি, ভোগ্যপণ্যসহ অনেক পণ্যের দর বেড়েছে। এর মধ্যেও প্রবাসী আয়ের উচ্চ প্রবৃদ্ধি অর্থনীতিতে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলছে। চলতি মাসেও রেমিট্যান্স বৃদ্ধির ধারা বজায় রয়েছে। চলতি মাসের ১৮ দিনে প্রবাসীরা আরও ২১৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১২ শতাংশ বেশি। সব মিলিয়ে চলতি অর্থবছরের শুরু থেকে গত বুধবার পর্যন্ত এসেছে এক হাজার ৩৬০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১২ দশমিক ৮০ শতাংশ বেশি। তবে সাম্প্রতিক সময়ে রপ্তানি আয়ের তুলনায় আমদানিতে অনেক বেশি প্রবৃদ্ধি হচ্ছে। এর ফলে দীর্ঘ সময় স্থিতিশীল থাকার পর গত দুই মাসে প্রতি ডলারে দুই টাকা বেড়ে গত বৃহস্পতিবার আন্তঃব্যাংকে গড়ে ১২৪ টাকা ৭৫ পয়সায় বেচাকেনা হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে দীর্ঘদিন পর রিজার্ভ থেকে নিলাম প্রক্রিয়ায় ৪৭ কোটি ৩৫ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া গত সপ্তাহে সব ব্যাংকের ট্রেজারি প্রধানদের নিয়ে বৈঠক করে ডলার বেচাকেনায় সংযত আচরণ করতে বলা হয়েছে। প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক ডলার সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে অপ্রয়োজনে ডলার ধরে রাখা কিংবা বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে বাড়তি দরে ডলার কিনলে মূল্যস্ফীতিতে তার প্রভাব বিষয়ে সতর্ক করা হয়।
আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কোনো ডলার বিক্রি না করে বাজার থেকে কিনছিল কেন্দ্রীয় ব্যাংক। যে কারণে আওয়ামী লীগ পতনের আগে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারের রিজার্ভ বেড়ে গত জুলাইয়ে প্রায় ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে ওঠে। ডলার বিক্রি এবং এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে পরিশোধের পর যা কমে গত বৃহস্পতিবার ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে নামে।
দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। সাম্প্রতিক ৪৭ কোটি ৩৫ লাখ ডলার বিক্রির বিপরীতে বাজার থেকে পাঁচ হাজার ৮০০ কোটি টাকার মতো উঠে এসেছে। তবে ব্যাংকগুলোর হাতে বর্তমানে চার লাখ কোটি টাকার বেশি উদ্বৃত্ত তহবিল পড়ে আছে। যে কারণে এর কোনো প্রভাব বাজারে নেই। বরং ঋণপ্রবাহ বাড়াতে নীতি সুদহার কমানোসহ বিভিন্ন শিথিলতা আনছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের সুদ ভর্তুকির আওতায় কম সুদে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ বিতরণে একের পর এক শর্ত শিথিল করা হচ্ছে।


