Home Blog

রয়টার্সের প্রতিবেদন বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। ভারতের দিল্লি থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি তিনি নতুন পাসপোর্ট ও দেশে ফেরার প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। তার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রোববার রয়টার্সকে বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের ঘটনায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই আন্দোলন ও সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন।

হজম ভালো রাখতে সহায়ক তিন মসলার পানীয়

খাবার খাওয়ার পর পেট ফাঁপা, গ্যাস, অস্বস্তি কিংবা বদহজমের সমস্যায় ভোগেন অনেকেই। অনিয়মিত খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান না করা কিংবা খাবারে অতিরিক্ত তেল-মসলার ব্যবহার এর অন্যতম কারণ হতে পারে। হজম প্রক্রিয়া ভালো রাখতে তাই খাদ্যাভ্যাসের পাশাপাশি প্রতিদিনের পানীয়ের দিকেও নজর দেওয়া জরুরি। রান্নাঘরে থাকা তিনটি মসলা—জিরা, জোয়ান ও মৌরি দিয়ে তৈরি পানীয় এই পানীয় হজমশক্তি বাড়াতে সাহায্য করে।

জিরা: জিরায় থাকা কিছু প্রাকৃতিক উপাদান বিশেষ করে ‘কিউমিনালডিহাইড’ হজম প্রক্রিয়াকে সহজ করে। প্রচলিতভাবে পেট ফাঁপা ও বদহজমের অস্বস্তি কমাতে জিরা ব্যবহার করা হয়।
জোয়ান: স্বাদ বাড়ানোর পাশাপাশি, গ্যাস, বদহজমের মতো সমস্যা মোকাবেলায় জোয়ান ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়ে আসছে। এতে থাইমল থাকে। কার্মিনেটিভ বৈশিষ্ট্যের কারণে এটি গ্যাস এবং পেট ফোলা দূর করতে সাহায্য করে।
 মৌরি: খাবারের পর মৌরি চিবিয়ে খাওয়ার প্রচলন রয়েছে। এতে অ্যানিথোল, ফেঞ্চোন এবং এস্ট্রাগোল এর মতো উপাদান রয়েছে। এগুলো মৌরিকে ‘অ্যান্টিস্পাসমোডিক’ গুণাগুণ দেয়। তাই মৌরি হজমের অস্বস্তি কমায়।

যেভাবে তৈরি করবেন

এই পানীয় তৈরিতে প্রয়োজন জিরা, জোয়ান ও মৌরি। তিনটি উপাদান সমপরিমাণে নিয়ে ভালো করে গুঁড়া করে নিতে পারেন। এবার এক গ্লাস পানিতে মিশিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। এরপর ছেঁকে নিয়ে পান করুন। চাইলে হালকা গরম অবস্থায় পান করতে পারেন।

কখন পান করবেন

সকালে খালি পেটে পান করার কথা বলা হলেও, এই পানীয় খালি পেটে পান করলেই বেশি উপকার পাওয়া যায়—এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। কারও কারও ক্ষেত্রে মসলার পানীয় অ্যাসিডিটি বা পেটের অস্বস্তি বাড়াতে পারে। তাই নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে পান করা উচিত।

ইসরায়েলের গণহত্যা ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে গাজা

ইসরায়েলের সামরিক হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা ভয়াবহ পরিবেশদূষণের শিকার হয়েছে। উপত্যকার ৯৯ শতাংশের বেশি এলাকার বাতাস, মাটি ও পানিতে ছড়িয়ে পড়া বিষাক্ত পদার্থ জনস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি হুমকি তৈরি করছে। এর প্রভাব কয়েক প্রজন্ম পর্যন্ত স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম ও কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি (সিইওবিএস)। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় গাজার প্রায় ৭৮ শতাংশ ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী ধাতু, বিস্ফোরকের অবশিষ্টাংশ, ধ্বংসপ্রাপ্ত ভবনের অ্যাসবেস্টস, ডাইঅক্সিন এবং জীবাণুদূষণের ঝুঁকি শনাক্ত হয়েছে। ২০২৬ সালের জুলাইয়ে গাজার ৭৯টি ভূগর্ভের পানির কূপের নমুনা পরীক্ষা করে ১৯ শতাংশে মলজাতীয় কোলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে। ২০২১ সালে এ ধরনের দূষণের হার ছিল ২ শতাংশ।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাব অনুযায়ী, ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৬ কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসাবশেষ তৈরি হয়েছে।

শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েলের বাধা
এদিকে, গাজায় হামাসের নিরস্ত্রীকরণের উদ্যোগে ইসরায়েলের বাধার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বোর্ড অব পিসের জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রুয়েনবাম। গত শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন না। ইসরায়েল প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রসর না হলে বোর্ড দায়িত্ব জাতিসংঘের কাছে ফিরিয়ে দিতে পারে।

পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর হামলা বেড়েছে ৩৫০ শতাংশ
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বেড়েছে ৩৫০ শতাংশ। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে এসব হামলার ঘটনা বেড়েছে বলে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল (পিএইচআরআই)।

প্রতিবেদনে তথ্য দেওয়া চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, দায়িত্ব পালনের সময় হামলা, অস্ত্রের মুখে হুমকি, নির্যাতন ও অপমানজনক তল্লাশির শিকার হতে হচ্ছে তাদের।

পশ্চিম তীরে শরণার্থী শিবিরে অভিযান, বহু ফিলিস্তিনি আটক
অধিকৃত পশ্চিম তীরের আলবিরেহ শহরের আলআমারি শরণার্থী শিবিরে গতকাল সোমবার অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আনাদোলু জানিয়েছে, শিবিরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে ফিলিস্তিনিদের বাড়িঘরে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন তরুণকে আটক করা হয়। এর আগে গত রোববার জেরুজালেমের হিজমা শহরের কাছে অন্তত ১৮ ফিলিস্তিনি শ্রমিককে আটক করে ইসরায়েলি বাহিনী।

নতুন বছরে ইরানে আবার হামলার ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নতুন বছরের পরও যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা না হয়, তাহলে তিনি আবারও ইরানে সামরিক হামলা চালানোর দিকে ঝুঁকতে পারেন। ফক্স নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, ইরানের আলোচকরা একদিকে আলোচনা দীর্ঘায়িত করছেন, অন্যদিকে সংঘাত আরও বাড়িয়ে চলেছেন।

ট্রাম্প বলেন, ‘নির্বাচনের আগের সময়ের তুলনায় তারা এখন আরও বেশি আগ্রাসী।’ ইরানি কর্মকর্তাদের তিনি ‘পেশাদার কথার খেলাপি’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, ‘তারা সব সময় কথা বলে। তাদের কাজই শুধু কথা বলা, কিন্তু এসবের কোনো মূল্য নেই।’

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে চ্যালেঞ্জ জানাতে ইরানকে উস্কানিও দেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি আশা করি, তারা সেটা করবে। তাদের নৌবাহিনীর বাকি সদস্যদের মতো তারাও সমুদ্রের তলদেশে চলে যাবে।’ অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বন্ধ করতে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছে ইরান। তেহরানের বক্তব্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রাষ্ট্র নিজের প্রতিরক্ষায় যে কোনো উপায় অবলম্বন করতে পারে। যুক্তরাষ্ট্রের অবরোধে দেশটির অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শর্ত পূরণ হলে হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া হবে: তেহরান
ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা জানিয়েছেন, যুদ্ধ অবসানের জন্য তেহরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না।

এদিকে তেহরানের শর্তগুলো মেনে নিলে দ্রুত হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সমঝোতা হলে দুই ঘণ্টার মধ্যে জলপথটি পুরোপুরি খুলে দেওয়া সম্ভব কিনা– এমন প্রশ্নের জবাবে বাঘাই বলেন, ইরান ‘খুব দ্রুত পদক্ষেপ নিতে পারে’।

তিনি বলেন, ‘ইরান নিজের প্রতিশ্রুতি রক্ষায় অটল রয়েছে। অন্যপক্ষ সংশ্লিষ্ট শর্তগুলো মেনে চললে ইরান যত দ্রুত সম্ভব সেগুলো বাস্তবায়ন করবে।’
একই সঙ্গে তিনি বলেন, তেহরান ‘নিজেদের লক্ষ্য এবং ইরানি জনগণের অধিকার সম্পর্কে সচেতন।’ এসব অধিকার রক্ষার অবস্থান থেকে ইরান সরে আসবে না।

সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছে ইরান
মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে ইরান। বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের রক্ষায় যে কোনো পন্থা অবলম্বনের অধিকার একটি রাষ্ট্রের রয়েছে। তেহরান এই প্রথম স্বীকার করেছে, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া নৌ অবরোধ ইরানের অর্থনীতিকে চরমভাবে আঘাত করছে।

বলা হচ্ছে, এই মার্কিন নৌ অবরোধ ইরানকে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত করছে। ইরানিরা বিষয়টি সম্পর্কে অবগত এবং তারা প্রকাশ্যেই তা স্বীকার করছে। কারণ, দেশটির ৮০ শতাংশের বেশি আমদানি ও রপ্তানি হরমুজ প্রণালি অথবা দেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর মাধ্যমে হয়ে থাকে।

ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার সংখ্যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
এদিকে, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের সক্রিয় দায়িত্বে থাকা ২৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে সেনাবাহিনীতে এটিই এক বছরে আত্মহত্যার সর্বোচ্চ সংখ্যা। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।

প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যা করা ব্যক্তিদের মধ্যে ১৭ জন গাজা যুদ্ধে নিয়মিত বাহিনী কিংবা রিজার্ভ ফোর্সে দায়িত্ব পালন করেছিলেন। এ বছর সক্রিয় দায়িত্ব ছেড়ে যাওয়ার পর তারা আত্মহত্যা করেন।

এ ছাড়া ২০২৬ সালে পাঁচজন পুলিশ সদস্যও আত্মহত্যা করেছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর দেশটির নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে আত্মহত্যার প্রবণতা ধারাবাহিকভাবে বেড়েছে। হারেৎজের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের দশকে ইসরায়েলি সেনাবাহিনীতে বছরে গড়ে ১২ জন আত্মহত্যা করতেন।

সেনাবাহিনীর পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ওই বছরের শেষ পর্যন্ত সক্রিয় দায়িত্বে থাকা সাতজন সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২১ এবং ২০২৫ সালে ২২। তবে সেনাবাহিনীর প্রকাশিত পরিসংখ্যানে পুরো চিত্র উঠে আসে না। কারণ, সক্রিয় দায়িত্বে না থাকা অবস্থায় যেসব সেনা আত্মহত্যা করেন, তাদের হিসাব এতে অন্তর্ভুক্ত করা হয় না বলে জানিয়েছে হারেৎজ।

২০২৬ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু। এ যুদ্ধে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। এ ছাড়া গত বছর থেকে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে দুটি যুদ্ধ চালিয়েছে। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও কাতারে হামলা এবং সিরিয়ায় প্রায় প্রতিদিন স্থল অভিযান ও গোলাবর্ষণ করেছে।

দীর্ঘ কয়েক দশক ধরে ইসরায়েল ফিলিস্তিনের পাশাপাশি লেবানন ও সিরিয়ার বিভিন্ন ভূখণ্ড দখল করে রেখেছে। জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী এসব ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার কিংবা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দিতে দেশটি অস্বীকৃতি জানিয়ে আসছে।

সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক

০

সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক প্রতিবছর ১৫ হাজার কোটি টাকা করে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা ধার চেয়েছে সরকারের কাছে। ষষ্ঠ বছর থেকে মুনাফাসহ অর্থ ফেরত দিতে চায় ব্যাংকটি। এর বাইরে অন্য ব্যাংকে আটকে থাকা প্রায় ১৪ হাজার কোটি টাকা ফেরত পেতে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চেয়েছে। এস আলম গ্রুপের আত্মসাৎ করা ৮২ হাজার কোটি টাকা আদায়ে অগ্রগতি না থাকার প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে দুরবস্থা থেকে উদ্ধারের এমন প্রস্তাব পাঠিয়েছে।

ব্যাংকটিকে লাভজনক করতে তিন ভাগে বিভক্ত করে মোট ১৩টি প্রস্তাব দিয়েছে এর পরিচালনা পর্ষদ। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং পদাধিকার বলে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন চৌধুরী পরিচালনা পর্ষদ সদস্য। ব্যাংকটিতে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম আন্দোলন করছে। এই ফোরাম জামায়াতপন্থি বলে পরিচিত। জানা গেছে, ক্ষমতাসীন বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগিরই একটি পূর্ণাঙ্গ পর্ষদ গঠন হতে পারে।

সার্বিক বিষয়ে বক্তব্যের জন্য নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা সমকালকে জানান, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা পর্ষদ সদস্যও পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের বিষয়ে মতামত দিয়েছেন। এ নিয়ে কাজ চলছে।

বাংলাদেশ ব্যাংকের কাছে ‘ইসলামী ব্যাংক পর্ষদের প্রস্তাব’ শিরোনামে পাঠানো প্রস্তাবনায় বলা হয়েছে– ব্যাংকের টেকসই স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনের জন্য মূলধন ঘাটতি পূরণ, তারল্য সংকট মেটানো ও রাজস্ব খাত থেকে সরকারের সহায়তা দরকার। পুনরুদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে সরকার থেকে পাঁচ বছরে ৭৫ হাজার কোটি টাকা চাওয়া হয়েছে। ষষ্ঠ বছর থেকে যা ফেরত দেবে ব্যাংক।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আদলে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক রেট তথা ৪ শতাংশ সুদে বিশেষ তারল্য সহায়তা চাওয়া হয়েছে। দীর্ঘতর মেয়াদ এবং উপযুক্ত পরিশোধ ব্যবস্থার আওতায় এ অর্থ ফেরত দেবে ব্যাংক। এস আলমসহ দুর্দশাগ্রস্ত খেলাপি ঋণ আদায়ে নিয়ন্ত্রক সহায়তা চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে দেশি-বিদেশি সম্পদ জব্দ করে পুনরুদ্ধার এবং ফ্রিজ করা শেয়ারের মালিকানা পেতে সহায়তা চাওয়া হয়। একই সঙ্গে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি বা বিশেষ উদ্দেশ্যে গঠিত কোম্পানির মাধ্যমে এসব সম্পদ বিক্রির সুযোগ চাওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পরিদর্শনের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নামে-বেনামে ২৪টি প্রতিষ্ঠানের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে। ২০২৪ সালের আগস্টের পর থেকে এসব শেয়ার স্থগিত রাখা হয়েছে। গত ৩০ আগস্টের এক আদেশের মাধ্যমে তিন মাসের জন্য এসব শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেন আদালত।

ইসলামী ব্যাংক জানিয়েছে, বিভিন্ন ব্যাংকের কাছে তাদের প্রায় ১৪ হাজার কোটি টাকা আটকে আছে। এর মধ্যে পাঁচ ব্যাংক মিলে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের রয়েছে ১১ হাজার ২৬৪ কোটি টাকা। জনতা ব্যাংকে আছে এক হাজার ৩০৯ কোটি টাকা এবং আভিভা ফাইন্যান্সে রয়েছে এক হাজার ৮৫ কোটি টাকা। এ অর্থ আদায়ে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। এর মাধ্যমে তহবিল ও তারল্য চাপ কমানো, ব্যাংকের নিজস্ব পুরোনো সম্পদ আদায় ত্বরান্বিত করা এবং সময়াবদ্ধ ব্যালান্স শিট স্বাভাবিকীকরণে সহায়তা করা তাদের লক্ষ্য।

পুনরুদ্ধার পরিকল্পনার আরেকটি প্রস্তাবে সিআরআর ও এসএলআরের বিপরীতে আরোপিত জরিমানা ও সংশ্লিষ্ট চার্জ মওকুফ চাওয়া হয়েছে। অবশ্য বাংলাদেশ ব্যাংক এই জরিমানা মাফ করতে পারে না। ব্যাংক কোম্পানি আইনের আলোকে কেবল সরকার এই জরিমানা মাফ করতে পারে। বিদ্যমান নিয়মে একটি ব্যাংকের মোট তলবি ও মেয়াদি দায়ের ৪ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ নগদ জমা বা সিআরআর হিসেবে রাখতে হয়। আর সহজে বিনিময়যোগ্য সম্পদ বা এসএলআর হিসেবে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে রাখতে হয় সাড়ে ৫ শতাংশ। কোনো ব্যাংক সিআরআর সংরক্ষণে ব্যর্থ হলে অসংরক্ষিত অংশের ওপর ৯ শতাংশ হারে দণ্ডসুদ দিতে হয়। আর এসএলআর রাখতে না পারলে ব্যর্থ অংশের ওপর ১১ শতাংশ হারে জরিমানা দিতে হয় হয়।

ব্যাংকের প্রস্তাবনার শুরুতে অনুমোদিত মূলধন বর্তমানের দুই হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করতে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি চাওয়া হয়েছে। একই সঙ্গে পরিচালন কাঠামো তথা মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারাসমূহ সংশোধনের সুযোগ দিতে বলা হয়েছে। দ্বিতীয় ধাপে– মূলধন ঘাটতি মেটাতে সরকারকে কৌশলগত অংশীদার হিসেবে চাওয়া হয়েছে। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন শেয়ার ইস্যুর প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির পরিশোধিত মূলধন উন্নীত করা হবে সাত হাজার ৬১০ কোটি টাকায়। বর্তমানে পরিশোধিত মূলধন এক হাজার ৬১০ কোটি টাকা। এর মাধ্যমে ব্যাংকটিতে সরকার ৭৮ দশমিক ৮৪ শতাংশ মালিকানা পাবে। সরকার বা যোগ্য সরকারি প্রতিষ্ঠান ইকুইটি বিনিয়োগ বা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বিনিয়োগের কথা বলা হয়।

মূলধন বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে প্রস্তাবনায় আরও কয়েকটি বিষয় যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে– মূলধন বাড়ানোর মাধ্যমে বাসেল-৩-এর আওতায় মূলধন ঘাটতি পূরণ এবং ক্ষতি শোষণ সক্ষমতা জোরদার করা তাদের লক্ষ্য। বিদ্যমান আয় থেকে মূলধন পুনর্গঠনে ব্যাংকের সীমিত সক্ষমতার পরিপূরক হওয়া মূলধন বাড়ানোর আরেকটি লক্ষ্য। এ ছাড়া তারল্য সহায়তা থেকে আর্থিক পুনরুদ্ধারে টেকসই উত্তরণে সহায়তা করা, আমানতকারীদের আস্থা এবং অপরিহার্য ব্যাংকিং সেবার ধারাবাহিকতা সুদৃঢ় করা, কৌশলগত অংশগ্রহণ ও দায়বদ্ধ বাস্তবায়নের মাধ্যমে পুনরুদ্ধারে সহায়তা করতে চান তারা।
ইসলামী ব্যাংক ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংক। দীর্ঘদিন ধরে জামায়াতপন্থিদের কর্তৃত্বে ব্যাংকটি পরিচালিত হয়ে আসছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর বাংলাদেশ ব্যাংক এস আলম-সংশ্লিষ্ট পর্ষদ পুনর্গঠন করে দেয়। পরে আন্দোলনের মুখে তিনজন চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। এমডি পরিবর্তন হয়েছেন দুজন। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত এমডি দিয়ে চলছে ব্যাংকটি।

গত জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা। মোট ঋণের যা ৫২ দশমিক ১৫ শতাংশ। ওই সময় পর্যন্ত মোট ৮২ হাজার ৩৩৪ কোটি টাকার প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে ইসলামী ব্যাংক রেকর্ড তিন হাজার ২৮৬ কোটি টাকার নিট লোকসানের মুখে পড়েছে।

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

০

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এসকে গ্রুপ।

বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধি দল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিত তুলে ধরে। প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ী একটি এনার্জি হাব হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।

প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করেছে। পাশাপাশি বাংলাদেশের বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে তারা আন্তরিক ও আগ্রহী বলেও জানায়।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা।

যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গতকাল জানান, হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে যাবেন সরকার প্রধান। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করার কথা তাঁর।

উপ-প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সেখানে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলনস্থল ঘুরে দেখার পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে আজ প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হবে। এ অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

রুমিন ফারহানা বললেন বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি

০

বিএনপিতে ফেরার জন্য কখনো কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে বর্তমান অবস্থানে থাকতে পেরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপিতে ফিরে যাওয়ার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন রুমিন ফারহানা।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কি না? তদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করি নাই।’

তিনি আরও লেখেন, ‘আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব, এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’

রুমিন ফারহানা একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালে সংরক্ষিত নারী আসনে দলটির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন রুমিন।

তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় গত ৩০ ডিসেম্বর তাকে বহিষ্কার করে বিএনপি। আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেয়। সেখানে দলটির প্রার্থী ছিলেন মাওলানা জুনায়েদ আল হাবিব।

নির্বাচনে জমিয়তের প্রার্থীকে পরাজিত করে হাঁস প্রতীকে জয়ী হন রুমিন ফারহানা। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রী-এনসিপি বৈঠক এবারের লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জুলাই সনদ বাস্তবায়নের দাবি এনসিপির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা নিয়ে চিন্তিত নয় বিএনপি। বাংলাদেশকে চাপে রাখতে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটিকে যে শক্তি নিয়ন্ত্রণ করছে, তাদের মোকাবিলায় রাজনৈতিক ঐক্য চায় সরকার। এতে সাড়া দিয়ে এনসিপি গণভোটের ফল অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ কয়েকটি দাবি তুলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। ঐক্যের মাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিয়েছেন তিনি। সরকারপ্রধান এবং এনসিপির নেতাদের বৈঠকে উপস্থিত সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘এখন লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়। আমরা তাদের ৫ আগস্ট পরাজিত করেছি। এখন লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। কারণ দেশটি আওয়ামী লীগকে ব্যবহার করে সীমান্তের ওপার এবং ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ফলে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় জনগণকে, রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে।’

গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে  এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ দলের পক্ষে অংশ নেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দীন অপু। প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন নেতারা।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং নাহিদ ইসলাম পৃথকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মাহদী আমিন বলেন, মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয় জানিয়েছে সরকার।জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে দৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। নতুন করে তা গড়ার প্রয়োজন নেই; সরকার সেই ঐক্য আরও সুসংহত করতে চায়।

মাহদী আমিন বলেন, এনসিপির প্রতিনিধি দল তাদের বক্তব্য তুলে ধরেছে। প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনা হয়েছে। বৈঠকে কোনো শর্ত ছিল না।

নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা ওসমান হাদির খুনিদের দেশে এনে বিচার এবং শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের রায় কার্যকর করার বিষয়ে প্রধানমন্ত্রীকে বলেছি।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে বলেছি, কী কী করলে ঐক্য সুদৃঢ় হবে এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে থাকা সব শক্তিকে এক জায়গায় এনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, তার একটা ভিত্তি এবং রোডম্যাপ প্রস্তুত করা উচিত। শুধু ডিসেম্বরকেন্দ্রিক ঐক্য হলে তা কাজ করবে না। আমাদের একটা দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন।’

নাহিদ ইসলাম বলেন, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি, সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে। কিছুদিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি, জনগণের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস থেকে কীভাবে উত্তরণ ঘটানো সম্ভব; এসব বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর জায়গা থেকে ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।

নাহিদ বলেন, ‘আমরা বলেছি, বর্তমান পরিস্থিতি এক দিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার ফলে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘ঐক্যের প্রশ্নে অবশ্যই সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়িয়ে জেলা পর্যায়েও আদালত করার কথা বলেছি। সংবিধান সংশোধন কমিটি বাতিল চেয়েছি। জুলাই যোদ্ধাদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিতের কথা বলেছি।’ তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি বিবেচনার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

নাহিদ বলেন, বাংলাদেশে যা কিছু হচ্ছে, এর সঙ্গে ভারত সরাসরি সম্পৃক্ত। বৈশ্বিকভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটা মিস-ইনফরমেশন ক্যাম্পেইন চালানোর চেষ্টা করছে। বাস্তবে ভারতই এখন সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশ। আমাদেরও বৈশ্বিকভাবে তুলে ধরতে হবে ভারতে সংখ্যালঘুরা নির্যাতিত। সরকার যেন দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, মাজার-দরগাহর সুফি, সংস্কৃতিকর্মী– সব সামাজিক শক্তির সঙ্গে বসে আলোচনা করে।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। তারপর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে, বাসে আগুন দিয়েছে। গত ১৫ থেকে ১৮ নভেম্বর চার দিন দলটির কর্মী-সমর্থকরা গোপালগঞ্জে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর করেছে; থানায় আগুন দিয়েছে। বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িঘর পুড়িয়েছে। তারা হাসপাতালেও হামলা করেছে। এর রেশ ধরে নড়াইলের কালিয়া, পাবনার বেড়ায় সংঘর্ষ, হামলা ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বৈঠকে উপস্থিত উভয় পক্ষের সূত্র সমকালকে জানিয়েছে, প্রধানমন্ত্রীর কাছে আওয়ামী লীগ ও তার কর্মকাণ্ডকে খুব বেশি গুরুত্ব পায়নি। যারা আওয়ামী লীগকে দিয়ে এসব কাজ করাচ্ছে তাদের কীভাবে মোকাবিলা করা যায়; তাতে গুরুত্ব দিয়েছেন তিনি।

এনসিপির দাবি সংস্কার
এনসিপি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারে দাবি তুলে ধরেছে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ অনুযায়ী বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার, সংসদের উচ্চকক্ষ, সাংবিধানিক প্রতিষ্ঠান-সংক্রান্ত সংস্কার বাস্তবায়নে কথাও বলে তারা।

সংস্কার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান স্পষ্ট। নির্বাচনী ইশতেহার ও নির্বাচনী পথযাত্রায় বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে, ‘নোট অব ডিসেন্ট’-এর বিষয়গুলোসহ তা শতভাগ বাস্তবায়ন করা হবে।

তবে বৈঠক সূত্র জানায়, এসব বিষয়ে প্রধানমন্ত্রী বিস্তারিত কথা বলেননি। তিনি ঐক্যের ওপর জোর দেন এবং বলেন, ঘরে সাপ রেখে অন্য কাজ হয় না। জবাবে এনসিপির তরফ থেকে বলা হয়, সাংবিধানিক সংস্কার হলে ফ্যাসিবাদ আর ফিরবে না।

ভারত থেকে চালানো গুজবে উদ্বেগ
ভারত থেকে চালানো বাংলাদেশবিরোধী গুজব, অপতথ্য ছড়ানো নিয়ে এনসিপি উদ্বেগ প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কাছে। তারা বলেন, আওয়ামী লীগ এবং ভারত একজোট হয়ে বাংলাদেশ, বিএনপি, এনসিপি, জামায়াত এবং জুলাইপন্থিদের বিরুদ্ধে লাগাতার গুজব তথ্য ছড়াচ্ছে। এটি মোকাবিলায় সরকারের দিক থেকে বড় কাজ নেই। আসন্ন স্থানীয় নির্বাচনের প্রসঙ্গও আসে আলোচনায়। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, নির্বাচনে সরকারের হস্তক্ষেপ থাকবে না।

আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া বাংলাদেশ ও ভারতের গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কাছে সরকারের অবস্থান জানতে চান এনসিপি নেতারা। এনসিপি চুক্তি নবায়নে জোর দিতে পরামর্শ দেয়।

সবাইকে নিয়ে সংলাপ
গত ১৮ নভেম্বর সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের যে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছিল, এর ধারাবাহিকতায় নাহিদ ইসলামের সঙ্গে গতকাল বৈঠক করেন সরকারপ্রধান।

গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোকে ঐক্যের সংলাপে আমন্ত্রণ জানাতে বিএনপি দলীয়ভাবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যোগাযোগ করছে। তারা জানিয়েছেন, জামায়াতের আমির শফিকুর রহমান আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার পর আনুষ্ঠানিক সংলাপের দিনক্ষণ ঠিক হবে। সম্ভাব্য সময় ২৭ বা ২৮ নভেম্বর।

বিএনপি এবং অন্যান্য দলের সূত্র জানিয়েছে, আর কোনো দলের সঙ্গে আলাদা করে বৈঠকের সম্ভাবনা নেই। বিরোধীদলীয় নেতা সব দলকে নিয়ে সংলাপের পরামর্শ দিয়েছিলেন। এনসিপি নেতারাও গতকাল একই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীকে।

গোপালগঞ্জে তাণ্ডব হাসপাতাল ধ্বংস, বিনামূল্যে চিকিৎসাও বন্ধ দুটি অপারেশন থিয়েটারসহ সব তছনছ

পাঁচতলা ভবনটির ভেতরে ঢুকতেই ধ্বংসযজ্ঞের চিহ্ন। কোথাও পোড়া আসবাবের ছাই, কোথাও ভাঙা চিকিৎসা সরঞ্জাম। ভবনের কোনো জানালা-দরজার কাচ অক্ষত নেই। ফ্রিজ, ওষুধ, কাগজপত্র, বিভিন্ন জিনিসের পোড়া ছাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আগুনে টাইলস পর্যন্ত খসে পড়েছে।

গোপালগঞ্জ শহরের থানাপাড়ার এই ভবনে ছিল আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। গতকাল সোমবার সেখানে গিয়ে প্রতিষ্ঠানটির পরতে পরতে ধ্বংসের চিহ্ন চোখে পড়ে। গত ১৮ ও ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৩০ শয্যার হাসপাতালে তাণ্ডব চালান। পাঁচতলা ভবনের চারটি তলায় হাসপাতালের কার্যক্রম চলত। পঞ্চম তলায় এখনও কার্যক্রম শুরু হয়নি। হাসপাতালটি মালিকানায় ছিলেন সদর আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) ডা. কেএম বাবর।

গতকাল হাসপাতালের প্রথম তলায় ঢুকতে বাম পাশে চোখে পড়ে কেএম বাবরের বসার কক্ষ। সেখানে সব ভাঙচুর ও আগুনে ভস্মীভূত। কক্ষটি পার হওয়ার পর স্টোররুম, আল্ট্রাসনোগ্রামের কক্ষ, ২টি ওয়াশরুম, ডাক্তারদের ৩টি চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টার। সবই আগুনে ধ্বংস হয়ে গেছে। ভাঙচুর করা ফ্রিজ, ওষুধ, কাগজপত্র, বিভিন্ন জিনিসের ছাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কক্ষে কক্ষে।

দ্বিতীয় তলায় দুটি অপারেশন থিয়েটার। অপারেশন টেবিল ও অপারেশন লাইট মারাত্মক ক্ষতিগ্রস্ত। অন্যান্য যন্ত্রপাতি, ওষুধ ও মালপত্র ব্যবহারের অনুপযোগী হয়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে। এই তলার আটটি কেবিন ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। শয্যা ও আসবাব পুড়ে গেছে।

তৃতীয় তলায় ওয়ার্ড ও কেবিন মিলে আটটি কক্ষের সব ধ্বংস করা হয়েছে। চতুর্থ তলায় সবচেয়ে বেশি ভাঙচুর করা হয়েছে। এসি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবন থেকে  পোড়া গন্ধ এখনও দূর হয়নি।
স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ডা. কেএম বাবর ও তাঁর স্ত্রী গাইনি চিকিৎসক রাবেয়া খাতুন প্রতিদিন প্রায় ১২০ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র দিতেন। পাশাপাশি হাসপাতালের বহির্বিভাগে সব শ্রেণি-পেশার মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হতো। নামমাত্র মূল্যে এখানে সিজারিয়ানসহ বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করা হতো। প্রতি মাসে অন্তত ২০০ রোগীর অস্ত্রোপচার করা হতো।

বিনামূল্যে চিকিৎসাসেবা নেওয়া কবির হোসেন, হালিমা বেগম, মারুফা আক্তার, পপি খানম, জান্নাতুল ফেরদৌসী জানান, তারা ডা. বাবর ও তাঁর স্ত্রীর কাছ থেকে চিকিৎসাসেবা পেয়েছেন। ব্যবস্থাপত্র দেওয়ার জন্য তারা টাকা নেননি। ছোটখাটো কাটাছেঁড়ার চিকিৎসাও বহির্বিভাগে বিনামূল্যে পেয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা হালিমা বেগম বলেন, হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানান তিনি।

জানতে চাইলে ডা. কেএম বাবর বলেন, ‘আমার হাসপাতাল ভেঙেছে, তাতে দুঃখ নেই। কিন্তু সাধারণ মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এতে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। এমন কর্মকাণ্ডে গোপালগঞ্জের উন্নয়নে ব্যাঘাত ঘটবে।’ তিনি বলেন, ‘জেনেভা কনভেনশন অনুযায়ী, যুদ্ধ চলাকালেও হাসপাতালে হামলা করা হয় না। হামলা হলে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়। এতে মানবতা বিপন্ন হয়ে পড়ে। আমার হাসপাতাল থেকে সব দল ও শ্রেণি-পেশার মানুষ সেবা পেয়েছেন। আমি সাধারণ মানুষের সেবা ও রাজনীতির গুণগত মান পরিবর্তনের জন্য কাজ শুরু করেছিলাম।’

১৪ বছর ধরে চিকিৎসা দিচ্ছেন স্বামী-স্ত্রী
সংসদ সদস্য ডা. কেএম বাবর জানান, ২০১২ সাল থেকে তিনি ও তাঁর স্ত্রী চেম্বারে রোগী দেখছেন। তারা কোনো রোগীর কাছ থেকে ব্যবস্থাপত্র দেওয়ার জন্য টাকা নেননি। ২০২০ সালে শহরের থানাপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করেন তিনি।

ডা. বাবর জানান, গত বছর শহরের থানা ঘাটের পূর্ব পাশে ৯ শতাংশ জমিতে নবনির্মিত ভবনে হাসপাতালটি স্থানান্তর করা হয়। ভবনের প্রতিটি তলার আয়তন ৩ হাজার ২০০ বর্গফুট। তাঁর স্ত্রী ডা. রাবেয়া খাতুন হাসপাতালটি পরিচালনা করতেন। তিনি প্রতিদিন ৫০ জন রোগী দেখতেন। পাশাপাশি তিনি (ডা. বাবর) ৬০ থেকে ৭০ জন রোগী দেখতেন। তারা রোগীদের কাছ থেকে কোনো ভিজিট নিতেন না। বহির্বিভাগেও বিনামূল্যে চিকিৎসাসেবা দিতেন।

দুই দফা হামলা, ভাঙচুর ও আগুন
গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ১০-২০ নেতাকর্মী চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে তারা হাসপাতালের নিচতলায় ঢুকে অভ্যর্থনাকক্ষ, চেম্বার, ডায়াগনস্টিক সেন্টার ও এমপি বাবরের কক্ষে ভাঙচুর চালান। এরপর বিভিন্ন আসবাব বাইরে বের করে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে সেদিন তারা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার ওয়ার্ড বা কেবিনে প্রবেশ করেননি।

সেদিন দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা চার নারী রোগী আতঙ্কে হাসপাতাল ছেড়ে চলে যান। তাদের একজন ওই দিন দুপুর ১২টায় সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন। আট ঘণ্টা বয়সী নবজাতককে নিয়ে ওই প্রসূতি হাসপাতাল ত্যাগ করেন।
পরদিন বিকেল পৌনে ৪টার দিকে হাসপাতালে হামলা চালান আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা প্রথমে হাসপাতাল ভবনের সব তলায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। পরে প্রতিটি তলায় আগুন ধরিয়ে দেন। ফায়ার সার্ভিস বা কেউ আগুন নেভাতে যায়নি।

ফায়ার সার্ভিস যা বলল
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মালেক আলী সরদার বলেন, তারা আগুনের খবর পেয়েছিলেন। তবে নিরাপত্তার অভাবে গাড়ি বা অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে যেতে পারেননি। ফায়ার স্টেশনের বাইরে লাঠিসোটা নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছিলেন। গাড়ি বের করার কোনো সুযোগ ছিল না।

ভূমিকম্পে পঞ্চগড়সহ কাঁপল চার দেশ

উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে ওঠে পঞ্চগড়সহ আশপাশের এলাকা। এই কম্পন নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অংশেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পের বিষয়টি ছড়িয়ে পড়ে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপাল ও ভারতের মাঝামাঝি সিকিম রাজ্য। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অংশে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকাল সাতটা ৩২ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৩ রিখটার স্কেল। এর উৎপত্তিস্থল ভারত-নেপালের সিকিম সীমান্তে।