Home Blog Page 2

লুটপাট ও আগুনের শিকার পরিবারগুলো আতঙ্কে আছে

০

নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার পরিবারগুলো মানবেতর দিন কাটাচ্ছে। পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া সবকিছু পুড়ে গেছে। পুরুষ সদস্যরা এলাকাছাড়া। নারী সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন; আতঙ্কে দিন পার করছেন।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার অন্তত ৪৭টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট হয়েছে। স্বর্ণালংকার, নগদ টাকা থেকে শুরু করে গরু-ছাগল, হাঁস-মুরগি-কবুতরও নিয়ে গেছে হামলাকারীরা। এর মধ্যে ২৬টি বাড়িতে লুটপাটের পর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসব পরিবারের সদস্যরা নিঃস্ব হয়ে পড়েছেন। অন্তত ১৫টি বাড়ি ও ছয়টি দোকানে ভাঙচুর-লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রোববার সরেজমিন কালিয়ার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে এসব তথ্য জানা গেছে। ভুক্তভোগী পরিবারগুলোর নারী সদস্যদেরই শুধু পাওয়া গেছে। স্বজনরা বলছেন, তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয়রা জানান, হামলার শিকার বাড়িঘরের এক-চতুর্থাংশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও তাঁর আত্মীয়স্বজনের। অন্যরা সরাসরি রাজনীতিতে যুক্ত নন বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, হামলাকারীরা আশপাশের এলাকার বিএনপির নেতাকর্মী।

বেন্দারচরে ক্ষতিগ্রস্তদের মধ্যে কোনো হিন্দু পরিবারের খোঁজ পাওয়া যায়নি। তবে ওই রাতে বড় কালিয়া ঘোষপাড়ায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়।

প্রাথমিকভাবে বিভিন্ন পক্ষ থেকে বলা হয়েছে, গত বুধবার বিএনপির স্থানীয় দুই নেতাকে হত্যার জের ধরে তাদের ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী এ হামলা চালায়। তবে নিহত দুজনের স্বজন ও বিএনপি নেতারা বলছেন, ওই হামলায় তারা জড়িত ছিলেন না। এ ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। জড়িত কাউকে আটকও করতে পারেনি পুলিশ।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী সমকালকে বলেন, একটি দুর্ঘটনা ঘটলেও অনেক সময় বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আর এখানে দুটি খুনের ঘটনা ঘটেছে। তাই বিক্ষুব্ধ লোকজনই হামলা চালিয়ে থাকতে পারে। খবর পাওয়ার পরপরই আমরা যৌথ বাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। ফলে বড় ধরনের ক্ষতি থেকে এই জনপদ রক্ষা পেয়েছে। গরুসহ কিছু মালপত্র ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অন্যত্র সরিয়ে নিয়েছেন। এগুলো আমরা তালিকা করে রেখেছি। আমরা খোয়া যাওয়া সাতটি গরু উদ্ধার করেছি।

বুধবার কালিয়া উপজেলা বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হন।

সোহেলের ভাই নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘সেদিন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা হচ্ছিল। এর মধ্যে পুলিশ জানায়, বেন্দারচরে একটা ঝামেলা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তখন আমরা মিছিল নিয়ে বেন্দারচরে যাই। হঠাৎ দা-বঁটিসহ ধারালো অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। আমরা পালিয়ে বাঁচলেও ওই দুজন আটকা পড়েন। তখন তাদের নৃশংসভাবে হত্যা করা হয়। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তবে আমাদের কেউ এর বদলা নিতে শুক্রবার বাড়িঘরে হামলা চালায়নি। কারা হামলা করেছে, সেটি বলতে পারছি না।’

গতকাল দুপুরে ঘোষপাড়ায় আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ ঘোষের বাড়িতে গিয়ে দেখা যায়, পুড়িয়ে দেওয়া ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। দুটি দোতলা ভবন ও টিনশেড মিলিয়ে ১২টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বাড়িতে পরিবারের কাউকে পাওয়া যায়নি।

প্রতিবেশী শিক্ষক প্রভাস চক্রবর্তী বলেন, ‘সেই রাতে ভয়ে আর বের হইনি। কারা করেছে, তা বলতে পারছি না।’

আরেক প্রতিবেশী বিনয় ঘোষ জানান, ঘোষপাড়ায় দুই শতাধিক হিন্দু পরিবারের বসবাস। আগুনের ঘটনার পর এলাকার সবাই আতঙ্কে আছেন।

ভুক্তভোগীদের বর্ণনায় সেই রাত 
শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বেন্দারচরে কয়েকশ অস্ত্রধারী ব্যক্তি বাড়ি ও দোকানে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে বলে জানান ভুক্তভোগীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অর্ধশতাধিক বাড়ি-দোকান হামলার শিকার হয়েছে। সমকাল ৪৭টি বাড়ি-দোকান ক্ষতিগ্রস্ত অবস্থায়  পেয়েছে। পুড়ে যাওয়া বেশির ভাগ বাড়ি আধাপাকা। কিছু একতলা-দোতলা বাড়িও আছে।
গৃহবধূ জেসমিন আক্তার দাবি করেন, তাঁর স্বামী আকমান সিকদার পেশায় ইজিবাইকচালক। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন। তারপরও শুক্রবার সন্ধ্যায় তাদের বাড়িতে দা, বঁটি, ছুরি নিয়ে হামলা চালানো হয়। তিনটি গরু, ১৫টি মুরগি ও দুই ভরি স্বর্ণের গহনা লুট করে। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সরেজমিন দেখা যায়, ঘরগুলোর সবকিছু পুড়ে গেছে। জিনিসপত্র কিছুই অক্ষত নেই। পুড়িয়ে দেওয়া একটি টিনশেড বাড়িতে গিয়ে গৃহবধূ উন্নতি বেগমকে পাওয়া যায়। তিনি জানান, তাঁর ছেলে শামীম আইসক্রিম বিক্রি করে। জুমার নামাজের কিছু সময় পর তাঁর বাড়িতে হামলা হয়। হামলাকারীরা কেউ মুখে গামছা বেঁধে ছিল, কারও মুখে ছিল মাস্ক। তারা একটি ব্যাটারিচালিত রিকশাভ্যান, ৫০ হাজার টাকা ও ঘরে থাকা ধান লুট করে। পরে আগুন দেওয়া হয়।

ব্যবসায়ী মোয়াজ্জেম শেখের স্ত্রী লতিফা শেখ দাবি করেন, আগুনে তাদের ১০ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে। আর লুট করা হয়েছে সাড়ে ৩ লাখ টাকা, ৩০ মণ ধান, ৬ মণ চাল, পাঁচ ভরি স্বর্ণের গহনা, দুটি গ্যাস সিলিন্ডার ও চারটি খাট। তাদের ধানের দোকান লুট হয়েছে।

সাবেক এমপি কবিরুল হকের চাচাতো ভাই ঠিকাদার টিপু বিশ্বাসের বাড়িও পোড়ানো হয়েছে। তাঁর স্ত্রী ফরিদা বেগম জানান, ৭ ভরি স্বর্ণের গহনা, ২০টি থ্রিপিস, ১৫টি শাড়ি লুট করা হয়েছে। বাকি সবকিছুতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পোড়ানো হয়েছে তাঁর স্বামীর মেটরসাইকেলও।

সাবেক এমপির তিন চাচাতো ভাই বি এম আনিসুল হক পিকলু, ভুলু বিশ্বাস ও এনামুল হক দুলুর বাড়িতেও আগুন দেওয়া হয়। পিকলুর স্ত্রী ফারজানা পারভীন জানান, তাঁর ২০ বস্তা ধান, পাঁচটি গাভি, তিনটি এঁড়ে বাছুর, পাঁচ ভরি স্বর্ণালংকার ও ঘরের দামি সব আসবাব ছাড়াও পালন করা হাঁস-মুরগি-কবুতর লুট করা হয়েছে।

সাবেক এমপি কবিরুল হক বর্তমানে কারাগারে। তাঁর বাড়ি বেন্দারচরের মধ্যপাড়া এলাকায়। গতকাল বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, তাঁর দোতলা বাড়ি ছাড়াও ছয় চাচাতো ভাইয়ের বাড়ি লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িগুলোর মালিকরা হলেন– সৌদি আরবপ্রবাসী পরশমণি বিশ্বাস, সাবেক মেয়র এমদাদুল হক টুকু, শেরেকুল বিশ্বাস, টুলু বিশ্বাস, রিপু বিশ্বাস ও শিপু বিশ্বাস।
শিপু বিশ্বাসের স্ত্রী নাদিরা পারভীন সাথী জানান, আগুনে সব পুড়ে গেছে। এক বেলা খাওয়ার মতো কিচ্ছু অবশিষ্ট নেই। রাতে থাকতে হচ্ছে আত্মীয়ের বাড়িতে।

একই এলাকায় এমপির আত্মীয়স্বজনের মধ্যে মহিউদ্দিন বিশ্বাস, হারুন মোল্যা, আকবর মোল্যা, জাবেদ মোল্যা, শরিফুল মাস্টার, মনিরুল বিশ্বাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর-লুটপাট করা হয়েছে রফিকুল বিশ্বাস ও আশিকুল বিশ্বাসের বাড়ি।

বেন্দারচরের আরও কিছু বাড়িতে লুটপাট ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ তালিকায় রয়েছেন মফিজুর রহমান শেখ, মো. এলাহী, লেকজান বেগম, বশার শেখ, রেজাউল মোল্লা, শিমুল শেখ, আকবর শেখ, হুমায়রা খানম ও মোহাম্মদ আলী। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে রয়েছেন জাহিদুল, আলাউদ্দিন, খাজা শেখ ও নূর ইসলাম। বিপ্লব এন্টারপ্রাইজ নামে একটি নির্মাণসামগ্রীর দোকানে আগুন দেওয়া হয়েছে।

হামলায় বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু বলেন, দলের কেউ বা নিহত দুই নেতার স্বজন হামলার সঙ্গে জড়িত ছিলেন না।

বেড়ায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে

পাবনা অফিস ও সাঁথিয়া প্রতিনিধি জানান, পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংঘর্ষ থামলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়ে গেছে। সংঘর্ষের আশঙ্কায় পৌর সদরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।

গতকাল রোববার সকাল থেকে কয়েকটি এলাকায় দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা টহল দিচ্ছেন।

সংঘর্ষের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার রাতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ।

সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের পাঁচ সমর্থককে গতকাল ভোরে আটক করেছে পুলিশ। তারা হলেন বেড়া পৌর সদরের বিশালিখা মহল্লার মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম, শম্ভুপুর মহল্লার সালাম সরকার এবং দুই ভাই সাব্বির হোসেন ও রব্বি হাসান।

গতকাল দুপুরে বেড়া পৌর সদরের বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, সংঘর্ষের পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। সংঘর্ষস্থলে প্রচুর ইটপাটকেল পড়ে আছে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে গাছের ডাল, বাঁশ, টিন দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১১টায় দুপক্ষের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ সন্ধ্যার পর থামে। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় হাতিগড়া মহল্লার জিসান নামে এক কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পৌর এলাকার কয়েকটি মহল্লায় উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর করা হয় এবং আগুন দেওয়া হয়। সে সময় শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতেও হামলা হয়েছে।

বেড়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নতুন করে যাতে কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা বলেন, ‘আইনশৃঙ্খলার বিষয়টি পুলিশ প্রশাসন দেখছে। আমরাও বিষয়টি পর্যবেক্ষণ করছি। ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা করার পরিবেশ এখনও হয়নি।’

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প কুড়িগ্রামের ৪৭৩ ভিক্ষুকের ৩৫৭ জনের ঠিকানাই ভুয়া

উত্তরের সীমান্তঘেঁষা নদনদীময় জেলা কুড়িগ্রাম। দারিদ্র্যের শীর্ষে থাকা এই জেলাতে ভিক্ষুক পুনর্বাসনের নামে ৮৬ লাখ টাকা খরচ হলেও বাস্তবে শতভাগ কোনো ভিক্ষুকের ভিক্ষাবৃত্তি বন্ধ হয়নি। উল্টো আগের থেকে আরও করুণ অবস্থায় জীবন ধারণ করছেন পুনর্বাসনের সরকারি তালিকায় থাকা ভিক্ষুকরা।

সরকারি প্রতিবেদনে কাগজ-কলমে ‘সফল’ ভিক্ষুক পুনর্বাসিত হওয়ার কথা উল্লেখ থাকলেও সরেজমিন এর কোনো বাস্তবতা পাওয়া যায়নি। জেলার ৯টি উপজেলার বিভিন্ন রাস্তায় সেই পুরোনো চিত্র, ভিক্ষার ঝুলি হাতে দাঁড়িয়ে আছেন আগের ভিক্ষুকরাই। ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ছয় বছরের হিসাব অনুসন্ধান করে দেখা গেছে, ৪৭৩ ভিক্ষুকের মধ্যে ২৬ জন পুনর্বাসিত হয়ে ভিক্ষাবৃত্তি ছেড়েছেন। তবে সরেজমিন যোগাযোগের ঠিকানায় গিয়ে দেখা যায়, ৩৫৭ জনের ঠিকানাই ভুল দেওয়া হয়েছে। এর বাইরে ১১ জন কুড়িগ্রাম জেলার বাসিন্দা নন। প্রকৃত ভিক্ষুক নন আরও ১৯ জন। ৪৫ জন প্রকৃত ভিক্ষুক সহায়তা পেয়েও পুনর্বাসিত হননি। জেলা সমাজসেবা কার্যালয়ের দেওয়া তথ্যমতে, ছয় অর্থবছরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কুড়িগ্রামে ভিক্ষাবৃত্তি বন্ধ করে নতুন পেশায় যুক্ত করতে খরচ করা হয়েছে ৮৬ লাখ ৩৫ হাজার টাকা।

পুনর্বাসিত করতে কাউকে ধান-চালের ব্যবসা, পিঠার ব্যবসা, পান-সুপারির ব্যবসা, মুদি দোকান, হাঁস-মুরগি পালন, গরু পালন, ভ্যান, অটোরিকশা দেওয়াসহ নানা উদ্যোগের কথা বলা হলেও সরেজমিন এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তালিকায় ৪২ নম্বর সিরিয়ালে থাকা জেলার রাজারহাট উপজেলার মেকুরতারী গ্রামের মো. তপর উদ্দিনকে পুনর্বাসিত সফল ভিক্ষুক বলা হলেও বাস্তবে তিনি ভিক্ষাবৃত্তি করে চলেছেন। সমাজসেবা থেকে যে অর্থ পেয়েছেন, সেটি তাঁর খাবার কিনতেই শেষ হয়েছে। তপর উদ্দিন বলেন, ‘ভিক্ষা করি পেট চলে। ১৫ হাজার টাকা পাইছি ধানের ব্যবসার জন্য। সেই টাকা খায়া শ্যাষ করছি। মানষে লাখ লাখ টাকা দিয়া ব্যবসা করে আর হামার এই টাকায় ধান-চালের ব্যবসা হয়?’

তালিকায় থাকা উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ গ্রামের বাসিন্দা আবদুল জব্বারকে ভিক্ষাবৃত্তি বন্ধে পান-সুপারির ব্যবসা করার কথা বলা হলেও তিনি এখনও ভিক্ষা করেন। বাড়িতে গিয়ে কথা হয় তাঁর স্ত্রী আনজু বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘১২ হাজার টাকা পাইছিলাম। এই টাকায় পান-সুপারির দোকান হয়? দোকান নাই, এই টাকা ভাঙি খাইছি, এল্যাও ভিক্ষা করি চলে হামার।’

গত দুই মাসের অনুসন্ধানে উঠে আসে প্রকৃত ভিক্ষুক তালিকায় অন্তর্ভুক্ত না করা, উপজেলাভেদে কয়েকজন করে প্রকৃত ভিক্ষুক নিয়ে বরাদ্দের পুরো টাকা না দেওয়া, পুনর্বাসিত করার পর যোগাযোগ না রাখা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাওয়া ব্যক্তিদের তালিকায় নাম রাখা, কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও দুর্নীতি এবং মনগড়া এনআইডি ও ব্যক্তির নাম রাখায় জেলায় গত ছয় বছরে ভিক্ষুকদের জন্য বরাদ্দকৃত অনুদান কোনো কাজেই আসেনি। শহরের হরিকেশ মধ্যপাড়ার বাসিন্দা ৬৫ বছরের আইয়ুব আলী। ভিক্ষা যাতে না করতে হয়, এ জন্য তাঁকে একটি গাভি দেওয়া হয়েছে বলে কাগজপত্রে উল্লেখ করা হয়ছে, যার বাজারমূল্য ৩৫ হাজার টাকা। তবে অসুস্থ শরীর নিয়ে কয়েক মাস ধরে তিনি শয্যাশায়ী। আইয়ুব আলীর বাড়ি গেলে গাভি তো দূরের কথা, চিকিৎসার জন্য কখনও কোনো সহযোগিতা পাননি বলে জানান তাঁর স্ত্রী লাভলী বেগম। তিনি বলেন, ‘আমার স্বামী প্রতিবন্ধী। ভিক্ষা করি হামার সংসার চলে। মানুষটা কয়েক মাস ধরি অসুস্থ। সরকার থাকি প্রতিবন্ধী ভাতা পায়, কোন গরু হামরা পাই নাই।’ ভিক্ষুক পুনর্বাসন তালিকার ৪ নম্বরে রয়েছেন সাহেরা বানু। সদরের মোগলবাসা ইউনিয়নের মালডাঙ্গা গ্রামের বাসিন্দা তিনি। তাঁকেও ভিক্ষা যাতে না করতে হয়, সে জন্য পেয়েছেন সমমূল্যের একটি গাভি। কিন্তু বাস্তবে সেই গ্রামে গিয়ে তাঁর অস্তিত্বই পাওয়া যায়নি।

এই গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জোবেদ আলী বলেন, ‘যখন ভাতার নাম লিস্ট করে, তখন আমাদের কাছে নাম নেওয়া হয়। ভিক্ষুক পুনর্বাসনের নামের তালিকায় তো নাম নেয় নাই।’
তালিকায় থাকা ৫ নম্বরে রয়েছে জোবেদ আলীর নাম। বাড়ি সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর বলা হলেও খোঁজ করে দেখা যায়, প্রকৃত নাম জাহির আলী। তাঁর বাড়ি সুনামগঞ্জ জেলায়। পেশায় তিনি চাকরিজীবী; ভিক্ষুক নন।

এ বিষয়ে জাহির আলী বলেন, ‘আমি কোনো গাভি-টাভি পাইনি। বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করি। ভিক্ষুকের তালিকায় আমার মোবাইল নম্বর কীভাবে গেল, জানি না।’

তালিকায় থাকা ৬ নম্বরে রয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী সহিদার রহমান ও ৭ নম্বরে তাঁর কন্যা সফিকা খাতুন, তিনিও দৃষ্টিপ্রতিবন্ধী। সহিদার রহমান স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। দুজনকেই দেওয়া হয়েছে দুটি গরু। কিন্তু সহিদারের ছোট মেয়ে শরিফা খাতুন বলেন, ‘বাবা দৃষ্টিপ্রতিবন্ধী। ভিক্ষা করেন না, মসজিদে কাজ করেন। প্রতিবন্ধী ভাতা পান, সমাজসেবা থেকে একটি গরু দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক মাস পর গরুটা অসুস্থ হয়ে মারা যায়। আমার আপুও দৃষ্টিপ্রতিবন্ধী। সেও ভাতা পায়, কিন্তু কোনো গাভি সে পায়নি।’

তালিকায় ৩৭ ও ৪০ নম্বরে দুই স্থানেই উমর মজিদ ইউনিয়নের ভিক্ষুক মমেনা বেগমের নাম থাকলেও বাস্তবে তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

উমর মজিদ ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির বলেন, এই নামের দুজন আলাদা ব্যক্তি। আমি নাম দিছি। আপনি যখন আসছেন, তখন হয়তো বাড়িত ছিল না। এই নাম দুইটা সঠিক।’
ভিক্ষুক পুনর্বাসনের তালিকার ৩৩১ নম্বরে আছে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদুল হকের নাম। তাঁর নামে নগদ অর্থ ও ছাগল পালনের কথা উল্লেখ রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘তালিকায় কীভাবে আমার নাম এলো, আমি জানি না। আমি সমাজসেবা থেকে কোনো ধরনের সুবিধা নিইনি।’

একই চিত্র দেখা গেছে তালিকার ৩৩২, ৩৩৫, ৩৩৬, ৩৩৮ নম্বর সিরিয়ালে। প্রত্যেকের নামে ছাগল পালন আর অর্থ সহায়তার কথা বলা হলেও কেউ ছাগল পাননি।

তালিকার ৩৩২ সিরিয়ালে থাকা এই উপজেলার পশ্চিম হাট গোপালপুর গ্রামের ইয়াকুব আলীর নাম রয়েছে। কিন্তু সরেজমিন দেখা যায়, তাঁর সন্তান প্রতিবন্ধী সহায়তা পায়। তিনি কোনো ছাগল এবং বরাদ্দের নগদ অর্থ পাননি। ইয়াকুব আলীর স্ত্রী বানেছা বেগম বলেন, ‘আমার স্বামীর নামে শেষে ফকির আছে। কবিরাজিও করে টুকটাক আর কামলা দিয়া খায়। তাঁর নামে কোনো ছাগল, টাকা আমরা পাই নাই।’

তালিকার ৩৩৬ সিরিয়ালের করিম উদ্দিন বলেন, ‘আমি দিনমজুরি করে চলি। কখনও ভিক্ষা করি নাই। আমি সমাজসেবার কোনো কিছু নাই।’

তালিকায় থাকা ৩৫২ থেকে ৩৬৪ জনের প্রত্যেকেই চিলমারী উপজেলার বাসিন্দা। এই ১৩ জন প্রকৃত ভিক্ষুক হলেও কেউই তাদের জন্য নগদ অর্থ বরাদ্দের কোনো অর্থ পাননি। ১৩ জনের সঙ্গে কয়েকজনের কথা হয় সমকালের চিলমারী সংবাদদাতার।

চিলমারী ইউনিয়নের মনতোলা এলাকার মো. আসাদ আলী আজও ভিক্ষা করেই দিন কাটাচ্ছেন। ভিক্ষুক পুনর্বাসনে তাঁর নাম তালিকাভুক্ত করা হলেও তিনি সহায়তা পাননি।

মুদাফৎথানা সরকারপাড়া রমনা এলাকার মো. অন্তর মিয়া জানান, অনেক দিন আগে তালিকা নেওয়া হয়েছিল; কিন্তু আজ পর্যন্ত তিনি ছাগল কিংবা অর্থ সহায়তা– কোনো কিছুই পাননি।
রমনা মিস্ত্রীপাড়া এলাকার জাহাঙ্গীর আলমও একই কথা বলেন।

মণ্ডলপাড়া এলাকার মোছা. রাছিরন বেগম একসময় ভিক্ষা করলেও এখন করছেন না। তিনি জানান, ভিক্ষুক পুনর্বাসন সহায়তার ছাগল কিংবা নগদ অর্থ সহায়তা– কোনোটাই পাননি।
এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুড়িগ্রামের সভাপতি খায়রুল আনম বলেন, এটি সরকারের একটি মহৎ উদ্যোগ। এই উদ্যোগ যখন প্রকৃত মানুষের কাছে পৌঁছায় না, তখন সেটি লজ্জার। আমরা এটি তদন্ত করে অসংগতিগুলো দূর করার দাবি জানাই।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য প্রতিমা রায় চৌধুরী বলেন, সমাজসেবা ভিক্ষুক পুনর্বাসনের নামে প্রকৃত ভিক্ষুকদের এই সহায়তা দিতে না পারাটাই বড় একটি দুর্নীতি। আমরা চাই এই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহ. হুমায়ুন কবির বলেন, এ রকমটা হওয়ার সুযোগ নেই। প্রকৃত ভিক্ষুকদের তালিকা করা হয়েছে। কেউ অভিযোগ করলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

প্রতিবেদনে উল্লেখ করা ব্যক্তিদের বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, আমি এ মুহূর্তে বাইরে মাঠ পরিদর্শনে আছি। তালিকাগুলো নিয়ে অফিসে আসুন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রেমিট্যান্সের ৬৯ শতাংশ ১০ জেলায়

০

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে এক হাজার ১৪৭ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ১৫ কোটি ডলার। জুলাই-অক্টোবর সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৩২ কোটি ডলার বা প্রায় ১৩ শতাংশ। এর মধ্যে ৭৯৪ কোটি ডলার বা ৬৯ দশমিক ২৪ শতাংশ এসেছে ১০টি জেলায়। এককভাবে শুধু ঢাকা জেলায় এসেছে ৩৬ শতাংশের বেশি রেমিট্যান্স।

সংশ্লিষ্টরা জানান, যে অঞ্চলের ব্যাংক শাখা যত রেমিট্যান্স জমা হয় তা ওই অঞ্চলের প্রবাসী আয় হিসেবে বিবেচিত হয়। প্রথম চার মাসে শীর্ষ ১০ জেলার মধ্যে ছয়টি চট্টগ্রাম বিভাগের। তিনটি ঢাকা বিভাগের। অন্যটি সিলেট জেলা। জুলাই-অক্টোবরে শুধু ঢাকা জেলার শাখায় এসেছে ৪১৮ কোটি ডলারের বেশি। দেশের বিভিন্ন জেলার মানুষের বসবাস ঢাকায়। আবার ব্যাংক শাখাও বেশি রাজধানীতে। সব মিলিয়ে ঢাকাতেই সব সময় বেশি অর্থ আসে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম জেলার মাধ্যমে এসেছে প্রায় ৮০ কোটি ডলার। এর পরের অবস্থানে থাকা কুমিল্লা জেলায় এসেছে প্রায় ৭৪ কোটি ডলার। চতুর্থ অবস্থানের জেলা সিলেটে এসেছে ৫৬ কোটি ডলার। পঞ্চম অবস্থানে থাকা নোয়াখালীতে এসেছে প্রায় ৩৬ কোটি ডলার। ষষ্ঠ অবস্থানে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলায় এসেছে ৩১ কোটি ডলার। ফেনী জেলায় এসেছে প্রায় ২৮ কোটি ডলার। এর পরের অবস্থানে থাকা চাঁদপুরে এসেছে ২৬ কোটি ৪৫ লাখ ডলার। মানিকগঞ্জে এসেছে ২৩ কোটি ডলার। ঢাকা বিভাগের আরেক জেলা টাঙ্গাইলে এসেছে ২২ কোটি ডলার।

ব্যাংকাররা জানান, যুদ্ধসহ বৈশ্বিক সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি, ভোগ্যপণ্যসহ অনেক পণ্যের দর বেড়েছে। এর মধ্যেও প্রবাসী আয়ের উচ্চ প্রবৃদ্ধি অর্থনীতিতে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলছে। চলতি মাসেও রেমিট্যান্স বৃদ্ধির ধারা বজায় রয়েছে। চলতি মাসের ১৮ দিনে প্রবাসীরা আরও ২১৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১২ শতাংশ বেশি। সব মিলিয়ে চলতি অর্থবছরের শুরু থেকে গত বুধবার পর্যন্ত এসেছে এক হাজার ৩৬০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১২ দশমিক ৮০ শতাংশ বেশি। তবে সাম্প্রতিক সময়ে রপ্তানি আয়ের তুলনায় আমদানিতে অনেক বেশি প্রবৃদ্ধি হচ্ছে। এর ফলে দীর্ঘ সময় স্থিতিশীল থাকার পর গত দুই মাসে প্রতি ডলারে দুই টাকা বেড়ে গত বৃহস্পতিবার আন্তঃব্যাংকে গড়ে ১২৪ টাকা ৭৫ পয়সায় বেচাকেনা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে দীর্ঘদিন পর রিজার্ভ থেকে নিলাম প্রক্রিয়ায় ৪৭ কোটি ৩৫ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া গত সপ্তাহে সব ব্যাংকের ট্রেজারি প্রধানদের নিয়ে বৈঠক করে ডলার বেচাকেনায় সংযত আচরণ করতে বলা হয়েছে। প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক ডলার সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে অপ্রয়োজনে ডলার ধরে রাখা কিংবা বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে বাড়তি দরে ডলার কিনলে মূল্যস্ফীতিতে তার প্রভাব বিষয়ে সতর্ক করা হয়।

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কোনো ডলার বিক্রি না করে বাজার থেকে কিনছিল কেন্দ্রীয় ব্যাংক। যে কারণে আওয়ামী লীগ পতনের আগে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারের রিজার্ভ বেড়ে গত জুলাইয়ে প্রায় ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে ওঠে। ডলার বিক্রি এবং এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে পরিশোধের পর যা কমে গত বৃহস্পতিবার ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে নামে।

দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। সাম্প্রতিক ৪৭ কোটি ৩৫ লাখ ডলার বিক্রির বিপরীতে বাজার থেকে পাঁচ হাজার ৮০০ কোটি টাকার মতো উঠে এসেছে। তবে ব্যাংকগুলোর হাতে বর্তমানে চার লাখ কোটি টাকার বেশি উদ্বৃত্ত তহবিল পড়ে আছে। যে কারণে এর কোনো প্রভাব বাজারে নেই। বরং ঋণপ্রবাহ বাড়াতে নীতি সুদহার কমানোসহ বিভিন্ন শিথিলতা আনছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের সুদ ভর্তুকির আওতায় কম সুদে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ বিতরণে একের পর এক শর্ত শিথিল করা হচ্ছে।

এক বছর পর স্বর্ণের দাম ভরিতে দুই লাখ টাকার নিচে

০

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসেই টানা ৯ দফায় দাম কমেছে। ফলে প্রায় এক বছর পর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছে। সর্বশেষ গত শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ছয় হাজার ১৮২ টাকা কমানোর
ঘোষণা দিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন ভ্যাটসহ ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দর এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরির দাম এক লাখ ৮৬ হাজার ২১৬ এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দর গতকাল রোববার থেকে কার্যকর হয়েছে।
বাজার তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে ওঠে। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরির দর দাঁড়ায় দুই লাখ ৮৬ হাজার এক টাকা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট মিলিয়ে ক্রেতাদের খরচ পড়ে প্রায় তিন লাখ ৩০০ টাকা। গত ১০ মাসের ব্যবধানে ভ্যাটসহ প্রকৃত ক্রয়মূল্য কমেছে প্রায় এক লাখ পাঁচ হাজার ৩৩৭ টাকা বা প্রায় ৩৫ শতাংশ। শুধু চলতি নভেম্বর মাসের ৯ দফাতেই ভরিপ্রতি দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক পণ্যবাজার গবেষণার তথ্যমতে, বছরের শুরুতে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করায় দাম রেকর্ড উচ্চতায় উঠেছিল। এখন ভিন্ন কিছু কারণ একসঙ্গে কাজ করায় দাম কমছে। ২০২২ সাল থেকে স্বর্ণের প্রকৃত চাহিদা বাড়তে থাকে। সে সময় গহনা, কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের ক্রয় বাড়তে থাকায় দাম নিম্নমুখী হওয়ার ঝুঁকি কমে যায়। এরপর স্বর্ণসমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) বিনিয়োগকারীরা স্বর্ণ কেনার দিকে ঝোঁকেন। ফলে ২০২৫ সালে ইটিএফে স্বর্ণের মজুত প্রায় ৮০০ টন বাড়ে। এতে বাজারে স্বর্ণ কমে যাওয়ায় দাম চড়া হয়।

ওই বছর ডলারের মানও দুর্বল ছিল। বন্ডের সুদ কম ছিল এবং বিশ্বজুড়ে ঋণ নিয়ে উদ্বেগ ছিল। ফলে অনেকে ডলার বা বন্ডে বিনিয়োগের চেয়ে স্বর্ণ কিনে রাখাকে নিরাপদ মনে করেন। এই চাহিদার কারণে চলতি বছরের জানুয়ারিতে দাম রেকর্ড উচ্চতায় ওঠে। তখন নিউইয়র্কের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড পাঁচ হাজার ৫৯৫ থেকে পাঁচ হাজার ৬০০ ডলারে ওঠে।

এর পর থেকেই দরপতনের শঙ্কা তৈরি হয়। ফলে বিনিয়োগকারীরা নতুন করে স্বর্ণ কিনবেন কিনা তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। একই সময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে বলে আলোচনা শুরু হয়। অন্যদিকে ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে বাজারে নগদ অর্থের ওপর চাপ তৈরি হয়। তখন অনেক বিনিয়োগকারী দ্রুত স্বর্ণ বিক্রি করতে শুরু করেন। এসব কারণে দাম কমতে থাকে। বর্তমানে দাম এক-তৃতীয়াংশের বেশি কমে তিন হাজার ৫৭০ ডলারের ঘরে নেমে এসেছে, যা গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন।

তবে সাম্প্রতিক দরপতনের পরও স্বর্ণের দাম ফের বাড়তে পারে বলে আশাবাদী মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটির পূর্বাভাস, ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ৬৫০ ডলারে পৌঁছাতে পারে। এর আগে ব্যাংকটির পূর্বাভাস ছিল চার হাজার ৮০০ ডলার। কিন্তু দর উঠেছিল সর্বোচ্চ পাঁচ হাজার ৫৯৪ ডলার।

শেখ হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস

০

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা বর্তমান বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করার চেষ্টায় ধারাবাহিক সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি)। একই প্রতিবেদনে এটিকে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ হিসেবে বর্ণনা করেছে।

গত শনিবার প্রকাশিত এবং গতকাল রোববার হালনাগাদ করা ওই প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশ অস্থির হয়ে উঠেছে। এতে হাসিনার সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এবং ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য ও সমর্থকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিনজন সদস্য এবং একটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় নিহত একজন বাস সহকারী রয়েছেন। একই সময়ের সহিংসতা, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় রাজনৈতিক কর্মী এবং একজন পরিবহন শ্রমিকের মৃত্যুর বিষয়টি পৃথক প্রতিবেদনেও নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গণপরিবহন, পুলিশ স্টেশন, একটি হাসপাতাল এবং বিএনপি সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন হামলা চালিয়েছে।

হাসিনার জন্মস্থান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোপালগঞ্জে সহিংসতা বিশেষভাবে তীব্র হয়েছে। সেখানে বিক্ষোভকারীরা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে, সরকারি সম্পত্তিতে হামলা চালিয়েছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

জেলার অস্থিরতার মধ্যে দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধের ঘটনাও ঘটে।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সকালে খুলে দেওয়ার আগে সড়কটি ৩৬ ঘণ্টা অবরুদ্ধ ছিল। ওই অঞ্চলে সড়ক অবরোধ ও পরিবহন চলাচলে বিঘ্নের ঘটনা পৃথক প্রতিবেদনেও নিশ্চিত হয়েছে। তবে অবরোধের সুনির্দিষ্ট সময়কাল ৩৬ ঘণ্টা হওয়ার বিষয়টি এনওয়াইটি প্রতিবেদনের বরাতেই উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীরা অস্ত্র প্রদর্শন করেছে, পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেছে। পৃথক সংবাদ প্রতিবেদনে গোপালগঞ্জে পুলিশের গাড়ি, পুলিশ স্থাপনা ও সরকারি সম্পত্তিতে হামলার ঘটনা নিশ্চিত হলেও এনওয়াইটি প্রতিবেদনে বর্ণিত নির্দিষ্ট ঘটনাগুলোর বিস্তারিত ওই সংবাদপত্রের বরাতেই উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান চালানোর পর হাসিনা ভারতে পালিয়ে যান। ওই দমন-পীড়নে জাতিসংঘের হিসাব অনুযায়ী, সর্বোচ্চ ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন।

২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে চালানো অভিযানসংক্রান্ত বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এ রায় দেওয়া হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে অভিহিত করে বাংলাদেশে তাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে সরকারের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

এদিকে চলতি বছরের শুরুতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের সমালোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত সপ্তাহের শুরুতে তিনি মন্তব্য করেন, বিক্ষোভকারীরা ‘সীমান্তের ওপার’ থেকে নির্দেশনা নিয়ে কাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১২ ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি নবায়ন চায় ঢাকা

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। তবে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এ অবস্থায় শুষ্ক মৌসুমে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন বা সংশোধিত চুক্তির উদ্যোগ নেওয়ার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ।

এদিকে গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটি। গতকাল রোববার ঢাকায় কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়। আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে উপস্থাপন করার কথা।

জেআরসির সদস্য ড. মো. আনোয়ার কাদির সমকালকে বলেন, গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। প্রতিবেদনটি নির্ধারিত সময়ের মধ্যে দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির প্রবাহ পর্যবেক্ষণ করে যৌথ কমিটি। পানির প্রবাহ ও বণ্টনের তথ্য পর্যালোচনা করে প্রতিবছর দুই দেশের সরকারের কাছে প্রতিবেদন দেওয়া হয়।

চুক্তি বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণ ও পর্যালোচনার দায়িত্ব যৌথ কমিটির। তবে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে আলোচনা করার এখতিয়ার এই কমিটির নেই। এ ধরনের সিদ্ধান্ত দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব ও সরকার পর্যায়ের বিষয়। ফলে গতকালের বৈঠকে চুক্তির মেয়াদ শেষ হওয়া বা নবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশের পক্ষ থেকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আনুষ্ঠানিক আলোচনা শুরুর জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ একটি কারিগরি কমিটিও গঠন করেছে। কমিটির প্রধান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন ভারতের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কূটনৈতিক চ্যানেলে ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। বাংলাদেশ ভারতের কাছে পাল্টা একটি কারিগরি কমিটি গঠনেরও অনুরোধ জানিয়েছে। গত জুনে বাংলাদেশ এ বিষয়ে কারিগরি কমিটি গঠন করে এবং আগস্টে ভারতের কাছে একই অনুরোধ পুনর্ব্যক্ত করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, আন্তঃসীমান্ত পানি-সংক্রান্ত বিষয়গুলো আলোচনার জন্য যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত ব্যবস্থা। গঙ্গাসহ অভিন্ন নদীর পানি নিয়ে আলোচনার ক্ষেত্রেও এই ব্যবস্থা রয়েছে। ভারতের স্বার্থ সুরক্ষার পাশাপাশি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

তবে কবে নাগাদ দুই দেশের মধ্যে চুক্তি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে, সে বিষয়ে ভারতের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

বাংলাদেশের প্রত্যাশা, শুধু ১৯৯৬ সালের চুক্তির মেয়াদ বাড়ানো নয়, বরং শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে নতুন বা সংশোধিত চুক্তি করা। পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির নিশ্চয়তামূলক ধারা ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার।

১৯৭৭ সালের চুক্তিতে বলা হয়েছিল, ফারাক্কায় পানির প্রবাহ কমে গেলে কোনো ১০ দিন মেয়াদে বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার ৮০ শতাংশের কম পানি দেওয়া যাবে না। বাংলাদেশের প্রত্যাশা, নতুন চুক্তিতেও এ ধরনের নিশ্চয়তা থাকবে, যাতে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলেও বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত থাকে।

১৯৯৬ সালের চুক্তিতে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ফারাক্কায় গঙ্গার পানির প্রবাহের ভিত্তিতে ১০ দিন মেয়াদি সময় ধরে দুই দেশের মধ্যে পানিবণ্টনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান পানি পাবে। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক, বাকিটা পাবে ভারত। প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক, অবশিষ্ট পানি পাবে বাংলাদেশ।

এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিন মেয়াদে উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে। তবে প্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশের সরকারের জরুরি আলোচনার মাধ্যমে পানিবণ্টনের বিষয়ে সমন্বয় করার কথা বলা হয়েছে।

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনায় ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আঞ্চলিক স্বার্থও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদা এবং সংশ্লিষ্ট রাজ্যগুলোর অবস্থান চুক্তি নবায়ন বা নতুন চুক্তির আলোচনায় প্রভাব ফেলতে পারে।

পশ্চিমবঙ্গের উদ্বেগের বিষয় ভাগীরথী-হুগলি নদীতে পানির প্রবাহ, নৌ চলাচল ও বন্দর সচল রাখা। অন্যদিকে, বিহারের চাহিদার মধ্যে রয়েছে পানীয় জল ও শিল্পের জন্য পানি নিশ্চিত করা। এ কারণে ২০২৩ সালে ভারতের কেন্দ্রীয় সরকার চুক্তিটি পর্যালোচনার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে। এতে সংশ্লিষ্ট রাজ্যগুলোর প্রতিনিধিদেরও যুক্ত করা হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। এর মধ্যে গঙ্গাই একমাত্র নদী, যার পানিবণ্টনে দুই দেশের মধ্যে কার্যকর চুক্তি রয়েছে। তিস্তার পানিবণ্টন নিয়ে দীর্ঘদিন আলোচনা চললেও এখনও চুক্তি হয়নি।

গঙ্গার পানি বাংলাদেশের কৃষি, মৎস্য, নৌপরিবহন, জীববৈচিত্র্য ও সুন্দরবনের পরিবেশের সঙ্গে সরাসরি যুক্ত। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বাড়ে। কৃষি ও মৎস্য উৎপাদনেও এর প্রভাব পড়ে। তাই নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্যা ও প্রবাহের নিশ্চয়তা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

মরিশাসে নবম ভারত মহাসাগর সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন বা সংশোধিত ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, এমন একটি সমাধান প্রয়োজন, যা মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করবে এবং জনসাধারণের আস্থা অর্জন করবে। আগামী ২৫ থেকে ৫০ বছরের সম্পর্কের কথা বিবেচনায় রেখে দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করার ওপরও গুরুত্ব দেন তিনি।

হার্টের রিংয়ের দাম বেড়েছে শুল্ক ছাড়ের সুফল নেই

ওষুধ, চিকিৎসার কাঁচামাল ও মেডিকেল যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কর কমিয়েছে সরকার। এর উদ্দেশ্য ছিল উৎপাদন ব্যয় কমানো, চিকিৎসা সহজলভ্য করা এবং রোগীদের খরচ কমানো। কিন্তু এই উদ্যোগের সুফল কতটা পৌঁছেছে ভোক্তার কাছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, শুল্ক কর ছাড়ের মধ্যেই দেশে হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত দুটি করোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের দাম ১০ থেকে ১২ শতাংশ বাড়ানো হয়েছে।

অন্যদিকে, কিডনি রোগীদের ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার আমদানিতে শুল্ক কর প্রত্যাহার করা হলেও এইচওএস কোড নম্বর বা শ্রেণিবিন্যাস-সংক্রান্ত ভুলের কারণে এর সুবিধা পাচ্ছেন না আমদানিকারক ও রোগীরা।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ওষুধের কাঁচামাল, ক্যান্সারের ওষুধ তৈরির উপাদান, ডায়ালাইসিস ফিল্টার ও বিভিন্ন মেডিকেল যন্ত্র আমদানিতে শুল্ক-কর কমানো বা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আমদানি পর্যায়ে এসব ছাড়ের সুবিধা শেষ পর্যন্ত রোগীর চিকিৎসা ব্যয় কমাতে ভূমিকা রাখতে পারেনি।

ঔষধ প্রশাসনের তথ্য বলছে, দক্ষিণ কোরিয়ার কোম্পানি জেনোসের তৈরি জেনোস ডিইএস স্টেন্ট বা রিংয়ের দাম ৫০ হাজার থেকে বাড়িয়ে ৫৬ হাজার টাকা করা হয়েছে, অর্থাৎ বেড়েছে ১২ শতাংশ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মেডট্রনিকের তৈরি অনিক্সের রিংয়ের দাম ৫০ হাজার থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা করা হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর করোনারি ও নিউরোলজিক্যাল স্টেন্ট-সংক্রান্ত পরামর্শক কমিটির অষ্টম সভার সুপারিশের ভিত্তিতে এ মূল্য পুনর্নির্ধারণ করা হয়। ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশ জারি করে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

অধিদপ্তরের আদেশে বলা হয়েছে, স্টেন্টের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনকারী দেশ, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রেজিস্ট্রেশন (ডিএআর) নম্বর উল্লেখ করতে হবে। আমদানি ও বাজারজাতের আগে অধিদপ্তরের ছাড়পত্রও নিতে হবে।

মেডট্রনিকের তৈরি হার্টের রিং আমদানিকারক প্রতিষ্ঠান এইচআরএস কার্ডিয়াক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমান ডালিম সমকালকে বলেন, ‘দাম বৃদ্ধির বিষয়ে আমি কিছু জানি না। এটা মেডট্রনিকের কর্মকর্তাদের বলেন। তারা এই বিষয়ে ভালো বলতে পারবেন।’

মেডট্রনিক বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার আসিফ আফসার বলেন, বিগত সরকারের সময় ইচ্ছা করে আমাদের রিংয়ের দাম একটু বেশি কমিয়ে দেওয়া হয়। তাই আমরা হার্টের রিংয়ের দাম সমন্বয় করতে সরকারের কাছে একটি চিঠি দিয়েছিলাম। ঔষধ প্রশাসন অধিদপ্তর দাম সমন্বয় করেছে। রিং আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। এই শুল্ক হার্টের রিংয়ের দামের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। যে কারণে দাম কমার কথা নয়।

দক্ষিণ কোরিয়ার জেনোস ডিইএস স্টেন্ট আমদানি করে কার্ডিনাল হেলথ কেয়ার। এর ব্যবস্থাপনা পরিচালক অলিয়ার রহমান অনু বলেন, ‘আমাদের রপ্তানি করা হার্টের রিংয়ের দাম ৮২ হাজার টাকা থেকে কমিয়ে ৫৬ হাজার টাকা করা হয়েছে। দাম বাড়েনি।

তাহলে ঔষধ প্রশাসন প্রজ্ঞাপনে ৫০ হাজার থেকে ৫৬ হাজার টাকা কেন করা হয়েছে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঔষধ প্রশাসন ভুল করছে। আমরা আগের দামে রিং বিক্রি করছি।
এসব বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. আকতার হোসেন বলেন, কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে আগে মূল্য নির্ধারণে অসংগতি ছিল। প্রতিষ্ঠানগুলো নতুন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করার পর মূল্য নির্ধারণ কমিটি পর্যালোচনা করে দুটি প্রতিষ্ঠানের স্টেন্টের দাম বাড়িয়েছে।

তিনি বলেন, হার্টের রিংয়ের মূল্যের মধ্যে শুল্ক কর অন্তর্ভুক্ত ছিল না। এ কারণে স্টেন্ট আমদানিতে শুল্ক কর অব্যাহতির সিদ্ধান্তের সঙ্গে দাম বাড়ার কোনো সম্পর্ক নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, এখন বেশ কিছু কোম্পানি হার্টের রিংয়ের দাম বাড়ানোর জন্য আবেদন করেছে। কিছু কোম্পানির রিংয়ের দাম বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিস করতে হয়। এ চিকিৎসায় রক্ত পরিশোধনের জন্য ডায়ালাইসিস ফিল্টার অপরিহার্য। প্রতিটি ডায়ালাইসিস সেশনে রোগীর জন্য নতুন ফিল্টার ব্যবহার করতে হয়। এতে এ উপকরণের দাম বৃদ্ধি চিকিৎসার ব্যয়ে প্রভাব ফেলে। রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর উদ্দেশ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে। কিন্তু শুল্ক শ্রেণিবিন্যাস বা এইচওএস কোড নম্বর ভুলের কারণে এ সুবিধা কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন আমদানিকারকরা। তাদের দাবি, শুল্ক কর প্রত্যাহারের সিদ্ধান্ত থাকলেও সংশ্লিষ্ট পণ্যের শ্রেণিবিন্যাসে অসংগতির কারণে আমদানিতে প্রত্যাশিত সুবিধা পাওয়া যাচ্ছে না। এতে রোগীদের জন্যও দাম কমেনি।

ডায়ালাইসিস ফিল্টার আমদানিকারক প্রতিষ্ঠান এসএনও টেক হেলথ কেয়ারের পরিচালক প্রকৌশলী নওয়াব আলী সমকালকে বলেন, এইচওএস কোড নম্বর ভুলের কারণে ব্যবসায়ী কিংবা রোগী কেউই সুবিধা পাচ্ছেন না। মূসক প্রত্যাহারের সুবিধা দেওয়া হয়েছে আল্ট্রাপিওর ফিল্টারের ক্ষেত্রে। এটি ডায়ালাইসিস মেশিনে ব্যবহৃত হয় এবং দেশে এর ব্যবহার খুবই সীমিত। কিন্তু হেমোডায়ালাইসিসে রক্ত পরিশোধনের জন্য যে ফিল্টার ব্যবহার করা হয়, সেটির ক্ষেত্রে সুবিধা কার্যকর হয়নি।

তিনি বলেন, হেমোডায়ালাইসিসের প্রতিটি সেশনে ফিল্টার পরিবর্তন করতে হয়। এ পণ্যে শুল্ক কর ছাড় কার্যকর হলে রোগীরা উপকৃত হতেন। বিষয়টি সমাধানে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গত ১৮ অক্টোবরের এক চিঠিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ওষুধ ও মেডিকেল যন্ত্র খাতে দেওয়া শুল্ক কর ছাড়ের তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ওষুধশিল্পে ব্যবহৃত ১৭টি নতুন কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। ক্যান্সারের ওষুধ তৈরিতে ব্যবহৃত ৯টি কাঁচামালকে শুল্ক কর অব্যাহতির আওতায় আনা হয়েছে। এ ছাড়া ওষুধের সক্রিয় উপাদান বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ৫৩টি নতুন কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতি দেওয়া হয়েছে।

ফার্মাসিউটিক্যালস শিল্পে ব্যবহৃত বায়োলজিক্যাল সেফটি ক্যাবিনেট আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পণ্যের ক্ষেত্রে কাস্টমস শুল্ক ও আগাম কর কমানো বা প্রত্যাহার করা হয়েছে। তবে এসব ছাড়ের ফলে ওষুধের দামে কোনো প্রভাব পড়েনি।

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির (বিএপিআই) মহাসচিব ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হালিমুজ্জামান বলেন, এপিআই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য আগে থেকেই শুল্ক সুবিধা ছিল। ফলে নতুন সিদ্ধান্তের কারণে ভোক্তাদের জন্য সরাসরি অতিরিক্ত কোনো সুবিধা তৈরি হবে না। ক্যান্সারের ওষুধ তৈরির উপাদানের ক্ষেত্রেও আগে থেকে শুল্ক সুবিধা থাকায় নতুন সিদ্ধান্তের ফলে ভোক্তা পর্যায়ে বাড়তি মূল্যহ্রাসের সম্ভাবনা সীমিত।

তবে আগে কোনো ওষুধের কাঁচামালের ওপর শুল্ক আরোপিত থাকলে এবং নতুন সিদ্ধান্তে তা প্রত্যাহার করা হলে দাম কমানোর সুযোগ তৈরি হতে পারে বলে জানান তিনি। হালিমুজ্জামান বলেন, সরকার ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার জন্য শুল্ক কর ছাড় দেয় না; এর উদ্দেশ্য থাকে ভোক্তাদের উপকার করা।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চেয়ারম্যান এ এইচ এম সফিকুজ্জামান বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শুল্কহার এমনিতেই বেশি। মাঝেমধ্যে বিভিন্ন পণ্যে শুল্ক কমানো হলেও তার সুফল ভোক্তা পর্যায়ে তেমন একটা পৌঁছায় না। অসাধু ব্যবসায়ীদের পাশাপাশি সময়মতো শুল্ক কমানো কার্যকর না হওয়া এবং জাতীয় রাজস্ব বোর্ডের যথাযথ তদারকির অভাবও এর জন্য দায়ী।

বিজ্ঞান মঙ্গলের শিলায় মিলল পানির প্রমাণ

পৃথিবীতে পাওয়া মঙ্গলগ্রহের সবচেয়ে প্রাচীন শিলাগুলোর একটি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। ‘টেগাজা ০০১’ নামে এই উল্কাপিণ্ডটি মঙ্গলগ্রহের প্রাথমিক ইতিহাস সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছে। জানা গেছে, প্রায় ৪১০ কোটি বছর আগেই মঙ্গলগ্রহের ভূত্বকে পানির প্রভাব পড়েছিল। অন্তত তাই বলছে সামনে আসা প্রমাণ।

গোলাপি আভাযুক্ত উল্কাপিণ্ডটির রাসায়নিক গঠন আগে পরীক্ষা করা মঙ্গলগ্রহের অন্যান্য নমুনার তুলনায় বেশ আলাদা। বিজ্ঞানীরা বলছেন, এর মাধ্যমে লাল গ্রহটির এমন একটি অঞ্চলের ভূতাত্ত্বিক ইতিহাস জানার সুযোগ তৈরি হয়েছে, যেখান থেকে আগে কোনো নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।

নমুনাটি নিয়ে যে গবেষণা হয়েছে, সেটির পরিচালক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যাসিডেনার নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গ্রহবিজ্ঞানী ইয়াং লিউ। ২৯ অক্টোবর বিজ্ঞান সাময়িকী সায়েন্সে প্রকাশিত গবেষণাটি সম্পর্কে তিনি বলেন, ‘এটি অত্যন্ত বিরল ও প্রাচীন একটি মঙ্গলগ্রহের উল্কাপিণ্ড। এর মাধ্যমে মঙ্গলগ্রহের প্রাথমিক ভূত্বক ও ম্যান্টল সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে। সেই সময় পৃথিবীতে প্রাণের উদ্ভব মাত্র শুরু হচ্ছিল।’

বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলগ্রহের অভ্যন্তরীণ স্তর ম্যান্টল থেকে উৎপন্ন গলিত শিলা বা ম্যাগমা থেকেই এই উল্কাপিণ্ডের সৃষ্টি। পরবর্তী সময়ে সেই ম্যাগমা শীতল হয়ে গ্রহটির বাইরের ভূত্বকের অংশে পরিণত হয়।

ইয়াং লিউ বলেন, নমুনাটির রাসায়নিক বৈশিষ্ট্য থেকে বোঝা যায়, এটি মঙ্গলগ্রহের এমন একটি ভূত্বকীয় অঞ্চল থেকে এসেছে, যেখানকার শিলা নিয়ে বিজ্ঞানীরা আগে গবেষণার সুযোগ পাননি। পশ্চিম আফ্রিকার দেশ মালির লবণাক্ত সমতল ভূমি তেগাজা থেকে উল্কাপিণ্ডটির নামকরণ করা হয়েছে। ২০২২ সালে সেখানে উল্কাপিণ্ড অনুসন্ধানকারীরা এটি খুঁজে পান।

বিজ্ঞানীদের ধারণা, কোনো গ্রহাণু বা ধূমকেতু মঙ্গলগ্রহে আঘাত হানার সময় সৃষ্ট প্রচণ্ড অভিঘাতে শিলাটি গ্রহের পৃষ্ঠ থেকে মহাকাশে ছিটকে পড়ে। তবে এটি কবে পৃথিবীতে এসে পড়েছিল, তা নিশ্চিতভাবে জানা কঠিন। ইয়াং লিউয়ের মতে, নমুনাটির পৃষ্ঠের বৈশিষ্ট্য দেখে ধারণা করা যায়, আবিষ্কারের আগে এটি কিছু সময় মরুভূমির পরিবেশে পড়ে ছিল।

গবেষণায় সরাসরি যুক্ত না থাকা যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের পৃথিবী ও গ্রহবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ম্যাথিউ জেঙ্গে বলেন, মঙ্গলগ্রহ থেকে নতুন কোনো উল্কাপিণ্ড পাওয়া সব সময়ই আনন্দের বিষয়। তবে এই নমুনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এটি গ্রহটির সবচেয়ে প্রাচীন উল্কাপিণ্ডগুলোর একটি। এমনকি পৃথিবীতে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া যে কোনো শিলার চেয়েও এটি পুরোনো।

প্রাথমিক পরীক্ষায় টেগাজা ০০১-এর বয়স যে এত বেশি, তা বোঝা যায়নি। এমনকি নমুনাটি নিয়ে গবেষণা করার সিদ্ধান্ত থেকেও প্রায় সরে এসেছিলেন ইয়াং লিউ। তিনি জানান, প্রথম যখন তাঁকে নমুনাটি পরীক্ষা করার প্রস্তাব দেওয়া হয়, তখন এটিকে শেরগোটাইট শ্রেণির উল্কাপিণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ইয়াং লিউ আগে বেশ কয়েকটি শেরগোটাইট নিয়ে গবেষণা করেছিলেন। পৃথিবীতে পাওয়া মঙ্গলগ্রহের উল্কাপিণ্ডের প্রায় ৯০ শতাংশই এই শ্রেণির। সাধারণত এগুলোর বয়স ৬০ কোটি বছরের কম।

তবে শেষ পর্যন্ত টেগাজা ০০১ নিয়ে গবেষণা করতে রাজি হন তিনি। নমুনাটি পরীক্ষা করতে গিয়ে দেখতে পান, এতে জিরকন নামে এক ধরনের স্ফটিক রয়েছে। গলিত শিলা ঠান্ডা হয়ে কঠিন হওয়ার সময় এই স্ফটিক তৈরি হয়। লিউ বলেন, ‘জিরকনকে এক ধরনের সময়ের ক্যাপসুল বলা যায়। এর মাধ্যমে কোনো শিলার গঠনের সময়কাল অত্যন্ত নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব।’ খবর সিএনএনের।

রুশ হামলার ১৪ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৭ বছরের শিশু

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় ধসে পড়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে ১৪ ঘণ্টা আটকে থাকার পর সাত বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে চালানো এ হামলায় ডাইমার শহরে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

কিয়েভ অঞ্চলের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, ধসে পড়া ভবনটি থেকে ৭৯ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া শিশুটির শারীরিক অবস্থাও স্থিতিশীল। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির জাতীয় পুলিশ শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। উদ্ধার অভিযানে পুলিশ, বিস্ফোরক বিশেষজ্ঞ, প্রশিক্ষিত কুকুরের দল ও চিকিৎসাকর্মীরা অংশ নিচ্ছেন।

জেলেনস্কি জানান, ঘটনাস্থলে ১৩০ জনের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। নিখোঁজ প্রত্যেক ব্যক্তির বিষয়ে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তবে বারবার বিমান হামলার সতর্কতা জারি হওয়া এবং নতুন করে হামলার আশঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি বলেন, স্থানীয় সময় রোববার ভোর পাঁচটার দিকে আবাসিক ভবনটিতে হামলা হয়। তখন বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। রোববার সন্ধ্যা পর্যন্ত ইউক্রেনের ১০টি অঞ্চলে ৭০টির বেশি হামলা চালানো হয়েছে।

এদিকে কিয়েভ অঞ্চলের বিলায়া তসেরকভা শহরে একটি বাড়িতে হামলায় একজন নিহত হয়েছেন। হামলার পর বাড়িটিতে আগুন ধরে যায় বলে জানান তিমুর তাকাচেঙ্কো।

একই অঞ্চলের ভিশনেভ শহরে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি। শহরটির মেয়র ইলিয়া দিকভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আহত ব্যক্তিদের মধ্যে তিনটি শিশু রয়েছে।

এ ছাড়া দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্হি কোরেৎস্কি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে।

শীতের শুরুতে চুলের যত্নে ৫ ভুল নয়

হালকা শীত পড়লেই মাথার চুল আগের চেয়ে বেশি পরিমাণে পড়তে শুরু করে। ফ্লোর, ওয়াশরুম এমনকি জামা কাপড়েও চুল পড়ে থাকে। কারণ শীতে চুল ও মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। এতে বাড়ে চুলকানি ও খুশকির সমস্যা। তাই চুল ভালো রাখতে এই সময়ে কিছু ভুল করা যাবে না।

খুব গরম পানিতে চুল ধোওয়া 
শীতের সকালে গরম পানিতে গোসল করতে ভালো লাগলেও চুলের জন্য অতিরিক্ত গরম পানি একেবারেই ভালো নয়। এতে মাথার ত্বকের স্বাভাবিক তেল কমে গিয়ে ত্বক আরও শুষ্ক হয়ে পড়তে পারে। তাই চুল ধোয়ার সময় হালকা গরম পানি ব্যবহার করুন। প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন নেই। চুল ও মাথার ত্বকের ধরন বুঝে শ্যাম্পু করার অভ্যাস তৈরি করুন।

মাথার ত্বকেরও যত্ন না নেওয়া 
শীতে অনেকের মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। শুরু হয় চুলকানি, খুশকি এবং চামড়া ওঠার সমস্যা। তাই চুলের পাশাপাশি স্ক্যাল্পের যত্ন নেওয়াও জরুরি। নিজের মাথার ত্বকের উপযোগী মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। চুলকানি হলে নখ দিয়ে মাথা চুলকাবেন না। আবার মাথায় সাদা সাদা খোসা উঠলেই তেল মাখতে শুরু করবেন না। কারণ শুষ্ক স্ক্যাল্প আর খুশকি দেখতে একই রকম হলেও দুটির যত্নের পদ্ধতি আলাদা হতে পারে।

ভেজা চুল আঁচড়ানো
গোসলের পর ভেজা চুল খুব সহজেই জট পাকিয়ে যায়। তখন চিরুনি দিয়ে জোরে আঁচড়ালে চুল ছিঁড়ে যেতে পারে। তাই বড় দাঁতের চিরুনি ব্যবহার করুন এবং ধীরে ধীরে জট ছাড়ান। পাশাপাশি হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার বা অন্যান্য হিট স্টাইলিং যন্ত্রের ব্যবহার কমান। অতিরিক্ত তাপে চুল আরও রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে।

কন্ডিশনার ব্যবহার না করা
অনেকেই শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার ব্যবহার করেন না। এতে চুল রুক্ষ হয়ে যায়। চুলের মাঝের অংশ থেকে আগা পর্যন্ত কন্ডিশনার লাগালে কোমল থাকবে চুল। চুল খুব বেশি জট পাকালে লিভ-ইন কন্ডিশনারও কাজে আসতে পারে। মাঝে মধ্যে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। তবে একসঙ্গে অনেক রকম প্রোডাক্ট ব্যবহার না করে চুলের ধরন বুঝে প্রয়োজনীয় জিনিস বেছে নিন।

খাবার ও অভ্যাসেও নজর না দেওয়া
সঠিক খাদ্যভ্যাসের অভাবেও চুল ঝরে। শুধু বাইরে থেকে যত্ন নিলেই চুল ভালো থাকবে, এমনটা নয়। খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। প্রতিদিনের ডায়েটে পর্যাপ্ত প্রোটিন ও শাকসবজি রাখুন। পর্যাপ্ত পানি পান করুন এবং ঠিকমতো ঘুমান। চুল ভেঙে যাওয়ার সমস্যা থাকলে খুব শক্ত করে চুল বাঁধবেন না। বিশেষ করে কপালের কাছের চুলে টান পড়ে এমন হেয়ারস্টাইল এড়িয়ে চলুন।