ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত ফোনালাপ লেবাননে বড় সামরিক অভিযান স্থগিত নেতানিয়াহুর

0
6

লেবাননের রাজধানী বৈরুতে পরিকল্পিত একটি বড় সামরিক অভিযান শেষ মুহূর্তে স্থগিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে উত্তপ্ত আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার টেলিফোন আলাপ ছিল অত্যন্ত উত্তপ্ত। আলোচনার সময় দুই নেতার মধ্যে তীব্র বাক্যবিনিময় হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার দাবি অনুযায়ী, ট্রাম্প আলোচনার সময় নেতানিয়াহুর সামরিক পরিকল্পনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জোরালো অবস্থান নেন।

এদিকে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে বৈরুতে বড় ধরনের অভিযান পরিচালনা না করার আহ্বান জানান। তার দাবি, আলোচনার পর ইসরায়েলি বাহিনী অগ্রসর হওয়ার পরিকল্পনা থেকে সরে আসে।

এর আগে নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন, হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে বৈরুতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে।

ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন, তিনি হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেছেন এবং উভয় পক্ষই হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইসরায়েল ও হিজবুল্লাহ উভয়েই সংঘর্ষ থেকে বিরত থাকার আশ্বাস দিয়েছে।

অন্যদিকে, ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আলোচনা বন্ধ হয়ে গেলেও তিনি তা নিয়ে উদ্বিগ্ন নন। তার মতে, কূটনৈতিক আলোচনার পথ সবসময় উন্মুক্ত থাকা উচিত এবং পরিস্থিতি আরও জটিল করার মতো পদক্ষেপ এড়ানো প্রয়োজন।

উল্লেখ্য, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনা ঘটেছে, যা প্রায় দুই মাস আগে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির ওপর নতুন চাপ সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here