Home Blog Page 4

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

০

উপমহাদেশের রাজনীতির কিংবদন্তি, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ৯৬ বছর বয়সে মারা যান তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে কৃষক-শ্রমিক, মেহনতি মানুষ ও অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সোচ্চার ছিলেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানবিরোধী আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ভাসানী অনুসারীরা আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবেন। টাঙ্গাইলের সন্তোষে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে শ্রদ্ধা জানাবেন।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওলানা ভাসানীর আপসহীন সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাঁকে ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এক বাণীতে মজলুম জননেতার অম্লান স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচি পালন করবে বিএনপি। দেশের অন্যান্য স্থানেও সামাজিক ও রাজনৈতিক উদ্যোগে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’র আয়োজন করা হয়েছে।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের সয়া ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ খান ভাসানী। সিরাজগঞ্জে জন্ম হলেও তাঁর জীবনের বড় অংশই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। কৈশোর থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। পরবর্তী সময়ে কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, জমিদারিপ্রথার বিরুদ্ধে আন্দোলন এবং শোষণ-বৈষম্যের প্রতিবাদে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সরকারি কর্মকর্তাদের কেউ আ.লীগের সঙ্গে যুক্ত কি না, নজরদারিতে রাখা হচ্ছে: তথ্য উপদেষ্টা

চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা সরকার নজরদারিতে রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততার বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘এটা ঠিক, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন। এটা সমস্যা না। প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজও করছেন।’

তবে বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ংকর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।’

সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততা কীভাবে নজরদারি করা হচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করতে রাজি হননি উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের “মেকানিজম” আছে, প্রচুর হাতিয়ার আছে। সরকার যদি তথ্য পেতে চায়, পেতে পারে।’

তবে কোন প্রক্রিয়ায় বা কোন সংস্থার মাধ্যমে এ তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা গোপনীয়তার স্বার্থে প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

রাজধানী ঢাকার পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানার ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। নিম্ন আদালতে অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বপ্না খাতুনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন হাইকোর্ট।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি বাসার বাথরুমে আট বছরের শিশুটিকে আটকে রেখে ধর্ষণের পর হত্যা করা হয়। লাশ গুমের উদ্দেশ্যে ছুরি দিয়ে শিশুটির মাথা বিচ্ছিন্ন এবং দুই হাত কাঁধ থেকে অর্ধবিচ্ছিন্ন করা হয়। পরে মরদেহ বাথরুমের একটি বালতিতে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা।

এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। মামলায় সোহেল রানা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় দেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ শিশুটির উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় মামলাটির রায় ঘোষণা করা হয়েছিল।

পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি দুই আসামি হাইকোর্টে জেল আপিল করেন। এসব আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে মঙ্গলবার রায়ের দিন ধার্য করা হয়েছে।

শিশুটির বাবা পরিবারের সদস্যদের নিয়ে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। একই বাসার অন্য একটি ফ্ল্যাটে সাবলেটে থাকতেন আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি বাসা থেকে বের হয়। এ সময় একই ভবনের ভাড়াটে কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে ডেকে নেন। সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে স্কুলে পাঠাতে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে ওই ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান মা। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভাঙেন। ভেতরে সোহেলের শয়নকক্ষের মেঝেতে শিশুর মস্তকবিহীন মরদেহ এবং বাথরুমে একটি বালতিতে মাথা পাওয়া যায়।

শীতের শুরুতেই হাত-পায়ে কেন গ্লিসারিন মাখা জরুরি?

শীতের শুরু থেকেই ত্বকের অবস্থা নাজেহাল হতে থাকে। তাই বাড়তি যত্ন প্রয়োজন। এবারের শীতে ত্বকের যত্ন শুরু করুন গ্লিসারিন দিয়ে। এটি অনেক নামিদামি প্রসাধনীকেও টেক্কা দিতে পারে। মূলত গ্লিসারিন হলো উদ্ভিজ্জ তেল বা প্রাণীজ চর্বি থেকে প্রাপ্ত একটি প্রাকৃতিক যৌগ। এটি একটি ‘হিউমেকট্যান্ট’—অর্থাৎ এমন একটি উপাদান যা বাতাস এবং ত্বকের ভিতর থেকে জলীয় বাষ্প বা আর্দ্রতা টেনে এনে ত্বকের বাইরের স্তরকে সজীব রাখে। ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতার জন্যই শীতে ত্বকের যত্নের প্রসাধনীতে গ্লিসারিন বিশেষ ভাবে জায়গা করে নিয়েছে।

ত্বকের উপরিভাগের আর্দ্রতা বৃদ্ধিতে ল্যাক্টিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, হায়ালুরোনিক অ্যাসিড, প্রোপিলিন গ্লাইকল, বিউটিলিন গ্লাইকলের চেয়েও গ্লিসারিন সবচেয়ে কার্যকর উপাদান।

উপকারিতা
ত্বকের বাইরের স্তরকে আর্দ্র ও সজীব রাখে গ্লিসারিন। ত্বকের প্রাকৃতিক সুরক্ষাস্তরকে উন্নত করে। বাইরের ধুলোবালি বা ত্বকে জ্বালাপোড়া সৃষ্টিকারী উপাদানের হাত থেকে রক্ষা করে। ত্বকের যে কোনও ক্ষত দ্রুত নিরাময়েও সাহায্য করে গ্লিসারিন। ত্বকের রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে নরম ভাব ফিরিয়ে আনে এবং সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যার উপশম করতে পারে। তাই শীতের শুরু থেকে গ্লিসারিন ব্যবহার করলে ত্বক হবে সতেজ ও কোমল।

সরাসরি ব্যবহারে সতর্কতা
সরাসরি বা ঘন গ্লিসারিন ব্যবহার করলে ত্বকে সমস্যা হতে পারে। তাই সরাসরি গ্লিসারিন না মেখে এমন প্রসাধনী ব্যবহার করুন, যেখানে গ্লিসারিন একটি উপাদান হিসেবে রয়েছে।

কীভাবে ব্যবহার করা উচিত?

গ্লিসারিনের সঙ্গে গোলাপজল মিশিয়ে ব্যবহারের করতে পারেন। গোলাপজল ত্বককে আর্দ্র রাখে ও রোমকূপ সঙ্কুচিত করতে সাহায্য করে।

কুমিল্লায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

কন্যাসন্তানকে নিয়ে বিরোধের জেরে কুমিল্লার মুরাদনগরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সুখিয়া বেগম দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত প্রাক্তন স্বামী শরিফ মিয়া (৩৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুখিয়া বেগমের বিয়ে হয়। তবে পারিবারিক কলহের জেরে তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে সুমাইয়া আক্তার নামে আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

বিচ্ছেদের পর থেকে মেয়ে সুমাইয়াকে নিজের কাছে নিতে চাইছিলেন শরিফ মিয়া। অন্যদিকে, মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া বেগম। নিহতের পরিবারের সদস্যদের দাবি, মেয়েকে প্রাক্তন স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শরিফ মিয়া এদিন দুপুরে সুখিয়া বেগমকে ছুরিকাঘাত করেন। পরে ঘটনাস্থলে মরদেহ ফেলে পালিয়ে যান তিনি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী মুঠোফোনে জানান, শরিফকে আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন মিমি

০

মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে টালিউডে জল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই। গুঞ্জন, আগামী ৫ ডিসেম্বর সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেত্রী। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।

এর মধ্যেই গত বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে একটি বিয়ের আমন্ত্রণপত্র। তাতে বর-কনের ছবির পাশাপাশি রয়েছে তিনটি সারমেয়র ছবি। মিমির বাড়িতেও রয়েছে তিনটি পোষ্য কুকুর। তাই আমন্ত্রণপত্রটি তার বিয়ের বলে ধারণা করছেন অনেকে। এবার সেই কার্ড নিয়েই প্রশ্নের মুখে পড়লেন অভিনেত্রী।

সম্প্রতি পোষ্যদের জন্য তৈরি একটি ক্লিনিকের বিশেষ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিমি। এ সময় বিয়ের আমন্ত্রণপত্রে পোষ্যদের ছবি রাখার ভাবনাটি কার, জানতে চাওয়া হয় তার কাছে। জবাবে পাল্টা প্রশ্ন করেন অভিনেত্রী, ‘কার কার্ডের কথা বলছেন?’

658835505 1480010206820277 2089613755570955106 n 1794816750

তাকে জানানো হয়, তার বিয়ের কার্ডের কথাই বলা হচ্ছে। তবে বিষয়টি স্বীকার না করে মিমি বলেন, ‘তাই নাকি? ওহ্! আমি বরং এই আইডিয়াটা কাজে লাগাব।’ হাসতে হাসতে আবারও বলেন, ‘কার কার্ডের কথা বলছেন, কিছুই বুঝতে পারছি না।’

বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কথা জানানো হলে অভিনেত্রী বলেন, ‘আমি এমন মানুষ, যে জীবনে কাউকে হতাশ করেনি। আমি ভীষণ ইতিবাচক মানুষ, মজা করতে ভালোবাসি। আর আমি প্রত্যেককে খুশি রাখতে চাই। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন।’

এদিকে গুঞ্জন রয়েছে, নভেম্বরেই বাগ্‌দান সারবেন মিমি ও সিদ্ধার্থ। এরপর আগামী মাসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। পাহাড়ি শহর কালিম্পংয়ে বসতে পারে বিয়ের আসর। ঘনিষ্ঠজনদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতিও শুরু হয়েছে বলে খবর। তবে বিয়ে নিয়ে এখনো মিমির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

481214692 1176806103807357 867432153085733056 n 1794817155

প্রসঙ্গত, মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল থাকলেও তার পরিচিতি মূলত অভিনয়ের কারণে। ২০১০ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’তে পুপে চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক। ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘গোলন্দাজ’, ‘পোস্ত’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন মিমি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে আর নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান তিনি।সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় অভিনয় করেও আলোচনায় এসেছেন মিমি।

প্রয়াত অভিনেত্রীর গাড়ি-বাড়ি, ব্যাংকের টাকা নিয়ে বিরোধ, এসব সম্পত্তির মালিক আসলে কে

০

বলিউডের প্রয়াত অভিনেত্রী নিম্মির সম্পত্তি নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। অভিনেত্রীর দীর্ঘদিনের তত্ত্বাবধায়ক আসরার আহমেদ শেখের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও কয়েক কোটি রুপির সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর করেছে মুম্বাইয়ের সান্তাক্রুজ থানার পুলিশ।

গত ১১ নভেম্বর থানায় অভিযোগটি করেন মোহাম্মদ ইউনুস সালিম দুররানি। তিনি নিম্মির প্রয়াত দত্তক ছেলে আলী সৈয়দ পারভেজের বিধবা স্ত্রী সালমা নেলদি পারভিনের পাওয়ার অব অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ অনুযায়ী, বিরোধের কেন্দ্রে রয়েছে মুম্বাইয়ের জুহু তারা রোডের নেহা অ্যাপার্টমেন্টে থাকা নিম্মির দুটি ফ্ল্যাট। এগুলোর আনুমানিক মূল্য ৭ থেকে ৮ কোটি রুপি। এ ছাড়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও সারস্বত ব্যাংকে তার প্রায় ১ কোটি ৭৭ লাখ রুপির স্থায়ী আমানত, গয়না এবং একটি গাড়ি নিয়েও বিরোধ তৈরি হয়েছে।

অভিযোগকারীর দাবি, জীবনের শেষ দিকে নিম্মির সঙ্গে আসরার আহমেদের যৌথ ব্যাংক হিসাব ছিল। সেই সুযোগে অভিনেত্রীর স্থায়ী আমানতের টাকা সরিয়ে নিয়েছেন তিনি। নিম্মির গাড়িটি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে সেই অর্থও নিজের কাছে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি জুহুর দুটি ফ্ল্যাটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগও করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগকারীর ভাষ্য, বম্বে হাইকোর্টে উইলের প্রোবেট-সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলার মধ্যেই আসরার আহমেদ পরিবারের কাছে দুটি ফ্ল্যাট বিক্রি করে অর্থ ভাগাভাগির প্রস্তাব দেন। তবে সেই প্রস্তাবে রাজি হয়নি পরিবার।

অভিযোগে আরও বলা হয়েছে, নিম্মির উইলে তার দত্তক ছেলেকে সম্পত্তির প্রধান উত্তরাধিকারী করা হয়েছিল। তবে তত্ত্বাবধায়ক ওই উইল গোপন করেছেন বলে অভিযোগ পরিবারের। পরে উইলের তথ্য জানতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। এ জন্য জনস্বার্থ মামলা (পিআইএল) করা হয়েছে।

এ ঘটনায় আসরার আহমেদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৪, ৪০৬, ৪২০, ৪৬৫, ৪৬৭ ও ৪৬৮ ধারায় মামলা করেছে পুলিশ। মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও জালিয়াতির মতো অভিযোগ এসব ধারার অন্তর্ভুক্ত। ঘটনাটি তদন্ত করছে সান্তাক্রুজ থানার পুলিশ।

প্রসঙ্গত, ১৯৪০ ও ১৯৫০-এর দশকে হিন্দি সিনেমার পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নিম্মি। তার প্রকৃত নাম নওয়াব বানু। রাজ কাপুর ও দিলীপ কুমারের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করে জনপ্রিয়তা পান তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বরসাত’, ‘আন’, ‘উড়ন খাটোলা’ ও ‘মেরে মেহবুব’।

২০২০ সালের জুন মাসে ৮৭ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী।

মার্করামকে ফিরিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

০

মধ্যাহ্নভোজের বিরতির আগে খেলা হয়েছে মাত্র ৫ ওভার। যেখানে এইডেন মার্করামের উইকেট হারিয়ে ১৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। মার্করামের উইকেটটি নিয়েছেন হাসান। পরে আরও একটি সুযোগও তৈরি হয়েছিল। তাসকিনের বলে এলবিডব্লু হয়েছিলেন জুবায়ের হামজা। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান প্রোটিয়া ব্যাটসম্যান। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ১৮ রান করেছে। অ্যাকারম্যান ৭ ও জুবায়ের হামজা অপরাজিত আছেন ৪ রানে। এখনো বাংলাদেশের চেয়ে ৩৮২ রানে পিছিয়ে আছে প্রোটিয়ারা।

শুরুতেই মার্করামকে ফেরালেন হাসান

জোহানেসবার্গ টেস্টে ব্যাটিংয়ে দুর্দান্ত লড়াইয়ের পর বোলিংয়েও দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৪০০ রান তুলে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই আঘাত হেনেছেন পেসার হাসান মাহমুদ। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই প্রোটিয়া ওপেনার এইডেন মার্করামকে সাজঘরে ফিরিয়েছেন তিনি।

ইনিংসের ১.৩ ওভারে হাসানের বলটি সামান্য সোজা হয়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তে খেলতে বাধ্য হন মার্করাম। ব্যাটের আলতো কানায় লেগে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৮ বলে এক চারে ৪ রান করে মার্করাম ফিরে গেলে শুরুতেই ব্রেক-থ্রু পায় টাইগাররা। ৮ বলে এক চারে ৪ রান করে ফেরেন মার্করাম। ২ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ৫। ক্রিজে মার্কাস অ‍্যাকারম‍্যানের সঙ্গী জুবাইর হামজা।

৪০০ ছুঁয়ে অলআউট বাংলাদেশ

এর আগে ২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান তুলে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেটে এটিই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ।

প্রথম বলেই উইকেট হারিয়ে শুরু হওয়া বিপর্যয়ের পর তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তানজিদের ৬৭ রানের ইনিংসের পর হৃদয় ও লিটন দাসের ব্যাটে বড় সংগ্রহের ভিত পায় সফরকারীরা।

প্রথম দিন ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ। ৯২ রানে অপরাজিত থাকা লিটন দ্বিতীয় দিন সকালে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি। ১৫৪ বলে তিন অঙ্কে পৌঁছানো এই ব্যাটার সেঞ্চুরিটি উৎসর্গ করেন মেয়ে আনাইরাকে। জন্মদিনের উপহার হিসেবে মেয়ের জন্য বিশেষ বার্তাও দেখান তিনি।

লিটন শেষ পর্যন্ত ১৭৯ বলে ১৪ চার ও এক ছক্কায় ১২০ রান করে ডেইন প্যাটারসনের বলে ভিয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এর আগে তাওহিদ হৃদয় প্রথম দিন ২২৭ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। দুজনের ২০৬ রানের জুটি বাংলাদেশের ইনিংসকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে টেস্টে সেঞ্চুরি করা দ্বিতীয় ও তৃতীয় ব্যাটার হলেন হৃদয় ও লিটন।

দ্বিতীয় দিনের শুরুতে লিটনের সঙ্গে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজ করেন ১০ রান। প্যাটারসনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর হাসান মাহমুদ ২৪ বলে ১৬ রান করে একই বোলারের শিকার হন। শেষ দিকে তাসকিন আহমেদ চার মেরে বাংলাদেশের সংগ্রহ ৪০০-তে নিয়ে যান। তবে পরের বলেই প্যাটারসনের বলে মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফিরলে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা পাঁচটি এবং ডেইন প্যাটারসন তিনটি উইকেট নেন। মার্কো ইয়ানসেন পান একটি উইকেট।

নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকোট

ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহুকে আর এক মিনিটের জন্যও সরকারপ্রধানের পদে দেখতে চান না বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী নেতা গাদি আইজেনকট।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট বলেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।’

এর কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহু ও আইজেনকটের প্রতিনিধিরা জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে বৈঠক করেন। ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকট।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ রোববার এক প্রতিবেদনে অভিযোগ করে, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন দেশটির পুলিশ কমিশনারের দপ্তরে আরব নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেন।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর কার্যালয়ের সাবেক এক কর্মীকে গোয়েন্দা তথ্যের উৎস হিসেবে পুলিশের কাছে পরিচয় করিয়ে দেন নর্ডেন। ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো পরোয়ানা ছাড়াই রাআমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোটারদের ঘুষ দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

নির্বাচনের দিন নেতানিয়াহু আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালান। দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়ী হওয়ার পর তিনি নির্বাচনে কারচুপির অভিযোগও তোলেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরে পুলিশের তদন্তে ওই কথিত গোয়েন্দা সূত্রের তথ্য ভিত্তিহীন বলে প্রমাণিত হলে গ্রেপ্তার তিনজনকে ছেড়ে দেওয়া হয়।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি পাঁচজন সংসদ সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেলের দপ্তর সেই আবেদন নাকচ করে দেয়।

আইজেনকট এ ঘটনার অবিলম্বে তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, পুলিশ ও শিন বেতের উচিত প্রকাশিত তথ্যের বিষয়ে দ্রুত বিস্তারিত জানানো।

সাবেক সেনাপ্রধান আইজেনকটের বক্তব্যকে ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর উসকানি’ বলে অভিহিত করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।

এর আগে গত শুক্রবার আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকতে নির্বাচনের সময় নেতানিয়াহু ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচার চালিয়েছেন।

চীনে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী বৃহস্পতিবার চীনের শেনজেন শহরে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। তিন নেতার মধ্যে এটিই হবে প্রথম সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মস্কো ও হোয়াইট হাউসও বৈঠকের ঘোষণা দিয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে চার বছর ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার অংশ হিসেবে গত মাসে পুতিন এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। সে সময় বিষয়টি জানিয়েছিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতা বৈঠকে বসবেন। এর আগে বিভিন্ন সময়ে তারা পরস্পরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করলেও তিন নেতার একসঙ্গে বৈঠকে বসার ঘটনা এবারই প্রথম হতে যাচ্ছে।

গত বছরের অক্টোবর থেকে শি জিনপিং তিনবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর পুতিনের সঙ্গে ৪০ বারের বেশি সাক্ষাৎ করেছেন তিনি। অন্যদিকে, ট্রাম্প ও পুতিনও বিভিন্ন সময়ে একাধিকবার বৈঠক করেছেন। এর মধ্যে ২০২৫ সালের আগস্টে আলাস্কায় পুতিনের সফর উল্লেখযোগ্য।

সাংহাইভিত্তিক তথ্য বিশ্লেষণ ও আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান জেড-বেন অ্যাডভাইজরসের ব্যবস্থাপনা পরিচালক পিটার আলেকজান্ডার বলেন, পুতিন ও ট্রাম্পকে আলোচনার টেবিলে নিয়ে আসার সক্ষমতা শি জিনপিংকে ‘সমকক্ষদের মধ্যে প্রথম’ অবস্থানে রাখবে। মূল আলোচনা শুরুর আগেই এটি তাকে বড় ধরনের রাজনৈতিক সুবিধা দিতে পারে।

চার দিনের এশিয়া সফরে ইতিমধ্যে ওয়াশিংটন ডিসি ছেড়েছেন ট্রাম্প। সফরে ফিলিপিন্সে যাত্রাবিরতি করার কথা রয়েছে তার। তবে তিন নেতার বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি চীন।