ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, আশুলিয়ায় ৭ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ ও অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকাল ৯টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। অবরোধের কারণে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

এদিকে শ্রমিক অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাকশিল্প এলাকায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আশুলিয়ার জামগড়া এলাকার সাতটি পোশাক কারখানায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সকাল ৯টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় একাধিক পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেন। পরে তারা সড়ক অবরোধ করেন। পুলিশ মাইকিং করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, বর্তমানে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। সাড়ে ১২ হাজার টাকা মজুরিতে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। এ কারণে পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বেআইনিভাবে শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং অযৌক্তিক ছাঁটাই বাতিলের দাবি জানাচ্ছেন তাঁরা।

পুলিশ জানায়, বুধবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে একেএইচ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে কিছু সময় পর কারখানা থেকে বেরিয়ে আসেন। এরপর তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকেরা তিন দফা দাবি নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অন্যদিকে আশুলিয়ার শিল্পাঞ্চলেও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। সকালে শ্রমিকেরা কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর প্রথমে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন। এর মধ্যে আদিয়াস ফ্যাশন কারখানার শ্রমিকেরাও বেরিয়ে আসেন।

আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বিজিবি মোতায়েন ও সার্বিক পরিস্থিতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আশুলিয়ায় কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

জামগড়া এলাকার যে সাতটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো ফ্যাশন ফোরাম লিমিটেড, সাফা সোয়েটার লিমিটেড, উঁচু ফ্যাশন লিমিটেড, দিপস অ্যাপারেলস লিমিটেড, এফ এন এফ অ্যান্ড ট্রেড ফ্যাশন, ফ্যাশন ইট কোম্পানি লিমিটেড এবং আয়েশা ক্লোথিং (পলমল গ্রুপ)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চলের নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি সাভার ও আশুলিয়ায় দুই প্লাটুন বিজিবি সতর্ক অবস্থানে থেকে টহল দিচ্ছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর