রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৪ নেতাকর্মীসহ ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া আরও চার জেলায় ১১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অগ্নিসংযোগ, নাশকতা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।
গতকাল শুক্রবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল ঢাকার ধানমন্ডি, ওয়ারী, হাতিরপুল ও মিরপুর ১০ নম্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ছয় জেলায় পাঁচটি বাস, একটি জিপ ও একটি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ১৯ দিনে দেশের বিভিন্ন এলাকায় ৯২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ সময় সারাদেশে ১০০টি স্থানে ককটেল বিস্ফোরণ, পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এ ছাড়া এ সময় পুলিশের ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। এসব ঘটনায় ৪৬টি মামলা করা হয়েছে। এতে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বুধবার রাত থেকে গতকাল রাত পর্যন্ত ৪৮ ঘণ্টায় আরও ৯টি গাড়িতে আগুন দেওয়া হয়। এ হিসাবে ৭ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত ২১ দিনে ১০১টি গাড়িতে আগুন দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সামাজিক মাধ্যমে দলটির ফেসবুক পেজে ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন কর্মসূচির ঘোষণা দেয়। এ ছাড়া ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সীমান্ত জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাগারেও সতর্কতা বাড়ানো হয়েছে।
দেশে অশান্তি সৃষ্টির জন্য যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
পুলিশ সদরদপ্তরের মুখপাত্র কামারুম মনিরা সমকালকে বলেন, ডিসেম্বরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এরই মধ্যে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে। এর আওতায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো, নিয়মিত টহল জোরদার ও প্রয়োজনীয় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নজরদারি করা হচ্ছে।
কামারুম মনিরা আরও বলেন, নিষিদ্ধ সংগঠন বা কার্যক্রম নিষিদ্ধ কোনো দল যাতে নাশকতা, সহিংসতা বা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কেউ অরাজক পরিস্থিতি তৈরি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটনোর চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারীর আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চলন্ত মোটরসাইকেল থেকে ককটেলটি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলের ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. ফজলে আশিক।
রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ নম্বরে শাহআলী প্লাজার সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৃথক স্থানে আরেকটি বাসে আগুন দেওয়ার তথ্য পাওয়া গেছে।
ছয় জেলায় বাস, জিপ ও দোকানে আগুন
ছয় জেলায় ২৪ ঘণ্টায় পাঁচটি বাস, একটি জিপ ও একটি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে রাজশাহী নগরের শাহ মখদুম থানার দরগা খানকা শরিফ মোড় এলাকায় একটি বাস আগুনে পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজ্জাকের গ্যারেজে এ ঘটনা ঘটে।
শাহ মখদুম থানার ওসি আকবর আলী বলেন, বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি।
এদিকে গতকাল রাত ১১টার দিকে ঢাকার পল্লবীতে একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, রাত ১১টা ৭ মিনিটে পল্লবীর কালশী মোড়ে সিটি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ছাড়া সাভারের জোড়পুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পার্ক করে রাখা লাব্বায়েক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। গতকাল দুপুর ১টা ৪০ মিনিটে আরিচাগামী লেনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে আগুন নেভায়। এতে বাসের ভেতরের অংশ ও আসন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলোর সানারপাড় এলাকায় গতকাল রাত পৌনে ১০টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার তথ্য জানায় ফায়ার সার্ভিস।
পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পার্ক করে রাখা একটি পরিত্যক্ত জিপে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
মানিকগঞ্জে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পৌরসভার উচুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অন্যদিকে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের আমগড়া বাজারে একটি মুদি দোকানে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত ১টার পর এ ঘটনা ঘটে। কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জুনায়েদ জানান, ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে।
দুই জেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের মূলজান এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ের জানালা ও সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের নিরাপত্তাকর্মীরা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কেউ হতাহতও হননি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা করেছে এবং একটি বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের সানুহার কার্যালয়ে পেট্রোল বোমা হামলা হয়েছে। গতকাল ভোরে বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ডসংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ব্যাংক কার্যালয়ের সিঁড়িতে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তারা পালিয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, উপজেলার অন্য গ্রামীণ ব্যাংক কার্যালয়গুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আশুলিয়ায় পাঁচটি ককটেল উদ্ধার
ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি আন্ডারপাস থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে কারা রেখেছে, তা শনাক্ত করা যায়নি।
চট্টগ্রামে ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ২০
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল জুমার নামাজের পর এ চেষ্টা করা হয়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে শাহ আমানত মাজারের সামনে থেকে গত বৃহস্পতিবার রাতে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই সন্দেহভাজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা। কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবীর জানিয়েছেন, ককটেলটি পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা নিয়ে গেছেন।
রাজশাহীতে সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ১১
রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে করা মামলায় মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শহিদুজ্জামানসহ এজাহারভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি), স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও বিভিন্ন থানা পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এদিকে নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। তারা হলেন– খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পশ্চিম বালুভরা গ্রামের আশরাফ শেখ এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি একই গ্রামের রাব্বি শেখ। বিএনপির কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে গতকাল সকালে রাণীনগর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লায় ৭২ ঘণ্টায় আওয়ামী লীগের ৭৮ জন গ্রেপ্তার
কুমিল্লায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত বিশেষ সাঁড়াশি অভিযানে ৩২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৭৮ জন নেতাকর্মী ও সমর্থক রয়েছেন। এ ছাড়া আটকের পর অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ১৬৭ জনকে মুচলেকা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পুলিশের ১৮টি থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল বেলা সোয়া ১১টায় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার করলে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি
এদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরীকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরফান খান মাহির বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় তাদের কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেনীর ১৭ ক্যাম্পে বিজিবির জনবল বৃদ্ধি
ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার সীমান্তে বিজিবির ১৭টি বিওপিতে জনবল বাড়ানো হয়েছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্র জানায়, প্রতিটি ক্যাম্পে প্রায় দুই প্লাটুন করে অতিরিক্ত সদস্য যুক্ত করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় দিন-রাত টহল ও গোয়েন্দা নজরদারি চলছে। গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাডলাইট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তিও ব্যবহারের প্রস্তুতি চলছে।
পঞ্চগড়ে বিজিবির বিশেষ নজরদারি
পঞ্চগড়ের প্রায় ১৩৬ কিলোমিটার দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্তে ২৬ নভেম্বর থেকে বিশেষ নজরদারি শুরু করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন। সীমান্তে দিন-রাত টহলের পাশাপাশি সিসিটিভি, ড্রোন ও অল-টেরেইন ভেহিক্যাল (এটিভি) ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের সচেতন করতে মাইকিং ও সভার আয়োজন করা হচ্ছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তায় বিজিবি সতর্ক রয়েছে।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ব্যুরো, নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতারা)