নিরাপত্তার কারণে সামরিক ঘাঁটিতে বসবাস করছেন ট্রাম্পের মন্ত্রীরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ওয়াশিংটনকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন, তখন তার প্রশাসনের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সামরিক ঘাঁটিতে বসবাসের প্রবণতা বাড়ছে। নিরাপত্তার কারণে রাজধানীর সাধারণ আবাসিক এলাকা ছেড়ে তারা এখন কঠোর নিরাপত্তাবেষ্টিত সামরিক আবাসনে উঠছেন।

ট্রাম্প প্রশাসনের প্রায় ছয়জন সদস্য বর্তমানে ওয়াশিংটন ডিসির সামরিক আবাসনে বসবাস করছেন। তাদের মধ্যে রয়েছেন- অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার। মিলার তার স্ত্রী কেটি ও চার সন্তানকে নিয়ে সেখানে থাকছেন।

ওয়াশিংটনের এসব সামরিক আবাসন শত বছরেরও বেশি পুরোনো। কঠোর নিয়ন্ত্রণাধীন প্রবেশপথ ও নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘেরা বাড়িগুলো মূলত জেনারেল ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের বসবাসের জন্য তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে ট্রাম্প প্রশাসনের বেসামরিক কর্মকর্তারাও সেখানে থাকছেন। তাদের মতে, শহরের অন্য যেকোনো জায়গার তুলনায় এসব এলাকায় তাদের জন্য বেশি নিরাপদ।

অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি জর্জটাউনের বিলাসবহুল বাড়ি ছেড়ে একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে উঠেছেন। ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মাসের শুরুর দিকে সিএনবিসির ‘স্কোয়াক বক্স’ অনুষ্ঠানে বেসেন্ট বলেন, ইরানের নেতৃত্ব আমাকে এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। তবে আমি ভয় পেয়ে পিছু হটবো না।

ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে অর্থনৈতিক চাপ তৈরির অভিযান পরিচালনা করছেন বেসেন্ট। এ কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি মনে করেন।

নিরাপত্তার উদ্বেগে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকেও সম্প্রতি একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। তার পূর্বসূরি পাম বন্ডিও গত বছর সামরিক ঘাঁটিতে বসবাস করেছিলেন।

অন্যদিকে, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তার স্ত্রী কেটি গত বছর ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে চার সন্তানকে নিয়ে সামরিক আবাসনে চলে যান। এর আগে এক নারী তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন এবং বাড়ির ঠিকানা উল্লেখ করা লিফলেট বিতরণ করেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, মিলার পরিবারকে পরিকল্পিতভাবে অনুসরণ করা, তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস এবং হুমকি দেওয়ার ঘটনা ঘটছিল। এসব কর্মকাণ্ডের যথেষ্ট প্রমাণও রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও ফোর্ট ম্যাকনেয়ার সামরিক ঘাঁটিতে বসবাস করছেন। একই ঘাঁটিতে রয়েছেন মিলার দম্পতি। এলাকাটি ‘জেনারেলস রো’ নামে পরিচিত। পোটোম্যাক ও অ্যানাকোস্টিয়া নদীর মিলনস্থলে একটি উপদ্বীপে অবস্থিত এই সামরিক স্থাপনার বাড়িগুলো সাধারণত উচ্চপদস্থ জেনারেলদের জন্য বরাদ্দ থাকে।

রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য হুমকির মাত্রা বেড়েছে। বিদেশি প্রতিপক্ষের হুমকির পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতার আশঙ্কাও তাদের সামরিক আবাসনে যাওয়ার অন্যতম কারণ হয়ে উঠেছে।

চলতি বছরের শুরুর দিকে কেটি মিলারের পডকাস্টে অতিথি হয়ে রুবিও ও তার স্ত্রী প্রতিবেশীদের নিয়ে একটি মজার ঘটনার কথা জানান। তাদের একটি গোল্ডেনডুডল কুকুর ভুল করে হেগসেথের বাড়ির সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়েছিল। রুবিও আরও জানান, হেগসেথের একটি বিড়াল প্রায়ই রাতে আমার বাড়ির বারান্দায় এসে বসে থাকে।

ট্রাম্প প্রশাসনের আগে অন্য প্রেসিডেন্টদের আমলে উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তাদের সামরিক ঘাঁটিতে বসবাসের ঘটনা ছিল বিরল। সে তুলনায় বর্তমান সংখ্যা ঐতিহাসিকভাবে অনেক বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তাঝুঁকি বাড়তে থাকলে ভবিষ্যতের রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের প্রশাসনেই এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেন্সিয়াল স্টাডিজের পরিচালক থমাস কান বলেন, উচ্চপদস্থ কর্মকর্তারা এমনিতেই নিরাপত্তার কারণে এক ধরনের বুদবুদের মধ্যে বসবাস করেন। তাদের সঙ্গে সব সময় নিরাপত্তাকর্মীরা থাকেন এবং এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়। তবে এখন পরিস্থিতি আরও চরমে পৌঁছেছে। তারা এমন এলাকাতেও থাকছেন না, যেখানে সাধারণ মানুষ বসবাস করে।

তিনি বলেন, এর ফলে সরকারি কর্মকর্তারা সাধারণ মানুষের কাছ থেকে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ছেন, যা অত্যন্ত দুঃখজনক।

ট্রাম্প ওয়াশিংটনে নিজের প্রভাব বিস্তারে নানা পদক্ষেপ নিয়েছেন। শহরকে অনিরাপদ উল্লেখ করে ন্যাশনাল গার্ড মোতায়েন, হোয়াইট হাউসে বিশাল বলরুম নির্মাণ এবং একটি পাবলিক গলফ কোর্স নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন তিনি। অথচ তার প্রশাসনের কর্মকর্তারা রাজধানীর সাধারণ জনজীবন থেকে আগের যেকোনো প্রশাসনের তুলনায় বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।

বিষয়টি নিয়ে কয়েকজন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা প্রশ্ন তুলেছেন। সামরিক আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বসবাসের বিষয়ে পেন্টাগনকে আগামী বসন্তের মধ্যে হাউস আর্মড সার্ভিসেস কমিটির কাছে প্রতিবেদন দিতে হবে। সেখানে তাদের নিরাপত্তাঝুঁকি, সামরিক আবাসনে থাকার আইনি ভিত্তি এবং ভাড়ার বিস্তারিত তথ্য তুলে ধরতে হবে।

ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডস এই প্রতিবেদন তৈরির অনুমোদন আদায় করেছিলেন। তিনি বলেন, সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা থাকছেন কি না এবং তারা ন্যায্য বাজারমূল্য অনুযায়ী ভাড়া দিচ্ছেন কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

সামরিক আবাসনে বসবাসকারী কর্মকর্তাদের ভাড়া পরিশোধ করতে হয়। বাসস্থানের ধরন অনুযায়ী এই ভাড়া সাধারণত মাসে ৪ হাজার ৫০০ ডলারের বেশি হতে পারে। ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সময়কার একটি নজির অনুসরণ করা হয়। জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা—দুই প্রেসিডেন্টের আমলেই প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।

গেটস ছিলেন প্রথম প্রতিরক্ষামন্ত্রী, যিনি সামরিক আবাসনে বসবাস শুরু করেন। তার বাসভবনটি নেভি হিলে অবস্থিত ঊনবিংশ শতাব্দীর একটি ঐতিহাসিক বাড়ি। সে সময়ের ফেডারেল আইন অনুযায়ী, কোনো বেসামরিক ব্যক্তি সামরিক ঘাঁটির আবাসনে থাকতে চাইলে তাঁকে স্থানীয় বাজারের প্রচলিত ভাড়ার সমপরিমাণ অর্থ দিতে হতো। এ নিয়মে গেটসের মাসিক ভাড়া দাঁড়িয়েছিল ৬ হাজার ৫০০ ডলারের বেশি।

২০০৮ সালে পেন্টাগন ভাড়ার হার কমাতে আইন পরিবর্তনের প্রস্তাব দেয়। তাদের যুক্তি ছিল, সামরিক আবাসনে বেসামরিক কর্মকর্তাদের থাকার ফলে করদাতাদের অর্থ সাশ্রয় হয়। কারণ, আলাদা বেসরকারি বাসায় নিরাপত্তাব্যবস্থা তৈরি বা সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী নিয়োগের প্রয়োজন হয় না। সামরিক ঘাঁটির বিদ্যমান নিরাপত্তাব্যবস্থাই কাজে লাগানো যায়।

কংগ্রেস প্রস্তাবটি অনুমোদন করে। এরপর থেকে গেটস ও তাঁর পরবর্তী প্রতিরক্ষামন্ত্রীরা সামরিক আবাসনে থাকার সুযোগ পান। তাদের ভাড়া নির্ধারণ করা হয় একজন চার তারকা জেনারেল বা অ্যাডমিরালের ভাড়ার চেয়ে মাত্র ৫ শতাংশ বেশি।

গেটস চেয়েছিলেন, তার উত্তরসূরিরাও যেন এই সুবিধা পান। তবে ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়া জিম ম্যাটিস ছাড়া অন্য কোনো মন্ত্রিসভার সদস্য নেভাল কোয়ার্টারে ওঠেননি।

২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই নেভাল আবাসনে থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে নৌবাহিনীর একটি অভ্যন্তরীণ মেমোতে বিষয়টিকে সমস্যাসংকুল হিসেবে উল্লেখ করা হয়। আবাসন সংকটের মধ্যে একজন বেসামরিক পররাষ্ট্রমন্ত্রীর সামরিক সদস্যদের জন্য নির্ধারিত বাড়িতে থাকা অনুপযুক্ত হতে পারে বলে মনে করেছিল নৌবাহিনী। শেষ পর্যন্ত পম্পেও ভার্জিনিয়ার ফোর্ট মায়ার ঘাঁটিতে বসবাস করেন।

এদিকে, গত বছর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সমালোচনার মুখে পড়েন। আইনপ্রণেতারা জানতে পারেন, ফোর্ট ম্যাকনেয়ারে তার বাসভবন মেরামত ও উন্নয়নের জন্য সেনাবাহিনী ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের প্রস্তুতি নিচ্ছে।

থমাস কান ফোর্ট ম্যাকনেয়ার ঘাঁটি পরিদর্শন করে জায়গাটিকে সম্পূর্ণ আলাদা এক জগৎ হিসেবে বর্ণনা করেছেন। সেখানে একটি দোকান রয়েছে এবং একসময় এলাকাটিতে ওয়াশিংটনের সেরা টেনিস কোর্টগুলো ছিল। তবে পুরো এলাকা দেয়াল দিয়ে ঘেরা থাকায় সেখানকার পরিবেশ অদ্ভুত ও অবাস্তব মনে হয় বলে জানান তিনি।

কান বলেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকির ঘটনা বাড়তে থাকায় তারা সাধারণ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। ভবিষ্যতে এমন প্রবণতা আরও বাড়তে পারে।

সামরিক আবাসনে থাকার অভিজ্ঞতা অবশ্য সব কর্মকর্তার কাছে বিলাসবহুল নয়। সেখানে বসবাসকারী একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, কিছু বাড়ি বেশ বড় হলেও সেগুলোতে বিলাসিতার কিছু নেই। বাড়িগুলো এক শতাব্দীরও বেশি পুরোনো এবং কেবল বসবাসের উপযোগী সামরিক আবাসন।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর