হার্টের রিংয়ের দাম বেড়েছে শুল্ক ছাড়ের সুফল নেই

ওষুধ, চিকিৎসার কাঁচামাল ও মেডিকেল যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কর কমিয়েছে সরকার। এর উদ্দেশ্য ছিল উৎপাদন ব্যয় কমানো, চিকিৎসা সহজলভ্য করা এবং রোগীদের খরচ কমানো। কিন্তু এই উদ্যোগের সুফল কতটা পৌঁছেছে ভোক্তার কাছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, শুল্ক কর ছাড়ের মধ্যেই দেশে হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত দুটি করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের দাম ১০ থেকে ১২ শতাংশ বাড়ানো হয়েছে।

অন্যদিকে, কিডনি রোগীদের ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার আমদানিতে শুল্ক কর প্রত্যাহার করা হলেও এইচওএস কোড নম্বর বা শ্রেণিবিন্যাস-সংক্রান্ত ভুলের কারণে এর সুবিধা পাচ্ছেন না আমদানিকারক ও রোগীরা।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ওষুধের কাঁচামাল, ক্যান্সারের ওষুধ তৈরির উপাদান, ডায়ালাইসিস ফিল্টার ও বিভিন্ন মেডিকেল যন্ত্র আমদানিতে শুল্ক-কর কমানো বা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আমদানি পর্যায়ে এসব ছাড়ের সুবিধা শেষ পর্যন্ত রোগীর চিকিৎসা ব্যয় কমাতে ভূমিকা রাখতে পারেনি।

ঔষধ প্রশাসনের তথ্য বলছে, দক্ষিণ কোরিয়ার কোম্পানি জেনোসের তৈরি জেনোস ডিইএস স্টেন্ট বা রিংয়ের দাম ৫০ হাজার থেকে বাড়িয়ে ৫৬ হাজার টাকা করা হয়েছে, অর্থাৎ বেড়েছে ১২ শতাংশ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মেডট্রনিকের তৈরি অনিক্সের রিংয়ের দাম ৫০ হাজার থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা করা হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর করোনারি ও নিউরোলজিক্যাল স্টেন্ট-সংক্রান্ত পরামর্শক কমিটির অষ্টম সভার সুপারিশের ভিত্তিতে এ মূল্য পুনর্নির্ধারণ করা হয়। ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশ জারি করে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

অধিদপ্তরের আদেশে বলা হয়েছে, স্টেন্টের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনকারী দেশ, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রেজিস্ট্রেশন (ডিএআর) নম্বর উল্লেখ করতে হবে। আমদানি ও বাজারজাতের আগে অধিদপ্তরের ছাড়পত্রও নিতে হবে।

মেডট্রনিকের তৈরি হার্টের রিং আমদানিকারক প্রতিষ্ঠান এইচআরএস কার্ডিয়াক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমান ডালিম সমকালকে বলেন, ‘দাম বৃদ্ধির বিষয়ে আমি কিছু জানি না। এটা মেডট্রনিকের কর্মকর্তাদের বলেন। তারা এই বিষয়ে ভালো বলতে পারবেন।’

মেডট্রনিক বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার আসিফ আফসার বলেন, বিগত সরকারের সময় ইচ্ছা করে আমাদের রিংয়ের দাম একটু বেশি কমিয়ে দেওয়া হয়। তাই আমরা হার্টের রিংয়ের দাম সমন্বয় করতে সরকারের কাছে একটি চিঠি দিয়েছিলাম। ঔষধ প্রশাসন অধিদপ্তর দাম সমন্বয় করেছে। রিং আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। এই শুল্ক হার্টের রিংয়ের দামের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। যে কারণে দাম কমার কথা নয়।

দক্ষিণ কোরিয়ার জেনোস ডিইএস স্টেন্ট আমদানি করে কার্ডিনাল হেলথ কেয়ার। এর ব্যবস্থাপনা পরিচালক অলিয়ার রহমান অনু বলেন, ‘আমাদের রপ্তানি করা হার্টের রিংয়ের দাম ৮২ হাজার টাকা থেকে কমিয়ে ৫৬ হাজার টাকা করা হয়েছে। দাম বাড়েনি।

তাহলে ঔষধ প্রশাসন প্রজ্ঞাপনে ৫০ হাজার থেকে ৫৬ হাজার টাকা কেন করা হয়েছে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঔষধ প্রশাসন ভুল করছে। আমরা আগের দামে রিং বিক্রি করছি।
এসব বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. আকতার হোসেন বলেন, কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগে মূল্য নির্ধারণে অসংগতি ছিল। প্রতিষ্ঠানগুলো নতুন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করার পর মূল্য নির্ধারণ কমিটি পর্যালোচনা করে দুটি প্রতিষ্ঠানের স্টেন্টের দাম বাড়িয়েছে।

তিনি বলেন, হার্টের রিংয়ের মূল্যের মধ্যে শুল্ক কর অন্তর্ভুক্ত ছিল না। এ কারণে স্টেন্ট আমদানিতে শুল্ক কর অব্যাহতির সিদ্ধান্তের সঙ্গে দাম বাড়ার কোনো সম্পর্ক নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, এখন বেশ কিছু কোম্পানি হার্টের রিংয়ের দাম বাড়ানোর জন্য আবেদন করেছে। কিছু কোম্পানির রিংয়ের দাম বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিস করতে হয়। এ চিকিৎসায় রক্ত পরিশোধনের জন্য ডায়ালাইসিস ফিল্টার অপরিহার্য। প্রতিটি ডায়ালাইসিস সেশনে রোগীর জন্য নতুন ফিল্টার ব্যবহার করতে হয়। এতে এ উপকরণের দাম বৃদ্ধি চিকিৎসার ব্যয়ে প্রভাব ফেলে। রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর উদ্দেশ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে। কিন্তু শুল্ক শ্রেণিবিন্যাস বা এইচওএস কোড নম্বর ভুলের কারণে এ সুবিধা কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন আমদানিকারকরা। তাদের দাবি, শুল্ক কর প্রত্যাহারের সিদ্ধান্ত থাকলেও সংশ্লিষ্ট পণ্যের শ্রেণিবিন্যাসে অসংগতির কারণে আমদানিতে প্রত্যাশিত সুবিধা পাওয়া যাচ্ছে না। এতে রোগীদের জন্যও দাম কমেনি।

ডায়ালাইসিস ফিল্টার আমদানিকারক প্রতিষ্ঠান এসএনও টেক হেলথ কেয়ারের পরিচালক প্রকৌশলী নওয়াব আলী সমকালকে বলেন, এইচওএস কোড নম্বর ভুলের কারণে ব্যবসায়ী কিংবা রোগী কেউই সুবিধা পাচ্ছেন না। মূসক প্রত্যাহারের সুবিধা দেওয়া হয়েছে আল্ট্রাপিওর ফিল্টারের ক্ষেত্রে। এটি ডায়ালাইসিস মেশিনে ব্যবহৃত হয় এবং দেশে এর ব্যবহার খুবই সীমিত। কিন্তু হেমোডায়ালাইসিসে রক্ত পরিশোধনের জন্য যে ফিল্টার ব্যবহার করা হয়, সেটির ক্ষেত্রে সুবিধা কার্যকর হয়নি।

তিনি বলেন, হেমোডায়ালাইসিসের প্রতিটি সেশনে ফিল্টার পরিবর্তন করতে হয়। এ পণ্যে শুল্ক কর ছাড় কার্যকর হলে রোগীরা উপকৃত হতেন। বিষয়টি সমাধানে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গত ১৮ অক্টোবরের এক চিঠিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ওষুধ ও মেডিকেল যন্ত্র খাতে দেওয়া শুল্ক কর ছাড়ের তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ওষুধশিল্পে ব্যবহৃত ১৭টি নতুন কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। ক্যান্সারের ওষুধ তৈরিতে ব্যবহৃত ৯টি কাঁচামালকে শুল্ক কর অব্যাহতির আওতায় আনা হয়েছে। এ ছাড়া ওষুধের সক্রিয় উপাদান বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ৫৩টি নতুন কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতি দেওয়া হয়েছে।

ফার্মাসিউটিক্যালস শিল্পে ব্যবহৃত বায়োলজিক্যাল সেফটি ক্যাবিনেট আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পণ্যের ক্ষেত্রে কাস্টমস শুল্ক ও আগাম কর কমানো বা প্রত্যাহার করা হয়েছে। তবে এসব ছাড়ের ফলে ওষুধের দামে কোনো প্রভাব পড়েনি।

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির (বিএপিআই) মহাসচিব ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হালিমুজ্জামান বলেন, এপিআই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য আগে থেকেই শুল্ক সুবিধা ছিল। ফলে নতুন সিদ্ধান্তের কারণে ভোক্তাদের জন্য সরাসরি অতিরিক্ত কোনো সুবিধা তৈরি হবে না। ক্যান্সারের ওষুধ তৈরির উপাদানের ক্ষেত্রেও আগে থেকে শুল্ক সুবিধা থাকায় নতুন সিদ্ধান্তের ফলে ভোক্তা পর্যায়ে বাড়তি মূল্যহ্রাসের সম্ভাবনা সীমিত।

তবে আগে কোনো ওষুধের কাঁচামালের ওপর শুল্ক আরোপিত থাকলে এবং নতুন সিদ্ধান্তে তা প্রত্যাহার করা হলে দাম কমানোর সুযোগ তৈরি হতে পারে বলে জানান তিনি। হালিমুজ্জামান বলেন, সরকার ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার জন্য শুল্ক কর ছাড় দেয় না; এর উদ্দেশ্য থাকে ভোক্তাদের উপকার করা।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চেয়ারম্যান এ এইচ এম সফিকুজ্জামান বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শুল্কহার এমনিতেই বেশি। মাঝেমধ্যে বিভিন্ন পণ্যে শুল্ক কমানো হলেও তার সুফল ভোক্তা পর্যায়ে তেমন একটা পৌঁছায় না। অসাধু ব্যবসায়ীদের পাশাপাশি সময়মতো শুল্ক কমানো কার্যকর না হওয়া এবং জাতীয় রাজস্ব বোর্ডের যথাযথ তদারকির অভাবও এর জন্য দায়ী।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর