অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ

শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ থাকা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বাংলাদেশের পোশাক খাত থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো। নভেম্বরের প্রথমার্ধেই জারা ও এইচঅ্যান্ডএমের মতো শীর্ষ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ বাংলাদেশ থেকে সরিয়ে এশিয়ার অন্য দেশে নিয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য দিয়েছেন তিন কারখানা মালিক।

তৈরি পোশাক মালিকদের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বিদেশি ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলার মূল্যের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে; যার বেশির ভাগ গেছে প্রতিবেশী দেশ ভারতে। পোশাকের ক্রয়াদেশের এই সাময়িক স্থানান্তর দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা দেশের অর্থনীতির প্রধান এই স্তম্ভের জন্য বড় ধরনের ধাক্কা।
উৎপাদন ক্ষতি ৪০ কোটি ডলার

খাত-সংশ্লিষ্টরা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে বাংলাদেশের ‘কম খরচে উৎপাদনের’ যে দীর্ঘদিনের সুবিধা ছিল, তা দুর্বল হয়ে পড়েছে। চীন পরবর্তী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের এই অবস্থান ধরে রাখা এখন চ্যালেঞ্জের মুখে।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, চলমান বিক্ষোভ ও অস্থিরতার কারণে ইতোমধ্যে পোশাক খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল।

ভারত ছাড়াও লাভবান ভিয়েতনাম ও কম্বোডিয়া
পোশাকশিল্প মালিকরা জানান, বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরে যাওয়ার সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে উঠে এসেছে ভারত। পাশাপাশি সরবরাহ শৃঙ্খলে ঝুঁকি কমাতে এবং নির্ধারিত সময়ে পণ্য ডেলিভারি নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন।

গত বুধবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়ার পর এই চাপ আরও তীব্র হয়েছে। যদিও চার দশকের মধ্যে মজুরি বৃদ্ধির হার এটিই সর্বনিম্ন। শ্রমিকরা মজুরি দ্বিগুণেরও বেশি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। ঘোষিত মজুরি তাদের সেই দাবির তুলনায় অনেক কম হওয়ায় পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার এই মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ বলে অভিহিত করেছেন এবং আশা প্রকাশ করেছেন, শনিবার থেকে সব পোশাক শ্রমিক কাজে ফিরবেন।

শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক পোশাকশিল্পের মানদণ্ডে এই মজুরি এখনও অনেক কম। তা সত্ত্বেও শিল্প খাতের নেতারা মনে করছেন, এই বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের যে সুবিধা ছিল, তা সংকুচিত হয়ে আসবে।

নাম প্রকাশ না করার শর্তে তিনজন কারখানা মালিক জানান, বিদেশি ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় তারা পরিচয় গোপন রাখছেন। তবে তারা নিশ্চিত করেছেন, চলমান অস্থিরতার কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার (এমঅ্যান্ডএস) এবং সেলিওর মতো ব্র্যান্ডগুলো তাদের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে, যার মূল অংশ পেয়েছে ভারত। এ বিষয়ে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স মন্তব্য করতে রাজি হয়নি এবং এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিও কোনো সাড়া দেয়নি।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধি, ইউটিলিটি ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় পোশাক প্রস্তুতকারকরা বাড়তি চাপের মুখে পড়েছেন। তিনি বলেন, ক্রেতারা যখন পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে লড়াই তীব্র হচ্ছে, ঠিক সেই মুহূর্তে মজুরি বৃদ্ধি উৎপাদন খরচ আরও বাড়িয়ে দিয়েছে।

কোন কোন ব্র্যান্ড ক্রয়াদেশ সরিয়েছে তা উল্লেখ না করে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখা এবং আর্থিক ক্ষতি কমানোর চেষ্টা করছে এ শিল্প।

ভবিষ্যৎ ক্রয়াদেশ হারানোর শঙ্কা
কারখানা মালিকরা বলছেন, তাদের বড় উদ্বেগ হলো, ইতোমধ্যে অন্য দেশে চলে যাওয়া ক্রয়াদেশের পর ভবিষ্যতের ক্রয়াদেশও হারাতে পারে বাংলাদেশ। তা ছাড়া মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি সংকট আরও বেড়েছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে। কিছু কারখানাকে বিকল্প উৎস থেকে বেশি দামে বিদ্যুৎ সংগ্রহ করতে হচ্ছে।

মহিউদ্দিন চৌধুরী জানান, ক্রেতারা এখন দামের চেয়ে নির্ধারিত সময়ে পণ্য ডেলিভারিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশ যেখানে একটি অর্ডার উৎপাদন ও ডেলিভারি দিতে প্রায় ১২০ দিন সময় নেয়, সেখানে প্রতিযোগী দেশগুলো ৬০ থেকে ৯০ দিনের মধ্যে তা সম্পন্ন করতে পারে। ভারতের ক্ষেত্রে ডেলিভারিতে প্রায় এক সপ্তাহ এবং ভিয়েতনাম ও কম্বোডিয়ার ক্ষেত্রে ১৫ দিন পর্যন্ত সময় সাশ্রয় হয়। অস্থিরতার কারণে ঢাকার আশপাশের কারখানাগুলোতে ইতোমধ্যে ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন ব্যাহত হয়েছে। জমে থাকা ক্রয়াদেশ সামাল দিতে অনেক কারখানা ওভারটাইম এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।

ইউরোপীয় ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহকারী আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, ১ নভেম্বর থেকে অস্থিরতার কারণে তাঁর বেশির ভাগ ক্রেতাই নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন। তারা জানাচ্ছেন, তাদের ক্রয়াদেশগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে এবং তারা ইতোমধ্যে বিকল্প উৎস খুঁজে নিয়েছেন।এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনাও নতুন করে অস্থিরতার আশঙ্কা বাড়িয়েছে।

খাত-সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে হলে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। সতর্ক করে দিয়ে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন চৌধুরী বলেন, অস্থিরতার সময় যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলো আর ফিরে নাও আসতে পারে। সাময়িক এই স্থানান্তর দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে পরিণত হওয়ার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প আছে; অস্থিরতা চলতে থাকলে তারা বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর